রাণীশংকৈল পৌরশহরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার কলেজ হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে হানিফের রান্নাঘরের চুলা থেকে ভয়াবহ আগুন লেগে ৮টি শোয়ার ঘর ১টি রান্নাঘর ও আসবাপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ সময় রানীশংকৈল ফায়ার সিভিল ডিফেন্স সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার নাসিম ইকবাল জানায় ক্ষয়-ক্ষতি প্রায় ৪ লক্ষাধিক হতে পারে। ঘর মালিক আইনুল হক বলেন- আমার এবং আমার ভাড়াটিয়ার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

পৌরমেয়র মোস্তাফিজুর ঘটনাস্থলে পরির্দশনে গিয়ে শান্তনা দিয়ে বলেন- ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আমরা চেষ্টা করছি।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানায় ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলেছি যত দ্রুত সম্ভব তাদের জন্য সহয়তা করা হবে।

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রি বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯ এর সহযোগিতায় উপজেলার শেরপুরের বাইপাস রোড, হবিগঞ্জ রোড, শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী ও পানীয় বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ-বাইপাস রোডে অবস্থিত জনতা হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত মা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সারা ফার্মেসীকে ৩ হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জেলা সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন খাদ্য নিরাপত্তা ও নিশ্চিত করতে নিত্য পন্যের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলেও তিনি জানান।

রাণীশংকৈলে “ফায়ার সপ্তাহের” উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি একযোগে কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১৫ নভেম্বর ” ফায়ার সপ্তাহ” শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে দুপুর ১২ টায় জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন ও কবুতর উড্ডয়নের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

এইসাথে ফায়ার স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল, তার সহকর্মীরা ও৷ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নাসিম ইকবাল এখানে তাদের ব্যবহার্য ফায়ার সরঞ্জামসমূহ প্রদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মিরা উপজেলার বিভিন্ন স্থানে মহড়া প্রদর্শন করেন।

নওগাঁয় রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করাসহ সাত দফা দাবীতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম। গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে আগামী ২০২৫ সালের মধ্যে এই দাবীসমূহ নিশ্চিত করার দাবী জানানো হয়েছে।

নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২টায় এসব দাবি উপস্থাপন করেন নারী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। খান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজনৈতিক দলসমূহে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যপারে ২০২০ সাল সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। ইতিমধ্যে সে সময়সীমা অতিক্রম করেছে। তাই এই সময়সীমা আগামী ২০২৫ সাল পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। তাঁরা আরও বলেছেন আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিশেষ করে সম্পাদক মন্ডলীতে যে কোন একটি গুরুত্বপূর্ন পদে নারী সদস্য অন্তর্ভূক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে ৭ দফা দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ জেলা অপরাজিত নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সদস্য মরিয়ম আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা নারী নেটওয়ার্কের সদস্য দেওয়ান শাহিনা আক্তার, মোছাঃ মর্জিনা বেগম, মোছাঃ সুরাইয়া, মোছাঃ মর্জিনা বেগম (রানীনগর), মোছাঃ রোজিনা বানু, মোছাঃ হিরা এবং মোছা: শাহনাজ।

মৌলভীবাজারে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপর ১২টায় ফায়ার স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার মো. আসাদুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামস্ উদ্দিন বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান কুলাউড়া ফায়ার সার্ভিস টিমের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগে পৌঁছে যায়। জীবনের ঝুঁকি নিয়ে সদস্যরা জান মাল রক্ষার্থে সর্বাত্মক প্রচেষ্টা চালায়।

তিনি প্রশাসনকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভবিষ্যতে আরও দক্ষতার পরিচয় ও দ্রুততার সাথে যেকোনো দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলার আহ্বান জানান।

উদ্বোধনের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ তার স্বাগত বক্তব্যে কুলাউড়া ফায়ার স্টেশনের কার্যক্রমের স্মৃতি চারণ করে বলেন, চলতি বছরের গত অক্টোবর মাস পর্যন্ত কুলাউড়ার বিভিন্ন স্থানে ৩২টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ২৩ লাখ ৩০ হাজার ৫শ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং ৮২ লাখ ৬০ হাজার টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ছাড়াও এ সময়ের মধ্যে সংঘটিত ১৭টি বিভিন্ন দুর্ঘটনায় ১৭ জন আহত ও ৩ জন নিহত হয়েছেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দুর্যোগ দুর্ঘটনায় ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সসহ ৩টি গাড়ি দিয়ে একটি র‌্যালি কুলাউড়া শহর প্রদক্ষিন ও অগ্নিদুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনায় করণীয় সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনসচেতনতা মূলক প্রচার করা হয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ”-২০২২ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে পার-নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।

পরে অগ্নি নির্বাপণ এবং  সড়ক দৃর্ঘটনা থেকে জান মাল রক্ষা সম্পর্কিত একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানসহ সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দুইবার ব্যর্থ প্রচেষ্টার পর ফের চন্দ্র অভিযানে নাসা

অনলাইন ডেস্ক: দুইবার ব্যর্থ প্রচেষ্টার পর ফের চন্দ্র অভিযানে রকেট পাঠানোর তোড়জোড় শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আর্টিমিস ওয়ান নামের এই মিশনের ম্যানেজার মাইক সারাফিন বলেছেন, ‘আমাদের সময় এসে গেছে। আশা করছি বুধবারই সেটা হতে যাচ্ছে।

আর্টিমিস ওয়ান মিশন কোনো নভোচারী ছাড়াই একটি পরীক্ষামূলক যাত্রা। চাঁদে নিজেদের দীর্ঘস্থায়ী আধিপত্য ধরে রাখার পাশাপাশি এই মিশন দিয়ে নাসা মঙ্গলে ভবিষ্যতে মহাকাশযান পাঠানোর পরীক্ষা-নিরীক্ষাটাও করে ফেলতে চায়। প্রথম সফল চন্দ্র অভিযানের ৫০ বছর পর আবারও এই ধরনের অভিযানে নামছে নাসা।

নাসার এই রকেটটি স্থানীয় সময় বুধবার রাত ১টায় চাঁদের উদ্দেশে পাঠানোর কথা রয়েছে। কেনেডি স্পেস সেন্টারে এরই মধ্যে কাউন্টডাউনও শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেও হ্যারিকেন নিকোলের কারণে রকেটটিকে চাঁদে পাঠানো যায়নি। আর বুধবার না পাঠাতে পারলে ব্যাকআপ ডেট হিসেবে ১৯ ও ২৫ নভেম্বরকে ঠিক করে রেখেছে নাসা।

/খবর এএফপি/

ফুলবাড়ীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী কুড়িগ্রাম শাখার  উদ্যোগে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি কল্পে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কৃষকদের মাঝে শতকরা ৪% সুদ হারে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টায়  ব্যাংকের কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জগলুল কবিরের সভাপতিত্বে এবং অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক মোঃ মোসাদ্দেক হোসেন, কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমীন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।

এ সময় কৃষক হায়দার আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন বক্তব্য রাখেন। পরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ১০ জন কৃষকের মাঝে ১১ লক্ষ ৪১ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।

ডোমারের চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

মোকাদ্দেস লিটু, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

“দূর্ঘটনা দূযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি “-এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারের চিলাহাটিতে আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) সকাল ১১ টায় চিলাহাটি ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য যান্ত্রিক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, অগ্নিনির্বাপন ও জানমাল রক্ষার্থে শুধু ফায়ার সার্ভিস সক্রিয় থাকলেই হবে না পাশাপাশি সকল নাগরিকদের আগুন ও দুর্ঘটনা সম্পর্কেও সচেতন হতে হবে।

স্টেশন লিডার নুরে আলম সিদ্দিকী জানান, চিলাহাটি ফায়ার স্টেশন চালু হবার পর থেকে প্রায় ৩০ টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রান্নার চুলার আগুন থেকে ৮ টি, বিদ্যুৎ থেকে ৬ টি, ছাই থেকে ২ টি, সিগারেট-বিড়ির আগুন থেকে ৬ টি এবং অজ্ঞাত ৮ টি। তিনি আরো জানান চিলাহাটি ফায়ার স্টেশন প্রায় আঠারো লক্ষাধিক টাকা সমপরিমান জানমাল রক্ষা করতে পেরেছেন।

স্টেশন লিডার নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ইউপি সদস্য আবু কালাম, আব্দুর রউফ, সমাজসেবক তরিকুল আলম বুন্নু, তকদিরুল আলম মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহসভাপতি মাহাবুবুল আলম ও হাবুল, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

মৌলভীবাজার ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তারকৃত ৫ নেতাকর্মীদের মুক্তির দাবি বিএনপির

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফল করতে মৌলভীবাজার শহরে প্রচারপত্র বিতরণ করার সময় গ্রেপ্তার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়াসহ পাঁচ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিকেলের পরে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। তবে পুলিশ বলছে, সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯শে নভেম্বর বিএনপি’র সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গত রোববার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার বিভিন্ন দোকানে শান্তিপূর্ণভাবে প্রচারপত্র বিতরণ করছিলেন। এ সময় পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজার পৌর শাখার জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রচারপত্র বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচি থেকে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘যতই বাঁধা বিপত্তি আসুক। ১৯শে নভেম্বরের সমাবেশ সফল ও সার্থক করতে শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে। সব ধরনের ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করা হবে। গ্রেপ্তার করে সমাবেশ বন্ধ করা যাবে না।’

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে পুলিশ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।