লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়ে। এতে আনোয়ার ও ওয়াসকুরুনীর মৃত্যু হয়। অন্য রাখালরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: নেপালে হয়ে যাওয়া সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন। 

আজ বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের এ সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদেরকে আর্থিক সম্মাননা হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। তাও আমি বলব, আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করছে। 

অনুষ্ঠানে উপস্থিত সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল, ক্রিকেট খেলতেন। আমার বাসাটাই ছিল স্পোর্টস জগত। আমার পরিবারটা খেলাধুলার সাথে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয় তখন আমরা সাধ্য মতো সহযোগীতা করেছিলাম।

তিনি আরো বলেন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি। সব সময় এটা মাথায় রাখতে হবে। খেলার মাঠেও মাথায় রাখতে হবে- যুদ্ধ জয় করেছি, খেলাও জয় করব। এই চিন্তা নিয়ে সবাইকে চলতে হবে, তাহলে সাফল্য আসবে।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। তাদের ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছা পূরণ করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তখন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে থাকায় সাবিনাদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এখন চলছে ভোট গণনা। তবে কয়েকটি আসনের ফলাফলও জানা গেছে।

বেসরকারি হিসেব বলছে, কয়েকটি কেন্দ্রে পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১৭৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ৬৬টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ১১৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে, অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

দেশে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

চাকরির খবরঃ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে কান্ট্রি অফিসে প্রজেক্ট পিপল অ্যান্ড ডিউটি অব কেয়ার অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট পিপল অ্যান্ড ডিউটি অব কেয়ার অফিসার
পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের চাকরিবিধি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ম্যানেজিং কমপ্ল্যায়েন্স, ডিউটি অব কেয়ার ও সেফগার্ডিং বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সাংগঠনিক দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। দেশে–বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৫ ঘণ্টা
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ১০,০৯,৯০৫ টাকা।

সুযোগ–সুবিধা: বছরে একটি উৎসব বোনাস, বার্ষিক ছুটি ভাতা, পরিবহন ভাতা বছরে ৬০০০ টাকা, মূল বেতনের ১০ শতাংশ বাসা ভাড়া, প্রভিডেন্ট ফান্ড ও বছরে এক মাসের পুরো বেতনের সমপরিমাণ সার্ভিস পের সুযোগ আছে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের ভিএসওর ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Make an application-এ ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়ঃ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

 

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

অনলাইন ডেস্ক: ফেনীতে বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহতহয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী দুলা মিয়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার কর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। ‍আর নিহতদের মধ্যে ১ জন ঘটনাস্থলে এবং অপর ৩ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। বাড়িটি থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে। এতে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

শ্রীমঙ্গলে ধানক্ষেতে অজগর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নওয়া গাও গ্রামের উদয় বাবুর ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় একটি বিশালাকৃতির অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে ধানকাটা বন্ধ করে দেন।  

পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন কৃষকরা। খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সরজমিন গিয়ে ধানক্ষেত থেকে অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগর সাপটিকে সন্ধ্যার সময় বনবিভাগ কতৃপক্ষর  নিকট হস্তান্তর করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ডেঙ্গুর প্রকোপ নভেম্বর জুড়েই থাকবে

স্বাস্থ্য ডেস্কঃ সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। তবে, এবার শরৎ পেরিয়ে হেমন্তের আগমন হলেও এখনও কমেনি ডেঙ্গু রোগীর সংখ্যা। আবহাওয়া পরিবর্তনের কারণে এ বছর নভেম্বর পুরাটাও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা বলছেন, রাজধানীর বাইরের বেশিরভাগ রোগীই ঢাকা ফেরত। তবে রাজধানীর বাইরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত হলেও এখনও অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৬ জন। ২৪ ঘণ্টায় ভর্তি ১৫ জন। তারমধ্যে, নারী ও শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়া, রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় মশারি টানিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা। সুস্থ হয়ে উঠছেন অনেকেই।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৭শ’ ডেঙ্গু রোগী শনাক্ত হলেও বর্তমানে ৫টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন। তারমধ্যে, সবশেষ ১৪ জন নতুন রোগী।

তবে বরিশালের পরিস্থিতি ভিন্ন। জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২০ রোগী ভর্তি একদিনে। চিকিৎসাধীন ৬৪ জন। বেশিরভাগ রোগীই ঢাকা ফেরত বলে জানান চিকিৎসক। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৩ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৫৩৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

বিশ্বের জনসংখ্যা আগামী ১৫ নভেম্বর দাঁড়াবে ৮০০ কোটি

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের জনসংখ্যা আগামী ১৫ নভেম্বর দাঁড়াবে ৮০০ কোটিতে। এটি হবে মানবসভ্যতার জন্য একটি স্মরণীয় মুহূর্ত। পাঁচ মাস আগেই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে এই পূর্বাভাস দিয়েছিল জাতিসংঘ।

ইতোমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, গ্রহ হিসেবে পৃথিবীতে ৮০০ কোটি জনসংখ্যা কি খুব বেশি? অবশ্য অধিকাংশ বিশেষজ্ঞ বলছেন, জনসংখ্যা সমস্যার চেয়ে পৃথিবীর ধনী বাসিন্দাদের অতিমাত্রায় সম্পদ ভোগই হচ্ছে তুলনামূলক বড় সমস্যা।

এ প্রসঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ, প্রত্যাশিত আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে যাওয়ার প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, যদিও আমি বুঝতে পারছি স্মরণীয় এই মুহূর্তটি সবাই উদযাপন নাও করতে পারেন। পৃথিবীতে জনসংখ্যা বেশি বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, মানুষের এই সংখ্যা ভয়ের কোনো কারণ নয়। অতিরিক্ত জনসংখ্যার ভয়ের পরিবর্তে, আমাদের সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্রহের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে মনোনিবেশ করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, প্রশ্ন ওঠেছে মানুষের সংখ্যা কি এতই বেশি, যা পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে? তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এটা ভুল প্রশ্ন। অতিরিক্ত জনসংখ্যাভীতির চেয়ে আমাদের মধ্যকার সবচেয়ে ধনীদের এই গ্রহের সম্পদের অতিমাত্রায় ভোগের দিকে আমাদের নজর দেওয়া উচিত।

 

এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নে জড়িত পাঁচ শিক্ষক চিহ্নিত

শিক্ষা ডেস্কঃ চলতি বছরের এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের পেছনে জড়িত পাঁচ শিক্ষককে চিহ্নিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের অভিযুক্ত শিক্ষকদের নাম ও পরিচয় জানিয়েছেন। 

এম এ খায়ের বলেন, ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল বাংলা প্রথম পত্রের বিতর্কিত প্রশ্নটি করেছেন। প্রশ্নটির মডারেশেন (পরিশোধনকারী) করেছেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দীন শাওন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী চিহ্নিত ওই পাঁচ শিক্ষককে শোকজ করা হবে।

তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। সুপারিশের এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্ন করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করে গতকাল সোমবার (৭ নভেম্বর) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষামন্ত্রী।