মসজিদের টাকা সংক্রান্ত জেরে বাকবিতন্ডায় সংঘর্ষে নিহত ১, আহত ৬

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের জুড়ীতে দু’পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জায়গাসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়াদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়‌। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। পরে এ ঘটনার জের ধরে ইফতারের পর জলিল মিয়াকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া ও তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল মিয়ার চিৎকারে তার ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগিনা সাঈদ আহমদ ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।

পরে নিহত জলিল মিয়াসহ আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

নিহত জলিল মিয়ার স্ত্রী রিনা বেগম জানান, ইয়াছিন ও তার ভাতিজা তারা মিয়াসহ তাদের আত্মীয়রা নির্মমভাবে দা দিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তারা আমার ছেলেদেরও কুপিয়েছে। সরকারের কাছে আবেদন জানাই তাদের ফাঁসি চাই। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মনির জানান, উভয় পক্ষের মধ্যে জমি ও মসজিদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নেত্রকোণায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেত্রকোণায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ব্যারিস্টার রানাতাজ উদ্দিন খান।

শনিবার দিনব্যাপী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের সনুরা বাজার, উত্তর বিশিউড়া বাজার, বরুণা, নন্দুরাসহ বিভিন্ন জায়গায় ২ হাজার জনের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা পৌরসভার কাউন্সিলর শেখ হেলাল উদ্দিন হেলালসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন লেগে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ে একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একইসাথে আহত হয়েছেন অন্তত ৯ জন। গতকাল শনিবার (১৫ এপ্রিল) বিকেলে আল রাসে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র। খবর খালিজ টাইমস।

জানা যায়, আগুনের বিষয়ে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে অবহিত করা হয়। তারা ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং উচ্ছেদ ও অগ্নিনির্বাপণ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।

 

ছয়চিরীতে দুই’শ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) শুরু হয়েছে। দুইশত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজাকে কেন্দ্র করে কমলগঞ্জের ছয়চিরিসহ জেলার আশেপাশের এলাকার মানুষের মধ্যে বিশেষ করে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ২ দিনব্যাপী এ চড়ক পূজা ও মেলা শেষ হয় শনিবার।

ঐতিহ্যবাহী এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লোকে লোকারণ্যের ঢল নামে। প্রাচীন ঐতিহ্য লালিত ছয়চিরি দিঘীর পাড়ে বাংলা পুঞ্জিকা মতে প্রতিবছরের চৈত্র সংক্রান্তিতে ২দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে চড়ক পূজা উৎসব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

জানা যায়, চড়ক পূজা উৎসবের ১০/১২ দিন পূর্ব থেকে বিভিন্ন এলাকার পূজারীর মধ্যে ৪০/৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিব-গৌরী সহ নৃত্যগীত সহকারে ভিক্ষাবৃত্তিতে অংশ নেন। এ ক’দিন তারা পবিত্রতার সহিত সন্যাস ব্রত পালন করে নিরামিষ ভোজি এবং সারাদিন উপবাস পালন করেন। চড়ক পূজার ২ দিন পূর্বে পূজারীরা শ্মশানে গিয়ে পূজা অর্চনা করেন ও শেষে গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন গান গেয়ে ঢাকের বাজনায় সরগরম করে গোটা এলাকা জুড়ে। ছয়চিরি দিঘীর পাড়ে ভক্তরা নৃত্য করার জন্য কলাগাছ ও বাঁশের খুটি বেষ্টিত মন্ডলী তৈরী করে। পূজার প্রথম দিন নিশি রাতে তান্ত্রিক মন্ত্র ধারা কাচ পড়া দিয়ে জলন্ত ছাইয়ের উপর মানুষরুপি কালী সেজে নৃত্য করে। অন্য ভক্তগণ নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে ঢোলক, কাশি, করতাল বাজিয়ে উৎসব পালন করে।

এসময় দর্শনার্থীরা জয়ধ্বনি এবং নারীদের কন্ঠে হুলু ধ্বনি দিতে থাকেন। জ্বলন্ত আগুনের মধ্যে এই ‘কালীনাচ’ অত্যন্ত আকর্ষনীয় এবং তান্ত্রিক মন্ত্র দিয়ে ৭টি বলিছেদ (লম্বা দা) এর উপর শিব শয্যা শায়ি হন। শিবের উপর উঠে কালী ভয়ানক এক অদ্ভুত রুপ ধারন করে নৃত্য পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত দর্শনার্থী সবাই আতঙ্কিত হয়ে উঠেন। কালীকাঁচ শেষ হওয়ার পর সকালে পূজারীরা পূজা করে পান বাটা দিয়ে চড়ক গাছকে আমন্ত্রণ জানিয়ে পার্শ্ববর্তী ঐতিহাসিক ছয়চিরি দিঘী থেকে ভেসে উঠে ১০০ ফুট লম্বা চড়ক গাছ। এ গাছের চুড়া থেকে মাচা পর্যন্ত চারটি পাখার মতো করে বাঁধা হয় চারটি মোটা বাঁশ এবং তাতে যুক্ত করা হয় মোটা লম্বা রশি। আগের বছর উৎসব শেষে এই দিঘীতে ডুবিয়ে রাখা হয়ে ছিল চড়ক গাছ। দিঘীর পাড়ে গর্ত খুড়ে সোজা এবং খাড়া করে পোঁতা হয় এই গাছ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর থেকে নারী পুরুষ দর্শনার্থীর বিশাল সমাগম ঘটে। বিকেল বেলা ভক্ত মন্ডলীতে বিশাল দা (বলিছেদ) দিয়ে নৃত্য, শিবের নৃত্য ও কালীর নৃত্য দেখানো হয়েছে। নৃত্য শেষে ঐতিহাসিক ছয়চিরি দিঘীতে স্নান করে ভক্তদেরকে লোহার শিকড় শরীরের বিভিন্ন অংশে পিষ্ট (গাঁথা) করা হয়। বিশেষ করে জিহবা ও গলায় গেঁথে দেয়া হয়। নৃত্যের তালে তালে চড়ক গাছ ঘুরানো হয়। দেবতার পূজা-অর্চনা শেষে অপরাহ্নে মূল সন্ন্যাসী ৪ জন ভক্তের (জ্যান্ত মানুষের) পিঠে লোহার দু’টি করে বিরাট আকৃতির বড়শি গেঁথে রশিতে বেঁধে ঝুলিয়ে চড়ক গাছ ঘুরানো হয়। এ সময়ে দর্শনার্থীদের অনেকে বাতাসা আর কলা উপরের দিকে উড়িয়ে লুট দেন আর দর্শনার্থীরা তা কুড়িয়ে নেন।

শনিবার (১৫ এপ্রিল) ফেরা চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এই দিন দেবতার পূজা অর্চনা করা হবে। ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর চার পাড়ের মধ্যে দিঘীর পূর্বপাড়ে ১টি, উত্তর পাড়ে ১টি এবং দক্ষিন পাড়ে ২টি চড়ক গাছ স্থাপন করে পূজা অনুষ্ঠিত হয়েছে। তান্ত্রিক মন্ত্রের দ্বারা বিভিন্ন অলৌকিক ধর্মীয় কর্মসূচী উপভোগ করার জন্য প্রতি বছরের মত এবারও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে দর্শনার্থীর উপস্থিতি ঘটেছে এবং আশানুরূপ থেকে ও উপস্থিতি ছিল চোখে পড়ার মত মন্তব্য করেন আয়োজকরা। চড়ক পূজা উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এক বিশাল মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী কালেকশনে জিনিসপত্রের নিয়ে বসেছিল দোকানিরা।

চড়ক পূজা ও মেলা পরিচালনা কমিটি প্রতি বছরের মতো এবারও মেলা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছেন ইতিমধ্যে আয়োজকরা অনেক খুশি। যুগ যুগ ধরে এ চড়ক উৎসব এ অঞ্চলের সনাতনীদের বেশ নাড়া দেয়। বাংলা চৈত্র মাসের শেষ দু’দিন ও ১লা বৈশাখ বসেছিল মেলা। শেষ চৈত্রের গোধুলীলগ্নে চড়ক গাছ মাটিতে পুঁতে ঘোরানো হয়। এর আগে ভক্ত ও পূজারীরা চড়ক গাছে ফুল, দুধ ও চিনি দিয়ে পূজা দেয়। চড়কপূজা উদযাপন কমিটির নেতা অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী জানান, ইতিমধ্যে চড়কপূজা অনুষ্ঠানের সব কিছু সম্পন্ন হয়েছে। চড়কপূজা ও মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাউছিয়া-চাঁদনীচকে কেনাবেচা শুরু

অর্থ-বাণিজ্য ডেস্কঃ রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় গতকাল শনিবার (১৫ এপ্রিল) বন্ধ ছিল এ এলাকার বিপণিবিতানগুলো। সেইসঙ্গে বন্ধ ছিল এলাকার যান চলাচল। আজ রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। বিপণিবিতানগুলো খুলতে শুরু করেছে। ইতোমধ্যে খুলে গেছে গাউছিয়া ও চাঁদনীচক মার্কেট।

আশপাশের বিপণিবিতানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে ফুটপাতের দোকানগুলো বসে গেছে।

সকালে দেখা যায়, গতকাল বন্ধ থাকা বিপণিবিতানগুলো খুলতে সকাল থেকেই দোকানকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সকাল ৯টার পর থেকে ক্রেতারা আসতে শুরু করে। অনেক ক্রেতা আগেভাগে চলে এসেছেন, যাতে অতিরিক্ত গরমের মধ্যে দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফেরা যায়।

ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আমাদের মার্কেটের বিদ্যুতের সংযোগ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে গোছগাছ শুরু করেছেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করতে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

একই সঙ্গে নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, গ্লোব সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন মার্কেট, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিং মল, ইস্টার্ন মল্লিকা ও চন্দ্রিমা মার্কেটের মতো এ এলাকার যে ৪২টি বিপণিবিতান গতকাল বন্ধ ছিল, সেগুলো আজ খুলে যাবে বলে জানা গেছে।

তবে আগুন লাগা নিউ সুপার মার্কেট আজও বন্ধ থাকবে। তবে এ মার্কেটও দ্রুত চালু করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

চাঁদনীচক মার্কেটের বিক্রেতারা বলেন, দোকান খোলা হয়েছে। গতকাল বন্ধ থাকায় আজ ক্রেতাদের চাপ একটু বেশি থাকবে বলে আশা করছি। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় রাস্তার পাশে পণ্যের পসরা সাজাতে শুরু করেছেন হকাররা। হকার ব্যবসায়ীরা বলছেন, সকাল নয়টা থেকে বসে গেছি। গতকাল কেনাবেচা করতে পারিনি। আজ ভালো বেচাবিক্রির আশা। ঈদের সময় একটা দিন লোকসান মানে বড় অঙ্কের ক্ষতি।

 

রংপুর রেঞ্জের সর্বশ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত মার্চ মাসের কৃতিত্বপুর্ন কর্মকান্ডের জন্য রংপুর রেঞ্জের সর্বশ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা। এ উপলক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, পিপিএম, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। মার্চ মাসের রংপুর রেঞ্জের জেলা সমূহের মধ্যে ঠাকুরগাঁও জেলা সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়।

ট্রাফিক বিভাগের মধ্যে ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইউনিট শ্রেষ্ঠ হওয়ায় গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আমজাদ হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান প্রমুখ। একইসাথে উল্লেখিত মাসে ছিনতাইকৃত অটোচার্জার উদ্ধারসহ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তারকৃত আসামি ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করায় জেলা গোয়েন্দা শাখা এসআই মো. নবীউল ইসলামকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

বরগুনা আইনজীবী সমিতির সভাপতি বাহাদুর ও সম্পাদক আতিকুর

মোঃ নাজমুল আহসান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সমিতির হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আক্তারুজ্জামান বাহাদুর সভাপতি ও মো: আতিকুল হক আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান বাবুল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, বরগুনা জেলা আইনজীবী সমিতির ২৬৭ জন ভোটারের মধ্য ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।আক্তারুজ্জামান বাহাদুর (আ’ লীগ) তিনি ভোট পেয়েছেন ১৬১। তার নিকটতম আবদুর রহমান নান্টু পেয়েছেন ৯৬ ভোট। অন্যান্য পদ গুলো হলো সহ-সভাপতি মো: মিজানুর রহমান মজনু, মো: মশিউর রহমান (আ’লীগ), মো: মহসিন (বিএনপি), সাধারণ সম্পাদক মো: আতিকুল হক আতিক (আ’লীগ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন (আ’লীগ), নার্গিস সুলতানা লাকি (বিএনপি), মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক মো: কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইসমাইল হোসেন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা, সদস্য ইমরান হোসেন( আ’লীগ) সাইফুল ইসলাম ওয়াসিম (বিএনপি) ও রুহুল ইসলাম হাওলাদার (জাতীয় পার্টি)।

প্রেমিকারা আমাকে নষ্ট করেছে : সালমান

বিনোদন ডেস্কঃ প্রেমিকারা আমাকে নষ্ট করেছে। তারা আমার জীবনে ভালোবাসতে এসে আমাকে ধ্বংস করেছে বলে সম্প্রতি এমন মন্তব্য করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। একাধিক সম্পর্কে জড়ালেও, কারও সঙ্গেই ঘর বাঁধার সৌভাগ্য হয়নি তার। অভিনেতার সময়ের অনেকেই দাম্পত্যজীবনে পা রাখলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

তবে প্রেমিকারা ভালোবাসতে এসে অভিনেতাকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন সালমান। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর এই সিনেমার প্রচারণায় কাপিল শর্মা শোতে হাজির হয়ে এমন কথা বলেন তিনি।

সালমান বলেন, প্রেমিকারা আমাকে নষ্ট করেছে। তারা আমার জীবনে ভালোবাসতে এসে আমাকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, প্রেমিকারা প্রথমে জান বলে ভালোবাসা দেখায়। তারপর পুরুষদের ধ্বংস করে দেয়। কিছু দিন সম্পর্কে থাকার পর তাদের ভালোবাসা শেষ হয়ে যায়। পরে আবার অন্য কারও জীবনে গিয়ে তার জীবন ওষ্ঠাগত করে দেয়।

তবে সালমানের এমন বক্তব্যে নারীদের অবমাননা করা হয়েছে বলে অনেকেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কেউ বা আবার সালমানের বক্তব্যকে সমর্থন করেছেন জোরালো সমর্থন জানিয়েছেন।

ওই শোর প্রমোতে এক নেটিজেন লিখেছেন, নারীর যত্ন কীভাবে নিতে হয়, সেটা পুরুষদেরকে জানতে হয়। তা না হলে ভালোবাসা অত্যাচার হয়ে ওঠে।

শ্রীমঙ্গলে গলা কাটা শিশুর লাশ উদ্ধার!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন মিয়ার গলাকাটা লাশ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলি জমিতে তার লাশ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই তীথংকর দাস মরদেহ’র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

গরমের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস

আবহাওয়ার খবরঃ সারাদেশে গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাজধানীতে গরমের তীব্রতা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। আজও সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও ‍কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে, পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।