আগামী মাস থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস

জাতীয় ডেস্কঃ আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচিতেই অফিস চলবে।

এছাড়া, ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

তিনি আরো বলেন, মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

 

প্রথমবারের মতো চিলাহাটির কেতকীবাড়ী ইউপি উপ-নির্বাচনে ইভিএমে ভোট

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ওয়ার্ডটির ভোটাররা।

কেতকীবাড়ী ইউপির উপ-নির্বাচনে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন-আসাদুজ্জামান ভেনাস (ফুটবল প্রতীক), জাহাঙ্গীর আলম নুরা (টিউবওয়েল প্রতীক) ও ফাহারিজুল ইসলাম বাঁধন (মোরগ প্রতীক)।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডোমারে এবারই প্রথম ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেখ তারিখ ছিল ৮ই অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ১০ই অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই অক্টোবর ও প্রতীক বরাদ্দ করা হয়েছিল ১৮ই অক্টোবর। আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, চলতি বছরের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত তফিজুল হক মৃত্যুবরণ করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মাট কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল দশ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ড মোঃ আবুল কালাম আজাদ বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিক ভাবে সাটিফিকেট ও স্মাট আইডি কার্ড হাতে তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেকুর সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী ননৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড মোঃ সাজেদুর রহমান, মোঃ আব্দুল মালেকক মোল্লা, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, বীর মুক্তি যোদ্ধা কাজী রুহুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান বুলু, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তি যোদ্ধা অফিল উদ্দিন, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

এদিনে উপজেলার মোট দুই শত চব্বিশ জনকে স্মাট কাড ও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ একশত চার জন মৃত সনদ একশত বিশ
জনের মাঝে বিতরণ করা হয়েছে।অনুষ্ঠান টি সঞ্চলনা করেন মৃত মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের সন্তান ফজলে রাব্বী
জুয়েল।

ইউরোপের অর্থনীতি ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল রোববার (৩০ অক্টোবর) রাশিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেন, ইউরোপীয়রা ইতিমধ্যেই রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বহুগুণ বেশি। শুধু আমাদের দেশের নয়, পশ্চিমের ব্যাপকসংখ্যক অর্থনীতিবিদরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন মার্কিন লক্ষ্য ইউরোপের রক্ত ঝরানো সেই সঙ্গে ইউরোপীয় অর্থনীতি এবং শিল্প ধ্বংস করা।

ইউরোপকে সামরিকভাবে দুর্বল করা ওয়াশিংটনের স্বার্থ।  ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে তারা বাধ্য করছে। বিনিময়ে তাদের অস্ত্রের ঘাঁটিতে মার্কিন অস্ত্র সরবরাহ করছে। তিনি আরও জানান, ওয়াশিংটন জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা এবং নিজের অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে এমন নিতি অনুসরণ করছে। 
 
এ মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করছে।
 
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড ইউরোপীয় ইউনিয়নের শিল্প ধংসের দিকে নিয়ে যাবে। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে অত্যন্ত শোচনীয় পরিণতি ভোগ করবে ইউরোপ।  

জাতীয় সংসদে আব্দুস শহীদ এমপি প্যানেল স্পিকার নির্বাচিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের ২০২২ এর ২০তম অধিবেশন সভাপতি মন্ডলীর মনোনয়ন ঘোষিত হয়েছেন। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের নাম প্যানেল স্পীকারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ প্রধানমন্ত্রী ও স্পীকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রনয়ন শাখা-২ এর প্যাডে সহকারী সচিব আইন-২ আশিক আহমদ তানবীর খাঁন স্বাক্ষরিত একপত্রে একাদশ জাতীয় সংসদের (২০২২-৫ম) ২০তম অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১২-(১) বিধি অনুযায়ী মাননীয় স্পীকার একাদশ জাতীয় সংসদের ২০তম ২০২২ এর ৫ম অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যবৃন্দদের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়নে মনোনিত সদস্যদের মধ্যে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ আসন ২৩৮ মৌলভীবাজার-৪, মো: মকবুল হোসেন আসন ৭০ পাবনা-৩, মনোয়ার হোসেন চৌধুরী, এলাকা ৩২ গাইবান্ধা-৪, কাজী ফিরোজ রশীদ নির্বাাচনী এলাকা ১৭৯ ঢাকা-৬ এবং বেগম সুবর্ণা মুস্তফা নির্বাচনী এলাকা ৩০৪ মহিলা আসন-৪ এর নাম ঘোষনা করা হয়।

একাদশ জাতীয় সংসদে ৫ম অধিবেশনে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’কে সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দলীয় ও সকল শ্রেনীর নেতাকর্মীরা।

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (৩০ অক্টোবর) বিকালে পুকুরের পানিতে পড়ে রিপন রায় নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বলিদ্বারা তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিপন ওই গ্রামের তপন রায়ের একমাত্র ছেলে। 

থানা ও স্থানীয়সুত্রে জানা যায়, ঘটনার দিন শিশু রিপনের মা ও দাদা দাদি গরুর ঘাস কাটতে মাঠে যায়। বাড়িতে বাবার সাথে ছিল শিশু রিপন রায়। এক সময় সবার অগোচরে খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে যায় এবং পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে তার বাবা রিপনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বাবাকে জানায়। নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে আনেন দাদা।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্য করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুলা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের জনগনের প্রতিনিধি নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ নির্বাচনি লড়াইয়ে তিনি পরাজিত করেছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে। খবর আলজাজিরার।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ডা সিলভা পেয়েছেন ৫০.৮ শতাংশ ভোট আর তার প্রতিপক্ষ বোলসোনেরো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট।

ফলাফলের পর সাওপাওলোর একটি হোটেলে সমবেত জনতার উদ্দেশ্যে ডা সিলভা বলেন, আজকের এই বিজয় ব্রাজিলের জনগণের বিজয়। এটা আমার অথবা আমাদের দলের বিজয় নয়, অথবা আমাকে সমর্থন দেয়া অন্যান্য দলের বিজয় নয়। গণতন্ত্রকে বিজয়ী করতে রাজনৈতিক দল এবং ব্যক্তিগত স্বার্থ ও মতাদর্শের ঊর্ধ্বে ওঠে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের জয় এটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ২ অক্টোবর। ওই ভোটে লুলা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ। নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে ডেটাফোলহা ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে লুলা এগিয়ে ছিলেন। তবে ব্যবধান অনেক কম ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ লুলাকে ও ৪৮ শতাংশ বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন। জরিপের চেয়েও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে ভোটের মাঠে।

নির্বাচনে জয় পাওয়ার পরপরই লুলা দা সিলভাকে অভিনন্দন জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। টুইটারে এক পোস্টে তিনি বলেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন।

নির্বাচনে ফল ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচন অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নির্বাচনের পরিবেশের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা।

দশ ফুটের দেয়াল ভেঙে “স্বপ্ন”-এ দুঃসাহসিক চুরি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের প্রান কেন্দ্র হবিগঞ্জ রোডস্থ “স্বপ্ন” সুপার শপে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দেয়াল কেটে ভিতরে ঢুকে সিসি ক্যামেরার ডিভাইস, ক্যাশ ভোল্ট ও শপের ক্যাশ ভেঙে আনুমানিক নগদ ১০ লক্ষ টাকাসহ বেশ কিছু মূল্যবান মালামাল নিয়ে যায়।

চোরেরা হবিগঞ্জ রোডস্থ কদরআলী টাওয়ারের “স্বপ্ন” সুপার শপের ১০ ইঞ্চি দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে এসব মালামাল ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে। রোববার সকালে দোকান খুলে চুরির ঘটনার আলামত দেখে স্বপ্ন কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানাকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানতে চাইলে ‘স্বপ্ন’ স্বত্বাধিকারী ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক প্রচার সম্পাদক ফারুক মিয়া জানান, চোরেরা দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রথমেই সবকটি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এরপর সিসি ক্যামেরার ডিভাইসসহ নগদ আনুমানিক ১০ লক্ষ টাকা এবং দোকানের অনেক মূল্যবান মালামাল নিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে।

শ্রীমঙ্গল থানা পুলিশ ছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আকতার হোসেন সহ বিভিন্ন সদস্য বৃন্দ প্রমুখ।

স্ট্রোকের ঝুঁকি এড়াতে গড়ে তুলুন এই অভ্যাস

লাইফস্টাইল ডেস্কঃ রক্তনালি ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া বা মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হওয়াই স্ট্রোক। স্ট্রোকের কারণে শরীরের একপাশ অবশ হয়ে যায়, কথা বলায় দেখা দেয় জড়তা। স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন হয়। অনেকেই মৃত্যুবরণ করেন।

প্রতিরোধযোগ্য অসংক্রামক রোগটি বাংলাদেশে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ঢাকা মেডিকেল কলেজের এক গবেষণা বলছে, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রতি হাজারে প্রায় ১২ জন স্ট্রোকে আক্রান্ত হন। সেই হিসাব অনুযায়ী দেশের ১৬ কোটি জনসংখ্যায় স্ট্রোকে আক্রান্ত প্রায় ১৮ লাখ। আর এর ৬৪ শতাংশই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি।

এই অবস্থায় স্ট্রোকের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে ৮টি অভ্যাস গড়ে তুলতে হবে-  

  • ওজন কমাতে সুষম খাবারের উপরেই ভরসা রাখুন।
  • দামি নয়, দেশি ও সহজলভ্য খাবার দিয়ে থালা সাজান।
  • ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবজি ও দেশি ফল।
  • সপ্তাহে অন্তত পাঁচ দিন আধাঘণ্টা করে দ্রুত হাঁটতে হবে বা ২ দিন ১৫০ মিনিট জগিং করতে পারেন।
  • ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
  • প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে।
  • ব্লাড প্রেশার আর সুগার বেশি থাকলে তা নিয়ন্ত্রণে রেখে চলতে হবে।
  • শরীরচর্চার সময় খেয়াল রাখতে হবে, তা যেন অত্যাধিক পরিশ্রমসাধ্য বা ক্লান্তিকর না হয়।

 

ঠাকুরগাঁওয়ে ডিবি’র পরিচয়ে টাকা তুলতে গিয়ে ২ যুবক আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গত শনিবার ২৯ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে এক জুয়াড় আসর থেকে টাকা তুলতে করতে গিয়ে আলমগীর ও সুজন নামে ২ যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত ওই ২ যুবক পীরগঞ্জ পৌরশহরের মিত্রপাটি এলাকার বাসিন্দা। উপজেলার ফুটানি টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন রবিবার ৩০ অক্টোবর সকালে তাদের ঠাকুরগাও জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ফুটানি টাউন এলাকায় একটি জুয়াড় আসরে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে ওই ২ যুবক। এসময় তাদের আচরণ দেখে সন্দেহ হলে উভয়কে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। রবিবার সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১৫১ ধারায় আদালতে সোপর্দ্দ করা হয়।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক দুই যুবককে ১৫১ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলছে।