দেশে ফিরাতে প্রধানমন্ত্রীর কাছে পরিবারের আহাজারি; লাশের অপেক্ষায় স্বজনরা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সৌদিতে চাকুরীরত অবস্থায় মরে যাওয়া ছেলের লাশ দেশে না নিয়ে আসতে পারায় পরিবারে চলছে প্রচন্ড আহাজারি। দেশের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে পরিবারের আকুতি কখন আসবে শুভ’র লাশ বাড়িতে। এ ঘটনা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ঈদগাহ বস্তিতে  দেখা গেছে। 

জানা গেছে, গত ৩ মাস পূর্বে চাকুরীর জন্য সৌদি আরবে পাড়ি জমায় ঈদগাঁও বস্তির রেজাউল করিমের ছোট ছেলে শুভ (২০)।সৌদি আরবে আলমাদানী আলকাশিম এলাকার একটি পল্টি ফার্মে চাকুরী করতো শুভ। চাকুরীরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়লে কোম্পানীর লোকজন সৌদি আরবের আলকাশিম বুনাইদা জেনারেল হাসপাতালে শুভকে ভর্তি করান। এবং শুভ গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর এতদিন পেরিয়ে গেলেও শুভর লাশ সপ্তাহ দেশে না আসায় পরিবারে চলছে কান্নাররোল।

শুভ’র মা সুফিয়া বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,”সন্তানের মুখ শেষবারের মতো দেখতে পাবো কিনা মাবুদ জানে ? বাংলাদেশের প্রধান মন্ত্রীর কাছে আকুতি আমার সন্তানকে দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে এনে শেষ দেখা টুকু দেখতে পেলে আমি মরেও শান্তি পাবো।”

এদিকে শুভর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন রেজাউলের বাড়িতে শতশত মানুষ ভিড় জমাচ্ছে। আত্বীয় স্বজনরা ও অপেক্ষা করছে কখন আসবে শুভ’র লাশ বাড়িতে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল গতকাল রবিবার ৬ নভেম্বর রাতে জানান, আমরা  খবর পেয়েছি। সৌদি প্রবাসির মৃত্যুর বিষয়ে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাধ্যমে সৌদি দূর্তাবাসে আবেদন করে লাশ আনা সম্ভব। এবিষয়ে শুভ’র পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য দেশগুলো যেন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখে সে জন্য ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। তবে প্রকাশ্যে অন্য কথা বলতে বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পরামর্শ, প্রকাশ্যে ইউক্রেন যেন বলে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত আলোচনায় বসবে না তারা। ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কিয়েভের নেতাদের এমন পরামর্শের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে, ইউক্রেন প্রশ্নে বাইডেন প্রশাসন একটা জটিল অবস্থান নিয়েছে। একদিকে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিতে চাইছেন, অপরদিকে আট মাসের এ যুদ্ধ বন্ধের আশাও রয়েছে বাইডেন প্রশাসনের।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তাদের যে মূল্যায়ন, সেটা তাঁরা ইউক্রেনের কর্মকর্তাদের জানিয়েছেন। তাঁদের মতে, পুতিন আলোচনার ব্যাপারে এখন অতটা আগ্রহী নন। কিন্তু তাঁরা স্বীকার করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে পুতিনের সঙ্গে আলোচনায় না বসার কথা বলছেন, তা ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশে উদ্বেগ তৈরি করেছে। কারণ, এ যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এসব দেশকে ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি।

ওয়াশিংটন পোস্টকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন নিয়ে আমাদের অনেক মিত্রদেশ যে ক্লান্ত হয়ে পড়েছে, এটা সত্যিকার উদ্বেগের বিষয়। তবে সেটা নিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে এক রুশ জেনারেলকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছে ক্রেমলিন। এতদিন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন কর্নেল জেনারেল আলেক্সান্দার লাপিন। মেজর জেনারেল আলেক্সান্দার লিনকভকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।

চিলাহাটিতে ফার্মেসী নির্ভর চিকিৎসা সেবা, হাসপাতালের দাবী

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে নিবন্ধিত অনিবন্ধিত ছাতার মতো গজিয়ে উঠা ফার্মেসীতে চলছে চিকিৎসা সেবা, এমবিবিএস ডাক্তার ও হাসপাতালের অভাবে ভুগছে চিলাহাটিবাসী।

চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র

এমবিবিএস ডাক্তার ও চিকিৎসাকেন্দ্রের অভাবে প্রয়োজনীয় ওষুধ, ছোটখাটো চিকিৎসার প্রয়োজনে চিলাহাটি বাজার ও এর আশেপাশে আনুমানিক তিন বর্গকিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠা ছোট বড় ফার্মেসীগুলোতেই আগে ছুটে যায় সাধারণ মানুষ। উক্ত এলাকার মধ্যে ২ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, ৫টি কমিউনিটি ক্লিনিক, ২ টি ডায়াগনোষ্টিক সেন্টার, একটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, অপরদিকে ফার্মেসী রয়েছে ৮০ টিরও বেশি, এর মধ্যে হোমিওপ্যাথি আনুমানিক ১৫ টি, আয়ুর্বেদিক ৮ টি। মাঝে মাঝে ব্যক্তি উদ্যোগে কিংবা ফার্মেসীগুলোর উদ্যোগে এমবিবিএস ডাক্তার বসলেও শিশু, নারী-পুরুষ নির্বিশেষে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির চাহিদার তুলনায় অতি নগন্য।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিলাহাটির দূরত্ব প্রায় ২২ কিলোমিটার ফলে জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পেতে এই দূরত্ব অতিক্রম করে অত্র অঞ্চলের নাগরিকদের পোহাতে হয় নানা বিড়ম্বনা ও দুর্ভোগ। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং মা ও শিশু কল্যাণকেন্দ্র থাকলেও প্রচুর চাহিদার বিপরীতে সেবার মান, জনবলের অভাব ও পর্যাপ্ত উপকরণ স্বল্পতার অভিযোগ দীর্ঘদিনের। তাই আধুনিক সুবিধাসহ একটি মানসম্মত হাসপাতালের জোর দাবী উঠেছে।

ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পূর্ব পরিকল্পিতভাবে  ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

জানা যায়, কুলাউড়া  উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া পার্শ্ববর্তী রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে কুলাউড়া উপজেলার পাঁচপীর জালাই এলাকায় নিয়ে আসে দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নাল’কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় দেখে জয়নাল’কে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিসার ইনচার্জ আরো জানান, হত্যাকারী ওই দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেন।

বগুড়ার শাজাহানপুরে এডিপি’র সহায়তায় উপকরণ বিতরন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদর মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল, দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিন, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুল ভূইঁয়া, উপজেলা যুবলীগর সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।

উপজেলার অসহায় লোকজন উপকরণ পেয়ে খুশি হয়েছে।অসহায় শিশুরা সাইকেল,ব্যগ পেয়ে লেখাপড়ার সহায়তা হবে বলে মনে করছে এলাকাবাসী।

রাণীশংকৈলে শিক্ষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচিত হোসাইন আলী নামে এক কোচিং শিক্ষক হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে এবং সন্দেহজনক ৭ জন আসামীকে গ্রেফতার করে, তিন দিন থানায় রেখে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে, ভরনিয়া সম্পদবাড়ী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (৭ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক দিয়ে থানা চত্তরে যায়, সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে আবারো বিক্ষোভ করে। উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে দাড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা শেফালি বেগম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোকসেদ আলী, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও নিহত শিক্ষকের বাবা নুরুল হক, মা হোসনা খাতুন ।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা পুলিশ প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমিটাম দিয়ে বলেন, যদি সময়ের মধ্যে আসামী ধরতে গড়িমসি করেন। তাহলে ধর্মগড়,কাশিপুরবাসীসহ রাণীশংকৈল আ’লীগ যুবলীগ ও এলাকাবাসি মিলে রাণীশংকৈল উপজেলাকে অচল করে দেওয়া হবে। হরতাল দেওয়া হবে। অতত্রব কোন গড়িমসি না করে দ্রুত আসামীদের গ্রেফতার করুন।

নিহত শিক্ষকের মা হোসনা বলেন, কারা হত্যা করেছে আমরা বুঝতে পারছি, সন্দেহ জনক ব্যক্তিদের নাম পুলিশকে বলেছি। তারপরেও তারা আসামী ধরে ছেড়ে দিচ্ছে কেন? তাহলে কি টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলে হত্যার বিচার কি তাহলে আমরা পাবো না। তিনি অবিলম্বে ছেলে হত্যার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া রাস্তা সংলগ্ন ধান খেতে একই ইউনিয়নের ভরনিয়া চেংমারী এলাকার নুরুল হোসেনের ছেলে হোসাইন আলীর ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় নিহতের পরিবার দাবী করেন এটি পরিকল্পিত হত্যা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, আগামী ৭২ ঘন্টা নয়- ৪৮ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মানববন্ধন শেষে রাণীশংকৈল ইউএনও’ সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে একটিি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি পেয়ে ইউএনও বলেন, স্মারক লিপি পেয়েছি। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁন্দখানা জি.আর.উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জিয়াউল কবীর জিয়া

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী চাঁন্দখানা জি.আর.উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউল কবীর জিয়া। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রহমান  নুরীকে ১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

চাঁন্দখানা জি.আর.উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (বাদশা) জানান, স্কুল পরিচালনায় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- মো.আতিবুর রহমান, মো.আব্দুর রহমান (কেফার), মো.মোস্তা মিয়া ও মো.খায়রুল ইসলাম। এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন মোছাঃ ফিরোজা বেগম ।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল কবীর জিয়া বলেন,  চাঁন্দখানা জি.আর.উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করব।

পশ্চিম আফ্রিকার গিনিতে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। গতকাল রোববার (৬ নভেম্বর) গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।   

জানা যায়, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল। অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে।

জানা যায়, খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।

 

 

কুলাউড়ায় বাল্য বিয়ের অপরাধে যুবক কারাগারে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী-সন্তান রেখে বাল্যবিয়ে করায় রুমন আহমদ (২৮) কে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রুমন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাত দিয়ে জানা যায়, রুমন ঘরে স্ত্রী-সন্তান রেখে টিলাগাঁও ইউনিয়নের একটি ১৪ বছরের মেয়েকে গত দুইমাস আগে বিয়ে করে। ওই মেয়ের মা রবিবার সকালে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানালে তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান।

বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থল পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুমনকে বাল্যবিয়ে করার অপরাধে একমাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, রুমনের স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। তারপরও রুমন বাল্যবিয়ে করার অপরাধে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে মুচলেকা দিয়ে ওই মেয়েকে তার মা নিয়ে যান।

তিনি আরও জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। তবেই সমাজের উন্নয়ন সম্ভব। সামাজিক ভাবে এই বাল্য বিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

চিলাহাটিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মোকাদ্দেস লিটু, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারের চিলাহাটিতে সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর, রবিবার সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি পরীক্ষা ২০২২।

চিলাহাটিতে দুইটি ভেন্যুতে মোট ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার আজ প্রথম দিনে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। চিলাহাটি সরকারি কলেজে ২৬৪ জন পরীক্ষার্থী এবং চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে ১৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।