রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: কমিউনিটি পুলিশের মূলমন্ত্র “শান্তি -শৃঙ্খলা  সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল থানা  কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার ২৮ অক্টোব  সকাল সাড়ে ১০ টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী  বের হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা কমিনিউটি পুলিশিং এর সভাপতি আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন শাহরিয়ার আজম মুন্না। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আ.লীগ সহ সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।

বিশেষ অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষা এ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষা কর্মকর্তা এমএস রবিউল ইসলাম সবুজ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য প্রভাষক আব্দুল বাতিন স্বপন, ওসি এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যন আলহাজ্ব আবুল হোসেন, আবুল কাশেম, সাবেক চেয়াম্যান ও ধর্মগড় ইউনিয়ন আ.লীগ সম্পাদক সফিকুল ইসলাম মুকুল, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, ইউপি সদস্য ফয়জুল হক প্রমুখ।

এছাড়াও থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, আনসার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ।

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের গণজোয়ার

রাজনীতি ডেস্কঃ ঢাকা জেলা আওয়ামী লীগের ৭ম ত্রিবার্ষিক সম্মেলনে আজ নেতা-কর্মীদের গণজোয়ার দৃশ্যমান হয়েছে। সম্মেলন শুরু আগে থেকেই ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে শুরু করেন। রাজধানীর শেরে বাংলা নগরে (পুরনো বাণিজ্যমেলা প্রাঙ্গণ) দুপুর ২টার পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন উপজেলা থেকে লাল-সবুজ টি-শার্ট ও ক্যাপ পরে ঢাকঢোল-তবলা বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আগত নেতা –কর্মীদের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২২ হাজার চেয়ার বসানো ছিলো। চেয়ার পরিপূর্ণ হলে সুশৃঙ্খলভাবে পেছনে দাঁড়াতে দলের নেতা–কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তখন।

দলীয় ও জাতীয় পতাকা, বেলুন উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সংগীত পরিবেশনের সময় সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা দাঁড়িয়ে দেশের পতাকার প্রতি শ্রদ্ধা জানান। আজকের সম্মেলনের জন্য দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। মূলমঞ্চের সামনে আরেকটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনে সংসদ সদস্য সালমান ফজলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এদিকে, শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনরায় বেনজির আহমেদ এমপি’কে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক নেতা পনিরুজ্জামান তরুণ’র নাম ঘোষণা করেন তিনি।

রাশিয়ার জ্বালানি খাতের ছয় কোম্পানির বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাশিয়ার জ্বালানি খাত নিয়ে কাজ করা ৩৫ ব্যক্তি এবং ৬ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। পাশাপাশি ইউক্রেনকে সহায়তা করার জন্য একটি বন্ড চালু করেছে। খবর এএফপি’র।

কানাডার নিষেধাজ্ঞায় তেল ও গ্যাস জায়ান্ট লুকোয়েল এবং গ্যাজপ্রম ও এর সহযোগী সংস্থাগুলোর সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ার জ্বালানি ও শিল্পমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এবং সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর জুবকভকে রাখা হয়েছে।

রাশিয়ার ন্যাশনাল হকি লীগের সাবেক খেলোয়াড় আলেকজান্ডার ফ্রোলভ এবং দাবা গ্রান্ডমাস্টার অ্যান্তন ডেমচেঙ্কোও এ তালিকায় রয়েছেন। এ নিয়ে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ১ হাজার ৪০০ এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি বন্ড চালু করে তহবিল সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সার্বভৌমত্ব বন্ড হচ্ছে দেশটির জনগণ এবং সরকারকে সমর্থন করার ক্ষেত্রে কানাডীয়দের জন্য সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখার একটি উপায়।

তবে এমন বন্ড ইস্যুর মাধ্যমে কতটা অর্থ উত্তোলন করা হবে সে ব্যাপারে কর্মকর্তারা কিছু বলতে অস্বীকৃতি জানান। আর এ বন্ড বিদেশি ক্রেতাদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে।

 

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ৩৩জনকে কামড়ালো পাগলা কুকুর!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আওতাধীন শহরতলীর আশপাশের এলাকা জুড়ে একটি পাগলা কুকুর কামড়ে একদিনে ৩৩ জন আহত হয়েছেন। আহতরা শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় কুকুরটি মানুষজনকে আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। রাত সাড়ে ৯টা পর্যন্ত কুকুরের কামড় খেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন- খাইছড়া চা বাগানের লক্ষী তাতী (৮) ভাড়াউড়া চা বাগানের রাত্রী উন্নেসা (২৮), উত্তরসুর এলাকার রিহাব মিয়া (১৪), মিশন রোড এলাকার বিজয় দেবনাথ (১০), মুসলিম বাগ এলাকার আল আমিন (১২), সাগরদিঘি রোডের তৃষনা ঋষি (৭), মাস্টার পাড়ার আদিত্য দেব (৭), মিশন রোড এলাকার রিহান (৬), রাজু (২৫), আব্দুর রহমান (২৫), লালবাগ এলাকার আব্দুল আল শরীফ (৬), পশ্চিম ভাড়াউড়ার সিয়াম (১২), সবুজবাগের শ্রাবন (৬), গোলগাও এলাকার মোফাজ্জল (১৩), লাহার পুর এলাকার খোকন দেবনাথ (৫০), রাধানগরের স্বপনা বেগম (৪০), পশ্চিম ভাড়াউড়ার ইদ্রিস মিয়া (২৫), রুপসপুরের শুভাস সুত্রধর (৫০), গদার বাজারের নশাই মিয়া (৪৫), কালিঘাট রোডের রুবেল দাশ (২৭), কামরুল হোসেন (৫৫), আ. মনি (১৫), ক্যাথলিক মিশন রোডের হামিদা বেগম (৩০), গুহ রোডের বিজয় ঘোষ (৩০),  আবু  বক্কর সিদ্দিকি (১৩), হবিগঞ্জ সড়কের সুমন (৩২), উপজেলা সড়কের শাহদত আহম্মদ (৩৪), শাহীবাগ এলাকার রবিউল (১৫), সাইফুল ইসলাম (১৫), বনগাঁয় গ্রামের তাজুল ইসলাম (৩৫), ইছবপুর এলাকার সৈকত দেব (২০, জালালাবাদ গ্যাস ফিল্ডের শান্তনু রায় (৪০) ও কালাপুর এলাকার জুনেদ আহম্মদ (২৩)।

এদিকে, ওই পাগলা কুকুরটিকে আটক করতে রাতেই উপজেলা প্রাণিসম্পদ, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান করা হচ্ছে। কুকুর থেকে সাবধান থাকতে শহরে মাইকিং করা হচ্ছে সাবধানতার জন্য।

চিকিৎসা নেয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়ই হঠাৎ করেই একটি কুকুর মানুষকে কামড় দিচ্ছে।ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেদোয়ান আহ্সান উল্লাহ বলেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমরা কুকুরটিকে আটক করার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে। সবাইকে সাবধানে থাকার জন্য মাইকিং করা হচ্ছে। সাধারণ জনগণের সূত্র মতে জানা যায়, অবশেষে সকলের প্রচেষ্টায় ঐ পাগলা কুকুরটি সাধারণ জনগণ আটক করতে সক্ষম হয়েছে। আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেয়া হবে।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে লোহাগাড়া থানা পুলিশের র‍্যালি

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম সংবাদদাতাঃ ‘কমিউনিটি পুলিশিংয়ের মৃলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত লোহাগাড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। দিবসটি  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা কম্পাউন্ড থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে  গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করে থানা পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃশিবলী নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজানাসহ থানার বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ।

মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার (২৮ অক্টোবর) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন স্থানে বাঁধাদান, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে, চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, গুম, ঘুন, হামলা-মামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলটি বিকাল ৪ ঘটিকায় শহরের কাশীনাথ রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম সাইফুর রোডস্থ রহমানিয়া টাওয়ার গিয়ে শেষ হয়। উক্ত মিছিল পরবর্তীতে প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশীদের সভাপতিত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আহমেদ আহাদ, সহ-সভাপতি আব্দুস শহীদ, সহ- সভাপতি গাজী জাবেদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম শাহেদ, আব্দুল মৌমিন, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সম্পাদক জসিম আহমেদ, নিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির আহমেদ সাফিন, মফিজ আহমদ, আলম মিয়া, সৈয়দ নাহিদ আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আহমদ, মাহবুব চৌধুরী চৌধুরী, বেলাল উদ্দিদ আহমেদ রাজন, সানি আহমেদ সহ পৌর বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের ও ইউনিয়নের নেতা-কর্মীরা।

বাঞ্ছারামপুরে বুধাইর কান্দি ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঐতিহ্যবাহী বুধাইর কান্দি সবচেয়ে আকর্ষনীয় ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। গেলো বৃহস্পতিবার উপজেলার উজানচর  ইউনিয়নের বুধাইর কান্দি গ্রামবাসীর উদ্যোগে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।

আধুনিকতার এ যুগে প্রাচীন ঐতিহ্যবাহী এ কুস্তি খেলাটি দিনদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি থেকে। মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এমন নির্মল উৎসবের জন্য এলাকাবাসী সবসময় মুখিয়েই থাকে। তাই যুবকদের মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে সরিয়ে রাখতে এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই ঐতিহ্যবাহী কুস্তি খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলাতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার  মুরাদনগর, হোমনা, তিতাস,আড়াইহাজার  এক সাইট ও বাঞ্ছারামপুর, মেঘনা ও মুন্সিগঞ্জ ক্লাব থেকে আসা ২ জন সেনাবাহিনীর খেলোয়ার একসাইট। পয়েন্টের মাধ্যমে খেলাটি হয়, বিভিন্ন জেলার কয়েকশত কুস্তি খেলোয়ার এতে অংশ গ্রহন করে। সারারাত ব্যাপী কুস্তিখেলায় ডুগ,টুই উচ্চারনের মধ্য দিয়ে কুস্তিখেলার প্রতিযোগিতায় মেতে উঠেন। স্থানীয়দের মধ্যে খেলাটিকে ডুগ খেলা হিসেবে ব্যাপক ভাবে পরিচিত লাভ করে।

খেলায় চ্যাম্পিয়ন হয় মেঘনা থানার ছাত্তার বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার গ্রাম ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজার হাজার দর্শক  মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি সারা দিনব্যপী উপভোগ করে। খেলাটি বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত গড়ায়।

মেম্বার হাবিবুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি বিশেষ অতিথি উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফাজ্জ্বল হোসেন, ইউপি সদস্য ওয়ারিশ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজুল ইসলাম ছোট তাজ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুুয়েল আহমেদ, পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ, ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, অদুধ মেম্বার, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের আশরাফ আলীসহ গম্যমান্য ব্যাক্তিবর্গ।

বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক মো.নাছির উদ্দিন বলেন, কুস্তি খেলা আমাদের গ্রামের ঐতিহ্য যুগ যুগ ধরে আমরা ঐ খেলা ধরে রেখেছি, আমি ছোট সময় দেখতাম ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলো আমার চাচা রোশন মিয়া এখন বয়সের বাড়ে খেলতে পারেনা। তাই আমরা গ্রামের যুবকদেরকে মাদক, সন্ত্রাসবাদ থেকে দুরে রাখতে ও মানুষের মধ্যে হৃদ্যতা বাড়িয়ে তুলতে বুধাইর কান্দি গ্রামের ঐতিহ্য ধরে রাখতেই এই কুস্তি খেলার আয়োজন করেছি।

উক্ত খেলাটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ও উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক -লীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও সার্বিক সহযোগিতায় আলাউদ্দিন ও জাহাঙ্গীর মিয়া। ধারাবর্ণনায় ছিলেন জনপ্রিয় ভার্ষকার সবার পরিচিতি মুখ হোমনার মনিরুল হক।

খেলায় চ্যাম্পিয়ন ১টি ফ্রিজ বাকী বিজয়ীদের মধ্যে ১টি ৩২” ও ১টি ২৪” টিভি ৬টি মোবাইল মোবাইল সেট,নগদ টাকা, ৪০টি কলসসহ অংশগ্রহনকারী বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরষ্কার বিতরণ করে আগত অতিথিবৃন্দরা।

হরিপুরে নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দিনমজুরের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তোহিদুর নহমান তৈয়ব (৩৮) নামে এক দিনমুজুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত তৈয়ব উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শুক্রবার (২৮) অক্টোবর সকালে উপজেলার গজধুমডাঙ্গীর লোনানদীতে পেতে রাখা কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ সংযোগ করে রাখা তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে তৌহিদুরের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে আরিফ (২০) লোনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরত। প্রায় তার কারেন্ট জাল চুরি হচ্ছিল। জাল চুরি ঠেকাতে সে জালের সঙ্গে ধাতব তার স্থাপন করে বিদ্যুৎ-সংযোগ করে লোনা নদীতে কারেন্ট জাল পেতে আসে। এদিতে তৌহিদুর প্রতিদিনের মতো শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালে জড়ানো বিদ্যুৎ তার স্পর্শ করলে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার পর থেকে কারেন্ট জালের মালিক আরিফ পলাতক রয়েছে। আরিফের বোন কাশমিরা জানায়, আরিফ বাসায় নেই। সে আরো জানান, তাদের অনেক জাল চুরি হয়ে গেছে। এজন্যই চুরি ঠেকাতে আরিফ জালের সাথে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে রেখেছিলেন।
গজধুমডাঙ্গী গ্রামের সুলতান আলী (৭০) জানান, নিহত তৌহিদুর রহমান তৈয়ব একজন দিনমজুর। প্রতিদিন শামুক কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। সে প্রতিদিনির ন্যায় শামুক কুড়াতে লোনা নদীতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট সে মারা যায়। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরো বলেন কারেন্ট জাল দিয়ে মাছ ধরা দেশের আইনে অপরাধ।
নিহতের স্ত্রী জবেদা বেগম জানান, আমার স্বামী  লোনা নদীতে শামুক কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমি এ ঘটনায় ন্যায়বিচার চাই।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে ৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮জন মারা গেছেন। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ।

তিনি বলেন, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। তবে ওই বাড়িতে যারা বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কি না, তাও জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ ঘটিয়েছে কি না। তবে পুলিশ জানিয়েছে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি।

এটি একটি নিরাপদ শহর। এ ধরনের ঘটনা ব্রোকেন অ্যারোর জন্য একটি ধাক্কা।

শ্রীমঙ্গলে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল শহরতলীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ টিপু মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাত ৯ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মিশন রোড এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পরিবহন করছে। এসআই তীর্থঙ্কর এবং থানার একটি দলসহ আরকে মিশন রোডের এসএ এন্টার প্রাইজের সামনে সন্দেহভাজন মনে হওয়ায় টিপু মিয়াকে তল্লাশি করে। তল্লাশির পর তার পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে জব্দ করে আটক করা হয়।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই তীর্থঙ্কর এর সাথে রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আসামি টিপু মিয়ার বিরুদ্ধে পূর্বে ও একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও নারী শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে আদালতে বিচারাধীন অবস্থায় আছেন বলে তিনি নিশ্চিত করেন।