নেপাল থেকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ : ঘনশ্যাম ভান্ডারী

বাংলাদেশ নেপাল থেকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তিনি বলেছেন, নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। তবে তাদের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পরে এর পরিমাণ আরো বাড়বে।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত এ কথা বলেন।আর সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নেপালের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, প্রকল্পটি সম্পন্ন করার পর নেপাল বাংলাদেশকে আরো বেশি বিদ্যুৎ দিতে সক্ষম হবে। আর ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে তাদের রফতানির উদ্দেশ্যে ব্যবহার করতে তার দেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। কারণ এই বন্দরটি বুড়িমারী বন্দরের চেয়ে নেপালের কাছাকাছি। এছাড়া তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে এই দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

মান্দায় ডোবার পানিতে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে মোরছালিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোরছালিন ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে।

শিশুর বাবা মোস্তফা কামাল জানান, সকালে খেলতে গিয়ে সবার অগোচরে ছেলে মোরছালিন বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাকে না পাওয়ায় আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্দেহের বশে পুকুরে তল্লাশী চালিয়ে মোরছালিনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশু মোরছালিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বছরের শেষ সূর্যগ্রহন দেখা যাবে বাংলাদেশ থেকেও

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেন্ডে বছরের শেষ সূর্যগ্রহন (আংশিক) বাংলাদেশ থেকেও।  সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটির প্রথম সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে। 

এদিকে, চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে। খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ছয় সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে। এবং রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ছয় সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

এছাড়া, ভারতসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া, পশ্চিম চিনের বেশকিছু অংশে দৃশ্যমান হবে এই বলয়গ্রাস। ভারতীয় সময়ে দুপুর ২টা ২৯ মিনিটে আজ আইসল্যান্ডের উপর এই গ্রহণ শুরু হবে। ভারতীয় সময় সাড়ে ৪টার সময় এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাশিয়ার উপর।

সিত্রাংয়ের দরুণ সারাদেশে রেকর্ড বৃষ্টি : আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দরুণ সারাদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় সারাদেশে ৩ হাজার ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঐদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার।

আবহাওয়া অফিস আরো জানায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা শুষ্ক থাকায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মিয়ানমারে কনসার্টে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৮০

মিয়ানমারে কনসার্টে জান্তা বাহিনীর বিমান হামলায় ৮০জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের  ওই কনসার্টটি চলছিলো। নিহতদের সবাই সংখ্যালঘু কাচিন জাতিগোষ্ঠীর মানুষ। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর-এপি। 

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) -এর প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় রাতে কাচিন জাতিগোষ্ঠীর প্রধান রাজনৈতিক সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই উৎসবটির আয়োজন করা হয়। উৎসবে সংগঠনটির নেতা-কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান টার্গেট করে ওই বিমান হামলা চালানো হয়।

মিয়ানমার সংকট নিয়ে ইন্দোনেশিয়ায় আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাত্র তিনদিন আগে নাগরিকদের ওপর ভয়াবহ এ হামলা চালানো হলো। এতে ৮০ জন নিহত হয়।

উল্লেখ্য, গত বছর ১লা ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করে সু চির রাজনৈতিক নেতাদের। এরপর থেকেই মূলত মিয়ানমারে অস্থিতিশীলতা দেখা দেয়। সুত্রঃ এপি। 

“সিত্রাং” অচল করেছে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার!

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূল অতিক্রমের সময় ৬ জেলায় ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর প্রভাবে পানিবন্দি হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। পাশাপাশি সারাদেশে ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে দেশের দক্ষিণাঞ্চলে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। 

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাড়ে চার হাজার টাওয়ার অচল হয়ে পড়ে। এর মধ্যে সচল হয়েছে ৬৮৪টি টাওয়ার।

এদিকে মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য মতে, টেলিটকের ৪৩৮টির মধ্যে ৬৮টি, গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টির মধ্যে ৫৩৪টি, রবির ১ হাজার ৩৬৭টির মধ্যে ৮০টি, এবংবাংলালিংকের ১ হাজার ৭৫টির মধ্যে ২টি সচল করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের আসামের দিকে অগ্রসর হচ্ছে। তবে নিম্নচাপটি ত্রিপুরা দিয়ে দুর্বল হয়ে বের হয়ে যাবে। আর নিম্নচাপের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে।

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক আফজল হোসেন মনা (২৮) মৃত্যু বরণ করেন। সোমবার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আফজল হোসেন মনা জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের আজেফর মিয়ার বাড়িতে গত শনিবার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান নির্মাণকাজে থাকা আফজল হোসেন মনা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কতব্যরত ডা: সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আফজল হোসেন মনার। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।

জানা গেছে, আহত সাত জনের মধ্যে তিন জন বালিকা ও চার জন বালক। তাদের কারও জখমই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় স্কুল ভবনের দরজাগুলো বন্ধ ছিল, সন্দেহভাজন কীভাবে সেখানে প্রবেশ করেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার মধ্যেই বন্দুকধারীর অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় অনেক জীবন রক্ষা পায়।

সেন্ট লুইস পাবলিক স্কুল বলেছে, পুলিশ বন্দুকধারীকে দ্রুত থামিয়েছে। সন্দেহভাজনকে ১৯ বছর বয়সি সাবেক শিক্ষার্থী বলে শনাক্ত করেছে পুলিশ, সে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে পরে মারা যায়। প্রায় ৪০০ জন শিক্ষার্থী থাকা স্কুলটিতে সে কেনো হামলা চালিয়েছে তা জানা যায়নি।

স্কুলের ভেতরেই এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় আর হাসপাতালে আরেক নারীর মৃত্যু হয় বলে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।

সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানিয়েছেন, যখন পুলিশ কর্মকর্তারা স্কুলটিতে পৌঁছান তখন শিক্ষার্থীরা সেখান থেকে দৌঁড়ে বের হচ্ছিল, পুলিশকে দেখে তারা জানায় হামলাকারীর হাতে ‘লম্বা বন্দুক’ আছে। তিনি জানান, স্কুলটির সাত নিরাপত্তা কর্মী দ্রুত অন্যদের সতর্ক করে এবং পুলিশে খবর দেয়।

বন্দুকধারীর কাছে প্রায় ডজনখানেক উচ্চ ক্ষমতার ম্যাগজিন ছিল আর সেগুলোতে কয়েকশ গুলি ছিল জানিয়ে স্যাক বলেন, ‘ঘটনা আরও অনেক খারাপ হতে পারতো।’

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী গত বছর এই স্কুল থেকে গ্রাজুয়েশন করেছে এবং তার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। নিহতদের মধ্যে একজনকে স্কুলটির স্বাস্থ্য বিষয়ক শিক্ষক জিন কুজকা (৬১) বলে শনাক্ত করেছে পরিবার। কুজকা ২০০৮ সালে স্কুলটিতে যোগ দিয়েছিলেন।

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র ও সেট ক্র্যাচ বিতরণ করা হয়। সোমবার ২৪ অক্টোবর সকালে উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯টি হুইল চেয়ার, ১১টি শ্রবণ যন্ত্র, ২ সেটক্র্যাচ বিতরণ করা হয়েছে। 

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে আনষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউএনও শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামিম আহাম্মেদ।

এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, নাসিমুল বাড়ি, সুলতান আহাম্মেদ, শাহাজান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসব শারিরীক সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকের উপজেলা শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল সোমবার (২৩ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ীতে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কামাল আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। গত রাত ১টার দিকে জুড়ী থানাধীন জাঙ্গিরাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় এএসআই মহিউদ্দিন এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল আহমদ (৪৮)কে আটক করে।

আসামি কামাল দীর্ঘদিন যাবৎ জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।