ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের ১ মাস জেল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক অফিসের অফিস কাম মুদ্রাক্ষারিক ও কম্পিউটার অপারেটর পদে গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে ওই ভুয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃত শিক্ষার্থী সুমন দেবনাথ নোয়াখালী জেলার কৃষ্ণলাল দেবনাথের ছেলে। এবং সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। ঠাকুরগাঁওয়ে অফিস কাম মুদ্রাক্ষারিক ও কম্পিউটার অপারেটর পদে ইউনুস আলী নামের এক  চাকুরী প্রার্থীর হয়ে মোটা অংকের টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলেন সুমন।

জানা গেছে,  ১২৮ নং কক্ষে পরীক্ষা শুরুর পর কক্ষপরিদর্শক মামুন অর-রশীদের চোখে সুমনের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য ও আবেদন পত্রের তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে সুমন অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কথা নিজে স্বীকার করেন।

এ ব্যাপারে পরীক্ষায় দায়িত্বরত কর্মকর্তা রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন দেবনাথ চুক্তিতে নিয়োগ পরীক্ষা দিতে এখানে এসেছিলেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে তিনি পরীক্ষার্থীর নাম-ঠিকানা ঠিক রেখে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করেছিলেন। আসল পরীক্ষার্থীর আবেদনপত্র, প্রবেশপত্রসহ অন্যান্য কাগজ যাচাই করে নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন দেবনাথকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতারক মানিক কুলাউড়া পুলিশের জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শত অভিযোগের পর গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারী মৌলভীবাজারের কুলাউড়ার এম.এন.এইচ ব্রিক্স এর পরিচালক মানিক বর্ধন মৌলভীবাজার এর শেরপুর থেকে পুলিশের জালে আটকা পড়ে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক এর দিকনির্দেশনায় এস.আই অপু,এ.এস.আই আরিফুল ও এ.এস.আই রুমানের নেতৃত্বে শুক্রবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১ টায় গ্রেপ্তার করা হয় তাকে। অফিসার ইনচার্জ বলেন, গ্রেপ্তারকৃত মানিক বর্ধন এম.এন.এইচ ব্রিক্স এর পরিচালক। তিনি গ্রাহককে স্বল্পমূল্যে ইট দেয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ফোর্সরা বিশেষ অভিযান চালিয়ে শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। রাত থেকে সকাল অব্দি কুলাউড়া থানাতেই মানিক বর্ধন আটক ছিলেন। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী মোহাম্মদ রুজেল বলেন, মানিকের কাছে আমি ৬০ হাজার টাকা পাইতাম। কিছু ইট দিছে, বাকিগুলো এখনও পাইনি। নজরুল ইসলাম বলেন, আমার ২৫,০০০ ইট খাইছে বেটায়। আরেক ভুক্তভোগী মোহাম্মদ সায়েম আহমেদ বলেন, ঐ মানিক বর্ধনের কাছে ৭,৫০০ ইট পাই। এখন কেমনে ইট পাইতাম।

কুলাউড়ার রাকিবুল ইসলাম কুলাউড়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন,ঐ ব্রিক ফিল্ডের শুধু মানিক নয়,তার সাথে আরেক প্রতারক মুহাম্মদ আলী তাকেও গ্রেপ্তার করা হোক। এরা দু’জনে আমার ৭০ হাজার টাকা খাইয়া ভাগছে। গত আড়াই বছর থেকে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

জাতীয় খেলা কাবাডিতে আগ্রহ বাড়ছে বগুড়ার তরুণ প্রজন্মের

জোবায়ের আহমেদ, বগুড়াঃ আধুনিকতার ছোঁয়া এবং অনলাইন গেমসের আসক্তির ফলে আমাদের মাঝ থেকে প্রায় হাড়িয়ে যেতে বসেছিলো আমাদের জাতীয় খেলা “কাবাডি”। কিন্তু বর্তমান প্রজন্মের ভিতরে এখন এই জাতীয় খেলার ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সূর্যাস্তের পর যখন চারদিকে অন্ধকার নেমে আসে ঠিক তখনই কাবাডির মাঠগুলোতে জ্বলে উঠে বড় বড় বৈদ্যুতিক বাতি। সেই সাথে আওয়াজ উঠে কাবাডি-কাবাডি।

বগুড়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নে এর ব্যপক সাড়া পরেছে সম্প্রতি। প্রতি রাতেই উৎসবমুখর পরিবেশে কাবাডি খেলার আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় ইউনিয়নের পারভবানীপুর গ্রামে গতকাল আয়োজন করা হয় “প্রবীণ বনাম নবীন” কাবাডি খেলা। সকল বয়সের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নবীন দল ৪টি গেম দিয়ে বিজয়ী এবং প্রবীণরা ৩ টি গেম দিয়ে পরাজিত হয়।

খেলা শেষে সবার অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতিভোজের। যার মাধ্যমে প্রবীণ-নবীন সহ সকল বয়সের মানুষের ভিতরে তাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়।

রাণীশংকৈলে ২ কোটি টাকার দরপত্র নিয়ে সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনে ২ কোটি টাকার দরপত্রকে কেন্দ্র করে বহুল আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে শনিবার (২২অক্টোবর) দুপুর ১২টায় পৌরমেয়র মোস্তাফিজুর রহমান এক মতবিনমিয় সভার আয়োজন করেন। 

এ উপলক্ষে এ দিন পৌর কাযার্লয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় কয়েকজন ঠিকাদার উক্ত দরপত্রকে কেন্দ্র করে দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর ইউএনও এবং স্থানীয় সরকার শাখা ঠাকুরগঁাও উপ-পরিচালক বরাবর  আবেদন করেন। অথচ আজকে দেখা গেল কোন স্থানীয় ঠিকাদার দরপত্র দাখিল করেননি।

তিনি আক্ষেপ করে আরো বলেন, যে ঠিকাদাররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল অথচ ্আজ তাদের দরপত্র ক্রয়ের যোগ্যতা না থাকায় কেউ দরপত্রের কিনতে পারেননি। শুধুমাত্র কতিপয় ঠিকাদার আমার দল, পৌরসভা, সরকারের ভাবমূর্তিক্ষুন্ন এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গনমাধ্যমে অপপ্রচার চালিয়েছিলেন। যা অত্যান্ত দুঃখজনক।

পৌর অফিস সূত্রে জানাযায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত গত ২৫ সেপ্টম্বর সংশোধিত টেন্ডার নোটিশ (ওটিএম)এর মাধ্যমে দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়।কাজটি পেতে– এম/এস এম এম ট্রেডার্স, এম/এস এইম পাউয়ার, ইনারজিয়ন বাংলাদেশ লিঃ,এম/এস এসএস ট্রেডার্স এই ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে রাণীশংকৈল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের মুঠোফোনে বলেন,আমাদের রাণীশংকৈলের টিকাদারদের এই দরপত্র ক্রয়ের কোন লাইসেন্স নেই তাই সিডিউল ক্রয় করা হয়নি।

প্রসঙ্গত: রাণীশংকৈল পৌরসভার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের কাজটির দরপত্রে ওটিএম এর পরিবর্তে এলটিএম হিসেবে পত্রিকায় প্রকাশিত হওয়ায় ত্রুটিজনিত কারণে পৌরমেয়র এক অফিস আদেশে গত ১ সেপ্টেম্বর এটি স্থগিত করেন।

টিলা কাটার অপরাধে অর্থ জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের অভিযোগে দুই ট্রাক্টর চালক’কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১অক্টোবর) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযান পরিচালনায় সহায়তা করেছে আনসার ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশের দল। অর্থ দন্ডপ্রাপ্তরা দু’জন হলো, ট্রাক্টর চালক কবির আহমেদ ও মো.তুহেল।

ভ্রাম্যমান আদালত সূত্রের বরাতে জানা যায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকার একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কেটে মাটি পরিবহনের সত্যতা পান। তখন ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক কবির আহমেদ ও মো. তোহেল আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় তাদের দু’জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ তা আদায় করা হয়।

বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন শুক্রবার দুপুরের দিকে বলেন, টিলা কেটে মাটি পরিহনের অপরাধে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় মাটি বিক্রির সাথে জড়িত আরো দুইজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া শাজাহানপুরে রাস্তার পাশে পাঁচ শতাধিক ফলজ বৃক্ষরোপণ করে BCF

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে রবিবার সকাল ১০.০০ ঘটিকায় BCF এর পক্ষ থেকে রাস্তার পাশে ৫০০ শতাধিক ফলজ বৃক্ষ রোপন করা হয়।

উক্ত প্রগ্রামে সভাপতিত্ব করেন- BCF এর চেয়ারম্যান- আরিফুল ইসলাম।বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন : মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু,(এম পি) ৪২ বগুড়া ৭, শাহজাহানপুর ও গাবতলী।

এ সময় উপস্থিত ছিলেন- জেরিন সুলতানা জলি, ন্যাশনাল টেনিস খেলোয়াড়। বগুড়া শাজাহানপুরের কৃতি সন্তান। আরো উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সামিউল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, সুমুন হাসান, রুবেল আহম্মেদ, আল-আমিন, করিম, আলিফ, হাছিফুল, মেহেদী, ইমরান, সামিউল ,জাকারিয়া, সিয়াম হোসেন, নাইম সহ প্রমুখ।

মাননীয় সংসদ সদস্য বলেন,সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। ফলশ্রুতিতে বিগত সময়ে এমডিজি এবং বর্তমানে এসডিজি-তে পরিবেশের ভারসাম্য বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

BCF এর চেয়ারম্যান বলেন,বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হ’ল অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণীজগৎ কার্বনডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে।পরিবেশ ভারসাম্য করতে বৃক্ষ রোপনের বিকল্প  নাই।পরিবেশকে সুন্দর, সতেজ,রাখার জন্য আমাদের এ আয়োজন।

আইএসের ৬ সদস্যকে হত্যা করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (২২ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানান।

আহমাদি বলেন, নিহতরা ওয়াজির আকবর খান মসজিদ ও কাজ ইনিস্টিটিউটে হামলাকারী। তিনি বলেন, অভিযানে তালেবান নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইএসের গোপন আস্তানায় রাতভর অভিযান তাদের হত্যা করা হয়। তালেবানের দাবি, নিহতরা সম্প্রতি একটি মসজিদে এবং নারী শিক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে।

এদিকে অভিযানে তালেবানের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখল করে তালেবান। জাতিসংঘ বলেছে, তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।

 

যুদ্ধের মধ্যেও রাশিয়ায় খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান ইউক্রেন যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার পরেও খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। চলতি বছরের দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদনের রেকর্ড ছুঁয়েছে পরমাণু সমৃদ্ধ দেশটি। গত বুধবার (১৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছে রুশ কৃষি মন্ত্রণালয়।  

কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৭.৫ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, ফসল তোলার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য আমম্রা তুলতে পারবো। এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।

এর আগে, ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। সে বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। মোট উৎপাদনের মধ্যে শুধু গম ছিল ৮৬ মিলিয়ন টন। এ বছর গম উৎপাদন শত মিলিয়ন টন ছাড়িয়ে গেছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে উৎপাদিত বিপুল পরিমাণ শস্য রপ্তানি করতে পারছে না রাশিয়া।

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ রাশিয়া। এক্ষেত্রে তাদের পরেই রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার পরেও ২০২২ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো। আগামী বছর মোট ৫০ মিলিয়ন টন গম রফতানি করার প্রত্যাশা ব্যক্ত করেছে রুশ কৃষি মন্ত্রণালয়।

 

ধলাই নদীর রাস্তা, বাঁধ ভেঙে আতঙ্কে গ্ৰামবাসী‌

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বাঁধ দিয়ে স্থানীয় গ্রামবাসীরা যুগ যুগ ধরে রাস্তা হিসাবে ব্যবহার করে আসছেন। বাঁধের উপরে সড়কে যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী হাজারো শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করছেন। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন ও বর্ষায় প্রবল স্রোতে ধলাই নদীর একাধিক স্থানে বাঁধ ধ্বসে পড়ছে। 

উপজেলার চৈত্রঘাট এলাকার ধলাই নদীর ব্রীজের পশ্চিম উত্তরাংশে প্রায় দুইশ’ ফুট বাঁধ ধ্বসে পড়ায় তিন গ্রামের শিক্ষার্থীসহ জনসাধারণের যাতায়াতে স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে বেরিয়ে আসা ৫৭ কি.মি. দীর্ঘ আঁকাবাঁকা ধলাই নদী কমলগঞ্জ উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে মৌলভীবাজারে মনু নদীতে পতিত হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর বাঁধ ভেঙ্গে রাস্তাঘাট, ক্ষেতখামার ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি গুণতে হয়। নদীতে অসংখ্য বসতবাড়ি বিলীন হয়েছে। তবে আঁকাবাঁকা থাকার কারণে বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে গ্রামে পানি প্রবেশ করে। স্থানীয় একটি মহল নদীর দু’চারটি স্থানে লিজ নিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করার কারণেও হুমকির মুখে পড়েছে বেশকিছু বসতবাড়ি, নদীর প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ ও কৃষিজমি। এসব বিষয় নিয়ে স্থানীয়রা নানা সময়ে প্রতিবাদ জানালেও কোন কাজে আসেনি।

সম্প্রতি সময়ে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ফাঁটল দেখা দিয়েছে। এসব ফাঁটলের কারণে বাঁধ নদীতে ধ্বসে পড়ছে। নদীর বাঁধকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীরা যুগ যুগ ধরে যাতায়াতের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছেন। রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট আমেরতল থেকে দক্ষিণগ্রাম, বড়চেগ, পূর্ব দেওরাছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা ব্রীজের পশ্চিম উত্তর পার্শ্বের বাঁধের উপর দিয়ে রাস্তা হিসাবে সুদীর্ঘকাল থেকে ব্যবহার করে আসছেন। বাঁধ ধ্বসে পড়ায়  স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।

এলাকার প্রবাসী হাবিবুর রহমান, ব্যবসায়ী মঈনুদ্দীন, হারুনুর রশীদ, কলেজছাত্রী, জনি আক্তার, আল আমিন মিয়া জানান, ধলাইনদীর চৈত্রঘাট এলাকায় উত্তর পার্শ্বে তাদের যাতায়াতের বাঁধের সড়কে প্রায় দুইশ ফুট ধ্বসে পড়ায় বেশকিছুদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন যানবাহন নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক দূর থেকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী ও রোগীদের বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, চৈত্রঘাট এলাকায় নদীর ভেঙ্গে পড়া বাঁধ মেরামত করা হবে। তবে নদীর আরও বিভিন্ন স্থানে এভাবে বাঁধ ভাঙ্গা রয়েছে। সেগুলো মেরামতে অনুন্নয়ন রাজস্ব খাত থেকে বরাদ্ধ পাওয়া যায়নি। বরাদ্ধ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিবছর ২২ অক্টোবর সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এরই ধারাবাহিকতায় “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানে বগুড়ার শাজাহানপুরে  নিরাপদ সড়ক চাই ও উপজেলা  প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের  সামনে শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সমাবেশ র‍্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন উপজেলা নিসচা ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, নিসচার উপদেষ্টামন্ডলীর সদস্য  ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান, প্রেস-ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, উপজেলা যুবলীগ নেতা বাদশা আলমগীর, নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক  জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য-আব্দুল বাছেদ রঞ্জু, দুর্ঘটনা অনুসন্ধান ও  গবেষণা সম্পাদক মিজানুর রহমান তোফা, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম পলাশ,  প্রচার সম্পাদক বাবলু মন্ডল, মহিলা বিষয়ক  সম্পাদীকা তানিয়া আক্তার আইরিন, যুব বিষয়ক সম্পাদক জাফর আলী, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, আব্দুল করিম, আমিনুর সরকার, আফজাল হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ১৯৯৮ থেকে ২০১২ সাল  ১৪ বছরে সরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪২ হাজার ৫২৬ জনের। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরো বেশি। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে গাড়ির অতিরিক্ত গতি।মোটরযান আইনে গতিসীমা নির্ধারণ করে দেওয়া থাকলেও অধিকাংশ চালকই এ নিয়ম মানেন না। এজন্য  চালকদেরকে বোঝাতে হবে,তাদেরকে সচেতন  করতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে,গাড়ির  ফিটনেস ঠিক রাখতে হবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদ বলেন,”নিরাপদ সড়ক চাই”এটা গন আন্দোলনে পরিনত হয়েছে।একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।নিরাপদ সড়র চাই এটা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না,সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। বিশ্বের কোন জায়গাতেই অপরাধ দমন পুলিশ বা ফোর্স প্রয়োগ করে হয়নি,অপরাধ দমন তখনি হয়েছে যখন ঔ জায়গার মানুষ বা জনগন সচেতন হয়েছে। জাতীয়ভাবে সচেতনের মধ্যেমে দুর্ঘটনা রোধ সম্ভব।