চীনে কারখানায় অগ্নিকান্ড নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে ২ থেকে ৩ জন আহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

গতকাল সোমবার (২১ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ‍আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ১১টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

প্রখ্যাত ফুটবলার ভূপেন্দ্র রায় চৌধুরীর মৃত্যূ বার্ষিকীতে আলোচনা ও বৃত্তি প্রদান

তিমির বণিক, নিজস্ব প্রতিনিধি: সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের কৃতিসন্তান  উপমহাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ভূপেন্দ্র রায় চৌধুরীর (বি রায় চৌধুরী) ৩০তম মৃত্যূ বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতব্য হয়েছে। 

সোমবার (২১ নভেম্বর) দিনে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ রমন বিহারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লেখক ও গবেষক আবু সালেহ আহমেদ’র সঞ্চালনায় বি’রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী আবু মোতালেব খাঁন লেবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; লেখক, গবেষক ও অবসর প্রাপ্ত উপসচিব শেখ ফজলে এলাহী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

উল্লেখ্য; বিধায়ক রায় চৌধুরী প্রখ্যাত ফুটবলার ভূপেন্দ্র রায় চৌধুরীর সুযোগ্য সন্তান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রশাসনের কর্মকর্তা পদ্মাসন সিংহ, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির মিয়া, প্রাক্তন শিক্ষক দিলীপ নারায়ন রায়, প্রভাষক ও সাংবাদিক জসীম উদ্দিন, ক্রীড়াবিদ ও অঃপ্রাঃ শিক্ষক আব্দুর রউফ মিয়া, প্রাক্তন ফুটবলার আব্দুর রশিদ মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিকসহ শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘ আলোচনায় বি, রায় চৌধুরীর স্মৃতি চারন করে তুলে ধরেন বক্তাগণ।

তাঁরা বলেন ভূপেন্দ্র রায় চৌধুরী শুধু একজন প্রখ্যাত ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন মহামানব, তিনি হোমিও চিকিৎসার মাধ্যমে মৃত্যূর আগের দিন পর্যন্ত মানুষকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করে গিয়েছেন।

আলোচনাসভা শেষে বি, রায় চৌধুরী’কে নিয়ে লেখক ও গবেষক আবু সালেহ আহমেদ রচিত ” বি রায় চৌধুরীর জীবন ও কর্ম “বইটির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

মোড়ক উন্মোচন শেষে এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক ক্রেস্টসহ  সার্টিফিকেট প্রদান এবং ৪ জন প্রাক্তন ফুটবলার’কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও  প্রদানসহ  আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের মহামুল্যবান বই উপহার দেওয়া হয়।

মেঝে খুঁড়তেই বোতলে মিলল ১৩৫ বছর আগের চিঠি!

অনলাইন ডেস্ক: স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার মর্নিংসাইড এলাকার একটি বাড়িতে মেঝে খুঁড়তেই বোতলে ১৩৫ বছর আগের চিঠি পাওয়ার খবর জানা গেছে।

পিটার অ্যালান (৫০) নামের এক প্লাম্বার বাড়িতে পানির পাইপ মেরামত করার সময় বাড়ির মেঝের এক অংশ কাটার পর সেখানে তিনি একটি হুইস্কির বোতল পান। বিষয়টি বাড়ির মালিক ইলিদ স্টিম্পসনকে জানান পিটার। পরে চিঠি পড়তে হাতুড়ি দিয়ে বোতলটি ভাঙ্গা হয়। বোতলের ভেতরে ছিল একটি চিঠি, যা ১৩৫ বছরের পুরনো বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির স্কটল্যান্ড প্রতিনিধিকে পিটার অ্যালান বলেন, কক্ষটি ১০ বাই ১৫ ফুটের। বোতলটি যে সেখানে ছিল, তা আমি জানতাম না। পাইপ ওয়ার্ক খুঁজে পেতে আমি মেঝে কাটা শুরু করি। পরে বোতলটি দেখতে পাই। এটি আসলেই অবিশ্বাস্য। বাড়িটি নির্মাণের সময় গৃহকর্মীদের থাকার জন্য নির্ধারিত একটি ছিল। সেখান থেকেই বোতলটি উদ্ধার করা হয়।

ওই বাড়িতে বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকেন ইলিদ স্টিম্পসন। চিঠিতে দুই পুরুষ শ্রমিকের স্বাক্ষর ও তারিখ লেখা দেখা গেছে। এতে লেখা আছে, ‘জেমস রিচি ও জন গ্রিভ এই মেঝে নির্মাণ করেছেন। কিন্তু তারা হুইস্কি পান করেননি। তারিখ: ১৮৮৭ সালের অক্টোবর ৬। যদি কেউ বোতলটি খুঁজে পান, ভাবতে পারেন আমাদের ধুলো রাস্তার পাশে উড়ছে। ’

রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পিছিয়েপড়া দলিত নৃতাত্ত্বিকগোষ্ঠীদের বিভিন্ন সামাজিক সহায়তার ইস্যুতে সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সোমবার (২১ নভেম্বর) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে ইএসডিও সংস্থার প্রেমদীপ প্রকল্পের বাস্তবায়নে এবং হেকস/ ইপারের সহযোগিতায় হলরুমে অনুষ্ঠিত সংবেদনশীল সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেল্লাল সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন, ইউপি চেয়ারম্যন আবুল কাশেম ও আব্দুল বারী, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আদিবাসী সভাপতি সুগা মুর্মু,  ইডিকো উপজেলা কোঅর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সাকেলিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যন, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং নৃতাত্ত্বিকগোষ্টীর নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম।

নওগাঁয় দু’দিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দু’দিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় এটিম মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। তিনি একইসাখে বিসিক আয়োজিত ৫দিনব্যপী মেশিনারীজ প্রদশর্নী মেলারও উদ্বোধন করেন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বেলুনসহ ফেষ্টুন উড়িয়ে দেন।

এসময় নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আবু হোসেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিমুল এহসান, জেলা প্রাখমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোঃ ইউসুফ রেজাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহের উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহের প্রায় একশ ষ্টল মেলায় প্রদর্শিত হচ্ছে।

একই পরিবারের চার সন্তানের তিনজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একই পরিবারের চার সন্তানের মধ্যে তিনজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মাত্র দেড় শতাংশ জমির বসত ভিটায় একটি চালাঘর ছাড়া সহায় সম্বল কিছুই ওই পরিবারের। পনের টাকা কেজির চালের রেশন কার্ড ছাড়া পরিবারটি পায়না আর কোন সরকারী সুযোগ-সুবিধা। পরিবারের কর্তা অন্যের জমিতে দিনমজুরী দিয়ে যা পান তা দিয়েই খেয়ে না খেয়ে চলে ছয় সদস্যের সংসার। তার উপর সন্তানদের অসুস্থ্যতা। তাই চোখের সামনে এক রকম বিনা চিকিৎসায় সন্তানরা ধুকে ধুকে মরতে বসলেও টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা।

হতদরিদ্র ওই দিনমজুর পিতার নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্য রাবাইতারী গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

সরেজমিনে রফিকুল ইসলামের বাড়ীতে গেলে দেখা যায়, চার সন্তানের মধ্যে প্রথম সন্তান আবু হাসান (২৩), দ্বিতীয় সন্তান আবু হোসেন (১৯), তৃতীয় সন্তান হাসু মিয়া (১৬) জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। শুধুমাত্র সব ছোট ছেলে সাজু মিয়া (৮) সুস্থ আছে। বয়স অনেক হলেও চেহারা ও আকৃতিতে তিন জনকেই শিশুর মত দেখা যায়। মাস খানেক আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট- বাজারসহ মানুষের দারে দারে ভিক্ষা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বড় ছেলে আবু হাসানের অপারেশন করা হয়েছে। অপারেশনে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। চারদিন হলো তিনি হাসপাতাল থেকে বাড়ীতে এসেছেন। এখনও পুরোপুরি সুস্থ হননি। ২য় সন্তান আবু হোসেন অসুস্থ শরীর নিয়ে পাশ্ববর্তী বটতলা বাজারে অন্যের দোকানে মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করেন। প্রতি মাসে ২য় সন্তান আবু হোসেন ও ৩য় সন্তান হাসু মিয়ার শরীরে এক ব্যাগ করে রক্ত দিতে হয়। ডাক্তার বলেছেন, খুব তাড়াতাড়ী ওই দুজনেরই অপারেশন করা দরকার। তাতে খরচ লাগবে প্রায় তিন লাখ টাকা। এতো টাকা কিভাবে জোগাড় করবেন তা নিয়ে চরম দুচিন্তায় পড়েছেন রফিকুল ইসলাম।

রফিকুল ইসলামের স্ত্রী হাজরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, বিক্রি করার মত কিছুই নেই আমাদের। টাকার অভাবে ছেলেদের চিকিৎসা বন্ধের পথে। চোখের সামনে সন্তানদের এ করুন পরিণতি আর সহ্য হয়না। তাই সন্তানদের বাঁচাতে সমাজের দানশীল হৃদয়বান ব্যক্তি ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (আবু হাসান ০১৩২৪১৩২৩১৪)।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্তদের শরীরে রক্ত দিতে হয়। নিরাময় না হলেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসায় এ রোগ নিয়ন্ত্রণ করা যায়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, ওই পরিবারের সাথে যোগাযোগ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

নওগাঁয় দুদক-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দুদক কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ’র উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় মাঠ পর্যায়ে দূর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা ষ্টোরের ভুমিকা নিয়ে আলোচনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারেজ উদ্দিন এবং দূর্নীতি প্রতিরোধে দূর্নীতি প্রতিরোধ কমিটির ভুমিকা নিয়ে আলোচনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীগণ শপথবাক্য পাঠ করেন। দুদক কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাহমুদুর রহমান।

ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ করেছে বলে এক ভিডিও ভাষণে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রায় ৪০০টি গোলাবর্ষণ করে রুশ বাহিনী। নিয়মিত রাত্রিকালীন ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নেয় রাশিয়া। এসব সেনার কিছু অংশকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে মোতায়েন করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চলকে মস্কোর অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন তার মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক রয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও ভাষণে বলেছেন, দোনেৎস্ক অঞ্চলে আগের মতো লড়াই চলছে। আর লুহানস্ক অঞ্চলে লড়াইয়ের সময় আমরা ধীর পদক্ষেপে অগ্রসর হচ্ছি। পূর্বাঞ্চলে প্রায় ৪০০ গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর সম্ভাবনাকে ধারাবাহিক ও খুব সুচিন্তিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত কয়েক দিন ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া। গত বৃহস্পতিবার দেশটির জ্বালানি অবকাঠামোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের এক কোটির বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে রাজধানী কিয়েভের বাসিন্দাদের। এছাড়া পশ্চিমাঞ্চলীয় ভিনিসিয়া, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওডেসার বন্দর শহর এবং উত্তর পূর্বের সুমে শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ভুরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের পিটুনিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হারানো টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ও ভাতিজাদের পিটুনিতে আজিজুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।  

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের মৃত শাখাতুল্লাহ ওরফে ঘেগু শাহ এর দুই পুত্র আজিজুল হক (৬০) ও ফজলুল হক(৬৫) পাশাপাশি বাড়িতে বসবাস করেন। গত শনিবার আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা চুরি হয়। আজিজুল হক বিষয়টি তার বড় ভাই ফজলুল হককে জানায়। এর পর থেকে বিভিন্ন ভাবে যাচাই করে বড় ভাই ফজলুল হকের পরিবারের প্রতি সন্দেহ হলে শালিস বৈঠক করার কথা জানান আজিজুল হক। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাক বিতন্ডা চলছিল।

সোমবার সকাল আটটার দিকে আজিজুল হক বাড়ির পাশে নিজ ধানক্ষেতে ধান কাটতে গেলে বড় ভাই ফজলুল হক (৬৫) ও তার দুই পুত্র সোহেল (৩৫), রতন (৩০) সেখানে গিয়ে পুনরায় বাকবিতন্ডা বাধায়। এক পর্যায় দুই ভাতিজা ও বড় ভাই ফজলুল হক মিলে আজিজুল হককে লাঠি দিয়ে এলোপাতারি পিটাতে থাকে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আজিজুলকে উদ্ধার করে বাড়িতে আনার পর তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পরে খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশ মর্গে পাঠানোর জন্য ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জাতির পিতার আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য – বাহাউদ্দিন নাসিম

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মুল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ- সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিমধ‍্যেই দারিদ্রতার হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপির অভিযোগের জবাব দিয়ে তিনি বলেছেন, বিএনপির হা না ভোট এবং ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে ন‍্যাক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায়না।

জনাব বাহা উদ্দিন নাসিম আরও বলেছেন বর্তমান নির্বাহী কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়পংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন বন্ধের হুমকী না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগনের ম‍্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশ গ্রহণ করার জন‍্য বিএনপির প্রতি আহবান জানান।

তিনি রবিবার দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেছেন।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক, সাধারন সম্পাদক খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তযফদার সেলিম, নওগাঁ-৫ আসনের সংসদ সদস‍্য ব‍্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ- ৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ ও  নির্মল গোস্বামী, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল এবং কেন্দ্রীয় কমিটির ডিজিটাল ও আর্কাইভ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান এবং কেন্দ্রীয় গ্রন্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বিপুল।

সম্মেলনে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম‍্যান লায়েব উদ্দিন লাবলু এবং নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নাসিম আহম্মেদ নাসিম।

সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ মোট ১২টি ইউনিটের কাউন্সিলরগণসহ নওগাঁ জেলার আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের পরবর্তী তিন বছরের জন্য একটি নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল।