চাকুরির পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারীতে পাঁচজনের কারাদণ্ড

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে তিনজন এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুজনকে সাজা দেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে তিন দিন এবং একজনকে দুদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জলঢাকা উপজেলার আফিকা আফরোজ (২৬), রনজিনা আকতার (২৭), আদুরী খানম (২২), সদর উপজেলার রাশেদা বেগম (৩০) ও তাঁর ১৭ বছর বয়সী মেয়ে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাশেদা বেগমের হয়ে তাঁর মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাঁদের দুজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন মা ও মেয়েকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিনজন নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা কেন্দ্রে সঙ্গে মুঠোফোন রাখার অপরাধে তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, দণ্ডিতদের শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হক বলেন, নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫ হাজার ৩৮১ জন আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২ হাজার ১০১ জন অংশগ্রহণ করেন।

নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ নভেম্বর) সকালে জেলা প্রসাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ  নুরুজ্জামান, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গন ও জেলার কৃষি কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন জেলায় সারের সকল উপজেলায় যেন কোন ধরনের সমস্যার না হয় সেদিকে নজর রাখতে হবে।

রাণীশংকৈলর ইট ভাটাগুলোতে পোড়ানো প্রস্তুতি সম্পন্ন হলেও আগুন জ্বালানো অনিশ্চিত

হুমায়ুন কবির,  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোট ২৭ টি ইটভাটা রয়েছে। এসকল ইট ভাটাগুলোতে ইতোমধ্যে কাঁচা ইট তৈরির কাজ প্রায় সম্পন্ন। ভাটা মালিকরা ইট পোড়াতে প্রশাসনের অনুমতি পাচ্ছেনা এনিয়ে চলছে দর কষাকষি।

জানা যায়, প্রতিবছর আগুন জ্বালানো মৌসুম এলেই ভাটা মালিকদের সাথে প্রশাসনের চলে দফায় দফায় বৈঠক। ভাটায় আগুন জ্বালানো নিয়ে চলে অনিশ্চিয়তা তার পরেও চলে ভাটা। আবার সে ভাটার ইট দিয়ে উন্নয়ন মুলক কাজ হয় সরকারের ।

ঠাকুরগাঁও, বগুড়া, টাঙ্গাইল ও লালমনিরহাট- এই চার জেলায়  অবৈধ ইটভাটা বন্ধের রিট করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ । রিটের প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুসারে লাইসেন্স ব্যতীত কোন ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবেনা মর্মে নির্দেশনা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে চার জেলায় থাকা অবৈধ ইটভাটার তালিকা দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশের মধ্যে চার জেলায় শুধু ভাটা বন্ধের বিষয়ে স্থানীয়দের ভাবিয়ে তুলেছে।

সন্ধারই গ্রামের সোহেল রানা বলেন, প্রতিবছর শুনি ভাটা বন্ধ হবে, আবার অজ্ঞাত কারনে ভাটা চালু হয়। এবার হাইকোর্টের নির্দেশনার পরেও কি ভাটা চালু হবে?

এ প্রসঙ্গে ভাটা মালিক সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন বিপ্লব মুঠোফোনে বালেন,হাইকোর্টের রিটের বিষয়ে আপিলের প্রক্রিয়া চলছে। প্রতিবছর সরকারকে ভ্যাট ট্যাস্ক দিয়ে আমরা ভাটা পরিচালনা করে আসছি। এবার ভাটা চালু না হলে এ উপজেলার ১২হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। তিনি আরো বলেন, ডলার সংকটের কারণে এবার কয়লা কেনা মুশকিল হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, ইটভাটা বন্ধের হাইকোর্টের নির্দেশনা রয়েছে । আদালতের বাইরে আমরা কোন মন্তব্য করতে পারিনা। ভাটা সংশ্লিষ্ট কোন মানবিক বিষয় থাকলে এটাও আদালত নিধার্রণ করবেন।

লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্র ছাড়া মোটরসাইকেল অবৈধভাবে ফুটপাত দখল করে পার্কিং করে শহরে তীব্র যানজট সৃষ্টি করা এরই লক্ষে মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যন্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাতে অবৈধভাবে পার্কিং, লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্রবিহীন মোটরইকেলে পরিচালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও ফুটপাত দখলকরে অবৈধভাবে যত্রতত্র পাকিং এর বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ ব্যক্তিকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা ও তা আদায় করা হয়েছে।

জুড়ীর ইউএনও প্রশিক্ষণে ভারত সফর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে  যাচ্ছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা।

আজ রবিবার (২০ নভেম্বর) বিমানের একটি ফ্লাইটে মাঠ প্রশাসনের তৃতীয় মিড ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রামে ভারতে (২১ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর) পর্যন্ত ১২ দিনের প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে তিনি রওয়ানা হয়েছেন।

গত ১৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশী প্রশিক্ষণ বিভাগের উপ-সচিব মৌসুমী সরকার রাখির স্বাক্ষরিত এক চিঠিতে প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ প্রশিক্ষণে ইউএনও সোনিয়া সুলতানাসহ দেশের মোট ৪০ জন সরকারি কর্মকর্তা অংশ গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা যায়।

নীলফামারীর ডোমারে নীল সাদায় আর্জেন্টিনার পতাকা বেষ্টিত বাড়ি

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ বিশ্বকাপ ফুটবল খেলাকে  কেন্দ্র করে যে যার দলকে সমর্থন করে বিভিন্ন ব্যানার ও পতাকা বানিয়ে নিজ নিজ বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে নিজের পছন্দের টিমের পতাকা উত্তোলন করছেন। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাবু ইসলাম নামের এক যুবক তার নিজ বাড়ির ঘরের চালসহ বেড়ায় নীল এবং সাদার আবরণে আর্জেন্টিনার পতাকার আলপনা একে এলাকায় নজির স্থাপন করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমী মানুষেরা ছুটে আসছেন বাড়িটি একনজর দেখার জন্য। ইতিমধ্যেই বাবু ইসলামের বাড়িটি আর্জেটিনার বাড়ি বলে পরিচিতি লাভ করেছে।

শনিবার ১৯ নভেম্বর ডোমার পৌর এলাকার ৭নং ওয়ার্ড চিকনমাটি ঢুষাপাড়া এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় অবস্থিত আর্জেন্টিনার পতাকা খ্যাত বাবু ইসলামের বসতবাড়ি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির প্রধান ফটকসহ বসতঘরের টিনে নীল-সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন তিনি। বিভিন্ন এলাকা থেকে এশিয়ান হাইওয়েতে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রতিদিন তার বাড়ির দিকে একবার হলেও নজর ফেলছেন।

বাবু ইসলাম পেশায় একজন ট্রাক্টর চালক, ফুটবলে তার প্রিয় দল আর্জেটিনার প্রতি এমন ভালোবাসা ও আবেগের বহৃিপ্রকাশ দেখে সমাজের বিভিন্ন মহল থেকে সুনাম অর্জনসহ সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

এবিষয়ে ফুটবল প্রেমী ‘আর্জেন্টিনার পতাকা বেষ্টিত বাড়ির মালিক বাবু ইসলাম বলেন, আমি ছোটবেলা থেকেই ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করে এসেছি। যেহেতু বিশ্বকাপ ফুটবল খেলা এসে গেছে, তাই আমার প্রিয় দলের সমর্থনে বাড়ির টিনের বেড়া ও প্রধান ফটকে রং দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকেছি। হয়তোবা লিওনেল মেসি কিংবা তার দল বা সেদেশের কেউ আমার বাড়িটি দেখতে পারবে না, কিন্তু তাদের প্রতি যে আমার ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে সামান্য একটু আল্পনার ছোঁয়ায় বাড়িটিকে সাজিয়েছি মাত্র। পরিশেষে তিনি বলেন আর্জেন্টিনা দলের প্রতি আমার ভালোবাসা আজীবন অটুট থাকবে।

১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিসারি থেকে একটি ১০ ফুট লম্বা ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে জানা গেছে।

আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় সময় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপির নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদ এর ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। এত বড় আকারের অজগর দেখে শ্রমিকরা অতঙ্কিত হয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। ফিসারির মধ্যে বড় আকারের অজগর থাকার খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) দ্রুত ফিসারিতে গিয়ে বিশালদেহী অজগরটিকে রক্ষিত অবস্থায় উদ্ধার করেন।

বন্য প্রাণী ফাউন্ডেশনের সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটি ওজনে প্রায় ১৪ কেজি ও ১০ ফুট লম্বা। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারের পর সাপটি বন বিভাগের সাথে যোগাযোগ করে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বর্তমানে দেখাশুনা করার জন্য রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

জ্বালানি বাণিজ্যে ডলার বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে মস্কো ও বেইজিং জ্বালানি লেনদেনের ৬৪ ভাগ নিজস্ব মুদ্রায় সম্পন্ন করছে বলে জানিয়েছে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। ক্রমেই এই লেনদেনকে পুরোপুরি রুবেল এবং ইউয়ানে পরিণত করা হবেও জানিয়েছেন তিনি। 

সম্প্রতি রসিয়া-২৪ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

আলেকজান্ডার নোভাক সাক্ষাৎকারে বলেছেন, “চীন আমাদের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদার এবং বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে। চলতি বছর রাশিয়ার তেল, গ্যাস, কয়লা এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে  নিজস্ব মুদ্রার ব্যবহার শতকরা ১০ ভাগ বেড়েছে। দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে এবং দু’দেশের জ্বালানি খাতের লেনদেন পুরোপুরি মার্কিন ডলার ও ইউরো বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় হবে।

আলেকজান্ডার নোভাক আরো জানান, চীন থেকে বিভিন্ন ধরনের যন্ত্র ও সরঞ্জামাদি কেনার ক্ষেত্রেও রাশিয়া নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। নিকট ভবিষ্যতে রাশিয়া থেকে চীনে গ্যাস রপ্তানির ব্যাপারে একটি চুক্তি সই হবেও বলে জানান তিনি।

ছুড়িকাঘাতে যুবক খুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সাদিকুর রহমান জুবেল (২০) নামে এক যুবক খুন হয়েছে। পারিবারিক কোন্দলের কারণে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের সূত্রে মতে জানা যায়।

১৮ নভেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজলার পাঁচগাঁও ইউপি’র সোরামপুর গ্রামর মৃত বশির মিয়ার ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন (রুশন) কে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানা পুলিশ ও পারিবারিক সূত্র মতে জানা যায়, রাজনগর উপজলার পাঁচগাঁও ইউপি’র সোরামপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলেদের সাথে বেশ কিছুদিন ধরে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতা ভাইদের পারিবারিক কোন্দল চলছিল। এই কোন্দলের জেরে ১৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার পথে বাড়ির প্রধান ফটকরর বাইরে এলে সাদিকুর রহমান জুবেলের উপর ধারালো ছুরি দিয়ে হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদিকুর রহমান জুবেল নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক কোন্দল ছিল। নিহতর চাচা আনসার উদ্দীন ( রুশন)কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হবে।

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মহিষের গাড়ীতে বর ও বরযাত্রী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মহিষের গাড়ী করে বিয়ে করতে গেলেন বর উপ-সহকারী মেডিকেল অফিসার উমর ফারুক। উমর ফারুকের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুছল্লি পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।

বর উমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান, তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চরে, কেউ গরু-মহিষের গাড়ীতে চরে। হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনিও মহিষের গাড়ীতে করে বিয়ে করার স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে শুক্রবার বিকালে মহিষের গাড়ীতে করে বিয়ে করার জন্য পাশ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন বর উমর ফারুক।

বিয়ের ঘটক রাজু সরকার জানান,কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সাথে শুক্রবার সন্ধা ৭ টায় ৯ লক্ষ টাকা মোহরানায় উমর ফারুকের বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, বর ও বরের পরিবারের ইচ্ছায় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মহিষের গাড়ীতে করে বিয়ে করতে যাওয়া হয়। গ্রাম বাংলার এ হারানো ঐতিহ্য মহিষের গাড়ীতে করে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখতে বর,কনের বাড়ীতে এবং সড়কের দুপাশে শতশত উৎসুক মানুষের ঢল নামে। ফুল দিয়ে সাজানো বরবাহী মহিষের গাড়ী দেখে অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। দীর্ঘ দিন পর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ছবি দেখে বয়স্কদের মানস পটে হারানো দিনের স্মৃতি ভেসে ওঠে, যা বর্তমান যান্ত্রিক প্রজন্মের মানুষকে মুগ্ধ করে।