বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বান্ধবী বুশরা পাঁচ দিনের রিমান্ডে

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বান্ধবী বুশরার পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

এর আগে, দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুয়েট শিক্ষার্থী ফারদিন গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাঁকে হত্যা করা হয়েছে।

এরপরে, ৯ নভেম্বর ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের সঙ্কুচিত বাসস্থানে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ৯জন ভারতীয় এবং অন্য একজন বাংলাদেশি নাগরিক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। আগুন নেভাতে তাদের প্রায় চার ঘন্টা সময় লেগেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ টুইট করে বলেছেন, শহরের বিপজ্জনক অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং বিপুল সংখ্যক আহত হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্ত করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিকে মালদ্বীপে ভারতের হাইকমিশন একটি টুইটে বলেছে, মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মালদ্বীপের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।

 

মহারাসলীলায় রাতভর নৃত্যে বিমোহিত হাজারো দর্শক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আজ ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা।  

বুধবার (৯ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা পরিবেশনের মাধ্যমে মণিপুরি নৃত্যে হাজারো দর্শকদের বিমোহিত করে রাখেন মণিপুরী নারীরা।

রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল কমলগঞ্জের মণিপুরী অঞ্চলগুলোর আশেপাশে কানায় কানায় ভড়পূর।

ভিড় সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। রাসোৎসব উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে গোধূলীলগ্ন পর্যন্ত রাখালনৃত্য অনুষ্ঠিত হয়। রাসলীলা উন্মুক্তমঞ্চ মাঠে কলাগাছের বেষ্টনীর বৃত্তাকারে এ নৃত্য অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাধবপুরে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ ও সংসদ সদস্য অসিম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহীদ আহ্সান প্রমুখ।

আয়োজকেরা জানান, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার আয়োজন করা হয়।

কমলগঞ্জের মাধবপুর ইউপির জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮০তম মহারাসলীলা উৎসবের আয়োজন করা হয়। সেখানে রাস উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচনও করা হয়। মণিপুরিদের রাসলীলার অনেক ধরন। নিত্যরাস, কুঞ্জরাস, বসন্তরাস, মহারাস, বেনিরাস বা দিবারাস। শারদীয় পূর্ণিমা তিথিতে হয় বলে মহারাসকে মণিপুরিরা পূর্ণিমারাসও বলে থাকে।

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, এবারের রাসোৎসব আমরা বড় পরিসরেই আয়োজন করেছি। উৎসবে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের সার্বিক তদারকি ও কঠোর নজরদারি ছিল। প্রায় একমাস আগ থেকেই চলছিল রাসোৎসবের প্রস্তুতি। আইন-শৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানকে ঘিরে সকল রকম সহযোগিতা করেন। এরি প্রতিফলন ঘটছে সুন্দর মনোরম পরিবেশে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছি।

ছুড়িকাঘাতে বৃদ্ধের মৃত্যতে, ইউপি সদস্যসহ ২জন গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ইউপি সদস্য মনু মিয়া ও অপর আসামি শরিফ মিয়া। তাদের মধ্যে মনু পাঁচপীর জালাই এলাকার মৃত রহমান মিয়া ছেলে ও শরিফ জুড়ী উপজেলার পশ্চিম জায়ফরনগর এলাকার মৃত তুতা মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাইমুল ইসলাম জানান, জয়নাল মিয়ার ছেলে মঙ্গলবার মনু মিয়া ও শরিফ মিয়ার নামে থানায় মামলা দায়ের করে। মামলার পরই বুধবার ভোরে পাঁচপীর জালাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সাথে যোগাযোগ করলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৭ নভেম্বর) বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

বুয়েটছাত্র ফারদিনের মৃত্যুতে বান্ধবী বুশরা গ্রেফতার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোররাত ৩টায় ফারদিনের বাবা বাদী হয়ে তার বন্ধু আমাতুল্লাহ বুশরা ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলাটি দায়ের করেছেন।  

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, গতকাল বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগ এনে বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের নামে একটি মামলা (নং-৯) দায়ের করেন।

জানা গেছে, ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, গত চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফারদিনের। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ৪ নভেম্বর ঘোরাফেরার পর রাত সোয়া ১০টায় বাসায় ফিরে যান বলে পুলিশকে জানান ওই তরুণী।

 

খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল (৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এর কাছে ইউক্রেনের আক্রমণের মুখে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তার সৈন্যদের প্রত্যাহারের এই নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুদ্ধের একটি উল্লেখযোগ্য পশ্চাদপসরণ এবং সম্ভাব্য মোড়। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান।

প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, খেরসন শহর সরবরাহ করা আর সম্ভব নয়। তিনি নদীর পূর্ব তীরে প্রতিরক্ষামূলক লাইন নেওয়ার প্রস্তাব করেছেন। ইউক্রেনের কয়েক সপ্তাহ ধরে শহরের দিকে অগ্রসর হওয়ার পর এই খবর পাওয়া গেছে। তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সৈন্যদের জীবন এবং আমাদের ইউনিটের যুদ্ধ ক্ষমতা রক্ষা করব।’

উল্লেখ্য, খেরসন থেকে রুশ সৈন্যদের প্রত্যাহারের অর্থ হলো, নিপার নদীর পশ্চিম তীরে অবস্থিত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার সৈন্য মুক্ত হওয়া। এটি যুদ্ধের একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হতে পারে।

রাসোৎসবে দোহার নৃত্য করে এক জনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শিল্পী অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিপুরি সম্প্রদায়ের গান ও নৃত্যের প্রশিক্ষক পূর্ণচন্দ্র সিনহা (৬০)।

গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পূর্ণচন্দ্র সিনহা (৬০) ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা।

রাসোৎসবে দোহার নৃত্য করে এক জনের মৃত্যু

জানা যায়, মণিপুরি ললিতকলা একাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই মারা যান পূর্ণচন্দ্র সিনহা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস উৎসব উপলক্ষে টানা কয়েক দিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণচন্দ্র সিনহা। টানা বাদ্যযন্ত্র বাজানো এবং বয়স বেশি হওয়ায় হৃদগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) শেভরনের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিবিএন নিউজ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এল সেগুনডো রিফাইনারির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে সাথসাথেই বিপদ সংকেত বাজান সেখানে অবস্থানরত কর্মীরা। খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। নিরাপদ গেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় ভিতরে থাকা শ্রমিকরা। তাই এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা দগ্ধ হয়নি।

তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। উৎস সম্পর্কে জানতে শুরু হয়েছে তদন্ত। এমন সময়ে এ দুর্ঘটনা যখন যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের মতোই ক্যালিফোর্নিয়াইয়ও ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য।

শেভরন জানায়, দৈনিক ২ লাখ ৬৯ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয় কারখানাটিতে। অঙ্গরাজ্যটির ২০ শতাংশ পরিশোধিত তেল সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এছাড়া ৪০ শতাংশ জেট ফুয়েলও সরবরাহ করে তারা।

“কঠিন কোনো শর্ত মেনে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ঋণ নেবে না“

অনলাইন ডেস্ক: কঠিন কোনো শর্ত মেনে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

আজ বুধবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরকার আইএমএফের কাছে ঋণ চেয়েছে, তারা সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকট এখন আমাদের জাতীয় জীবনে, বিশেষ করে অর্থনৈতিক সংকট, ডলার সংকট, রিজার্ভে চাপ পড়েছে। দ্রব্যমূল্য বেড়েছে। ব্রিটেনের মতো দেশে জীবনযাত্রার ব্যয় ৮০ শতাংশ বেড়েছে। ১০ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতি। সেখানে আমাদের মূল্যস্ফীতি ৯ দশমিক ১ ছিল, সর্বশেষ এটি ৮ দশমিক ৯ শতাংশ, কিছুটা কমেছে। আমাদের এখানে দ্রব্যমূল্যের বাড়ার গতিটা একটু কমেছে। আশা করছি, আস্তে আস্তে স্বস্তিদায়ক হবে। শান্তি কথাটা আমরা মুখে যতটা বলি, বাস্তবে ততটাই কঠিন।

মন্ত্রী বলেন, আইএমএফর প্রতিনিধি দল দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।

কঠিন শর্ত কী-তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অ্যাপ্লাই ইয়োর কমনসেন্স। কঠিন শর্ত যেটা লাগবে, সেটা দিয়ে কেন? আপনি একজন সাধারণ মানুষ, আপনি বুঝেন যে শর্তটা কী? আইএমএফের অতীতের ব্যাপারেও আমরা জানি। আইএমএফের শর্তগুলো কী হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরও ক্ষতি হতে পারে, এমন শর্ত আমরা মানব না। ‍আর টাকা পাচারের বিষয়টি আলোচনায় আসছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। খতিয়ে দেখছে। যেটা বলা হচ্ছে, তা কতটা সত্য ও বাস্তব। পাচার করলে কোথায় করা হয়েছে। খোঁজখবর নিয়েই বলা যাবে।

বাসায় খুব সহজে ইন্দোনেশীয় খাবার নাসি গোরেং রান্নার পদ্ধতি

লাইফস্টাইল ডেস্কঃ ইন্দোনেশিয়ার খুব জনপ্রিয় খাবার নাসি গোরেং। বাংলাদেশেও অনেকে খেতে পছন্দ করেন। লাঞ্চ বা ডিনারে এমন আদর্শ খাবার আপনি খেতে পারেন। এটি খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। চলুন তাহলে আমরা জেনে নিই বাসায় সহজে নাসি গোরেং রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে- 

উপকরণঃ তেল- পরিমাণমতো, ঘি- ৩টেবিল চামচ, ডিম- ১টি, গোলমরিচের গুঁড়ো- ২টেবিল চামচ, চিকেন- ৫০০গ্রাম, আদা বাটা-  ১চা চামচ, রসুন বাটা- ২চা চামচ, বাঁধাকপি কুচি- ১কাপ, গাজর কুচি- ২চা চামচ, রসুন কুচি- ৩চা চামচ, পেঁয়াজ কুচি- ২টেবিল চামচ, সেদ্ধ চাল- ১কাপ, পেঁয়াজ পাতা- আধা কাপ, কাঁচামরিচ ফালি- ২টেবিল চামচ, টমেটো সস- ২টেবিল চামচ, লেবুর রস- ২টেবিল চামচ।

প্রস্তুত প্রণালিঃ প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। বাটিতে ডিম ফেটে নিন। এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে বিট করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। বাটিতে চিকেন, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ফ্রাইপ্যানে ছেড়ে হালকা ভাজুন।

ভাজা হলে ঘি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ ফালি, সেদ্ধ চাল, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ ফালি, ভাজা ডিম, টমেটো সস ও লেবুর রস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নাসি গোরেং।