শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া  শাজাহানপুরে গত শুক্রবার রাত আট ঘটিকায় বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কেরামত হোসেন (৪৫) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ তিন জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি  উপজেলার লিচুতলা এলাকার (দ্বিতীয় বাইপাস) মহাসড়কে ঘটে।

আহতরা হলেন, নিহত কেরামত হোসেনের স্ত্রী মিনারা বেগম (৩০), ছেলে মুনতাসীর মাহির (১৬) ও মাঝিড়া এলাকার এক বাসিন্দা হাসান। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, কেরামত হোসেন তার পরিবার নিয়ে বনানী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। এ সময় লিচুতলা দ্বিতীয় বাইপাস এলাকায় পৌঁছালে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

সেখানে নিয়ে যাওয়ার পর কেরামত হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে তিনি।

এলাকাবাসী জানান,প্রতিনিয়ত ২য় বাইপাসে দুর্ঘটনায় প্রান হারাচ্ছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে এমন দুর্ঘটনায় ঘটে বলে জানিয়েছেন  এলাকাবাসী। তাছাড়া উওর অঞ্চলে শীতে কুয়াশার ফলে দুর্ঘটনা বেড়ে যায়।

মোটরসাইকেলের উপর গাছ পড়ে বাংলা টিভি’র প্রতিনিধি নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বাংলা টিভি’র প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫৫) গাছ পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে জয় বর্ধন (২০)। ১১ নভেম্বর (শুক্রবার) দুপুরের দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউপি’র মোকাম বাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত গণমাধ্যমকর্মী বিক্রমজিৎ বর্ধন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউপি’র ভাড়াউড়া চা বাগানের ধীরেন্দ্র বর্ধনের পুত্র।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বাংলা টিভি’র প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫৫)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গণমাধ্যমকর্মী বিক্রমজিৎ বর্ধনের ছেলে জয় বর্ধনকে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গলে ফিরছিলেন। তাঁর ছেলে জয় বর্ধন পরিবার-পরিকল্পনা বিভাগে চাকরির লিখিত পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে পিতা-পুত্র শ্রীমঙ্গলে নিজ বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হয়ে মোকামবাজার এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশের একটি গাছ চোরচক্র কর্তৃক কর্তনরত অবস্থায় গাছটি গণমাধ্যমকর্মী বিক্রমজিৎ বর্ধন এর চলন্ত মোটরসাইকেলের উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার ছেলে জয় বর্ধন আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহত জয় বর্ধনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিনুল হক গণমাধ্যমকর্মীদের জানান, সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় পৌঁছলে রাস্তার পাশে কাটা গাছ তার উপর পড়ে তিনি নিহত হন। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি আসিয়ানের

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চলমান সংঘাত দ্রুত সমাধান না হলে দেশটিকে ‘একঘরে’ করা হবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। এটি করা হলে আসিয়ানের কোনো কর্মকাণ্ডে আর মিয়ানমার যুক্ত হতে পারবে না। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বলা হয়, এক বছর আগে মিয়ানমারে শান্তি স্থাপন সংক্রান্ত প্রস্তাবনায় যে ৫টি পয়েন্ট উল্লেখ করেছিল আসিয়ান, সেসব বাস্তবায়নে আর কত সময় লাগতে পারে তা ও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ক্ষমতাসীন সেনা সরকারকে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি মিয়ানমারে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য ক্ষমতাসীন জান্তাকে এককভাবে দায়ী করেছিলেন। শুক্রবার আসিয়ানের বৈঠকে তিনি বলেন, আজ যে সিদ্ধান্ত গৃহীত হলো, তা মিয়ানমারের জান্তা সরকারের জন্য একটি কঠিন বার্তা। একে হুমকি হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

এ দিন বৈঠকে মিয়ানমারের প্রতিনির জন্য বরাদ্দ আসনটি খালি ছিল। তবে পাল্টা এক বিবৃতি দিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শান্তি স্থাপনে আসিয়ানের প্রস্তাবনা ‘বাস্তবসম্মত নয়’।

উল্লেখ্য,  ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বর্ণিল আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে দেশের দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পলন করা হয়েছে । ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে আজ থেকে ১২ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন। হাটি হাটি পা পা করে ১৩তম বর্ষে পদার্পণ করলো চ্যানেলটি।

এ উপলক্ষ্যে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে প্রেসক্লাব কনফারেন্সে কক্ষে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় কেক কেটে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লূৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান,টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তানভির হাসান তানু প্রমুখ।

এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম,ডিবিসি নিউজ প্রতিনিধি নবীন হাসান, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক ও ডেইলী সান প্রতিনিধি নূরে আলম, আরটিভি’র জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জুয়েল আহম্মেদ মজুমদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রাজশাহী মেডিকেলে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান,  মারা যাওয়া দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সামেনা (৩৯) এবং পাবনার সুজানগরের কামরুল (২৮)।কামরুল ঢাকা থেকে আক্রান্ত হওয়ার পর গ্রামের বাড়ি আসেন। শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হওয়ায় তাকে বাঁচানো যায়নি। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

তিনি বলেন, সামেনা এবং কামরুল  নিজ নিজ এলাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাদের শরীরে অতিরিক্ত স্যালাইন ও ইনজেকশন পুশ করায় অবস্থার অবনতি হয়। এই অজ্ঞতা কাম্য নয়। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে দ্রুত ভর্তি হওয়ারও পরামর্শ দেন তিনি।

এদিকে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। এ ছাড়া ছাড়পত্র পেয়েছেন চারজন।

 

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানা যায়, গত বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে এই হামলা হয়।

স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে, হামলাকারীরা একটি ট্রাকে করে লেক্সাস বারে এসে ভেতরে থাকা লোকদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত মঙ্গলবার স্যান্তা রোসা দে লিমার নেতা জুয়ান রোডলফো ইয়েপেজকে গ্রেপ্তারের প্রতিশোধে এই হামলা চালিয়েছে তার অনুসারীরা। বারে হামলার কয়েক ঘণ্টা আগে তারা আশপাশের এলাকায় অন্তত ১৮টি গাড়ি পুড়িয়ে দেয়।

কমলগঞ্জে বটগাছে ঝুলছিল ঝুলন্ত লাশ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজারের একটি বটগাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউপির দক্ষিণ বালিগাঁও এলাকার গরম শাহ্ মাজারের একটি বটগাছের মগডালে এক জনের অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি নিচে নামালে অজ্ঞাত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা হয় মৃত ব্যক্তির পরিচয়। নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া। আত্মহত্যাটি ঘিরে এলাকায় রহস্যময় পরিবেশের দেখা দিয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা। তার আগে কোন কিছু বলা যাবে না।

রাস্তা বন্ধ করে পরিকল্পিত ভাবে ৩ ফিট উচ্চতা করে ড্রেন নির্মানের অভিযোগ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ৬ নং ভাদুরিয়া ইউনিয়নে শাল্টিমুরাদপুর গ্রামে কয়েকমাস আগে  ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিম এর মাধ্যমে ওই গ্রামের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মান হয়। এবং সেটি নির্মানের পর ড্রেনের উপর দিয়ে আসা যাওয়ার মতো ব্যবস্থা করার কথা থাকলেও পৃর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান ইচ্ছাকৃত ভাবে সেই কয়েকটি বাসায় যাওয়ার রাস্তার পাশ্বে ড্রেনটি প্রায় ৩ ফিট উচ্চতা করে তৈরি করে ফলে সেখানকার কয়েকটি পরিবার বাসায় যাতায়াত করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। 

জানা যায়, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপির) বরাদ্দ কৃর্ত এই ড্রেনের কাজটি চেয়ারম্যানের মাধ্যমে হয়। এবং সেটি নির্মান কাজ শেষ না হতেই চেয়ারম্যান মহোদয় ইচ্ছা কৃত ভাবে সেই ড্রেনটি ৩ ফিট উচ্চতায় নির্মান করতে মিস্তিরি কে নির্দেশ দিয়েছিলো। যার ফলে সেখানে বসবাস কারী কয়েকটি পরিবার তাদের বাসায় যাতায়াত করতে পারছেন না এবং বাসায় কোন গাড়ি বা কিছু নিয়ে যেতে পারছেন না তাড়া। এবং বারংবার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের সাথে তাড়া যোগাযোগ করার পরও শুধু ঠিক করার আশা দিয়ে যান চেয়ারম্যান মহোদয়। পরে বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ ইউএনওর হাতে দেয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী রোকানুজ্জামান রোকন জানান, প্রায় ৩ মাসের কাছাকাছি হয়ে গেল এমন অবস্থা চেয়ারম্যান কে গ্রামবাসী জানানোর পরও চেয়ারম্যান বিষয়ে বার বার এরিয়ে যায় এবং কয়েক জন সাংবাদিক ও তাকে এই ড্রেনের বিষয়ে প্রশ্ন করলে তাদেরকে ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বলে ড্রেনের কথাটি এরিয়ে গিয়ে বলেন আপনাদের কি আছে করেন ওই ড্রেনে ইউএনও হাত দিতে পারবে না। এবং পরে বৃহস্পতিবার দুপুরে ইউএনও বরাবর একটা লিখিত অভিযোগ জমা দিয়েছি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে যথারীতি ব্যবস্থা নিব।

৪ কেজি গাঁজাসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:  গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান থেকে ৪ কেজি গাঁজাসহ শিমুল রুনদি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গিয়াসনগর  ইউপি অন্তর্গত মৌলভী চা বাগানের নন্দলাল নায়েকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নন্দলালের ছেলে শিমুল রুনদি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে শিমুলের শয়ন কক্ষের বিছানার নিচে থেকে টেপ দিয়ে মোড়ানো দুই প্যাকেট গাঁজা উদ্ধার ও তা জব্দ করা হয়। দুই প্যাকেটে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা জব্দ করে শিমুলকে আটক করে আনা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে জানতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডোমারের চিলাহাটি রেলপথ পরিদর্শনে ভূটানের প্রতিনিধি দল

মোঃ রাকিবুল হাসান, ডোমার উপজেলা প্রতিনিধি: ভারতের হলদিবাড়ি- চিলাহাটি হয়ে মংলাপোট রেলপথ ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা ভোগ করতে ভুটানের একটি প্রতিনিধি দল চিলাহাটি ষ্টেশনের নির্মানাধীন উন্নয়ন মুলক কাজসহ রেলপথ পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকালে বুড়িমারী দিয়ে প্রবেশ করে রংপুরে অবস্থানের পর সড়ক পথে চিলাহাটি আসেন।

চিলাহাটি রেলওয়ের রেষ্ট হাউজে রেলের কর্মকর্তাদের সাথে ঘন্টাখানিক বৈঠক শেষে রেলপথসহ ষ্টেশনের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন ভুটানের প্রতিনিধি দল।

১৮ সদস্যর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভুটান গেলপুর রোড সেপ্টি এন্ড টেন্টাসপোট অথোরটি চিফ রেজোনাল অফিসার সোনাম চপেল, সামডাব জংজিকার রোড সেপ্টি এন্ড টেন্টাসপোট অথোরটি অফিস চিফ রেজোনাল টেনাসপোট অফিসার টিনলে টব গায়েল, ইকোনোমী এন্ড টেক ডিপ্লমী চিফ তারিং লাদাং, সাইন্স এন্ড টেকনলজি ডিভিশনের চিফ কামা এস টসর।

এসময় রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমাশিয়াল অফিসার সুজিত কুমার মজুমদার, ডিভিশনাল ম্যানেজার শাহ্ সূফি নুর মোহাম্মদ, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মমতাজুল ইসলাম, পাকশী ডিবিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক রোকনুজ্জামান সিয়াবসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমাশিয়াল অফিসার সুজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, ভূটানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রেলপথ ব্যবহার করে তাঁদের বাণিজ্য সুবিধার জন্য চিলাহাটি রেলপথ পরিদর্শনে আসেন।

তারা চিলাহাটি দিয়ে মংলাপোট ব্যবহার করে কলকাতা দিয়ে বর্হিবিশ্বে ব্যবসা বাণিজ্য করতে চায়। আমাদের এই রেলপথ তাঁরা ব্যবহার করলে আমরা আর্থিক ভাবে অনেক লাভবান হবো।