বাগদাদে ফুটবল স্টেডিয়ামের পাশে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের পাশে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। ইরাকের সামরিক বাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সকে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়।

এদিকে, দেশটির নিরাপত্তা বাহিনী বাগদাদে গ্যারেজে গ্যাসের ট্যাংকার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করছে।

প্রাইভেটকার খাদে পড়ে বাবা-মেয়ে নিহত

অনলাইন ডেস্কঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে বাবা (শরীয়তপুর জজ কোর্টের অ্যাডভোকেট রাশেদুল হক) ও মেয়ে (মাইশা) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জামতলা এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর গ্রামের অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ (৩৮) ও তার ছোট মেয়ে মাইসা আক্তার (২)।

এবং আহতরা হলেন- নিহত রাশেদের স্ত্রী সোহানা আক্তার মিলি (২৬), বড় মেয়ে মেবিন (৬) ও প্রাইভেটকারচালক কামরুল হাসান (২৭)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, গত ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কক্সবাজার ঘুরতে যান রাশেদ ও তার পরিবার। শনিবার রাতে বাড়িতে ফেরার সময় নড়িয়া উপজেলার জামতলা এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল হক ও তার মেয়ে মাইসাকে মৃত ঘোষণা করেন।

আহত ড্রাইভার কামরুল হাসান বলেন, গত বৃহস্পতিবার আমরা কক্সবাজার ভ্রমনের জন্য শরীয়তপুর থেকে রাশেদুল হক স্যার, ম্যাডাম ও তাদের দুই মেয়ে মেবিন এবং মাইশা কে নিয়ে রওনা হই। ভ্রমন শেষে আমরা শরীয়তপুরে ফিরছিলাম। ঢাকায় আসার পরে আমাকে পাশে বসিয়ে স্যার নিজেই ড্রাইভ করছিলেন। কিছু দুর যাওয়ার পরে আমি বারবার স্যারকে নিষেধ করেছি। ম্যাডামও তাকে ড্রাইভ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন সমস্যা নেই। জাজিরা পার হয়ে নড়িয়ার জামতলা আসলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায় প্রাইভেটকারটি।

তিনি আরও বলেন, পরে আমি গাড়ির গ্লাস ভেঙে বের হয়ে এক এক করে অন্যদের বের করি।

নড়িরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

লক্ষ্মীপুরে পিকআপভর্তি সরকারি পাঠ্যবই জব্দ, আটক ২

অনলাইন ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল শনিবার দুপুরে একটি পিকআপভ্যান ভর্তি বিভিন্ন শ্রেণির বিপুল পরিমান সরকারি পাঠ্যবই জব্দসহ ২জনকে আটক করেছে পুলিশ। উপজেলার হাজিরপড়া আল আরাফা দারুল উলুম মাদ্রাসা এলাকা থেকে বইসহ পিক আপচালক বিশাল ও ভাঙারি মালের ব্যবসায়ী মোশাররফকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চলতি বছরে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে মাদ্রাসাটির সুপার নুরুল আমিন চাহিদার তুলনায় অতিরিক্ত বই সংগ্রহ করেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পর বিপুল বই থেকে গেছে। কিন্তু মাদ্রাসা সুপার তা উপজেলা শিক্ষা কার্যালয়ে ফেরত না দিয়ে সংরক্ষণ করেন। শনিবার দুপুরে তিনি বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এ সময় স্থানীয়রা বই ভর্তি পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপচালক ও ভাঙারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে। পিকআপে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই আছে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ ব্যাপারে হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে  এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

শার্শা সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্কঃ যশোরের শার্শার গাজীপাড়া সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ কওছার আলী (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটক কওছার আলী শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন শনিবার রাত ১০টার দিকে শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গাজীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর এক স্বর্ণ পাচারকারী অবস্থান করছেন। এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কওসারকে আটক করে। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৫১ গ্রাম। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে গত ৩ মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ২১ বিজিবির সদস্যরা। যার বাজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।

সোমালিয়ায় বোমা হামলায় নিহত অন্তত ১০০জন

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রোববার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য  নিশ্চিত করে জানিয়েছেন, যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুরাও রয়েছে। বাবা, এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ হামলায় কোনা নামের একজন টিভি রিপোর্টার নিহত হয়েছেন বলে সোমালিয়া জার্নালিস্ট সিন্ডিকেট (এসজেএস) নিশ্চিত করেছে। সুত্রঃ আলজাজিরা।

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ৮৬৯

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৫৯৭ জন।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বুধবার ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৬৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮১ জন এবং ঢাকার বাইরে ৩৮৮ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৭ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৩১ জন। এরমধ্যে মারা গেছেন ১৩৪ জন। সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪০০ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৫১

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে ১৯ বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলের ইটাইওনে শহরে জমাগমে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।  

সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, হ্যালোইন উৎসবে অংশ নিতে এদিন কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদদলিতের ঘটনায় নিহতদের মধ্যে ইরান, চীন, নরওয়ে, উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পদদলনের ঘটনার আগে সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তখন পুলিশ লোকজনকে আর সামলাতে পারেনি। ঘটনাস্থলের পাশেই একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মৃতদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় শোক নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন অনেকে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনার পর বড় আকারে হ্যালোইন উৎসবের অনুমোতি দেয় দেশটি। প্রতিবছর অক্টোবরের শেষে ‘মৃত আত্মাদের স্মরণে’ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়।

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হোসাইন আহমেদ নামে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরস্থ পৌর এলাকাধীন পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেট কার ও তিনটি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা করা হয়। 

ভুক্তভোগী হোসাইন আহমেদ দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

সাংবাদিক হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে প্রাইভেট কার থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হোসেইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া আশেকপুর উপনির্বাচনে জামায়াত প্রার্থীর শোডাউন, পথিমধ্যে সন্ত্রাসীদের হামলা

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার মাস্টারের চশমা মার্কার পক্ষে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে  ব্যাপক শোডাউন হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার রানীরহাট থেকে এ শোডাউন হয়।

সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানপ্রার্থী আনোয়ার শত শত কর্মী, সমর্থক ও ভোটার মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি সহ অন্য যানবাহন নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তায় চশমা মার্কায় ভোট চেয়ে মিছিল করেন। এ সময় প্রতিটি এলাকায় ‘আল্লাহু আকবার’ ও চশমা স্লোগানে প্রকম্পিত হয়। রাস্তার পাশে, বাড়ির উঠানে দাঁড়িয়ে মিছিলকে স্বাগত জানান নারী-পুরুষসহ সব বয়সী মানুষ। মিছিলের অগ্রভাগে ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী আনোয়ার মাস্টার।
মিছিলের মাঝে শাবরুল বাজার মসজিদে আছর নামাজ পরে মাঠে সমাবেশ করেন ও জনসাধারণের উদ্দেশ্য   ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২ নভেম্বর চশমা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
এরপর আবারো শোডাউন শুরু  হলে,ইউনিয়নের নন্দুকুল এলাকায় কিছু সন্ত্রাস বাঁধা দেই, মাইক ও মোটরসাইকে ভাংচুর করেন।
হামলা সম্পর্কে জানতে চাওয়া হলে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন,আমরা সুষ্ঠ ও সুন্দর ভাবে শোডাউন করছিলাম,এর একেবারে শেষের দিকে আনুমানিক ৫.৩০ মিনিটে নুন্দুকুল এলাকায় কে বা কারা আমাদেরকে বিশৃঙ্খলা হট্টগোল করার চেষ্টা করেছিলো,কিন্তু আমাদের কর্মীরা অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করেছে,শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি,আমরা ঘটনাটি প্রশাসনকে জানিয়েছি,তারা আমাদেরকে সহযোগিতা করেছে।
সুষ্ঠ শোডাউনে এমন ঘটনার  ইউনিয়নে সাধারণ লোকজনের মাঝে ব্যপক সমালোচনা শুরু হয়েছে,যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি এলাকার সাধারণ লোকজন তীব্র নিন্দা জানিয়েছে।

৮ বাংলাদেশী ভারতে কারাভোগের পর দেশে ফেরত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে সেখানকার বিভিন্ন জেলহাজতে দীর্ঘদিন কারাভোগের পর বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে মৌলভীবাজারের বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে ৮ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশে প্রত্যাবর্তকারীরা হলেন, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোষ্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি জানান, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভারতে সাজাভোগের পর দেশে প্রত্যাবাসনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। থানা পুলিশ পূর্ব থেকে অপেক্ষমান স্বজনদের নিকট সবাইকে তাদের বুঝিয়ে দিয়েছে পরিবারের নিকট।