কুড়িগ্রামে জ্বীনের বাদশা মেহের আলী পুলিশের হাতে আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জ্বীনের বাদশা চক্রের হোতা মেহের আলী (৩৬) নামের এক প্রতারককে সদর থানা পুলিশ আটক করেছে। প্রতারক মেহের আলী কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর চরুয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে সুফল না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের মাধ্যমে মোবাইলে মেহেদী নামের কবিরাজের সাথে পরিচয় হয়। সে জ্বিনের বাদশা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় জ্বিনের মাধ্যমে সে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রতারণামূলক ভাবে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে সে ভিকটিমের পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের জানায় যে বাড়ীর ভিতরে টাকার ড্যাগ আছে, জ্বিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে। এ কথা কাউকে বলা যাবেনা বলে বাড়ীর বিভিন্ন জায়গায় তাবিজ কবজ করে। এরপর মেহের আলী ভিকটিমের পরিবারের নিকট একটি প্যাকেট দেয় এবং এর ভিতরে স্বর্নের কয়েন আছে মর্মে জানায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। তবে উক্ত কয়েন তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে হাত মোজা পরে মোমবাতির আলো জ্বালিয়ে দেখতে হবে। উক্ত বিষয়ে  স্বর্নের কয়েন দেওয়ার কথা বলে আরও প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক।

অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম প্রাথমিক তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জ্বিনের বাদশা দাবি করা কবিরাজ মেহের আলীকে গ্রেপ্তার ও কয়েন, হরিনের চামড়ার টুকরো, মোবাইল ফোন, তাবিজ কবজ উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতার আসামী দীর্ঘদিন ধরে চতুরতার সাথে গোল্ড কয়েনের লোভ দেখিয়ে নিজেকে জ্বিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জ্বিনের বাদশা পরিচয়দানকারী মেহেদী নামের প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফের চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গালে আবারও চড় মারা হয়েছে। গত রোববার  (২০ নভেম্বর) একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহর এ ঘটনা জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারছেন। ক্লিপটিতে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীকেও দেখা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁর নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই নারীকে টেনে সরিয়ে নিয়ে যায়।

https://twitter.com/Lukewearechange/status/1594463298262822912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594463298262822912%7Ctwgr%5Ec4b61035ee2c2250a82a440eaacba10f856d6bbe%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abnews24.com%2Finternational%2F211009%2FE0A6ABE0A787E0A6B0-E0A6ACE0A78DE0A6AFE0A695E0A78DE0A6A4E0A6BF-E0A686E0A695E0A78DE0A6B0E0A78BE0A6B6E0A787E0A6B0-E0A6B6E0A6BFE0A695E0A6BEE0A6B0-E0A6B8E0A6AAE0A6BEE0A69FE0A787-E0A69AE0A6A1E0A6BC-E0A696E0A787E0A6B2E0A787E0A6A8-E0A6ABE0A6B0E0A6BEE0A6B8E0A6BF-E0A6AAE0A78DE0A6B0E0A787E0A6B8E0A6BFE0A6A1E0A787E0A6A8E0A78DE0A69F

ঘটনার ফুটেজের বিষয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ম্যাক্রোঁ টেইন-ল’হার্মিটেজ শহরের একটি ছোট জমায়েতের দিকে যাচ্ছিলেন। ওই সপ্তাহে তিনি কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের নতুন শিথিলকরণের আগে খাদ্য ও রেস্তোরাঁ শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আর তখনই এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা গেছে, যখন ম্যাক্রোঁ খাকি টি-শার্ট পরা লম্বা চুলের একজনের সঙ্গে কথোপকথন শুরু করতে যাচ্ছিলেন, হামলাকারী ফরাসী প্রেসিডেন্টের হাত চেপে ধরে তার গালে থাপ্পড় মারছে। এ সময় ওই ব্যক্তি ম্যাক্রোঁ প্রশাসনের জন্য অবমাননাকর শব্দ ব্যবহার করে চিৎকার করছিলেন।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, হামলাকারীসহ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, গত বছরের ৮ জুন অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। ফরাসি নেতা যখন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল সফরে যান, তখন একজন ব্যক্তি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে চড় মেরেছিলেন।

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মেডেলিন শহরে একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেন।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইট বার্তায় জানান, আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।

ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ

স্বাস্থ্য ডেস্কঃ ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ২০১৯ সালের হিসাবে বিশ্বব্যাপী মৃত্যুর ঘটনায় প্রতি ৮ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণে। গবেষণায় বলা হয়েছে, এটি হার্ট অ্যাটাক ও হৃদরোগের পরে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ তৈরি করেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) প্রাণঘাতি ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর এই অনুমিত হিসাব প্রকাশ করা হয়। 

ল্যানসেট জার্নালে প্রকাশিত এই নতুন গবেষণায় ২০৪টি দেশ ও অঞ্চল জুড়ে ৩৩টি সাধারণ ব্যাকটেরিয়া প্যাথোজেন এবং ১১ ধরনের সংক্রমণের কারণে মৃত্যুর এই হিসাব প্রকাশ করা হয়েছে।মাইক্রোঅর্গানিজম এজেন্ট বা প্যাথোজেনগুলোর কারণে কোভিড মহামারি শুরু হওয়ার আগের বছর ২০১৯ সালে ৭.৭ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে। যা  বিশ্বব্যাপী মোট মৃত্যুর ১৩.৬ শতাংশ।

৩৩টি ব্যাকটেরিয়ার মধ্যে মাত্র পাঁচটি ব্যাকটেরিয়া অর্ধেক মৃত্যুর জন্য দায়ী। এ গুলো হলো- স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, এসচেরিচিয়া কোলি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং সিউডোমোনাস অ্যারুগিনোসা।

এস. অরেয়াস একটি ব্যাকটেরিয়া যা মানুষের ত্বক এবং নাকের ছিদ্রে অবস্থান করে যা সাধারণ বিভিন্ন রোগের পিছনে রয়েছে। তবে ই.কোলাই সাধারণত খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে সংক্রমিত করে।সমীক্ষাটি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের কাঠামোর অধীনে পরিচালিত হয়েছিল, এই বিশাল গবেষণা কার্যক্রমে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বজুড়ে হাজার হাজার গবেষক জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক, গবেষণার সহ-লেখক ক্রিস্টোফার মারে বলেছেন, এই নতুন ডেটা প্রথমবারের মতো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য চ্যালেঞ্জের সম্পূর্ণ মাত্রা প্রকাশ পেয়েছে।

এই ফলাফলগুলিকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্যোগের নজরে রাখা গুরুত্বপূর্ণ যাতে অত্যন্ত মারাত্মক এই রোগজীবাণুগুলো শনাক্ত করে প্রয়োজনীয় বিনিয়োগ ও কার্যকর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমানো যায়। গবেষণাটি দরিদ্র এবং ধনী অঞ্চলের মধ্যে তীব্র পার্থক্য নির্দেশ করে।

সাব-সাহারান আফ্রিকায়, ব্যাকটেরিয়া সংক্রমণে প্রতি ১০০,০০০ জনসংখ্যায় ২৩০ জন মারা গেছে। ধনী দেশগুলোতে এই সংখ্যাটি প্রতি ১০০,০০০ লোকের মধ্যে ৫২-এ নেমে এসেছে, যাকে গবেষণায় ‘উচ্চ আয়ের সুপার-অঞ্চল’ বলা হয়েছে, যার মধ্যে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

একনেকের বৈঠকে ৪৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অর্থ ও বাণিজ্য ডেস্ক: আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের ৮টি প্রকল্পের অনুমোদন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অনুমোদন পাওয়া আটটি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৩৪১ কোটি ২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন হবে ২ হাজার ২০৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।

অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প। সেগুলো হলো— ‘কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ‘লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের (জেড-৮৮০৬) ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ’ প্রকল্প এবং ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্ট্যাডি ফর আরবান মেট্টো রেল ট্রানজিট কন্সট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া (সিএমএ) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু’ প্রকল্প; ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ (প্রথম সংশোধিত)’ (৫ম বার মেয়াদ বৃদ্ধি) প্রকল্প; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্প।

সোলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সোলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। খবর- এএফপি।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

এদিকে, শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ উল্লেখ করা হলেও পরে তা ৭ মাত্রার বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে আতাউর রহমান শেখ সভাপতি ও আহাম্মদ আলী পোদ্দার রতন সাঃ সম্পাদক নির্বাচিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং দলীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী-লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আতাউর রহমান শেখ সভাপতি এবং আহাম্মদ আলী পোদ্দার রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, কাউন্সিল উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক সাজ সজ্জা ও বর্নাঢ্য মঞ্চ তৈরী করা হয়। দুপুর থেকেই উপজেলার ছয়টি ইউনিয়নের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে
মাঠে প্রবেশ করতে থাকে।

পরে বিকাল পাঁচ টায় শতশত নেতাকর্মীর উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এম এ করিম। ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোঃ
সাখাওয়াত হোসেন শফিক।

বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সাবেক এমপি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সদস্য হামিদা বানু, শেখ বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

পরে রাত দশটার দিকে ফুলবাড়ী থানা সংলগ্ন জেলা পরিষদ ডাক বাংলোয় আবেদনকারীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে মোঃ আতাউর রহমান শেখ কে পুনরায় সভাপতি এবং আহাম্মদ আলী পোদ্দার রতন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন, সময় স্বল্পতার কারনে গতকাল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেননি। তবে তাঁরা বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে ৩ বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

গুলশানে ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার (২১ নভেম্বর) এ নিয়ে টুইট করেছেন।

টুইটারে করা টুইটে তিনি লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি, যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।

জা জেনোস্কির এই টুইট বার্তাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে আসেল এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।পরে তিনি জানতে চেয়েছেন, ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।

মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬২ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক।  নিহতদের বেশিরভাগই শিশু৷ গতকাল সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ”আমি দুঃখের সঙ্গে ১৬২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি। ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। তাদের অনেককে ধংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, হতাহতদের অধিকাংশ শিশু। তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল।

নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক হলেন ঢাবি অধ্যাপক সিদ্দিক-ই-রব্বানী

শিক্ষা ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্রাটেজিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজরি গ্রুপ ফর মেডিকেল ডিভাইসেস’ এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী।

গতকাল সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে তিনি এই নিয়োগ পান। এই অ্যাডভাইজরি গ্রুপ মেডিকেল ডিভাইস এবং স্বাস্থ্য-প্রযুক্তি সম্পর্কিত বৈশ্বিক নীতিমালা, পরিকৌশল, অগ্রাধিকারযোগ্য ও উদীয়মান বিভিন্ন বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ প্রদান করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্রাটেজিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজরি গ্রুপ ফর মেডিকেল ডিভাইসেস’ এর সদস্য নির্বাচিত হওয়ায় রব্বানীকে আন্তরিক অভিনন্দন জানান।