আমতলীতে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল আহসান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তুহিন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার,কোম্পানী অধিনায়ক র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩/০৪/২০২২ইং তারিখ আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, বরগুনা জেলার আমতলী থানাধীন সাখারিয়া বাজার হইতে গলাচিপাগামী রাস্তার অনুমান ৩০ গজ দূরে পাঁকা রাস্তার উপর কে বা কাহারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রুবেল খাঁন (২২), পিতা-মোঃ বিল্লাল খান, মাতা-আসমা বেগম, সাং-সংকরপুর, ০৮নং মাদার বুনিয়া ইউপি, ০৫নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তাহার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ০৩ কেজি ৭০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,১১,০০০/- (এক লক্ষ এগার হাজার) টাকা।

ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

উদ্বোধনের ২৮ দিনেও আযান ও নামাজ হয়নি ফুলবাড়ী মডেল মসজিদে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন। কিন্তু ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগ সম্পন্ন না হওয়ায় উদ্বোধনের ২৮ দিন পেরিয়ে গেলেও আযান ও নামাজ হয়নি এ মসজিদে। ফলে স্থানীয় মুছল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পরিষদ চত্বরে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ৪০ শতক জমির উপর নির্মিত হয় তিন তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ।  গণপুর্ত বিভাগের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত ঠিকারদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শেষ করে গত ফেব্রুয়ারী মাসে মসজিদটি প্রশাসনের নিকট হস্তান্তর করে । এদিকে গত ৯ জানুয়ারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে দরখাস্ত আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মসজিদ পরিচালনা কমিটি । বিজ্ঞপ্তি অনুযায়ী ইমাম পদে ১৫ জন, মুয়াজ্জিন পদে ১০ জন ও খাদেম পদে ৭ জন প্রার্থী আবেদন করেন।

গত ১৬ ফেব্রুয়ারী যথারীতি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অজ্ঞাত কারণে ফলাফল প্রকাশ না করে চলতি এপ্রিল মাসের ৪ তারিখ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এ নিয়ে উপজেলার সর্বত্র আলোচনা – সমালোচনা শুরু হয়।

স্থানীয় মুছল্লি ফরহাদ হোসেন, শাহজাহান আলী ও মুকুল মিয়া জানান, চলতি রমজানে মডেল মসজিদে তারাবির নামাজ আদায় করার আশা ছিল। কিন্তু আমাদের সে আশা মনে হয় পূরণ হবে না। তারপরও ঈদের আগে মডেল মসজিদের নিয়োগ সম্পন্ন করে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, নিয়োগ জটিলতা নয় । যেহেতু স্থানীয়ভাবে ও উপজেলা পরিষদের অর্থ দিয়ে তাদেরকে বেতন দেয়া হবে। সে কারনে আবেদনকারীদের কাগজপত্র ও অন্যান্য বিষয়গুলো ভাল করে যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। পরে নিয়োগ কমিটির সদস্যের মতামতে পুণঃনিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়া পর্যন্ত পুণঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নীতিমালা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, মডেল মসজিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি কমিটি রয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সু-সম্পন্ন করার লক্ষ্যে কমিটিকে অবগত করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে মুসল্লিরা মডেল মসজিদে নামাজ আদায় করতে পারবে।

অবরুদ্ধ বিজিবিকে উদ্ধার করলো পুলিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক চোরাকারবারির বাড়িতে অভিযানে গিয়ে ৩ বিজিবি জোয়ানকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিজিবির তিন জোয়ানকে উদ্ধার করে।

বিজিবির জোয়ানরা হলেন, মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন, নায়েক আমিরুল হাসান ও সিপাহি সাব্বির আহমদ।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুরের দিকে উপজেলার গাজীপুর এলাকার চোরাকারবারি মোজাম্মিলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান উদ্ধারে অভিযানে যায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মুড়ইছড়া ক্যাম্পের একটি দল। দুপুরের দিকে বিজিবির জোয়ানরা মোজাম্মিলের বাড়িতে গেলে মোজাম্মিল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় পালাতে গিয়ে তিনি একটি খালে পড়ে গিয়ে গুরুতর আহন হন। এ ছাড়া বিজিবি’র জোয়ানরা তার কাছে চাঁদাও দাবি করেন বলে অভিযোগ তুলেন এলাকাবাসী।

এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবি’র ওই তিন জোয়ানকে অবরুদ্ধ করে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও জয়চণ্ডী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আহমদের বরাতে জানা যায়, বিজিবি’র সদস্যরা কিছুদিন পরপর মোজাম্মিলের বাড়িতে এসে অভিযানের নামে তাকে হয়রানি করেন। বুধবার দুপুরে অভিযানের নামে মোজাম্মিলের বাড়িতে এসে চাঁদা দাবি করলে তিনি বিজিবিকে টাকা দিতে না পারায় তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার হাল্লা চিৎকারে আশপাশের স্থানীয় জনতা একত্রিত হয়ে বিজিবি’র সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজ জানায়, উপস্থিত স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে পরে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আসার পরে পরিস্থিতি থমথমে থাকায় পুলিশকে খবর দেওয়া হয়।

চাঁদার বিষয়টি অস্বীকার করে বিজিবি’র মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন জানান, মোজাম্মিলের বাড়িতে ভারতীয় অবৈধ বিড়ি রয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করতে যাই। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোজাম্মিল তার ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একটি খালে পরে পায়ে ব্যথা পান। এ সময় কোনোকিছু বুঝে উঠার আগেই স্থানীয় জনতা একত্রিত হয়ে আমাদের অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বিজিবি’র সদস্যদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

বরগুনায় তীব্র গরমে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় তাপদাহে  অস্থির জীবনযাপন, তীব্র গরম পড়ে এবং দাবানলের অনুভূতি হয় অর্থাৎ দাবানলের মতো দাহ। তাই  বরগুনায় দাবদাহের কারনে হিট স্ট্রোকে কমলেশ ভদ্র (৪০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে পোল্টি ফার্মের গাড়ি থেকে মুরগী নামানোর সময় অসুস্থ হয়ে মারা যান তিনি।মৃত কমলেশ ভদ্র বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের জাপানি ব্যারাকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ২৫ বছর যাবৎ বরগুনা শহরে হ্যান্ডেলিং লেবারের কাজ করে আসছিলেন।

জানা যায়, পোল্টি ফার্মের একটি গাড়ি থেকে মুরগী নামানোর কাজ শেষ হওয়ার পর, সদরঘাট জামে মসজিদের সিঁড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কমলেশ ভদ্র। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তানিয়া পারভীন জানান, হাসপাতালে আসার আগেই কমলেশের মৃত্যু হয়েছে। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: অতিরিক্ত গরমের কারণে নওগাঁর আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে যাদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।

আত্রাই উপজেলা হাসপাতালসূত্রে জানায়, গত এক সপ্তাহ ধরে গরমের তীব্রতা বাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এসব রোগীর মধ্যে বয়স্ক মানুষের চেয়ে শিশু রোগীর সংখ্যা বেশি। প্রতি দিন বিশ থেকে পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসা নেয়।

তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন প্রচন্ড গরমে বিশ/পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আছে।

গত চব্বিশ ঘন্টায় উনিশ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

আত্রাই উপজেলা হাসপাতালের টিএইচএ ডাঃ রোকসানা হ্যাপী জানান, প্রচন্ড গরম বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ে। সকলকে সতক থাকার আহ্বান জানান তিনি।

অস্ট্রেলিয়া উপকূলে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে তীব্র হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইলসা’। শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে অথবা শুক্রবার সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে। খবর সিএনএন।

আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা।

এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর বিওএম জানায়, আকরিক লোহা রফতানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়।

ঘূর্ণিঝড় ‘ইলসা’ সর্বশেষ উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঘূর্ণিঝড় সামনে রেখে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নানা ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় বলা হয়। ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় তার সরব উপস্থিতি দেখা যায়। এবার টাইগার অলরাউন্ডারের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে। অবশ্য গতকালই ভক্তদের সঙ্গে এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এটি মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র। সম্প্রতি সাকিবের কাছে কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিকেটের বাইরে এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু মুখে না কাজে করেন, আরও একবার তার প্রমাণ দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। এতে সাকিব ছাড়াও অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় লোকজন বানরটিকে আটক করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বানরটিকে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা সেটিকে ধরে খাঁচায় আটকে রাখেন। রাতেই স্থানীয়রা বিষয়টি জানাতে বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা পরিবেশকর্মী খোর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় খোর্শেদ বানরটি সম্পর্কে স্থানীয়দের জানালে রাত সাড়ে ১২টা দিকে তারা সেটিকে ছেড়ে দেন।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটিকে রাতে আটক করেন এলাকার লোকজন। পরে সেটিকে খাঁচায় রাখা হয়। মূলত ফসলের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা করে স্থানীয় লোকজন এটিকে আটক করেন। রাতে স্থানীয়রা বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হবার পর এক পরিবেশকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বানরটি বিরল প্রজাতির ও নিশাচর। এরা কারও কোনো ক্ষতি করে না এবং পরিবেশের জন্য ভালো। বানরটি সম্পর্কে জানার পর সেটিকে পরে ছেড়ে দেওয়া হয়।

পরিবেশ কর্মী খোর্শেদ আলম বলেন, লজ্জাবতী এই বানরটি বিরল প্রজাতীর। এটি মূলত নিশাচর প্রাণী। এরা পোকামাকড় ও গাছের কষ খেয়ে জীবন যাপন করে বেঁচে থাকে। খাবারের সন্ধানে হয়ত প্রাণিটি লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় লোকজন প্রাণিটি সম্পর্কে তেমন ধারণা ও বিষয় সম্পর্কে জানতেন না। তাই তারা এটিকে আটক করেন। পরে তাদের বুঝিয়ে বলায় রাতেই তারা বানরটিকে ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন।

যে বদ অভ্যাস শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ

স্বাস্থ্য ডেস্কঃ কিছু বদ অভ্যাস রয়েছে যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে আমরা ডায়াবেটিস, রক্তচাপ, হজমে সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হয়ে থাকি। আমরা চাইলেই একদিনে এসব অভ্যাস বদলাতে পারব না। তবে সময় থাকতেই সচেতন হওয়া জরুরি। এমন কিছু দৈনন্দিন অভ্যাস  আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যার কারণে আমরা প্রায়ই অসুস্থ থাকি।

ক্ষুধা ছাড়া খাওয়া

একটি নির্দিষ্ট সময়ে খাওয়া-দাওয়া করুন।  ক্ষুধা ছাড়া খেলেই খাবার হজমে সমস্যা হয়। এতে আমাদের পাচনতন্ত্র আরও বিপর্যস্ত হয়। তাই একটু পরপর বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন। ক্ষুধা ছাড়া খেলে আমাদের লিভারের উপর চাপ পড়ে। হজমে সমস্যা হয়। তাই শুধুমাত্র ক্ষুধার্ত অনুভব হলেই খেয়ে নিন। ক্ষুধা ছাড়া খাওয়া আপনার অন্ত্রে ব্যাঘাত ঘটাতে পারে।

দেরিতে ঘুমাতে যাওয়া

সারারাত ধরে স্মার্টফোন চালানোর অভ্যাস অনেকের আছে। এর জন্য রাতে ঘুমাতে দেরি হয়। এটি একটি বাজে অভ্যাস। যা আমাদের হজমের স্বাস্থ্যের সাথে জড়িত। দেরিতে ঘুমালে দেহের পুষ্টি শোষণ প্রক্রিয়ার ক্ষতি করতে পারে। রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। সন্ধ্যা ৭-৭:৩০ এর মধ্যে রাতের খাবার খেয়ে ফেলুন। তাহলে আপনার শরীর খাবার থেকে পুষ্টি শোষণ করার জন্য ক্ষমতা বজায় রাখবে।

রাতে দেরিতে ঘুমাতে গেলে ঘুমের মান ভাল হয় না। এতে মানসিক সমস্যা, ভিটামিনের অভাব, অন্ত্রের স্বাস্থ্যের দুর্বলতা ইত্যাদির দেখা দেয়।

রাত ৯ টার পর খাবার খাওয়া 

রাত ৯ টার পরে খাওয়া খুবই বাজে অভ্যাস। সব স্বাস্থ্য সমস্যার কেন্দ্রবিন্দু এটি হতে পারে। গভীর রাতে খেলে বিপাকে নেতিবাচকভাবে প্রভাব ফেলে। ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বেড়ে যায়। তাই রাতে তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভাল।

সূর্যাস্তের আগে বা এক ঘন্টা পরেই রাতের খাবার খেয়ে ফেলুন। রাত ৮ টার পর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তার ৯ টার পর খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। এ ছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, স্থূলতা, হার্টের সমস্যাও হতে পারে।

মাল্টি-টাস্কিং

আমরা অনেকেই একসাথে একাধিক কাজ করে থাকি। এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করে। মাল্টি-টাস্কিং স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, মাল্টি-টাস্কিং শরীরে স্ট্রেস হরমোন বাড়ায়। তাই একবারে একটি কাজ করুন। এতে আপনার স্ট্রেস কমবে। দিন শেষে আপনাকে শান্তি দেবে।

অতিরিক্ত ব্যায়াম

ফিট থাকতে ব্যায়ামের বিকল্প নেই। তবে তা অতিরিক্ত করা ভাল না। বেশি ব্যায়াম করলে আমরা ক্লান্তি বোধ করি। অতিরিক্ত ব্যায়ামের কারণে রক্তপাতের ব্যাধি, শ্বাসকষ্ট, কাশি, জ্বর, অত্যধিক তৃষ্ণার অনুভব এবং বমিও হতে পারে। ব্যায়াম করলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। তা না হলে শরীর দুর্বল হয়ে যাবে।

 

রাণীশংকৈলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দের প্রথমদিন অর্থাৎ আগামী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা গত বুধবার ১২ এপ্রিল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিকনেতা -সাংস্কৃতিককর্মি, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে সকলকে অবগত করেন। এবং পহেলা বৈশাাখ উদযাপনে সরকারি নির্দেশনা মোতাবেক বর্ণিল ও সুষ্ঠুভাবে বৈশাখ উদযাপনের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি-উপ-কমিটি ও সংশ্লিষ্ঠ্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য: নির্ধারিত কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উদযাপনে- মঙ্গল শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।