১৪ জনের প্রাণ কেড়ে নিল ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আট জেলায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে আঘাত হানা সিত্রাং বাংলাদেশ অতিক্রম করেছে। এ সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ের নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৬-৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর-

কুমিল্লা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় রাত ১০টার দিকে গাছচাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এরা হলেন- হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের ৪ বছরের শিশু সন্তান লিজা।

সিরাজগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে উত্তাল যমুনা নদীতে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদের পূর্ব মোহনপুরে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৫ জন আরোহী ছিলেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও ছেলের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

ভোলা: সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে গাছচাপা পড়ে মনির স্বর্ণকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মনির সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ঝড়ের প্রভাবে গাছচাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভোলার দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে বিবি খাদিজা  (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। মৃতের স্বজনরা জানান, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে স্থলসীমা অতিক্রম করার সময় কসবা গোপীনাথপুরে ঘরে গাছচাপায়  জয়নাল আবেদিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় গাছচাপায় তার মৃত্যু হয় বলে জানান জেলা প্রশাসক মো. শাহবীর আলম।
পটুয়াখালী: সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে প্রতাপপুর লঞ্চঘটে একটু দূরে নদীতে ট্রলারডুবির ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।

এ ছাড়াও, নড়াইল ও শরীয়তপুরে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়ানমারে সংগীত উৎসবে বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে একটি সংগীত উৎসবে বিমান হামলা চালিয়েছে। এতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার (২৩ অক্টোবর) কাচিনের হপাকান্ত শহরের সংগীত উৎসবে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের নির্বাসিত একজন সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। মিয়ানমারের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ রয়েছে। ইয়াক-১৩০ মডেলের এই যুদ্ধবিমানটির ডকুমেন্টেড গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা রয়েছে

কাচিন নিউজ গ্রুপের বরাত দিয়ে সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কাচিন প্রদেশের হপাকান্ত শহরে অনুষ্ঠিত একটি সঙ্গীত উৎসবে রোববার বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে কাচিন জাতিগোষ্ঠীর অনেক বিনোদনকারী এবং শিল্পীসহ ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।

মিয়ানমারের নির্বাসিত সাংবাদিক মরাট কিয়াও থু তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানান। পাশাপাশি মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি ও চীনা গণমাধ্যম সিজিটিএনও এই বিমান হামলার তথ্য প্রকাশ করেছে। তবে সেখানে বিমান হামলায় মৃতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হয়েছে।

 

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় এ মৌসুমে সর্বোচ্চ ১ হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এবার একদিনে সর্বোচ্চ ১০৩৪ ডেঙ্গু রোগী শনাক্ত হলেন। গতকাল রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১১৩ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদফতর। 

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন। ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮৯ জন, আর ঢাকার বাইরে ৪৪৫ জন। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোর্ট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৯২ জন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২  হাজার ২৮৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২০৬ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে রোববার (২৩ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৩ জন। গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

তারা পরামর্শ দিয়েছিলেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। 

এদিকে, দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী প্রবণতাও বাড়ছে।

এক্ষেত্রে জেলা কিংবা উপজেলা পর্যায়ের হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। চিকিৎসকরা বলছেন, এতে রোগীর ধকল বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে পড়ছে নেতিবাচক প্রভাব। ডেঙ্গু রোগীর চিকিৎসার গাইডলাইন সব জায়গায় একই রকম উল্লেখ করে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক সময় সংবাদকে বলেন, অনেকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসেন। তবে আমি মনে করি, রোগীরা কিছুটা ভয় পেয়েও ঢাকায় আসেন। যেমন ফরিদপুর, চাঁদপুরসহ দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার আছেন, তারা ডেঙ্গু সম্পর্কে জানেন। ঢাকার মধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য যে গাইডলাইন আছে, ঢাকার বাইরের জন্য ঠিক একই রকম গাইডলাইন দেয়া আছে। এটাই যদি আমরা ভালোভাবে ফলো করি, তাহলে ঢাকামুখী রোগীর সংখ্যা কম হবে।

১৭৩ আরোহী নিয়ে রানওয়ের বাইরে বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে খারাপ আবহাওয়ার কারণে একটি বিমান অবতরণের সময় রানওয়ের বাইরে চলে গেছে। এ সময় বিমানটিতে ১৭৩ জন আরোহী ছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ সোমবার (২৪ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে যাত্রী নিয়ে ফিলিপাইনের ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। রাতে বিমানটি অবতরণের সময় আবহাওয়া খারাপ ছিল। বিমানটি পরপর দুবার অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। তৃতীয়বার অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। পরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ফিলিপাইন ও এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, কোরিয়ান এয়ারের কেই-৬৩১ নামের ওই ফ্লাইটটিতে ১১ জন ক্রু এবং ১৬২ জন যাত্রী ছিলেন। তারা জরুরি স্লাইড ব্যবহার করে বিমানের বাহিরে বেরিয়ে আসেন। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

নিউইয়র্কভিত্তিক বৈশ্বিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের সামনের দিকের নিচের অংশ দুমড়েমুচড়ে গেছে। পাশাপাশি বিমানের মাথার অংশটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুলবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ ২ চোরাকারবারী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ কুখ্যাত মাদক চোরাকারবারী আটক হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ সংলগ্ন ফুলবাড়ী-বালারহাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের আইয়ুব আলীর ছেলে আদম আলী (২৩) ও বড়ভিটা ইউনিয়নের চর পূর্ব-ধনীরাম গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাসেন আলী (৩৩)।

জানা গেছে, ফুলবাড়ী থানার এসআই এনামুল হক ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালান। ইয়াবা সহ ওই পথ দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক ওই দুই যুবকের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটক দুই ইয়াবা কারবারীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

সাত বছরের মাহি ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ বগুড়ায় সাত বছরের শিশু মাহি ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মোঃ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামীকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে এ রায় দেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বগুড়ার ধুনট উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেলের ছেলে বাপ্পি আহম্মেদ (২৪), দলিল উদ্দিন তালুকদারের ছেলে কামাল পাশা (৩৭), ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা (২৪) এবং মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ (২৩)।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নশরতপুর গ্রামে ইসলামি জালসা চলাকালে আসামিরা শিশু মাহি উম্মে তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পাশের স্কুলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ বাঁশঝাড়ে ফেলে যায়। ওই ঘটনায় শিশু মাহির বাবা বাদী হয়ে মামলা করলে আদালত এই রায় দেন।

গভীর নিম্নচাপটি মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিবে : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রোববার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসবে। ঘূর্ণিঝড়টি ২৫ অক্টোবর ভোরের মধ্যে উপকূলে আঘাত হানবে।

cyclone

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বরিশাল ও সন্দ্বীপের মাঝামাঝি দিয়ে যাবে। বাংলাদেশের পুরো উপকূলীয় এলাকায় এর প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সিত্রাং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যেই সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর সিত্রাং এর দরুণ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

এছাড়া, ঘূর্ণিঝড়ের ফলে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বাড়বে। যা অস্থায়ীভাবে দমকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে।

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার (২২ অক্টোবর) সকালে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচী চলে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহযোগিতায় গণঅনশনের শুরুতেই বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গপ্ত বুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল রায়, সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক ডা: শুকদেব চন্দ্র দাস, সুমন কুমার ঘোষ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রম্নতিসমূহ যেমন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবির বিষয়টি উত্থাপন করে তা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। আজ রোববার (২৩ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তাকে নির্বাচিত করা হয়।কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচিত হওয়ার পর শি জিনপিং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দলের নেতাদের উদ্দেশ্যে  তিনি বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর শি জিনপিং চীনের সবেচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।

চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয় নির্বাচিত হলেও আগামী বছরের মার্চে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ ২ মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে এই নিয়ম বাতিল হওয়ায় শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো।

 

বিকেলের নাশতায় ঝটপট তৈরি করুন ব্রেড চিকেন কোণ

লাইফস্টাইল ডেস্কঃ বিকেলের নাশতায় গরম গরম কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন ব্রেড চিকেন কোণ। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও অনেক সহজ। বাড়িতে মেহমান আসলেও আগে থেকে তৈরি করে রাখলে গরম গরম ভেজে দেওয়া যায় এটি। ফলে সময়ও কম লাগবে আর মেহমানওকেও খুশি করা যাবে।   

চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি- 

উপকরণ:

আটার রুটি- ৫টি, সলিড চিকেন- ২০০ গ্রাম, টমেটো- ২টা, শসা- ১টা, কাঁচা মরিচ- ২টা, পেঁয়াজ কুচি- ১ চামচ, লেটুসপাতা- ৬ থেকে ৭টা,  ডিম- ১টা, আদা রসুন বাটা- আধা চামচ, সয়া সস- এক চামচ, অয়েস্টার সস- আধা চামচ, টমেটো সস- এক চামচ, গোল মরিচ- আধা চামচ, লবণ- পরিমাণমতো, ময়দা- আধা কাপ, তেল -পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী:

প্রথমে চিকেন গুলো কিউব কিউব করে কেটে নিতে হবে। এরপর আদা রসুন বাটা , গোলমরিচ গুড়া, লবণ , চিনি দিতে হবে। এরপর ময়দা ও একটি ফেটানো ডিম মেখে নিতে হবে। মাখানো চিকেনগুলো তেলে ভেজে নিতে হবে। মুরগি ভাজা হয়ে গেলে আটার রুটিগুলো ছেঁকে নিতে হবে। এরপর শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচির সঙ্গে এক চামচ টমেটো সস ও এক চামচ সয়া সস মেখে নিতে হবে। এরপর হালকা ভেজে রাখা রুটির ঠিক মাঝখান থেকে কেটে নিয়ে একটি কোণের মতো তৈরি করে নিতে হবে।

এরপরে কোণের ভেতরে প্রথমে লেটুস পাতা দিয়ে চিকেন ও মেখে রাখা সালাদ মিলিয়ে রুটির কোনটা ভর্তি করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ব্রেড চিকেন কোণ।