মান্দায় পুলিশের অভিযানে আটক ১৩

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে আটক করা হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন-উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আব্দুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভূক্ত ছয়জনসহ ১৩ আসামিকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটককৃতদের নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ৷

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার সরকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে রাজি হয়েছে দেশটির জান্তা সরকার। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ কে আবদুল মোমেন বলেন, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে কবে নাগাদ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে, এ বিষয়ে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলতে পারেনি চীন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক দমন-নিপীড়ন শুরু করে সেনাবাহিনী। মুসলিম অধ্যুষিত রাখাইনে সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। এসব পালিয়ে আসা রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের প্রতি অব্যাহত চাপ প্রয়োগ করে আসছে। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে প্রত্যাবাসন চুক্তিও।

মাত্র ২৬ বছরেই সুইডেনের মন্ত্রী ইরানি তরুণী

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২৬ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি সুইডেনের মন্ত্রী হয়েছেন। দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের।

গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রিসভা ঘোষণা করেন। মন্ত্রীদের ২৪ জনের মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর পরই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা।

দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক রোমিনা পৌরমোখতারি। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন।

সুইডেনের স্টকহোম শহরের ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। সুইডেনের রাজনৈতিক অঙ্গনে রোমিনাই কেবল একমাত্র ইরানি বংশোদ্ভূত নারী নন। এ বছর জুনে আলোচনায় এসেছিল আরেকজন ইরানি বংশোদ্ভূত কুর্দি নারী আমিনেহ কাকাবাভেহর নাম। আমিনেহ সুইডেনে স্বতন্ত্রভাবে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উলফ ক্রিস্টার্সন এতদিন পর্যন্ত লিবারাল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে পরিবেশ সংক্রান্ত কোনও দায়িত্ব সামলাননি তিনি। অতীতে তিনি ক্রিস্টার্সনের কড়া সমর্থক ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সুইডেনের জোট সরকার ক্ষমতায় এসেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ক্রিস্টার্সন মন্ত্রিসভা ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীর মধ্যে ১১ জন নারী। ক্রিস্টার্সন নতুন মন্ত্রী পদের ঘোষণা দিয়েছেন। রাশিয়ার সাথে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সুইডেনের মন্ত্রিসভায় সিভিল ডিফেন্স সিস্টেম নামে একটি নতুন পদ আনা হয়।

 

এইচএসসি পরীক্ষা উপলক্ষে দেড় মাস কোচিং সেন্টার বন্ধ

শিক্ষা ডেস্কঃ সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। এজন্য প্রায় দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সংশোধিত ও পুনর্বিন্যাস সিলেবাসে হবে এবারের পরীক্ষা। তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকানোর পাশাপাশি নকলমুক্ত পরিবেশ রাখতে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এ বছর ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

মন্ত্রী বলেন, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি, মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে দুটি। বিদেশের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন।

 

ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে শহর থেকে গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। আইসিইউ সংকট দেখা দিয়েছে দেশের হাসপাতালগুলোতে। আইসিইউ শয্যা না পেয়ে স্বজনরা রিস্ক বন্ড সই করে সাধারণ ওয়ার্ডে সেবা দিতে বাধ্য হচ্ছেন গুরুতর মুমূর্ষু রোগীর।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) এক দিনে সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন রোগী। এদিন ডেঙ্গুজ্বর নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৪ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জনের মৃত্যু হয়েছে।ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৬৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩ হাজার ৩০৪ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮০২ জন।এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯২ জন।ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৭৩৯ জন।

বর্তমানে শিশু হাসপাতালের আইসিইউতে ৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন। দু-তিন মাসের শিশু থেকে শুরু বিভিন্ন বয়সের ডেঙ্গু রোগী এ প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। অবস্থা বেগতিক দেখে এখন যেখানে খালি পাচ্ছেন, সেখানেই রোগী রাখা হচ্ছে।

শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের ডেঙ্গু সেলের ইনচার্জ ডা. ফারহানা আহমেদ জানান, ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের ঝুঁকি বেশি বলে মনে করেন তিনি। এদের মধ্যে অনেককে আইসিইউতে পর্যন্ত ভর্তি করতে হচ্ছে।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলছেন, ভয়ের বিষয় এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে। এসব নতুন উপসর্গের কারণে অনেক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা ঠিক বুঝতে না পেরে হাসপাতালে আসতে দেরি করেছেন। যার কারণে চিকিৎসা বিলম্বিত হওয়ায় তাদের অবস্থা জটিল হয়ে পড়ছে। উপসর্গ দেখে মনে হচ্ছে- ডায়রিয়া, নিউমোনিয়া, মাথাব্যথার মতো।

উল্লেখ্য, চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়ল জাকার্তা মসজিদের বিশাল গম্বুজ

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়ল ইন্দোনেশিয়ার জাকার্তা ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজটি। গতকাল বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বুধবার বিকালে এই ঘটে বলে জানায় ইন্দোনেশিয়ার গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে মসজিদের গম্বুজ ভেঙে পড়তে দেখা গেছে। তবে কর্মকর্তারা বলেছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে যায়।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে বলা হয়, অগ্নিনির্বাপক কর্মীদের স্থানীয় সময় বিকেল ৩টার কিছুক্ষণ পরেই আগুনের বিষয়ে অবগত করা হয় এবং অন্তত ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের গম্বুজটি ধসে পড়ার ঠিক আগে থেকেই আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ইসলামিক সেন্টারের সংস্কার কাজ চলছিল।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ আগুনের কারণ তদন্ত করছে এবং ভবনে কাজ করা ঠিকাদারদের জিজ্ঞাসাবাদ করেছে। মসজিদ ছাড়াও ইসলামিক সেন্টার কমপ্লেক্সে শিক্ষা, বাণিজ্যিক ও গবেষণার ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য,  প্রায় ২০ বছর আগে সংস্কারের সময় মসজিদের গম্বুজটিতে আগুন লেগেছিল। ২০০২ সালের অক্টোবরে আগুন নেভাতে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।

 

ইউক্রেনে রুশ-নির্মিত ড্রোন ব্যবহার করা হচ্ছে : মস্কো

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা সরাসরি নাকচ করেছে মস্কো।

রাশিয়া বলেছে, ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

রাশিয়া ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করছে কিনা বা কিনেছে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউক্রেনে যত সমরস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে। ইরানি ড্রোন ব্যবহার সম্পর্কে  আমাদের কাছে কোনো তথ্য নেই। ওখানে  যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তা রাশিয়ায় নির্মিত। ড্রোনগুলোর নাম রাশিয়ান। এ বিষয়ে বিস্তরিত জানতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শরণাপ্ন হওয়ার আহ্বান জানান।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল গেলো সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর কাজে ইরানি ড্রোন ব্যবহার হয়েছে। তবে ইরান গত কয়ক দিনে বিভিন্ন পর্যায় থেকে এ খবরের সত্যতা সরাসরি নাকচ করে দিয়েছে।

অবশেষে পা চালিত ভ্যান থেকে ব্যাটারি চালিত ভ্যান পেলেন রাণীশংকৈলের অবহেলিত গুণী শিল্পী চক্রদেব

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (মহলবাড়ি) গ্রামের অত্যান্ত হত দরিদ্র অবহেলিত গুণিশিল্পী চক্রদেব। পা চালিত ভ্যানগাড়ি চালিয়ে ৬ সদস্যের পরিবারের বোঝা টানতে হিমসিম খাচ্ছিল চক্র। তার উপর গানের প্রতি তার অগাত টান, সারাদিন ভ্যান চালিয়ে রাতে গিয়ে সংগীত বিদ্যালয়ে বসে বসে গান শুনে নিরবে নিতো গানের তালিম। এমন কষ্টকর প্রস্থিতিতে কিছুটা পারিবারিক ও কায়িক পরিশ্রম লাঘবের জন্য রাণীশংকৈল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রশান্ত বসাক সম্প্রতি চক্রের একটি গান দিয়ে ফেসবুকে পোস্ট করে, একটি ব্যাটারি চালিত ভ্যান ক্রয়ের জন্য সহযোগিতা কামনা করেন।
বিষয়টি ফেসবুকে প্রচন্ড ভাইরাল হলে  ৩ দিনের মাথায় ৭০ হাজার ২ শত টাকা দিয়ে সহযোগিতা করেছেন দেশ বিদেশের ফেসবুক ব্যাবহারকারি ভাই বোনেরা। এরই প্রেক্ষিতে বুধবার ১৯ অক্টোবর দুপুরে চক্রের নিজ বাড়িতে নতুন ভ্যান প্রদানের একটি ছোট্ট অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
এ সময় প্রশান্ত বসাকের উপস্থাপনায় ভ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত অভিমত প্রকাশ করেন রাণীশংকৈল প্রেসক্লাব মোহনা টিভি প্রতিনিধি সভাপতি ফারুক হোসেন, সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী, সহ-সভাপতি ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক করতোয়া প্রতিনিধি মো. বিপ্লব ও রাণীশংকৈলের খবর প্রতিনিধি আজাদ মিয়া, যুগ্ন সম্পাদক দাবানল প্রতিনিধি সুজন।
এছাড়াও অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপ-,সহকারী কৃষি কর্মকর্তা রাণীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, পাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবৃতিকার সুমি বসাক, সাংস্কৃতিক কর্মি প্রভাষক আলমগীর হোসেন, নাট্যকার জিল্লুর রহমান, রাণীশংকৈল ফেসবুক গ্রুপের অন্যতম এডমিন হোসেন আলী প্রমুখ।
পরে সকলেই মিলে নতুন ব্যাটারি চালিত ভ্যানের চাবি ও অবশিষ্ঠ ১৫ হাজার ২ শত টাকা চক্রদেবের হাতে তুলে দেয়া হয়।
ভ্যান পেয়ে চক্র দেব অশ্রুশিক্ত নয়নে বলেন আমি ভাবতে পারিনি আমার এরকম ভাগ্যের উন্নয়ন ঘটবে। তিনি আরো বলেন,  আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যেন গান চর্চাটা চালিয়ে যেতে পারি।
অনুষ্ঠানের আয়োজক ও ভ্যান কেনার মূল উদ্যোগতা প্রশান্ত বসাক বলেন, আমি এমন একটি মহৎ কাজ সকলের সহযোগিতায় করতে পরে খুব গর্ববোধ করছি। এবং যারা বিভিন্ন স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনাবাদি এক ইঞ্চি জমিও আবাদের বাহিরে থাকবে না : জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। সেচ ও জলাবদ্ধতার সমাধান করে কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে।

কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সূচনা প্রতিনিধি মনোজ কান্তি দাস ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত আশীষ পাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি, সম্পাদক, প্রেসক্লাব কুলাউড়া, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী প্রমুখ।

সমাবেশে প্রায় দুইশতাধিক কৃষক অংশগ্রহণ করে সভাস্থল উৎসব মুখর পরিবেশে তৈরি করেন।

দক্ষিণ কোরিয়ার সীমান্তে শত শত গোলা নিক্ষেপ করছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক সময়ে দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে শত শত গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে দেশটির পূর্ব এবং পশ্চিম উপকূল লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ আজ বুধবার (১৯ অক্টোবর)  সকালে এক বিবৃতিতে বলেছে, পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে প্রায় ১৫০ গোলা এবং পশ্চিম উপকূলে প্রায় ১০০ গোলা নিক্ষেপ করেছে। গোলাগুলো দক্ষিণ কোরিয়ার পানিসীমার মধ্যে না পড়লেও সীমানার কাছাকাছি বাফার জোনে পতিত হয়েছে। ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে এক চুক্তি অনুযায়ী যেকোনো সংঘাত এড়াতে ওই বাফার জোন সৃষ্টি করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়াকে অবশ্যই কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন উসকানি বন্ধ করতে হবে। এটি যোগ করেছে যে এটি তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে উত্তর কোরিয়ার পদক্ষেপগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, উত্তর কোরিয়ার সামরিক মুখপাত্র বলেছেন, শত্রুদের অবিলম্বে সামনের অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়াতে বেপরোয়া এবং উসকানিমূলক উসকানি বন্ধ করা উচিত।

তবে দক্ষিণ কোরিয়া গোলাবর্ষণের যে অভিযোগ করেছে তা এখনও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া।

উল্লেখ্য, এর আগে সোমবার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাদের যৌথ মহড়া শুরু হয়। উত্তর কোরিয়া ওই মহড়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছে, পিয়ং ইয়ং এর ওপর হামলার প্রস্তুতি হিসেবে এ মহড়া চালানো হচ্ছে। দক্ষিণ কোরিয়া এর আগে গত সপ্তাহেও একই ধরনের অভিযোগ করে বলেছিল, উত্তর কোরিয়া বাফার জোন শত শত গোলা নিক্ষেপ করেছে।