অনুসন্ধানী সংবাদ হোসেইনের কাল হয়ে দাঁড়ালো!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায় হোসেইন।

অভিযোগ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে হোসাইন আহমদ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে শহরের পশ্চিমবাজার যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হয়ে রাত আনুমানিক ৯টার সময় সেন্ট্রাল রোডে (এম সাইফুর রহমান সড়ক) মৌলভীবাজার ডাকঘরের সামনে পৌঁছালে তিনটি মোটর সাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকার তার গতিরোধ করে। সাইকেল থেকে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি লাথি দিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে অতর্কিতভাবে মারধর শুরু করে। প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার উভয় পায়ের উরু গুরুতর জখম হয়। পরে তিনি প্রাণরক্ষার্থে দৌঁড়ে পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন। এসময় আশেপাশের লোকজন চিৎকার শুনে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেন। এই প্রতিবেদনের প্রেক্ষিতে সংক্ষুব্ধ কোনো একটি পক্ষ তার উপর হামলা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, এ ব্যাপারে থানায় সাংবাদিক হোসাইন আহমদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসনের দাফন সম্পন্ন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাসদের সভাপতি ও  বীর মুক্তিযোদ্ধা মো.  মকবুল হোসেন (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে নাওডাঙ্গা  ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকায় নিজ বাড়ীর সামনে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শুরুর আগে ফুলবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ও ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসনের বাড়ি উপজেলার নাওডাঙ্গা  ইউনিয়নের কুরুষা ফেরুষা জায়গীরটারী গ্রামে।

রবিবার ভোর ৬ টায় তিনি রংপুর ডক্টরস ক্লিনিকে কিটনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো.ডা: মকবুল হোসনের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধাসহ জেলা ও উপজজেলা জাসদের নেতাকর্মীরা।

জানাযা নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল, উপেজলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মইনুল হক, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল, জেলা  জাসদের সাবেক সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বকসি ঠান্ডা, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাছেন আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, সাবেক চেয়ারম্যান ও জাতীয় পাটির নেতা আলহাজ্ব আব্দুল গফুর, ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সম্পাদক রবিউল ইসলাম বেলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙ্গে নদীতে পড়ে অন্তত ১৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র পাঁচ দিনের মাথায় ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় অন্তত ৫০০ মানুষ সেতুর উপরে ছিলেন। সেতুর উপরে দাঁড়িয়ে অনেকেই লাফালাফি করতে থাকেন। এরপরেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

জানা গেছে, সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। পরীক্ষা করে সেতুর ফিটনেস সার্টিফিকেটও নেওয়া হয়নি। আর তাই দুর্ঘটনার জন্য অনেকে এই গাফিলতিকে দায়ী করছেন।

এদিকে, গুজরাট সরকার এ ঘটনায় মৃত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

 

রাণীশংকৈলে নেকমদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ তিনশ মোটরসাইকেলের সোডাউন এবং প্রায় পাঁচ হাজার নেতাকর্মিদের উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার ২৯ অক্টোবর বিকাল ৫ টায় নেকমরদ বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। 

নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যন মুহাঃ সাদেক কুরাইশী।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আ.লী সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনি জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা আ.লীগ সদস্য ও সাবেক চেয়াম্যান আব্দুল কাদের, উপজেলা আ.লী সহ- সভাপতি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথান আলী, নেকমরদ ইউনিয়ন আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন।

আরও বক্তব্য রাখেন,  জেলা আ.লীগ প্রচার ও প্রকাশা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাহিদ সোহেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,  উপজেলা আ.লীগ সহ সভাপতি আবু শাহীন, যুগ্ন সাধারণ সমাপাদক আহম্মেদ হোসেন বিপ্লব,  যগ্ন সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা আ লীগ সম্পাদক ফরিদা ইয়ামমিন, উপজেলা  যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রেজা,  সাধারণ সম্পাদক রমজান আলী, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হেলালউদ্দিন, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক মাহাফুজা বেগম পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিউর ইসলাম, জাকারিয়া হাবিব ডন, খাদেমুল ইসলাম, রুবেল হোসেনসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক  কাউন্সিলে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী হিসাবে তাদের নাম লেখান। দুই পদের প্রার্থীরা সমঝতায় না আসতে পারায় জেলা স্বেচ্ছাসেবক লীগের পরামর্শক্রমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে কমিটি ঘোষনার নির্দেশ দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ওয়াহিদুর রহমান।

যার যতটুকু জমি আছে কিছু ফলান: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে একসঙ্গে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী বলেন, প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে ধান এবং সরিষা চাষ, শাক-সবজি ও ফলমূল উৎপাদন করলে মানুষের পুষ্টিহীনতা থেকে দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও নিশ্চিত হবে। পরিবেশমন্ত্রী সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে আয়োজিত ‘কৃষক সমাবেশ ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বড়লেখা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, কৃষাণী মনোয়ারা বেগম ও কৃষক আব্দুল খালিক প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার সবধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাকে সচল রাখার সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিবহন এবং খাদ্য প্রাপ্তির যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কারণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোই বলছে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। কাজেই আমাদের বাংলাদেশে যেন কোনো রকম খাদ্যাভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকেই সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, জমি আছে, সবাই সেখানে কিছু না কিছু উৎপাদন করেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১ উপকমিটি গঠন

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (৩০ অক্টোবর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলো হলো, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের; অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব দীপু মনি; অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ, সদস্য সচিব এইচএন আশিকুর রহমান; ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব আব্দুর রহমান; দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেন, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া; মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম; প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ; স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম; গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সেলিম মাহমুদ; স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য সচিব রোকেয়া সুলতানা; সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল; খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।

একাধিক পদে নিয়োগ দিচ্ছে মেট্রোরেল

চাকরির খবরঃ একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আবেদনের সময় শেষ হচ্ছে আগামী সোমবার (৩১ অক্টোবর)। 

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রাজস্ব)
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএতে হিসাববিজ্ঞান/ ফিন্যান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফলপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ৯

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: মার্কেটিং অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএতে মার্কেটিং/ফিন্যান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ৯

৩. পদের নাম: রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্সে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএতে হিসাববিজ্ঞান/ফিন্যান্স মেজর। স্নাতক পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ১০

৪. পদের নাম: মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: মার্কেটিং অথবা ফিন্যান্সে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএতে মার্কেটিং/ ফিন্যান্স মেজর। স্নাতক পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ১০

৫. পদের নাম: ট্রেন অপারেটর
পদসংখ্যা: ২৯
যোগ্যতা: পদার্থবিদ্যা, রসায়ন, গণিতসহ প্রথম বিভাগে স্নাতক অথবা সমপর্যায়ের সিজিপিএ। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ১

৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস টেকনোলজি অথবা সমমানের ডিগ্রি। ডিপ্লোমায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন গ্রেড: ১০

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি; সব শিক্ষাগত যোগ্যতার সনদের ছায়ালিপি এবং অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের ছায়ালিপি সংযুক্ত করতে হবে। খামের ওপরের বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-৯ উল্লেখ করতে হবে। প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপর লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। একজন প্রার্থী একই বেতন গ্রেডের কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন, সমবেতন গ্রেড ও সমযোগ্যতাসম্পন্ন সব পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। উল্লিখিত শর্ত পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ক্রমিক ১ থেকে ৯ নম্বর পদের জন্য ১,০০০ এবং ১০ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরোনো এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২২।

 

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১০০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনন্ত ৩০০ জন। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দেশটির রাজধানী মোগাদিশুতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।

পুলিশ কর্মকর্তা জানায়, দুটি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

 

ফুলবাড়ীতে বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের ছেড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় এ দূঘর্টনা ঘটে।

নিহত মেহেদী ওই এলাকার ফারুক হোসেনের ছেলে এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুর দেড়টার দিকে মেহেদী বাড়ীতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে কারেন্ট থাকাকালীন সময়ে ছেড়া তার মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয় সে। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বগুড়ায় ১৫ দিনের ব্যবধানে কিশোর ও কিশোরীর আত্মহত্যা

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া: বগুড়া শেরপুরে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে উঠতি বয়সের তরুণ-তরুণীদের আত্নহত্যার প্রবনতা। গত ১৫ অক্টোবর শনিবার উপজেলার কুসুম্বি ইউনিয়নে রাব্বি হোসেন (১৭) এবং আজ ৩০ অক্টোবর রবিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নে নুসরাত জাহান নিপা (১৮) নামের দুই তরুণ-তরুণী আত্নহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, রাব্বি হোসেন পরিবারের সাথে বিয়ে সংক্রান্ত বিষয়ে অভিমান করে নিজ ঘরে ১৫ অক্টোবর রাত আনুমানিক ১২ টায় সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অপর দিকে নুসরাত জাহান নিপা একই ভাবে নিজ ঘরে ২৯ অক্টোবর রাতে ঘুমিয়ে পড়ে। ৩০ অক্টোবর সকাল ৯ টায় তার পরিবার তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তবে তার মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা যাচ্ছে না।

নিপার বিষয়ে শেরপুর থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, তারা লাশটি উদ্ধার করেছেন। আইনি প্রকৃয়া শেষে পরিবারের কাছে মৃতের লাশ হস্তান্তর করবেন বলে তিনি জানান।