ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. সাবের আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি  ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাবের আহমেদ চৌধুরী। গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এ পদে নিয়োগ দেন।

ড. সাবের আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও ২০০০ সালে মাস্টার্স পাস করেন। তিনি ২০০৪ সালে নরওয়ের ‘ইউনিভার্সিটি অব বার্গেন’ থেকে লোকপ্রশাসন বিষয়ে এমফিল ডিগ্রি এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ‘লা ট্রোব ইউনিভার্সিটি’ থেকে মানবাধিকার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোয় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট।

বিবিসি জানায়, গতকাল বুধবার (২৩ নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের জাপোরিঝিয়াসহ ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি শহর। তবে হামলার কয়েক ঘণ্টার মধ্যে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। জরুরি ডিজেল জেনারেটরের সাহায্যে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানায় সংস্থাটি। বিদ্যুৎকেন্দ্রটি এখন কোনো ঝুঁকিতে নেই বলেও নিশ্চিত করেছে আইএইএ।

এদিকে, বুধবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা ইউক্রেনসহ এর আশপাশের দেশগুলোর জন্যও অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন।

অন্যদিক্‌ ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানায় ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। এতে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হয়।

নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  ডিএমএকাডেমী ফুটবল মাঠে এ সম্মেলণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।

দুপুর ২ টায় সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলণের প্রথম অধিবেশন শুরু হয়। বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য এ্যাড. সফুরা বেগম, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি চাষী এম.এ করিম, সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশন শেষে জেলা পরিষদ ডাকবাংলোয় গভীর ধরাতে এমপি আছলাম হোসেন সওদাগরকে সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানকে সাধারন সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।

নবনির্বাচিত সাধারন সম্পাদক মোস্তফা জামান জানান, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা সফলভাবে পালন করার চেষ্টা করব। আগামীতে উপজেলা আওয়ামীলীগকে আরো গতিশীল করতে সংগঠনের সকলকে সাথে নিয়ে দলীয় সকল কর্মকান্ড পরিচালনা করব।

নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলছে, দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে।  এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।

জঙ্গি ছিনতাই : ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও পুলিশের টহল জোরদার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকার আদালত চত্বর থেকে মুত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল রহমান।

জানা গেছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি যাতে পালিয়ে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বুধবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, সীমান্ত এলাকাগুলোতে বিজিবি’র অতিরিক্ত টহল জোরদার করা
হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ সতর্ক অবস্থা চলমান থাকবে বলে সুত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গোটা উপজেলায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, ফুলবাড়ী উপজেলার গোটা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বিশেষ বিশেষ স্থানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জেলার ডিসিকে ফোন করে প্রতারণার চেষ্টা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন জেলা প্রশাসক কে কল করে প্রতারণার চেষ্টা করায় রাতভর অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার  রামখানা চৌধুরী টারী এলাকার প্রতারক মমিনুল  ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের নাগেশ্বরী থানার একটি চৌকস দল। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, প্রতারক মমিনুল দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারনা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার ডিসি কে ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এর পরিচয় প্রদান করে প্রতারনার চেষ্টা করে সে।

পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রতারনার বিষটি সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুলাউড়ায় যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ২১ জন চালককে ৩৮ হাজার ৯’শ টাকা জরিমানা করেন তিনি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে পৌর শহরের বাসস্ট্যান্ড, দক্ষিণবাজার ও উত্তরবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২১ জন চালককে ৩৮ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে ও ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের দিকনির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কুলাউড়া থানা পুলিশের একটি দল ও পৌরসভার একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সকলে মিলেব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ পালিত হয়েছে।

আজ (২৩ নভেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রেলি রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কার্যালয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ,  সিভিল সার্জন ডাক্তার মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলার ফার্মাসিস্টগন।

কুড়িগ্রামে ইয়াবা ও ফেন্সিডিল জব্দ, চার নারীসহ পাঁচজন গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে উলিপুর উপজেলায় ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক সম্রাট এবং নাগেশ্বরী উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার হয়েছে।

২১ নভেম্বর সোমবার বিকালে  উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম  উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উত্তর বালা ডোবা নামক স্থানে ( মোল্লারহাট টু কালিগঞ্জগামী) কাঁচা রাস্তার উপর থেকে ৫০০  পিস ইয়াবা ট্যাবলেট সহ উলিপুরের উত্তর বালাডোবা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ছমের আলী (৪২) কে হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ২২ নভেম্বর মঙ্গলবার সকালে নাগেশ্বরী পৌরসভাস্থ মালভাঙ্গা এলাকায় ভুরুঙ্গামারী-নাগেশ্বরী সড়কের মাল ভাঙ্গা ব্রিজের উপর থেকে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার  রবাটসনগঞ্জ এলাকার আক্তারী বেগম মুন্নী (৪৫) এর শরীরে ১০ বোতল আনছারী মোড় এলাকার রাবেয়া বেগম (৬০) এর শরীরে ১৮ বোতল,  রওশন আরা (৪০) এর শরীরে ১৫ বোতল, বাবুপাড়া রেলগেট এলাকার মর্জিনা বেগম (৩০) এর শরীরে ০৭ বোতল ফেন্সিডিল সহ  সর্বমোট ৫০ বোতল ফেন্সিডিল  শরীরে বিশেষ কায়দায় বাধা  অবস্থায় তাদের গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামী ছমের আলী দীর্ঘদিন ধরে উলিপুরের বেগমগঞ্জ এলাকায়  মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন এলাকার কুখ্যাত ওই ৪ মাদক সম্রাজ্ঞী বিশেষ কায়দায় শরীরে ফিটিং করে ফেন্সিডিল পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এবং নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ব্রজপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র আলমগীর ইসলাম (৪৩)।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আলমগীর তার নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য একটি চুলা তৈরি করছিল। এ সময় তার প্রতিবেশি চুলার ধোয়া ঘরে যাবে মর্মে তাকে চুলা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক
পর্যায় প্রতিপক্ষের আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার
ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।