ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আজ সোমবার (২১ নভেম্বর) রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছেন।

দেশটির টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ২০মিনিটের দিকে পশ্চিম জাভায় ভূমিকম্প আঘাত হেনেছে। জাভায় আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির সাবেক রাজধানী জাকার্তাও।

সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান মেট্রো টিভিকে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর। আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে কেবল একটি হাসপাতালেই এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন এবং আরও কমপক্ষে ৩০০ জনকে আহত অব্স্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী সীমান্তে কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী।

এ সময় অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার অমলেন্দু বৌদ্ধ, হাবিলদার দিলীপ কুমার, মহসীন আলীসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলবাড়ী সীমান্তে দিনব্যাপি অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে দুই সহস্রাধিক সীমান্তবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

চলতি বছরে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীসহ সারাদেশে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে রেকর্ড ২৩০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি। ২০২১ সালে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূলত ডেঙ্গুর প্রভাব থাকে। কিন্তু গত কয়েক বছর ধরেই বছরের শেষ নাগাদ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থেকে যাচ্ছে। বিশেষ করে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে তা ছাড়িয়ে গেছে। এমনকি ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ডও করেছে। অক্টোবরে ডেঙ্গুতে ৮৬ জনের মৃত্যু হয়, যা ২৩ বছরের মধ্যে ছিল সর্বোচ্চকিন্তু নভেম্বরের প্রথম ২০ দিনে ৮৯ জনের মৃত্যুতে সেই রেকর্ডও ভেঙে গেছে

এছাড়া, গত বছর ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হলেও চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত তা প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫২ হাজার ৮০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

এর আগে, গত ২০১৯ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর ফলাফল  আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার জানান, প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন। এ বছর ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন বলে ওই দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি-২০২২ পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। অর্থাৎ গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়।

“দুই জঙ্গিসহ জড়িতরা সবাই নজরদারিতে রয়েছেন”

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি সদস্যসহ এ ঘটনায় জড়িতরা সবাই নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। 

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টার থেকে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতিমধ্যে পুলিশ প্রধান সারা দেশে রেড এলার্ট জারি করেছেন। ১২ জনের মধ্যে দুজন পালিয়েছে। পালাতে ব্যর্থ দুজনসহ মোট ১০ জনকে পুনরায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। চেকপোস্ট কড়াকড়ি করা হয়েছে। আমরা সবাই এলার্ট রয়েছি।

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি-মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।
ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি-মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

তিনি আরও বলেন, যারা জঙ্গি আসামিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনেস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার। আর পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা থাকে। তবে গতকাল যেটা ঘটেছে সেটা অনাকাঙ্খিত।

উল্লেখ্য, গতকাল রোববার (২০ নভেম্বর) মোহাম্মদপুর থানার একটি মামলায় মোট ১২ জঙ্গিকে আদালতে নেওয়া হয়। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের মুখে স্প্রে মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া ওই দুই জঙ্গি হলেন, মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর ও ঢাবি সম্মেলনের তারিখ ঘোষণা

রাজনীতি ডেস্ক: কেন্দ্রীয় সম্মেলনের আগে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ঘোষণায় বলেন, ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আগামী ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

অনলাইন ডেস্ক: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ‍আজ সোমবার (২১ নভেম্বর) পাইকারি দাম ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংস্থাটি। এসময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহী, সদস্য বজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানোর ফলে পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা হয়েছে। আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে পিডিবির ১৪-১৫ টাকা খরচ হচ্ছে। তাই দিন দিন লোকসান বাড়ছে সংস্থাটির। পিডিবি জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরে তাদের লোকসান ছিল ১১ হাজার ৫০৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় লোকসান। চলতি অর্থবছরে (২০২২-২৩) লোকসানের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি। এছাড়া পাইকারিতে দাম বাড়ানো হচ্ছে- এমন খবরে বিতরণ কোম্পানিগুলোও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন তৈরি করছে। পাইকারি বিদ্যুতের দর যতটুকু বাড়বে, তা ধরেই গ্রাহক পর্যায়ে মূল্য বাড়ানোর প্রস্তাব দেবে ৬ বিতরণ কোম্পানি। এসব প্রস্তাবের ওপর শুনানি করে নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি।

উল্লেখ্য, বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছিল। এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানটি প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে। ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ৫৮ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করে। প্রায় ৫ মাস পর গত ১৩ অক্টোবর বিইআরসি জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও যৌক্তিক কারণ দেখাতে না পারায় পিডিবির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ভারতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

রোববার (২০ নভেম্বর) দিবাগত রাতে রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাকচাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় ডেস্ক: আজ ২১ নভেম্বর (সোমবার), সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। সকালে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসের।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিন বাহিনীর প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তখন সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান এবং বিহগলের করুণ সুর তোলেন।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে দিবসটি উপলক্ষে ভোরে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তীতে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২২’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় প্রধানমন্ত্রী কর্তৃক ৪ জন সেনা, ২ জন নৌ এবং ২ জন বিমানবাহিনী সদস্যদের ২০২১-২০২২ সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ২ ডাকাত সদস্য গ্রেফতার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর উপজেলায় আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় দুই ডাকাত সদস্যকে আটক করেছে বাংগরা বাজার থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলা চান্দিনা থানার কোরবান পুর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫) ও একই জেলার বাংগরা বাজার থানার হাটাশ গ্রামের সাহেব আলীর ছেলে জীবন মিয়া (৪২)।

রবিবার রাতে কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দির পাড় ও শাসনগাছা এলাকা হতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে এই ডাকাত সদস্যরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা এলাকাসহ আশপাশের থানা ও জেলার রাস্তায়/বাড়িতে ডাকাতি/চুরি/ছিনতাই করে আসছে। 

বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, রবিবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ২ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।