চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে

শিক্ষা ডেস্কঃ সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (৬ নভেম্বর) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের পরীক্ষা। 

সূচি অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী অংশ নিচ্ছেন।

সারাদেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন।

অপরদিকে, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় দুই হাজার ৬৭৮ শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্রে ৯৪ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫১ হাজার ৬৯৫ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ জন ছাত্রী রয়েছেন।

এ ছাড়া চলতি বছর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী আছেন। এক হাজার ৮৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৬৭৩টি কেন্দ্রে অংশ নেবেন তারা।

ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে পিটিআই সমর্থকরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বিক্ষোভ মিছিলে শাহবাজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি পদত্যাগের দাবি জানান পিটিআই সমর্থকরা। রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় নারীসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে, ইমরান খানের ওপর হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে পিটিআই সমর্থকরা। প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা। শনিবারও পাকিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ করেন শত শত মানুষ। হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। 

 বিক্ষোভকারীরা বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে মামলা দায়ের না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এই হামলা শুধু ইমরান খানের ওপর না। এটি পুরো পাকিস্তানের জনগণের ওপর হামলা। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। তাদের দাবি হামলার সুষ্ঠু তদন্ত হোক। জড়িতদের বিচার নিশ্চিত করা হোক। 

 উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে পিটিআইয়ের লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর হামলা চালায় এক অস্ত্রধারী। পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। একজন নিহতের পাশাপাশি আহত হন পিটিআইয়ের বেশ কয়েকজন সদস্য। শুক্রবার ক্ষত নিয়ে হাসপাতালে বসে সংবাদ সম্মেলন করেন ইমরান খান। 
 
এ সময় ওই হামলার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং গোয়েন্দা সংস্থা আইএসআইর মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন তিনি। যদিও ইমরান খানের এ অভিযোগ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে শাহবাজ সরকার।

 

রাশিয়ায় রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় একটি রেস্তোরাঁয় আগুন লেগে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

কোস্ট্রোমা অঞ্চলের মেয়র সের্গেই সিটিনিকভ বলেন,  রাজধানী মস্কো থেকে ৩শ’ কিলোমিটার উত্তর-পূর্বে কোস্ট্রোমা শহরের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। আগুন লাগার পরে অন্তত ২৫০ জনকে ওই রেস্তোরাঁ থেকে বের করে নেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

এদিকে, আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা। অগ্নিকাণ্ডের ঘটনা সন্ত্রাসীমূলক কাজ কিনা সেটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই রেস্তোরাঁর সামনে ফ্লেয়ার গান দিয়ে আতশবাজি ফোটানো এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।  

উল্লেখ্য, রাশিয়ায় রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০০৯ সালে রাশিয়ার পেরম শহরে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১৫০ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।  

 

রাজনগরে টিসিবি পন্য তেল খুচরা দোকানে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অবৈধভাবে খুচরা দোকানে টিসিবির সয়াবিন তেল বিক্রয় করায় জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (৪ঠা নভেম্বর) অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রের বরাত দিয়ে জানা যায়,  রাজনগর বাজারের তারেক ভ্যারাইটিজ স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় দোকান থেকে ১৩ বোতলে মোট ২৬ লিটার টিসিবির লোগোযুক্ত তেলের বোতল জব্দ করা হয়। এসময় বাজার কমিটির সদস্যগণকে ডেকে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন, এ ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর হস্তে সব সময় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনার পরেই গুলিবিদ্ধ হন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (টিটিআই) দলের নেতা ইমরান খান সম্প্রতি আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এই হামলার মাত্র দুদিন আগে এক জনসমাবেশে ইমরান যে মন্তব্য করেছেন তা নিয়ে এখনো চলছে আলাপ আলোচনা। জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনার পরেই গুলিবিদ্ধ হন ইমরান খান এমনটা শোনা যাচ্ছে। খবর বিবিসি বাংলার।

গুজরানওয়ালার ওই সমাবেশে ইমরান খান তার ভাষায় ‘প্রকৃত মুক্তির’ তুলনা করেছিলেন ১৯৭০-৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের সাথে। সেখানে তিনি যা বলেছিলেন তা সচরাচর পাকিস্তানের কোনো রাজনীতিবিদদের মুখে শোনা যায় না।

পাকিস্তান পিপলস পার্টির নেতা ও দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর প্রতি ইঙ্গিত দিয়ে ইমরান বলেন, একজন চতুর ক্ষমতালোভী রাজনীতিবিদ সে সময়কালের নির্বাচনে বিজয়ী বৃহত্তম রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দিয়েছিল- যার ফলে দেশ দুটুকরো হয়ে যায়।

নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করে ইমরান বলেন, সবাই জানে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ ও সামরিক বাহিনীকে সংঘাতের পথে ঠেলে দেন। আর এখন নওয়াজ শরিফ ও আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন। আর ক্রীড়নক হিসেবে কাজ করছে সামরিক বাহিনী।

নিজের দল পিটিআইকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে ইমরান খান বলেন, তার দলই বৃহত্তম ও একক ফেডারেল দল কিন্তু তবু তাকে নতুন নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে (৪ঠা নভেম্বর) শুক্রবার বিকাল ৪ টা দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং প্রখ্যাত চিকিৎসক, সিলেটের গর্ব ডাক্তার জোবায়দা রহমান এর বিরুদ্ধে অবৈধ হাসিনা সরকারের মিথ্যা বানোয়াট গ্রেপ্তারি পরোয়ানার জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি সমশের নগর রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম সাইফুর রহমান রোডস্থ রহমানিয়া টাওয়ারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান এছাড়া বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আহমেদ আহাদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি আব্দুল মুবিন, সহ-সভাপতি গাজী জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আফিয়ান আহমেদ চৌধুরী শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ নিয়াজ উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন শাফিন সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক মফিজ আহমদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, যুগ্ম আহবায়ক আলম আহমেদ, যুগ্ন আহ্বায়ক সানি আহমেদ সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

স্বাস্থ্য ডেস্কঃ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

মহাপরিচালক আবুল বাশার বলেন, ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবেন কীটতত্ত্ববিদরা। তবে, চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদফতরের কোনো ঘাটতি নেই। উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ঝুঁকি বাড়ছে। মৃত্যুও বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদফতর একসঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জন মারা গেছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৬৭৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। 

প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে ইউরোপীয়রা

আন্তর্জাতিক ডেস্কঃ বছর ঘুরলেই কমে যাচ্ছে সম্পদের পরিমাণ। এভাবে প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে ইউরোপীয়রা। মূলত ২০০৭ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা বা সংকটের পর সরকারগুলোর ব্যয় সংকোচন নীতির কারণে এমনটা ঘটছে। গত শুক্রবার (৪ নভেম্বর) নতুন এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

যৌথভাবে গবেষণাটি চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা নিউ ইকোনমিক ফাউন্ডেশন (এনইএফ) ও ইউরোপীয় গবেষণা সংস্থা ফাইন্যান্স ওয়াচ।

গবেষণা রিপোর্ট মতে, ২০০৭ সালের অর্থনৈতিক মন্দার পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সরকারের নেয়া ব্যয় সংকোচন নীতির কারণে প্রতিবছর মাথাপিছু আয় কমেছে গড়ে প্রায় ৩ হাজার ইউরো। রিপোর্টে আরও বলা হয়েছে, ব্যয় সংকোচন নীতিতে বেশি কঠোর ছিল সরকারগুলো। কর্তৃপক্ষ চাইলে মাথাপিছু আরও অন্তত ১ হাজার ইউরো বেশি ব্যয় করতে পারত।

২০০৭-০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার প্রধান কারণ ছিল যুক্তরাষ্ট্রের গৃহায়ণ খাতের অস্বাভাবিক বৃদ্ধি। দেশটির বন্ধকি বাজারের ঝুঁকিপূর্ণ ঋণব্যবস্থা ও আর্থিক খাতের শিথিল নিয়ন্ত্রণই মন্দার শুরুটা করেছিল।

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সেই সময় ইউরোপের দেশগুলোতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হয়। এর মাধ্যম মূলত জনসেবার ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।

ইইউ দেশগুলোর ওই ব্যয় সংকোচন নীতি নিয়ে এনইএফের গবেষক সামষ্টিক অর্থনীতি বিশেষজ্ঞ ফ্রাঙ্ক ভ্যান লারভেন বলেন, মন্দা মোকাবিলায় সরকারগুলো যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। লারভেনের ভাষায়, ব্যয় সংকোচন নীতিগুলো ইউরোপীয় অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। আমাদের জীবন ও জীবিকার মান উন্নয়ন থামিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ঋণ ও ঘাটতি কমানোর ক্ষেত্রেই সরকারগুলোর মনোযোগী দেখা গেছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। ইউরোপের অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়নি। কিংবা ঋণও কমেনি। বিপরীতে ব্যয় সংকোচন নীতি ইউরোপীয় দেশগুলোর সম্ভাবনা নষ্ট করেছে।

গবেষণা রিপোর্ট মতে, ২০০৭-০৮ সালের অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপ যে সংকটে পড়েছিল, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেনি। সেই থেকে ইউরোপীয়রা প্রতিবছরই একটু একটু করে গরিব হয়েছে।

এরপর ২০২০ সালে শুরু হওয়ার করোনা মহামারির কারণে নতুন করে আবারও সংকটে পড়ে ইউরোপ। মহামারিকালীন সংকট কাটিয়ে উঠতে না উঠতেই নতুন বিপদ হিসেবে হাজির হয়েছে ইউক্রেন সংঘাত।

শুক্রবার থেকে সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার

প্রযুক্তি ডেস্কঃ গতকাল শুক্রবার (৪ নভেম্বর) নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। এছাড়া কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

এদিকে কোনো নোটিশ না দিয়ে গণহারে কর্মী ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের অভিযোগ, ঠিকমতো নোটিশ না দিয়েই তাঁদের এভাবে ছাঁটাই করা আইনের লঙ্ঘন।

এর আগে, গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি। এর অংশ হিসেবে মাস্ক টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন। শুরুতেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। ভেঙে দেন পরিচালনা পর্ষদ। জারি করেন ১২ ঘণ্টা অফিস ও ছুটিহীন অফিস নীতি। মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারের বিজ্ঞাপন, বিপণন ও মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছেন। তিনি তাঁর কর্মীদের অবকাঠামোগত খরচে বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের বিষয়ে নির্দেশ দিয়েছেন।

এদিকে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ৮ হাজার কর্মী ছাঁটাই করে অর্ধেকে নামাতে চান। অভ্যন্তরীণ ই-মেইলের তথ্য অনুযায়ী, টুইটারকে আর্থিকভাবে লাভজনক করতে প্রতিষ্ঠানটির প্রধান কর্মী ছাঁটাইয়ের এ পথে হাঁটছেন। শুক্রবার থেকেই টুইটার কর্মীদের জনবল ছাঁটাই ও বিভিন্ন স্থানে অফিস বন্ধ করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটারের কর্মী গণহারে ছাঁটাই করায় টুইটারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করেছেন এর কর্মীরা।

ঐতিহ্যবাহী দু’শত বছরের পুরনো কালী মন্দির নিয়ে নীতিনির্ধারকরা যা বলছেন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী দু’শত বছরের পুরাতন কালী মন্দির নির্মাণ বিষয়ে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক বলেন, মৌলভীবাজার শহরের পুরাতন কালী মন্দিরের বিষয় নিয়ে আমি ট্রাস্টের সাথে কথা বলবো। তিনি আরোও বলেন আমি সবকিছু জানি। আমি এ বিষয়টি দেখছি আর পূজা উদযাপন পরিষদ কখনও কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না।

এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেন, মৌলভীবাজার শহরের পুরাতন কালীমন্দির বিষয়ে সমস্যাটি শুনেছি।বিষয়টি নিয়ে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ করেছি।যেহেতু কালী মন্দির সরকারের অর্থায়নে হচ্ছে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তিনি দেখবেন।

আরেকটি কথা হলো যেহেতু সরকারের অর্থায়নে হচ্ছে, সরকারের নীতিমালা অনুযায়ী করতে হবে। তা নাহলে ট্রাস্ট সিদ্ধান্ত নিবে। তিনি আরোও বলেন, এখানে কালী মন্দির কমিটির অনিয়মের সাথে জেলা পুজা উদযাপন পরিষদের কেউ জড়িত থাকলে তা খতিয়ে দেখবো।

উল্লেখ্য” মৌলভীবাজার জেলা শহরের পুরাতন কালীবাড়ি মন্দির প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক মাস ধরে, নির্মাণ সূচনা লগ্নে ইঞ্জিনিয়ারিং ত্রুটি দেখা যায়। সে কারণে কমিটির নির্মাতারা উদাসীন থাকায় নিম্ন মানের সামগ্রী ব্যবহার দেখে পূজা উদযাপন পরিষদের নেতা শ্রী সুব্রত সরকার রাজ উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপে কাজ বন্ধ করেন এবং তদন্ত কমিটি প্রশাসনিক নির্দেশ মোতাবেক ছাদ ঢালাই ভেঙ্গে পুনরায় ছাদ নির্মিত হয়।