উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের একটি আবাসিক স্কুলে আগুনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। 

দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু, বিবিসিকে জানান, রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরে অবস্থান স্কুলটির। সোমবার মধ্যরাতে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। ছড়িয়ে পড়ে ছাত্রীদের হোস্টেলে। মৃত ও দগ্ধ শিশুদের বয়স ৭ থেকে ১০ বছর। মৃত বাচ্চাদের শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি এখনও। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ভবনটিতে। বৈদ্যুতিক সংযোগের অবস্থাও বেশ নাজুক। ২০২০ সালে আগুনে পুড়ে যায় দু’টি বোর্ডিং স্কুল। তবে দগ্ধ বা প্রাণহানির ঘটনা হয়নি। ২০১৮ সালে রাজধানীর একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ১৯ শিশুর।

অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বছরের শিশু নাসালির মা জেনিফার নাসোজি বলেন, নাসালি তার স্কুলে ভালো করছিল। যখনই ওকে দেখতে স্কুলে আসতাম, নাসালির বন্ধুরাও দৌড়ে আসতো খুশিতে। কতটা কষ্ট হচ্ছে তা বলে বুঝাতে পারবো না।

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়?

শিক্ষা ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। জানা গেছে, এরই মধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও আবার শেষ ধাপে উত্তরপত্র মূল্যায়ন যাচাই করা হচ্ছে।

তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। তিনি বলেন, ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এরপর সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ হবে।

উল্লেখ্য, এ বছর ১১টি বোর্ডের অধিনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।

ডেঙ্গুতে চলতি বছর ১১৮ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৮ জন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫০ জন। এরমধ্যে ঢাকায় ৪৯৪ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন ভর্তি হয়েছে।

জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৪ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২২৪ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ১৯২ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩২ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৮২ এবং ঢাকার বাইরে ৯ হাজার ৬৩৪ জন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৭৮৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮ হাজার ৬৭৭ জন।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভিস। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেস শহরের কাছে আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী ম্যানিলায় পর্যন্ত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে; যা এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্ষতির খবর।

ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেন, ভবনগুলো কাঁপছিল। তাই মানুষ বাইরে ছুটছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাইরের সড়কে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে।

হাসপাতালের কর্মী টম তেবিজ ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভবনটি পরীক্ষা করার সময় কর্তৃপক্ষ আমাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।

ডোলোরেস শহরটি আবরা প্রদেশে অবস্থিত। প্রদেশটির বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত জানা যাবে না।

উল্লেখ্য, জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল সৃষ্টি হলে ১১ জন নিহত হয় এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়। ২০১৩ সালের অক্টোবরে একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প দেশটির কেন্দ্রীয় দ্বীপ বোহোলে আঘাত হানে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়।

 

সৌদি আরবে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার

প্রবাসী ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কি.মি দূরে অবস্থিত আরআর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। 

একটি সৌদি রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে মর্মে জানতে পেরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) তাদের দ্রুত উদ্ধার করে দেশে প্রেরণ করার জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজ এর মাধ্যমে উক্ত নারী কর্মীদেরকে সৌদি আরবে এনে সৌদি নিয়োগ কর্তাদের বাসায় কাজে প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সঙ্গে তাদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোন চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা প্রদান করে।

এ প্রেক্ষিতে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ২৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযুক্ত সৌদি রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে প্রেরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী নৌকায় আগুন লেগে ১৪জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ২৪০ জন যাত্রীবাহী একটি নৌযানে আগুন লেগে কমপক্ষে ১৪জন নিহত হয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গন্তব্যে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে নৌযানটি। উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি।

প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনাকবলিত ওই নৌকার নাম কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭। এটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় ২৩০ জন যাত্রী এবং ১০ জন ক্রু অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নৌকায় আগুন ছড়িয়ে পড়ার পর কুপাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এবং আশপাশের জাহাজের উদ্ধারকারীরা ২২৬ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি এবং নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে যাত্রী পরিবহনের জন্য প্রায়শই ফেরি ও নৌকা ব্যবহৃত হয়ে থাকে এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থাও বেশ দুর্বল।

 

সিত্রাংয়ের আঘাতে ড্রেজারডুবিতে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্কঃ চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বালুবোঝাই ড্রেজারডুবির ঘটনায় ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে মীরসরাই উপজেলার শায়েরখালী ইউনিয়নে বঙ্গবন্ধু ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের তিন নম্বর জেটি সংলগ্ন সাগরে ড্রেজারটি ডুবে যায়।

মারা যাওয়া শ্রমিকরা হলেন: ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, শাহীন মোল্লা, আল আমিন, মো. তারেক ও বাশার। অন্য দুজনের নাম জানা যায়নি। তবে ড্রেজারটি থেকে এক শ্রমিক তীরে আসতে সক্ষম হয়েছেন। ওই শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকায়।

ড্রেজারটি থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামে তাদের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি ৮ শ্রমিক আটকা পড়েন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকেরা নৌকা নিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। তখন তারা ভেতরে আটকা পড়া শ্রমিকদের মৃত অবস্থায় দেখেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ জাতীয় স্যনিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ যৌথভাবে এই কর্সূচীর আয়োজন করে। মঙ্গলবার দুপুর ১ টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে “বর্জ‍য়ের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যনিটেশন” শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনা সভায় অন্যানের মধ্যেবক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।

শুরুতেই হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন ব্র্যাক প্রতিনিধি ইশতিয়াক হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা  শিক্ষা মো: লুৎফর রহমানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

ছেলের হাতে মা খুন!

অনলাইন ডেস্কঃ ছেলের হাতে মা খুন হয়েছেন মা, এমনি চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে টাঙ্গাইল সদর থানা শহরের ২ নং ওয়ার্ড বল্যা এলাকা থেকে। ঘাতক ছেলে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। নিহত সালমা বেগম (৫০) ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী শেকের স্ত্রী। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ছেলে আবুল কালামকে (৩০) আটক করেছে। 

ছেলের হাতে মা খুন!

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক বছর যাবৎ কালাম মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কালাম মাদক ক্রয়ের জন্য তার মার নিকট টাকা চায়।কিন্তু তার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় কালামের ছোট ভাই বাড়ির বাইরে গেলে কালাম তার মাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মায়ের লাশ কম্বল পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত আবুল কালামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ এক্সিকিউটিভ-রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনাল অডিট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে এসিসিএ, সিআইএ, সিএ, সিএমএ কোয়ালিফাইড হতে হবে। প্রার্থীর দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে (বিশেষ করে এক্সেল) অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ ঢাকা।

বেতনঃ আলোচনা সাপেক্ষে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, দুপুরের খাবার, বাৎসরিক বেতন বৃদ্ধি, সাপ্তাহিক দুটি ছুটি ও দুটি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ১ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস