১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫১ টাকা

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার (২ নভেম্বর) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল জানান, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৫১ টাকা।

এর আগে, চলতি বছরের গত অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

আজকের সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) অঞ্চলটির পুলওয়ামা ও অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার।

নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে । তাদের দাবি, পাক অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল, যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইউরোপ থেকে। এই চক্রের দুজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে বলে দাবি পুলিশের।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় নতুন খেলা শুরু করেছে পাকিস্তান। ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রের পাশাপাশি মাদক পাচার করছে তারা।

বিশ্বজুড়ে বেড়েছে যক্ষ্মার প্রকোপ

স্বাস্থ্য ডেস্কঃ বিশ্বজুড়ে বেড়েছে যক্ষ্মার প্রকোপ। এতে যেমন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। একই ভাবে বহু মানুষের মৃত্যুও হয়েছে। করোনা মহামারির সময় ঠিক মতো চিকিৎসা না পাওয়ায় এমনটা ঘটেছে। যক্ষ্মা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নতুন এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের গ্লোবাল টিবি রিপোর্ট অনুসারে, ২০২১ সালে সারা বিশ্বে ১ কোটি ৬ লক্ষ মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছে ১৬ লক্ষ জনের। ২০২০ সালের তুলনায় গত বছর (২০২১) যক্ষ্মা রোগীর সংখ্যা বিশ্বে বেড়েছে ৪.৫ শতাংশ। শতাংশের হিসেবে বিশ্বের নিরিখে ২৮ শতাংশ যক্ষ্মা রোগী ভারতের।

রিপোর্ট মতে, ভারত ছাড়াও অন্যান্য যে দেশগুলোতে যক্ষ্মা রোগীর সংখ্যা বেশি সেগুলো হলো ইন্দোনেশিয়া (৯.২ শতাংশ), চিন (৭.৪ শতাংশ), ফিলিপাইন (৮ শতাংশ), পাকিস্তান (৫.৮ শতাংশ), নাইজেরিয়া (৪.৪ শতাংশ), বাংলাদেশ (৩.৬ শতাংশ ) ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (২.৯ শতাংশ)।

রিপোর্ট অনুযায়ী, মৃত যক্ষ্মা রোগীর মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার রোগী এইচআইভি পজিটিভ ছিলেন। বিশ্বব্যাপী যক্ষ্মা মৃত্যুর হার সবচেয়ে বেশি আফ্রিকায়।

রিপোর্ট প্রকাশের পর যক্ষ্মা রোগের বিরুদ্ধে বিশ্ববাসীকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়াসুস।

তিনি বলেন, কোভিড-১৯ যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তা হলো সংহতি, সংকল্প ও উদ্ভাবনের ন্যায়সঙ্গত ব্যবহার। যক্ষ্মা রোধে সেই শিক্ষাগুলো আমাদের কাজে লাগাতে হবে।

কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো যক্ষ্মা  ও ডিআর-টিবি উভয় ক্ষেত্রেই আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এর জন্য বিশেষজ্ঞরা করোনা মহামারিকে দায়ী করেছেন। তারা বলছেন, করোনা চলাকালে অনেক যক্ষ্মা রোগী ঠিকমতো চিকিৎসা পাননি।

 

রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ইউক্রেনের মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে পড়েছে ইউক্রেনের মানুষ। গত সোমবার (৩১ অক্টোবর) রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বাড়িতে পানির সরবরাহ না থাকায় পানির পাম্পগুলোতে এসে তারা ভিড় করছেন। পানি সংকটের সমাধান করা গেলেও দেয়া যায়নি বিদ্যুতের সংযোগ।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন কম। সে কারণে বরাবরই থাকবে আংশিক লোডশেডিং। সেটি এলাকাভিত্তিক শিডিউলে ফেলেছে প্রশাসন, এমনটাও নিশ্চিত করেন তিনি।

এদিকে জেলেনস্কি প্রশাসনের অভিযোগ, ১০টি অঞ্চলে ছোড়া হয়েছে শক্তিশালী মিসাইল ও ড্রোন। তাতে ১৮টি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর ফলে মারাত্মক সুপেয় পানির সংকটে ভোগেন কিয়েভের ৮০ শতাংশ বাসিন্দা। আর রাজধানীর দুই লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

উল্লেখ্য, গত শনিবার একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ‍্য বিষয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধদপ্তর নওগাঁ যৌথভাবে আয়োজিত কর্মসূচীতে ছিল আলোচনাসভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা পরিষদের সদস‍্য সাবেক উপজেলা চেয়ারম‍্যান পারভীন আখতার এবং রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান অনুষ্ঠানে পোষাক তৈরী, গবাদি পশু পালন, মোবাইল সার্ভিসিং, মৎস‍্য চাষ এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২১জন যুব ও যুব মহিলার মধ‍্যে ৯ লক্ষ ৯০ হাজার টাকার ঋনের চেক বিতরন করা হয়।

এ ছাড়াও জেলার ৪ জন উদ্যেক্তার মধ্যে সন্মাননা ক্রেষ্ট এবং সনদপত্র ও মোটরযান লাইসেন্স বিতরন করা হয়।

ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি, নেপথ্যে জ্বালানি সংকট

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি সংকটকে ঘিরে ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে আমেরিকা ও ইউরোপের দেয়া রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এর কারন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর  এসব নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মস্কো থেকে তেল ও গ্যাস আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপ করা। এই সমস্যাটি পশ্চিমা দেশগুলোতে নজিরবিহীন মুদ্রাস্ফীতি সৃষ্টি করেছে।

ফ্রান্স রেডিও জানিয়েছে, ফ্রেঞ্চ কনফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (সিপিএমই) এক গবেষণা দেখা গেছে, এইসব সংস্থার মধ্য থেকে মাত্র এক তৃতীয়াংশ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। তদন্তে দেখা গেছে সরকারের সহায়তার প্রতিশ্রুতির আগে শতকরা মাত্র ৯ ভাগ কোম্পানির পরিচালকরা তাদের কার্যক্রম বন্ধ করে দিতে চেয়েছিলেন। শুধুমাত্র বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষমতার কারণেই তারা তাদের কার্যক্রম বন্ধ করার কথা ভেবেছিলেন বলে ফ্রান্স রেডিও জানায়। ফরাসি দৈনিক লা-ফিগারো পরিচালিত ওই গবেষণাটি ২ হাজার ৪ শ ২৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের উপর চালানো হয়েছিল। ওই গবেষণায় দেখা গেছে এদের মধ্য থেকে ২১ শতাংশ মালিকের জ্বালানি খরচ ২০২১ এবং ২০২২ সালে মোট টার্নওভারের ৩ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশ হয়েছে। আসছে ২০২৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স রেডিও আরও জানায়, ইউক্রেন যুদ্ধের ফলে কয়েক মাস আগে থেকে মুদ্রাস্ফীতি এবং জ্বালানির দাম বৃদ্ধি পায়। আর ওই জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই কোম্পানিগুলির সামগ্রিক খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সুত্রঃ পার্সটুডে।

ছাগলসহ চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলাল মিয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

এ সময় পুলিশ চোরাইকৃত একটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। সোমবার (৩১ অক্টোবর) বিকেলের পর পর উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে এ ঘটনাটি ঘটেছে। আটককৃত হেলাল মিয়া কুলাউড়া উপজেলার পৌর এলাকার হাসান মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিন জনের একটি ছাগল চোর চক্র উপজেলার রেলগেইট এলাকা থেকে একটি ছাগল চুরি করে শহীদনগর বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে। এ সময় চোর চক্রের দুইজন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সিএনজি ও চোরচক্রের এক জনকে আটক করে পতনঊষার ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, স্থানীয় এলাকাবাসী ছাগল, সিএনজি অটোরিক্সাসহ একজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি, ছাগল চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম নির্বাচন দেখছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। খবর আল জাজিরার।

সবকিছু ছাপিয়ে আলোচনায়, আবারও কি মসনদে ফিরছেন এক যুগ ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু? এবারের ভোটাভুটিকে অনেকেই দেখছেন লিকুদ পার্টি নেতার পক্ষে-বিপক্ষে আস্থা ভোট হিসেবে।

সবশেষ জনমত জরিপ অনুসারে, ১২০ আসনের পার্লামেন্টে ৬০টির বেশি আসন পেতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। লিকুদ ছাড়াও সেই জোটে রয়েছে কট্টরপন্থী শাসক এবং ইউনাইটেড তোরাহ জুদায়িজম।

মূলত, ইসরায়েলি জাতীয় মতাদর্শ নিয়েই ভোটের লড়াই জিতে আসছে দলগুলো। পূর্বাভাস অনুসারে, নেতানিয়াহু বিরোধী জোট পেতে পারে ৫৬টি আসন। বাকি ৪ আসন জুটবে আরব-রাজনৈতিক দলের ভাগ্যে। অবশ্য, গত চার মাসের শাসনে ইয়ার লাপিদ প্রশাসনের ব্যাপারেও সন্তুষ্ট ইহুদিরা। কারণ মার্কিন প্রেসিডেন্টের নির্বিঘ্ন সফর, স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদকে দমন এবং লেবাননের সাথে সমুদ্র চুক্তিতে তিনি সফল। তাই নির্বাচনের ফলাফল দ্রুত পাওয়া গেলেও সরকার গঠনে হতে পারে বিলম্ব।

 

নওগাঁয় দুদক কর্তৃক শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ‍্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নওগাঁ শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। 

মঙ্গলবার দুপুর ১ টায় “দেশ গড়ার শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন সভন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক এমপি ও স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি বেগম শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী এবং স্কলের সম্পত্তির দাতা সদস্য মো: শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য এবং ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এ সময় দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব‍্যাক্তিগন উপস্থিত ছিলেন।

মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ্ব ইসমাইল হোসেনের সমর্থনে কামিস মোশায়েত শহরে মতবিনিময় ও আলোচনা সভা

প্রবাস ডেস্কঃ চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার দুই বারের সফল মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেনের সমর্থনে সৌদি প্রবাসী পৌরবাসী বৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা কামিস মোশায়েত শহরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া ব‍্যাক্তিত্ব মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অথিতি সাবেক ছাত্রনেতা ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম‍্যানেজার জনাব আবু বকর কামাল এর উপস্থিতিতে সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আজাদ রহমান।

উপস্থিত অন্যান্যোদের  মধ্যে বক্তব্য রাখেন-বিশেষ অতিথি সাবেক যুবনেতা শফিউল আলম, আব্দুর রহিম ফারুক মাহমুদি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন, জনাব সবুর খান, জনাব সাইফুদ্দিন, আবুল মনসুর, ইমাম উদ্দিন, দিদারুল আলম, মোহাম্মদ জামাল সহ অন‍্যান‍্য প্রবাসী নেতৃবৃন্দ।

বক্তারা যোগ্য প্রার্থী জনাব আলহাজ্ব ইসমাইল হোসেনকে নির্বাচিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হওয়া সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ্ব ইসমাইল হোসেন।