রৌমারীতে ২৭ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে চর শৌলমারী ডিগ্রি কলেজ

সাকিব আল হাসান, রৌমারী, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মধ্যে মানুষ গড়ার অন্যতম বিদ্যাপিঠ চর শৌলমারী ডিগ্রি কলেজ। ১৯৯৫ সালে স্থাপিত হওয়ার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে শিক্ষার মান। এমনকি পুরো উপজেলায় এক নামে পরিচিত কলেজটি। মোটকথা আধুনিকতার সাথে সমান ভাবে তাল মিলিয়ে এগিয়ে চলছে ওই প্রতিষ্ঠান।
বিভিন্ন সুত্রে জানা যায় , অবহেলিত এ জনপদে উচ্চ শিক্ষার আলো ছড়াতে কলেজটি প্রতিষ্ঠা করেন মো: আব্দুর রশিদ চিশতী। বর্তমানে প্রায় ২৫ টি গ্রামের ছেলেমেয়েরা এই কলেজে অধ্যয়ন করছে। ধুমপান ও রাজনীতিমুক্ত এই কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৬৫ জন। কলেজটি বিজ্ঞান, মানবিক, ব্যবসা ও ডিগ্রি শাখা চালু আছে। শিক্ষার্থীদের মনোরম পরিবেশ ও একযাক তরুন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানের কারনে প্রতিবছরেই শতভাগ পাশের সাথে ভাল রেজাল্ট করে আসছে। এ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসাবে ফরহাদ হোসেন যোগদানের পর থেকে শিক্ষক ও কর্মচারীদের মাঝে সমন্বয় ফিরে আসে এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার মান দিন দিন বাড়তে থাকে। বর্তমানে এ কলেজের সুনাম শিক্ষার্থী ও এলাকার অভিভাবকদের মুখে মুখে।
কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও আব্দুস সাত্তার এবং প্রভাষক সোনা মিয়া বলেন, অধ্যক্ষের হাত ধরে এগিয়ে যাচ্ছে কলেজে লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে ও পাশের হার বেড়েছে।
এব্যাপারে অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন বলেন, আমি ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর  এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য নিয়মিত ক্লাশগুলো পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম করা হয়। এরই অংশ হিসেবে বছরের শুরুতেই কলেজে সময়মত শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সংখ্যাবৃদ্ধি, ঝড়ে পড়ার হার হ্রাস, পরীক্ষায় পাশের হার বৃদ্ধি সহ সকল শিক্ষা কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে কাজ করে চলছি। একই সঙ্গে কলেজটির উত্তরোত্তর সাফল্য কামনায় এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

অনাথ দুই মেয়ের বিয়ে দিলেন ডিসি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতব্য রঙিন আলোকসজ্জা আর কাগজের ফুলে সাজ সজ্জায় রব। দেখে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। বাস্তবেই সমাজকল্যাণ অধিদপ্তরের এই কেন্দ্রটি আজ বিয়ে বাড়িতেই পরিণত হয়েছে। এখানে বেড়ে উঠা দুই অনাথ মেয়ে শাকিলা ও নয়ন তারার বিয়ে হলো গেল বৃহস্পতিবার।

গেল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সঙ্গে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বির এর সঙ্গে কনে নয়ন তারার বিবাহ সম্পন্ন হয়। মা, বাবা ও ঠিকানাহীন এই দুই কন্যার অভিভাবক হয়ে বরের হাতে তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। বিয়েতে উপহার হিসেবে নববিবাহিত দুই পরিবারকে নগদ এক লাখ করে মোট দুই লাখ টাকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাকিলা ও নয়ন তারার বিয়ে দেখে উৎফুল্ল এই কেন্দ্রে থাকা আরও ত্রিশ চল্লিশটি মেয়েও। তারাও তাদের দুই সহনিবাসীর জন্য শুভ কামনা জানাচ্ছেন। এতিম মমতা বেগম বলেন, তাদের দুই জনের বিয়ে হচ্ছে দেখে আমরা আনন্দিত। আমরা আশা করছি আমরা এখানে যারা আছি, তারা এভাবে নতুন করে জীবন ফিরে পাবো। আমরা আমাদের পরিবার হারিয়েছি কিন্তু নতুন করে আবার বাঁচতে পারবো।

এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এ কে এম মিজানুর রহমান বলেন, যখন বিয়ের প্রস্তাব আসে, তখন পাত্র পক্ষ ও পাত্রী উভয়ের মতামত আমরা নিয়েছি। আমার শাকিলা সেলাই শিখেছে আর নয়ন তারা সেলাই ও ড্রাইভিং জানে। তারা যেমন সুন্দর তেমনি দক্ষও। আমরা আজ সুন্দরভাবে তাদের নববিবাহিত জীবনের পদার্পণ করে দিলাম।

বিয়ে ও গায়ে হলুদে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সাইফুর রহমান বাবুল প্রমুখ।

জানা যায়, শাকিলা ও নয়ন তারা বাল্য কালেই হারিয়ে যায়। তাদের বাবা-মাসহ তাদের নেই কোনো পরিচয়। বড় হয়েছে সরকারি শিশু পরিবারে। যখন ১৮ বছর বয়স হয়, তখন তাদের নিয়ে আসা হয় মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এরপর তাদের বিয়ের আলাপ আসে। এগিয়ে এলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। বরপক্ষের সঙ্গে কথা বলে ধার্য করলেন বিয়ের দিন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বিয়েতে উপহার হিসেবে নগদ দুই লাখ টাকা উপহার পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, আমাদের মৌলভীবাজারের জন্যও আনন্দের একটি দিন, কারণ আমাদের শিশু পরিবারের শাকিলা ও নয়ন তারার বিয়ে হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস এটির আয়োজন করেছে। গতকাল তাদের গায়ে হলুদ হয়েছে আজ তাদের বিয়ে হচ্ছে। তাদের আগামীর জীবন ফুলে ফলে সুরভিত হোক, আমরা সেই কামনা করি। প্রধানমন্ত্রী তাদের প্রতি শুভ কামনা জানিয়ে এক লাখ করে দুইজনকে দুই লাখ টাকা উপহার দিয়েছেন। এভাবে আমরা আমাদের এই শিশু পরিবারের সদস্যদের ভবিষৎ উন্নয়নের জন্য যথাযত সম্ভব প্রচেষ্টা চালিয়ে যাব।

৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। নয় মাসে প্রায় চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর এদের বেশির ভাগই স্কুলছাত্রী।

পড়াশোনার চাপ আর পরিবারের গগনচুম্বী প্রত্যাশাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং সেন্টার না থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহায় এই প্রবণতা বাড়ছে বলে মত মনোবিজ্ঞানীদের। আর ফলনির্ভর শিক্ষাব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের।

বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের জরিপ বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৪০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি ২১৯ স্কুল শিক্ষার্থী রয়েছে তালিকার শীর্ষে। এরপরই রয়েছেন কলেজ শিক্ষার্থীরা-৮৪ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন ৫৭ আর সবচেয়ে কম ৪৪ জন মাদ্রাসার শিক্ষার্থী।

আত্মহত্যার পথ বেছে নেয়া এই ৪০৪ জনের মধ্যে ২৪২ জনই নারী শিক্ষার্থী। 

মনোবিজ্ঞানীদের মতে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নেই মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নামমাত্র এই সেবা থাকলেও অপ্রতুল। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কাউন্সেলিং সেন্টার স্থাপনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে শিক্ষার্থীদের পরামর্শ মনোবিজ্ঞানীদের।

মনোবিজ্ঞানী কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সব স্কুলে কাউন্সিলর নেই। আবার কাউন্সিলর থাকলেও অনেক সময় তা কাজে আসে না। কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীদের জানতে হবে তার সমস্যা কোথায় এবং কার সঙ্গে পরামর্শ করলে তিনি ভালো সমাধান পাবেন। অনেক সময় শিক্ষার্থীরা ভয়ে কিছু বিষয় লুকিয়ে রাখে। এতে কাউন্সেলিং ভুল পথে যায়। তাই পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, শিক্ষক এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, হতাশা থেকে আমাদের কোনো কোনো শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। পরিবারে কোনো সন্তান হতাশাগ্রস্ত থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি।

ফলস্বর্বস্ব শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যা শিক্ষার্থীদের বিকাশ বাধাগ্রস্ত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অবশ্য সংকট উত্তরণে শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবাদানের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্কঃ মৌসুমি ঝড়ের প্রভাবে অব্যাহত ভারি বৃষ্টিপাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিন্দানাও অঞ্চলে। বন্যার পানি ঢুকে পড়েছে কাপিজ প্রদেশের কয়েকটি অঞ্চলে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা। সেই সঙ্গে স্থানীয় প্রশাসন বন্যার্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

আবহাওয়া দফতর জানায়, মৌসুমি ঝড় নালগেই বর্তমানে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে এলেও গতিপথ পরিবর্তন করে এটি শনিবার (২৯ অক্টোবর) নাগাদ উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপের দিকে অগ্রসর হবে।

এদিকে, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে। এখনও পানির নিচে বিস্তীর্ণ এলাকা। বন্যার পানি নামতে শুরু করায় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উডবার্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘরবাড়ি ও রাস্তাঘাটের পাশাপাশি চলমান বন্যায় শহরটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলতি বছর তৃতীয়বারের মতো বন্যার ধাক্কায় টালমাটাল নিউ সাউথ ওয়েলস প্রশাসন বন্যা-পরবর্তী পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নে এরই মধ্যে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

 

মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ বাংলা ১৪২৮ সনের জন্য ইজারা দেওয়া হয়েছে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল। কিন্তু নদী থেকে বালু উত্তোলন না করে ইজারাদার অবৈধভাবে কেটে নিচ্ছেন পাড়সংলগ্ন ফসলি জমির মাটি। স্থানীয়দের কোনো বাধাই তোয়াক্কা করা হচ্ছে না। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের কবলে পড়েছে নদীর পাড় সংলগ্ন ফসলি জমি, ফলদ ও বনজ বাগান। চরম হুমকিতে রয়েছে শশ্মানঘাট, খেয়াঘাট, বাজার রক্ষা বাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, মাদ্রাসা, ঈদগাহসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ। চরম হুমকিতে পড়েছে ফকিন্নি নদীর ওপর নির্মিত সেতু। ইজারাদারের অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মিলছে না।

অবশেষে ইজারাদারের কবল থেকে ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠানসহ ফকিন্নি নদীর সেতু বাঁচাতে আজ বুধবার বিকেলে ত্রিমোহিনী এলাকায় নদীর সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন ভূমি মালিক, নুরুল্লাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নুরুল্লাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলে রাব্বী তারেক, সহকারী শিক্ষক কামরুজ্জামান, ভূমি মালিক আল মামুন, স্থানীয় বাসিন্দা সোহেল রানা, শিক্ষার্থী হালিমা আক্তার শান্ত, আশিকুজ্জামান অন্ত প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলা ১৪২৮ সনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল ইজারার জন্য দরপত্র আহবান করা হয়। এতে ৫২ লাখ ৯৪ হাজার ৭০১ টাকায় এ বালুমহাল ইজারা নেন নকিব এন্টারপ্রাইজ। ইজারাদার নদী থেকে বালু উত্তোলন না করে খননযন্ত্র দিয়ে পাড় সংলগ্ন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের ফসলি জমি, ফলদ ও বনজ বাগানসহ বিভিন্ন প্রতিষ্ঠান চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, বাধা নিষেধ করার পরও গায়ের জোরে মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইজারাদার। নওগাঁ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। অবিলম্বে মাটিকাটা বন্ধসহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।

এ প্রসঙ্গে ইজারাদার রহমতুল্যা মোল্লা বলেন, দরপত্রের মাধ্যমে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল ইজারা নেওয়া হয়েছে। নীতিমালা অনুয়ায়ী বালু উত্তোলন করা হচ্ছে। এখানে বিদ্যালয়ের সম্পত্তি দখল করে মাটি কাটা হয়নি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নামে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছে জামায়াত

রাজনীতি ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নির্বাচন ভবনে দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। প্রতিনিধি দলটি আবেদনে ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট সংযুক্ত করেছে।

অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আমরা নিবন্ধনের সব শর্ত পূরণ করেই বিডিপির আবেদন জমা দিয়েছি। আশা করি, আমরা ইসিতে নিবন্ধিত হব এবং আমরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হব। আমরা প্রায় ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট সংযুক্ত করেছি।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে ইসলামীর নেতারা।

রাণীশংকৈলে শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথম বারেরমতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৭  অক্টোবর) বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন রাণীশংকৈল ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  রাহিমউদ্দিন, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার বেলালউদ্দীন সরকার, বাশিস সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, বাশিস সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদ সম্পাদক শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রভাষক আমিরুল ইসলাম, নেকমরদ কারিগরি কলেজ সহকারি অধ্যাপক মনিরুজ্জামান মনি ও রুকুন্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, সহকারি অধ্যাপক শাহজাহান আলী, বীর মুক্তিযুদ্ধা হাবিবর রহমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সহ-সভাপতি হুমায়ুন কবির, ইডুকো বাংলাদেশি প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিওর প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খাইরুল আলম, প্রধান শিক্ষক কুশমত আলী।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। পরে কৃতি শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।

গত এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ গত এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইল। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে দামেস্কের কাছাকাছি কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায় তারা।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সেখানে কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে। সাধারণত সরকারি স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল দিয়ে দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়া আকাশ প্রতিরক্ষার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ব্রিটেনভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরাইল দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এসব হামলা চালিয়েছে।

আত্রাইয়ে শিক্ষক দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটরিয়াম হল রুমের সন্মুখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা আজাদ সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ মাহবুব আলম দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেন্দ্র নাথ রনি,আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন প্রাং, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বুলবুল আহম্মেদ, গুড়নই দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌওলানা জারজিজার রহমান,খোন্জর জয়সারা উচচ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আকতার, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধিভূষন সরকার প্রমূখ।

প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে অংশ নেন সহস্রাধিক শিক্ষক। 

শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষার্থী কত নম্বর পেল তা যেন মুখ্য না হয়; দেখতে হবে সে কতটা মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে উঠছে। সব ধরনের চারিত্রিক ও মানবিক গুণাবলী থাকার প্রয়োজন শিক্ষকদের। সবার কাছেই শিখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে যে কোনো সংকটে শিক্ষার্থীরা যেন শিক্ষক ও অবিভাবকদের পাশে পায়। অন্যথায় শিক্ষার্থীরা প্রত্যাশার চাপ নিতে পারবে না। কাজেই শিক্ষকদের সে রকম দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।

তিনি বলেন, শিক্ষাখাতে যে বাজেট তা বৃদ্ধি পেয়েছে। যে রূপান্তরের কথা আমরা বলছি, তাতে সবার দায়িত্ব পালন করতে হবে। ভালো কিছু চাইলে ভালো পরিবেশ লাগবে। এ জন্য শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আরো বড় পরিসরে শিক্ষক দিবস উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে উঠে আসে দেশের শিক্ষা ব্যবস্থা। আজকের যে শিক্ষা খাতের সংকট তা আগের ২১ বছরের ধারাবাহিকতা। এটা খুব দ্রুত সমাধান করা কঠিন। তবে আশার কথা, বিনিয়োগ বাড়ছে, শিক্ষার মানও বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও বৈশ্বিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে না থাকলেও দক্ষিণ এশিয়ায় অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।

এছাড়া প্রাথমিক শিক্ষা সচিব বলেন, একজন শিক্ষককে নিষ্ঠা, শ্রম, মানবিকতা, ভালোবাসা ও মমতা দিয়ে কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য। শিক্ষককে মূল জায়গা থেকে নেতৃত্ব দিতে হবে।