ফুলবাড়ীতে কমিটির সদস্যদের অজান্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে গভর্নিং বর্ডির সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের না জানিয়ে গোপনে বেশ কিছু পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ৬ নভেম্বর দৈনিক আমার বার্তা নামের একটি জাতীয় দৈনিকে একজন ল্যাব সহকারী (রসায়ন) একজন ল্যাব সহকারী (পদার্থ), একজন ল্যাব সহকারী ( জীব বিজ্ঞান) ও একজন ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সহ মোট ৪টি পদে দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি গোপন রাখার চেষ্টা করা হলেও ফেসবুকের কল্যানে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের মাঝে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে সর্ব মহলে জানাজানি হলে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতি চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। নিয়োগ বানিজ্যের আশায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তা সম্পূর্ণ বিধি বহির্ভুত বলে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ করেন।

কলেজ স্তরের অভিভাবক সদস্য নুরুউদ্দিন নুরু ও সাত্তার আলী জানান, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের কিছুই জানাননি। এই প্রথম আপনার মাধ্যমে জানতে পারলাম। তিনি আমাদেরকে না জানিয়ে কাজটি করা ঠিক করেননি।

স্কুল স্তরের অভিভাবক সদস্য ইয়াকুর আলীর নিকট নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাকে জানিয়ে করেননি। এখন হয়তো জানাতে পারেন। কলেজ স্তরের শিক্ষক প্রতিনিধি ইউ কে জেড ফেরদৌসি ও স্কুল স্তরের শিক্ষক প্রতিনিধি

রতন চন্দ্র রায় জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছেন তা আপনার মাধ্যমে জানতে পারলাম। যে যেহেতু আমাদের সাথে আলোচনা না করে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ন অবৈধ বলে জানান তারা।

বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার জানান, সকলের সাথে আলোচনা সাপেক্ষে বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিটিকে না জানিয়ে কোন প্রতিষ্ঠান প্রধানই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন না।

বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমানকে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যস্ত আছি, এ বিষয়ে আপনার সাথে পরে কথা হবে।

চোরাই গাড়ির টুকরো টুকরো করা অংশসহ ডিবি পুলিশের জালে ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে চুরি করা একটি প্রাইভেট কারের টুকরো টুকরো করা খন্ডিত অংশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত (১০ নভেম্বর) বৃহস্পতিবার গোপন সুত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে জেলার মোস্তফাপুর ইউপি’র ঘড়ুয়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই প্রাইভেট প্রোবক্স কার গাড়ি খন্ড খন্ড করা অবস্থায় উদ্ধার করেন।

অভিযানে ঘড়ুয়া গ্রামের সাব্বির এর বাড়ি থেকে ১টি নম্বর প্লেট বিহীন সিলভার রঙের টয়োটা প্রোবক্স কারের ৪টি দরজা, গাড়ির সীট, ৪টি টায়ারসহ চাকা, বনেট, সীলিং সহ অন্যান্য যন্ত্রাংশ খোলা ও আলাদা আলাদা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাইভেট কারের মুল্য ৮ লক্ষ বলে জানায় ডিবি জেলা কার্যালয়। এসময় গাড়ি কাটার কাজে ব্যবহৃত অক্সিজেন গ্যাস হোল্ডার ও গ্যাস সিলিন্ডার সরঞ্জাম জব্দ করা হয়।

এসময় গাড়ি চোরচক্রের সদস্য মো: আব্দুল কাইয়ুম (৩২) ও সৈয়দ রায়হান আহমেদ (২৪) নামে দু’জনকে আটক করা হয়। পরে আটককৃতদের গাড়িটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, গত ৬/৭ দিন পূর্বে অজ্ঞাত আরো ৫/৬জন মিলে অজ্ঞাত স্থান থেকে গাড়িটি চুরি করে নিয়ে এসে ভেঙে টুকরো টুকরো করে গাড়ির খন্ডিত বিভিন্ন অংশ বিক্রির জন্য ঘড়ুয়া গ্রামের সাব্বিরের বাড়িতে রাখে।

এ বিষয়ে জানতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক  বলেন শুক্রবার (১১ নভেম্বর) সকালে আটককৃত দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেলা বিজ্ঞ আদালতের নির্দেশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসিল্যান্ড এর গণশুনানিতে দ্রুত নিষ্পত্তি; খুশি সেবাগ্রহীতারা

মো:মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে গণশুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি করার কারণে সেবাদান প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতে সেবাগ্রহীতাদের মধ্যে আস্তা এসেছে উপজেলা ভূমি অফিসের প্রতি। একসময় কাজের দীর্ঘসূত্রিতা,দালালদের দৌরাত্ম্য থাকলেও বর্তমানে খুব দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি হচ্ছে। এতে বাদী বিবাদী উভয় খুশি চকলেট খেয়ে ভূমি অফিস ত্যাগ করেন।

প্রতি সপ্তাহে একবার এসিল্যান্ড অফিসের(ভূমি অফিস) সামনে উঠানে বসে এই গণশুনানি। এতে ৫০/৬০ বছরের ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। ফলে সেবা গ্রহীতাদের মাঝে ফিরেছে স্বস্তি। এ ছাড়াও ভূমি অফিসের সামনে রয়েছে সিটিজেন সার্টার ও তথ্য সহায়তা অফিসার যাতে সাধারণ মানুষ কোন দালাল ছাড়াই অফিসে এসে সহজেই সেবা গ্রহণ করতে পারে।

বর্তমান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজান চলতি বছরের  ফেব্রুয়ারীতে যোগদান করেন। তিনি আসার পর থেকে প্রায় ৩শ পরিবার গণশুনানির মাধ্যমে উপকৃত হয়েছে। প্রতি সপ্তাহের শুনানিতে ১৫ থেকে ২০ টি মামলা নিষ্পত্তি করা হয়। এ ছাড়াও মুক্তিযুদ্ধা ও প্রবাসী বাংলাদেশিদের জন্য রয়েছে আলাদা সহায়তা কেন্দ্র।

এ ব্যাপারে গণশুনানির উপকার ভোগী চরম্বা ইউনিয়নের নুরুল হক জানান, ভুলে অন্যের জায়গা আমার নামে নামজারি হয়ে গেছিল। গণশুনানিতে এসে জানতে পেরে যার জায়গা তাকে ফেরত দিলাম আমার জায়গা আমি বুঝে নিলাম।

লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বলেন, বর্তমান এসি ল্যান্ড খুব ভালো সেবা দিচ্ছে। তিনি মুক্তিযুদ্ধাদের জন্য একটা চেয়ার সংরক্ষণ করে রেখেছে।

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির বলেন,বর্তমান এসিল্যান্ড গণশুনানির মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি করতেছে। এছাড়াও তিনি পাহাড়া কাটা,অবৈধ বালি উত্তোলন ও বাল্য বিবাহের  প্রতিরোধে ভুমিকা রাখছেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজান জানান, গণশুনানির মাধ্যমে অফিসে শুদ্ধাচার হচ্ছে। ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষকে সচেতন করা ও ভূমি অফিস কে জনবান্ধন করার চেষ্টা করতেছি। পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় কাজ করতেছি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপঃ সরঃ প্রাথমিক শিক্ষক সমিতির জরুরি সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক জরুরিসভা শনিবার ১২ নভেম্বর পৌরশহরের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা আহব্বায়ক কমিটির সম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক  আহব্বায়ক কমিটির দায়িত্বে থাকা প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আহসান হাবিব, আব্দুল মান্নান, কুশমত আলী, দিলারা বেগম, মোকবুল হোসেন, আম্বর আলী,ফজলুল হক,হামিদুর রহমান,বকুল হোসেন, আবুল কালাম, জাকির হোসেন,মোসারফ হোসেন প্রমুখ। সভায় চলতি নভেম্বর মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠনের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়৷

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট পার্টি। খবর সিএনএন। 

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে রিপাবলিকানদের ৪৯ এবং ডেমোক্র্যাটদের দখলে ৫০টি আসন। আর ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। এর মধ্যে জর্জিয়ায় আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোট হওয়ায় কথা। যদি সেখানে রিপাবলিকানরা জিতেও যায় তবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটরা।

তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এতে ৪৩৫ আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ২১১টি, আর ডেমোক্র্যাটরা ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২১৮টি আসন।

এরই মধ্যে প্রতিনিধি পরিষদে জয় পেয়ে স্পিকার পদে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। তবে জয়ের আশা এখনও ছাড়ছে না বাইডেন শিবির। রিপাবলিকানরা কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট বাইডেনের কর্মসূচি বাস্তবায়ন বড় বাধার মুখে পড়বে বলে আশঙ্কা ডেমোক্র্যাটদের।

বড়লেখায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বলেছেন, অর্থসংকটের কারণে যাতে কোন কৃষকের ফসল ফলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য তিনি ওইসব কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন ও যুবলীগ নেতা মাসুম আজিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুজ্জামান বিন হাফিজ, সাংবাদিক কর্মী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষক লালই মিয়া, আব্দুর রশিদ, মনোয়ারা বেগম প্রমুখ।

বুয়েটে সৌরবিদ্যুৎ উৎপাদন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার

শিক্ষা ডেস্কঃ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গত বুধবার (৯ নভেম্বর) বুয়েট মিলনায়তনে বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক আবদুল জব্বার খান, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের নির্বাহী পরিচালক এনায়েতুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর মোসাদ্দেক, হেড অব অপারেশন্স নুরুল আলম সোহেল, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের প্রধান হারুনুর রশীদ।

চুক্তির ফলে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার বুয়েটের সম্মতি নিয়ে প্রকল্পের এনার্জি পারফরম্যান্স কন্ট্রাক্টিংয়ে (ইপিসি) অর্থায়ন করবে। বুয়েটের প্রতিনিধিরা সম্পূর্ণ বাস্তবায়ন প্রকল্প পর্যবেক্ষণ করবেন এবং প্রকল্পটি সম্পূর্ণ করার বিষয়ে তাদের সম্মতি দেবেন। ইপিসি হলো মূলধন তৈরির জন্য সৃজনশীল প্রক্রিয়া যা খরচ হ্রাসের মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করা হয়। বুয়েট বিদ্যুৎ ব্যবহার করবে এবং নির্ধারিত শুল্কে বিদ্যুৎ বিল পরিশোধ করবে যা পরবর্তী ২৫ বছরের জন্য একটি বিদ্যুৎ ক্রয় চুক্তির অধীনে জেনেক্স অবকাঠামোতে বর্তমান ডিপিডিসি ট্যারিফের চেয়ে কম হবে।

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম সৌর প্রযুক্তির উন্নয়নে ‘নেট মিটারিং নির্দেশিকা’ প্রবর্তনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, শুধু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রয়োজনীয় সফটওয়্যার না থাকায় নির্দেশিকা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আমরা যদি প্রযুক্তিগত উৎকর্ষতা এবং প্রয়োজনীয় প্রযুক্তি যোগ না করি, তবে আমরা পিছিয়ে পড়ব।

 

মিশরে যাত্রীবাহী বাস খালে পড়ে ২১জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। গতকাল শনিবার (১২ নভেম্বর)  এ দুর্ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা।

জানা যায়, ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়। এতে ১৯ জনের মৃত্যু ও ছয়জন আহত হয়। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

মিশরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। রাস্তার বেহাল দশা, খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা ও ড্রাইভিং নিয়ম লঙ্ঘন করার ফলে নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।গত জুলাই মাসে মধ্য মিশরে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে দ্রুত গতীর একটি বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে জনবহুল দেশটির রাস্তায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে।

 

শস্য ও সার রপ্তানি নিয়ে জাতিসংঘের সাথে রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শস্য ও সার রফতানিবিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে। দুটি চুক্তির মধ্যে একটির মেয়াদ শেষ হওয়ার আট দিন আগে গতকাল শুক্রবার (১১ নভেম্বর) তারা এ বৈঠক করে। 

বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান। এছাড়া রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ভারশিনিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধিদল এতে অংশ নেয়। জেনেভায় রুদ্ধ দ্বার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তবে বৈঠক শেষে এখনও কোন পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি। বৈঠক শুরুর পরপর জাতিসংঘের নারী মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি সাংবাদিকদের বলেন, আশা করা যায় আলোচনায় অগ্রগতি হবে। রুশ ফেডারেশন থেকে শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানী সহজতর হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য ও সার রপ্তানী বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম চুক্তির মাধ্যমে রুশ হামলার কারণে ইউক্রেনে আটকে পড়া শস্য রপ্তানির উদ্যোগ নেয়া হয়। দ্বিতীয় চুক্তিটি হলো রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধের কারণে মস্কোর খাদ্য ও সার রপ্তানী বিষয়ক। ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্বের শস্যভান্ডার হিসেবে পরিচিত ইউক্রেনে রুশ হামলার পর দেশটিতে দুই কোটি টন শস্য আটকা পড়ে। এ চুক্তির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত ইউক্রেন থেকে এক কোটি দুই লাখ টন খাদ্য ও খাদ্য শস্য রপ্তানি করা হয়েছে। এতে বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি কিছুটা লাঘব হয়।

এদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, চুক্তি নবায়িত না হলে বিশ্ব খাদ্য নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

 

রাজনগর পুলিশের জালে ৪ মাদকসেবী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দলের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগরের ৬নং টেংরা ইউপির অর্ন্তগত মাথিউড়া চা বাগানের ১নং লাইন্স মাথিউড়া চা বাগাই শিব মন্দিরের সামনে মদ্যেপ অবস্থায় মাতলামি করে অশালীন আচরণ করছিল ঐ সময় আসামী উপজেলার ইলাসপুর গ্ৰামের মৃত রহমত উল্লাহ পুত্র মোঃ জলিল মিয়া (৩৫), একই গ্রামের মৃত মোঃ লুনু মিয়ার পুত্র মোঃ আখাই মিয়া (৩৫), দক্ষিন দাসপাড়ার মৃত বারিন্দ্র ঘোষের পুত্র বিকাশ ঘোষ (৩৫) ও ইলাশপুর গ্ৰামের মৃত সোনাহার মিয়ার পুত্র মীর মোঃ আলমকে মাতাল অবস্থায় গ্ৰেফতার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক শুক্রবার (১১ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়।

এই বিষয়ের সত্যতা নিশ্চিতে রাজনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের সাথে যোগাযোগ করলে তিনি তা নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমরা সচেষ্ট এবং অভিযান সব সময় থাকবে বলে জানান তিনি।