মৌলভীবাজারের শ্রেষ্ঠ এসআই শ্রীমঙ্গল থানার রাকিব হাসান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা,নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন দেশ ও জাতির কল্যায়ণে। অক্টোবর ২০২২ মাসে মৌলভীবাজারের শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার এসআই রাকিব হাছান।

রবিবার (৬ নভেম্বর) ২০২২ খ্রিঃ দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হওয়া শ্রীমঙ্গল থানার এসআই রাকিব হাছান’কে সম্মাননা স্মারক ও প্রসংসাপত্র প্রদান করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো:জাকারিয়া।

পুলিশ সুপার ধন্যবাদ জ্ঞাপন প্রসঙ্গে বলেন,পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর/২০২২খ্রিঃ মাসে আপনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনার অনুরূপ দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।

শ্রীমঙ্গল থানার এসআই রাকিব হাছান বলেন এ গৌরব শুধু আমার নয়, এটি থানার অফিসার ইনচার্জ স্যার,ওসি (তদন্ত) ও ওসি অপারেশন স্যারসহ প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উৎসর্গ করেছেন বলে এমনটা জানান।

মিশরে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ নিজেদের প্রস্তাবনা তুলে ধরবে

জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে মিশরের শারম-আল-শেখ এ শুরু হচ্ছে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–২৭ বা কনফারেন্স অব পার্টিজ-২৭)। বিশ্বের সবচেয়ে বড় এই জলবায়ু সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের প্রস্তাবনা তুলে ধরবে। 

গতকাল রোববার (৬ নভেম্বর) জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের ব্যবস্থা নেওয়ার ‘ঐতিহাসিক মুহূর্ত’ ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলনের পর্দা উঠেছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে উদ্বোধনী দিন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন প্রধান সায়মন ‍স্টিল এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও কপ-২৭ প্রেসিডেন্ট সামেহ শুকরি বক্তব্য রাখবেন। এরপর সোম ও মঙ্গলবার দুইদিন বক্তব্য রাখবেন বিশ্ব নেতারা। তারা চলে যাওয়ার পর সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা আলোচনা চালাবেন।

মোট ১৩ দিনব্যাপী সম্মেলনের এবারের আয়োজনে ১৯৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে গতবার গ্লাসগোতে কপ-২৬-এ অংশ নিলেও এবার মিশর যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যদিও মিশরের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে কিছু অধিকারকর্মী এবার সম্মেলনে যাচ্ছেন না বলে জানিয়েছে বিবিসি।

নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: সারাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর। শনিবার দুপুরে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, ইতিহাসজ্ঞ ড.মোহাম্মদ শামসুল আলম, কবি শাহীন খন্দকার, সহসভাপতি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, নির্বাহী সদস্য খান মোঃ নৌফেল,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।

সভায় সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংগঠনের মূখপাত্র লিটল ম্যাগাজিন বৈকুন্ঠ প্রকাশের সিদ্ধান গৃহীত হয়।

উল্লেখ্য, প্রতি বছর নওগাঁ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে শতাধীক বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদ অংশ গ্রহন করে।

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ইনচার্জ দ্বিতীয় বারের মত আব্দুস ছালেক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার  দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মনোনীত হয়েছেন কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুস ছালেক।

রোববার (৬ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক সভায় ক্রেষ্ট ও ধন্যবাদপত্র তুলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়াউর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়াসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায়, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

এইচএসসি পরীক্ষায় অসাধু পন্থা অবলম্বন করায় ২১ জনকে বহিষ্কার

শিক্ষা ডেস্কঃ গতকাল রোববার (৬ নভেম্বর) সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। এতে অসাধু পন্থা অবলম্বন করায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে বলে গতকাল সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা যায়।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, অনুপস্থিত ২০ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডে ১৫ হাজার ২৫৫ জন ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিল ৫ হাজার ৯৯ জন। এ ছাড়া যে ২১ জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৬ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ জন।

এ বছর সারা দেশে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯৪ হাজার ৭৬৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী রয়েছেন।

তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ  আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশান এয়ারের তথ্য অনুসারে, মওয়ানজা থেকে বুকোবা যাচ্ছিল পিডব্লিউ-৪৯৪ বিমানটি। এতে ৪৯ জন যাত্রী ছিল। অবশ্য পানির উচ্চতা খুব বেশি না হওয়ায় উদ্ধার করা গেছে বেশিরভাগ আরোহীকে। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও।

তাদের মতে, ঝড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের ওপর নিয়ন্ত্রণ হারান। রানওয়েতে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন। ১৯৯৩ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ রুটে চলছে এআরটি ফোরটি টু সিরিজের বিমানটি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির প্রায় ‌‌দুই তৃতীয়াংশ ভিক্টোরিয়া লেকে ডুবে গেছে। বিমানটির উপরের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এক টুইট বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্কঃ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা প্রথমপত্র (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়ত উল্লাহ সাক্ষরিত এক জরুরি নোটিশ জারি করা হয়।  

আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা চলার পর এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকেলের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

নোটিশটি সব জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রসচিব-ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এদিকে, আজ সকালে এইচএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল ব্রাক কর্মী নিখোঁজ, মিলছে না সন্ধান!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউপির শিববাড়ি এলাকায় অবস্থিত ‘ব্র্যাক’ এনজিও শাখা অফিসে কর্মরত মাঠ কর্মী দুই সন্তানের জননী নাজমা খাতুন (৩২) নামের এক নারী গত ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে এখনো নিখোঁজ। আত্মীয়-স্বজন সবার বাড়ী খোঁজ করেও তাকে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।

হবিগঞ্জের বাহুবল উপজেলার নারকেল তলা গ্রামের সোহেল আহমদ নিখোঁজ নাজমা খাতুনের স্বামী। সোহেল আহমদ বর্তমানে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম মুসলিমবাগ (সুনগইর) তোহায়িদ ড্রাইভার এর বাড়িতে ভাড়া থাকেন এবং তিনি অসুস্থ প্যারালাইজড রোগি। তার দুটি মেয়ে সন্তান রয়েছে; মদিনা (৭) ও অপজনের নাম তানজিলা (৫)। মেয়েরা প্রতিনিয়ত মার জন্য কান্নাকাটি করছে। নাজমা’র স্বামী ও আত্মীয়-স্বজনের সূত্রের বরাতে জানা যায়,’ঘটনার দিন সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তিনি ঘরে ফেরেননি’।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ব্রাকের শাখা কর্মকর্তা মহসিন মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির সূত্রানুসারে,গত ৩ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় অফিস হতে বের হয়ে শিববাড়ী বস্তী, ভায়া পাড়া ও কালিঘাট এলাকা থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে দুপুর ২ টায় আশিদ্রোন ইউনিয়নের শিববাড়ী শাখা অফিসে জমা দিয়ে আবার শিব বাড়ী বস্তি এলাকায় খেলাপি ঋণের সংগ্রহের কথা বলে চলে যান। সে সময় আনুমানিক বিকাল ৫ টার মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ ঘনীভূত হলে খোঁজাখুঁজি করে শ্রীমঙ্গল থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। যার নাম্বার-১৬৩, তারিখ ৩ নভেম্বর ২০২২ ইং শ্রীমঙ্গল থানা।

নাজমা আক্তার নিখোঁজের ব্যাপারে স্বজনরা কাউকে শনাক্ত করতে পারছেন না। এদিকে বাসায় অসুস্থ স্বামী ও দুটি শিশু সন্তান নিয়ে হতাশা ও আতঙ্কের মাঝে সময় অতিবাহিত করছেন।

অভিযোগ (জিডি) তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির (১) জানান,’গতকাল জিডি তদন্তের দায়িত্ব পেয়েছি, সে সময় থেকেই তদন্ত কার্যক্রম চলছে ইতিমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি’।

প্রতিবেশী ও ব্র্যাক অফিসের কর্মকর্তা, কর্মচারী সকলের সাথে কথা বলে জানা যায় নাজমা খাতুন অত্যন্ত শান্ত স্বভাবের একজন পরিশ্রমী নারী।

সোমালিয়ায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের গেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে ১১ জন। গতকাল শনিবার (৫ নভেম্বর) এই ঘটনা ঘটে বলে জানায় আল জাজিরা।  

দেশটির সেনাপ্রধান ডোয়া ইউসুফ রাগেহ জানান, আত্মঘাতী হামলাকারীর লক্ষ্য ছিল প্রশিক্ষণ ক্যাম্পের ভেতরে যেয়ে হামলা চালানো। তবে তাকে ভেতরে প্রবেশ করার আগেই সে বোমাটি বিস্ফোরিত করে।

দেশটির একজন সামরিক কর্মকর্তা আদান ইয়ারে জানান, হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক এবং নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছেন। এদিকে ওই ক্যাম্পের পাশের এক স্থানীয় বাসিন্দা জানান, সেনাবাহিনী এলাকাটি ঘেরাও করে রেখেছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসছে এবং হতাহতদের নিয়ে বেরিয়ে গেছে। তবে কত জন নিহত হয়েছে বলা সম্ভব নয়। হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আল শাবাব জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

আল-কায়েদা সহযোগী সশস্ত্র গোষ্ঠী আল শাবাব সোমালিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে। তারা দেশটির কেন্দ্রীয় সরকারের পতন চায়। এ ছাড়া ইসলামি আইনের কঠোর প্রয়োগের ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনী তাদের সোমালিয়ার রাজধানী থেকে বিতাড়িত করেছিল।  

তবে আল শাবাব এখনও সোমালিয়ার গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করে। এ বছরের মে মাসে রাষ্ট্রপতি হাসান শেখ মাহমুদ ক্ষমতা গ্রহণের পর আল শাবাবের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে তারা হামলার মাত্রা বাড়িয়েছে।

এদিকে,গত শুক্রবার সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে সেনাবাহিনী দেশটির হিরশাবেলে রাজ্যে একটি অভিযানে ১০০ জনেরও বেশি আল-শাবাব যোদ্ধাকে হত্যা করেছে।  

নওগাঁয় ৫৭৮ বীর মুক্তিযোদ্ধার মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়। নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, আবুল কালাম কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৭৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ইস্যুকৃত সনদপত্র এবং স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়।