ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

রাজনীতি ডেস্কঃ গতকাল শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ মে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় সহযোগী সংগঠনগুলোকে সম্মেলন করার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় গত ১০ মে সম্পাদকমণ্ডলীর সভায় ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং দুই সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন করার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

এরপরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

এইচএসএসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

শিক্ষা ডেস্কঃ আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় জানানো হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে ঢুকে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা। তবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন।

পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। প্রশ্নপত্র বিতরণের আগে সময়সূচি অনুযায়ী বিষয়, বিষয় কোড, পত্র ও সেট কোড নিশ্চিত হয়ে কক্ষ পর্যবেক্ষকরা বিতরণ করবেন।

উল্লেখ্য, এ বছর পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

 

ভালোবাসার প্রমাণ দিতে অনার্স পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজে ভালোবাসার প্রমাণ দিতে  প্রেমিকার সামনে‌ই বিষপান করেছেন প্রেমিক এক ছাত্র। নিহত ছাত্র কুলাউড়া সরকারি কলেজের ছাত্র। সে কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে এই ঘটনা ঘটে। নৈতিক বিষয়টি বিবেচনা করে নিহতের নাম পরিচয় গোপন করা হলো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘ সময় গল্প করতে দেখা যায়। সন্ধ্যার সময় হঠাৎ এক পরীক্ষার্থী ওই মেয়ের সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: ফয়ছল জামান বলেন, হাসপাতালে একটি বিষপান সংক্রান্ত মরদেহ আসে। এটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ গনমাধ্যমকে জানান, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর ঘটনাটি ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় আমরা মর্মাহত।

মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা (অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

ভয়াবহ বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি। এর জেরে রাজধানীর প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) এ সিদ্ধান্ত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস চলবে। সেক্ষেত্রে কোনোভাবেই আউটডোর কোনো কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

এদিকে, কারখানা ও নির্মাণাধীন সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি-বেসরকারি অফিসগুলো অর্ধেক জনবলে চলবে বলেও নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শুক্রবার ভারতের রাজধানীতে সীমিত করা হয়েছে ডিজেল চালিত যান চলাচল। পানি ছিটানো ও ধোঁয়াশা প্রতিরোধী মেশিন ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন।

এরই মধ্যে দিল্লিতে বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড একিউইউ সূচক ছাড়িয়েছে ৪৭০। যা বৈশ্বিক নিরাপদ মানদণ্ডের তুলনায় ১০ গুণ বেশি। চোখ জ্বালা, শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছে বহু মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। গত কয়েক বছরের মতো এবারও দীপাবলী উৎসবে বিপুল আতশবাজির পর বেড়ে যায় দূষণ।

বন্দুকসহ ভারতীয় চার নাগরিক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতীয় চার নাগরিককে বন্দুকসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর)  বিকাল সোয়া ৩টায় সময় ভারতীয় ৬ নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে দুইজন পালিয়ে গেলেও সাথে থাকা ৬টি বন্দুকসহ চারজনকে ইসলামপুর বাঘাছড়া চা বাগান থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়ার নেতৃত্বে এলাকাবাসী ভারতীয় নাগরিক সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্ভ্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)কে আটক করে পুলিশ ও বিজিবি’কে খবর দিয়ে বিজিবির নিকট তাদেরকে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক ৬ যুবক বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যেই ত্রিপুরা রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্চয় চক্রবর্তী  ভারতীয় নাগরিক ৪ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করেন এবং তাদের এখন বিজিবির নিকট আছেন বলে ও তিনি জানান।

বিশ্ববাজারে কমল যেসব খাদ্যপণ্যের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় কমেছে গম, সয়াবিন, ভুট্টা, রেপসিড তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যভাণ্ডার ইউক্রেন। দেশটির খাদ্যশস্য রপ্তানি নিয়ে করা চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে বাড়তে থাকে খাদ্যপণ্যের দাম। তবে ঠিক ৪ দিনের মাথায় বুধবার আবারও এই চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে রাশিয়া।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানিয়েছে, গেল এক দিনেই বিশ্ববাজারে গমের দাম কমেছে ৬ শতাংশের ওপরে। শিকাগোর আন্তর্জাতিক বাজারে গমের দাম ৬.৬০ শতাংশ কমে প্রতি বুশেল হয় ৮.৪৩ ডলার। সয়াবিনের দাম কমেছে ০.৫০ শতাংশ, তবে পাম তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। এ ছাড়া রেপসিড তেলের দাম কমেছে ২.৩৮ শতাংশ, ক্যানোলার দাম কমেছে ২.০৯ শতাংশ, চিনির দাম কমেছে ১.১৯ শতাংশ এবং ভুট্টার দাম কমেছে ২.১৬ শতাংশ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও ছিল নিম্নমুখী।

গেলো সপ্তাহের শনিবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগে খাদ্যশস্য চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় মস্কো। ওই দিন এক বিবৃতি দিয়ে মস্কো ইউক্রেনের বন্দর থেকে কৃষিপণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে রাশিয়ার অংশগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত জানায়। রাশিয়ার ওই চুক্তি স্থগিতের পর বিশ্বজুড়ে খাদ্যসংকট বৃদ্ধির হুমকি তৈরি হয়।

সূত্র: রয়টার্স, ট্রেডিং ইকোনমিকস। 

শ্রীমঙ্গলে পরিয়ারী পাখি উদ্ধার, শিকারীকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পরিযায়ী পাখি ও পাখি ধরার সরঞ্জামসহ জব্দ করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার ভোর থেকে হাইল হাওরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাখি শিকারের সঙ্গে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। এ সময় র‍্যাব–৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। অভিযানর সূত্রের বরাত দিয়ে জানা যায়, উদ্ধার করা পাঁচটি পাখির মধ্যে একটি মৃত ছিল। পরে চারটি পাখি হাওরে অবমুক্ত করা হয়।

শিকারী দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম খাজা মিয়া (৫৫)। তিনি হাইল হাওরের পাশের গ্রাম পশ্চিম ভাড়াউড়ার মৃত জালাল মিয়ার ছেলে।

মৌলভীবাজার জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাখি শিকারের ব্যাপারে জানতে পারি। কয়েক দিন ধরেই হাওরে অভিযান চালিয়ে কাউকে ধরতে পারছিলাম না। শিকারিরা নৌকা নিয়ে অনেক ভেতরে থাকেন। বৃহস্পতিবার ভোর থেকেই হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালাই। আমরা হাওরের প্রবেশ মুখের একটি গ্রামের রাস্তায় কাপড় বদল করে বিভিন্ন পোশাকে ছিলাম। এ সময় পাখি শিকারি বস্তায় করে পাখি নিয়ে রাস্তায় এলে আমরা তাঁকে আটক করি। পরে ওই বস্তা থেকে পাঁচটি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, হাওরে আসা পাখি ধরতে পুরো হাওরেই শিকারিরা জাল ও ফাঁদ বিছিয়ে রাখেন। ফাঁদে ধরা পড়া এসব পাখি জোড়াপ্রতি ৫০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়। প্রশাসনের অভিযানে ধরা পড়লেও শাস্তি হিসেবে জরিমানা খুব বেশি করা হয় না। এ জন্য অনেকেই আবার পরদিন থেকে পাখি শিকারে জড়িয়ে পড়েন। এদের আরো কঠিন শাস্তি দিলে হয়তো দ্বিতীয় বার শিকারে আসার কথা ভেবে চিন্তে আসতো।

“ভোলার গ্যাস কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে”

সিএনবিডি ডেস্কঃ দেশের দক্ষিণাঞ্চল ভোলার শাহবাজপুরের টবগী-১ অনুসন্ধান কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আলী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো জানান, এ কূপ থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন সম্ভব হবে। কূপটিতে মজুত গ্যাসের গ্রাহক পর্যায় হিসাবে আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার ৫৯ দশমিক ৮ কোটি টাকা, যা এলএনজি আমদানি মূল্য বিবেচনায় বহুগুণ বেশি।

প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে পর্যায়ক্রমে আরও দুটি কূপ খনন কার্যক্রম শেষ হবে। প্রকল্পের মোট তিনটি কূপ থেকে দৈনিক ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন সম্ভব হতে পারে।

উল্লেখ্য, দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানের লক্ষ্যে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে পেট্রোবাংলা ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

আন্তর্জাতিক আসরে পুরস্কারের জন্য নির্বাচিত মৌলভীবাজারের রেদওয়ান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করে আন্তর্জাতিক আসরে শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কিশোর রেদওয়ান আহমেদ। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ড সরকারের “পিস রাইটস” কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। রেদওয়ান এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

শিশুদের জন্য এটি শিশুদের নোবেল পুরস্কার নামে পরিচিত। বিশ্বের ৪৬টি দেশের ১৭৫ জন শিশুকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রেদওয়ান মৌলভীবাজারের বড়লেখার উপজেলার ইটাউরী গ্রামের বাসিন্দা। সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এছাড়াও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সাথে জলবায়ু সুবিচার আন্দোলনে কাজ করছে অবিরত।

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে দুই স্বতন্ত্র প্রার্থী  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গত বুধবার ( ২ নভেম্বর) এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।  

চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন  স্বতন্ত্র প্রার্থী মো: রুকুনুজ্জামান শাহীন। প্রাপ্ত ফলাফলে তিনি আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো: সোলায়মান আলী সরকার নৌকা প্রতীকে ভোট পান ১৪ হাজার ৩৬২ ভোট।

এদিকে, রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হন।

ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫ ৯২ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে মো: রেজাউল ইসলাম (মিনু) ভোট পেয়েছেন ৫ হাজার ৪১৪।

ঐ দিন বুধবার সকাল ৮টায় এই দুই উপজেলায় শুধুমাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে। রৌমারী উপজেলায় মোট প্রার্থী ছিলেন ৭ জন ও চিলমারী উপজেলায় প্রার্থী ছিলেন ৫ জন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগষ্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীর বিক্রম এর মৃত্যু জনিত কারণে পদ দুটি শুন্য হয়।

রৌমারী উপজেলার ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক ও চিলমারী উপজেলার ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকীব।