কুয়েতে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশী রাহাত

জাতীয় ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আমিরের তত্ত্বাবধানে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিনি ৩টি ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে এ কৃতিত্ব অর্জন করেন। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩ ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামিকবিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়।

উল্লেখ্য, ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জ। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

আগামী বছরের জন্য সরকার সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনছে

আগামী বছরের জন্য সাড়ে ৫৪ লাখ টনের বেশী পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আর পরিশোধিত জ্বালানি তেল ৩৮ লাখ ৬০ হাজার টন।

আজ বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এক সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভা শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ২০২৩ সালের জন্য সৌদির আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, বিপিসির মাধ্যমে জি-টু-জি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চল পতেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি পিপিপি প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রোজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ নামে প্রকল্পটি বাস্তবায়ন হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে। স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম ওয়াসা এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ আগামী ৬ নভেম্বর সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন, যা গত বছরের তুলনায় ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন কম। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। তিনি বলেন, দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে।

এইচএসসির সময়সূচিতে জানানো হয়, এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা হবে। পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা দিতে হবে।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট পাবে শিক্ষার্থীরা এবং সৃজনশীল অংশের জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। দুটি পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এর পরেই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২২ ডিসেম্বর।

অবশেষে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সভাপতি হলেন মল্লিকার্জুন খড়গে। উপমহাদেশের ঐতিহ্যবাহী দলটি ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি পেল। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ভোট গণনার ফল ঘোষণা করা হয়।

কংগ্রেসের সভাপতি নির্বাচনে ৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন ১০৭২টি ভোট। অর্থাৎ ৬ হাজার ৮২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন মল্লিকার্জুন খাড়গে।

এর মধ্য দিয়ে প্রায় ২৫ বছর পর এবারই প্রথম ভারতের প্রভাবশালী নেহেরু ও গান্ধী রাজনৈতিক পরিবারের বাইরে থেকে কোনো নেতা দলটির প্রধান হতে চলেছেন। এই ফলের মধ্য দিয়ে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দেবেন খড়গে।

এর আগে, শেষবার কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সেবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের নেতা জিতেন্দ্র প্রসাদ। সোনিয়ার বিরুদ্ধে জিতেন্দ্রর প্রাপ্ত ভোট তিন সংখ্যাতেও পৌঁছায়নি। সে তুলনায় খাড়গের বিরুদ্ধে কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছছেন থারুর।

আন্তঃজেলা ডাকাত দলের ৭সদস্য আটক, মালামাল উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন লাউয়াছড়া বনে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে গত ২৫ সেপ্টেম্বর রাতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

ডাকাতদের কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১। বশির আহমেদ (৩৫), ২। আবুল হোসেন (৩৫), ৩। কইনুল ইসলাম (২৫), ৪। সবুজ মিয়া (৫০), ৫। লোকমান মিয়া (২৮), ৬। আব্দুল মালিক (২৮) ৭। আরিফ মিয়া (২৮)দেরকে সিলেট এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দা, চাকু, রাম দা, করাতসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

১৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ জাকারিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামীদের একজন বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় ১৪/১৫ জনের নাম উল্লেখপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এই ডাকাত দল একই প্রক্রিয়ায় গত ১৩ অক্টোবর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানার রশিদপুর নামক স্থানে ডাকাতি করেছে মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এরমধ্যে ০২ জন আসামীকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালত ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায় জানান, ডাকাতির ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ তৎপর ছিল। জেলা গোয়েন্দা শাখা এবং কমলগঞ্জ থানার টিম যৌথভাবে অক্লান্ত পরিশ্রম করে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, খুনের একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, জেলা পুলিশ মৌলভীবাজার অত্র জেলার আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। আগামী দিনগুলোতেও চুরি ডাকাতি প্রতিরোধসহ চোর, ডাকাত, সন্ত্রাসী গ্রেপ্তারের ধারা অব্যাহত থাকবে।

জেলা পুলিশ আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনাব আবু নাসের মোহাম্মদ রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন), জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, অত্র ডাকাতি মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়। 

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই শ্লোগানে দিবসের শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

পরে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

কুবিতে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

শিক্ষা ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গত সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আগামী ২৭অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে।

চলতি বছর গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটের (https://cou.ac.bd/) নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদন করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী জানান, চলতি বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে। এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এক হাজার ৪০ জন শিক্ষার্থী। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় ৫৯ জন ভর্তিচ্ছু ভর্তি হতে পারবে।

এছাড়াও ভর্তি সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের অথবা হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ নম্বর থেকে জানা যাবে।

ফের ভূমিধস ভেনেজুয়েলায়

আবারও ভূমিধসের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা দুর্যোগে প্রাণ হারালেন দেশটির আরও ৩ বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির আরাগুয়া এলাকায় হয় জোরালো ভূমিধস। ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। যেগুলোর নীচে এখনও অনেক বাসিন্দা আটকা। স্থানীয় প্রশাসন বলছে, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবার। অঞ্চলটিতে প্রলয়ংকারী বন্যার পাশাপাশি নেমেছে কাঁদামাটির ঢল। যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

গেলো সপ্তাহেই দেশটির লাস তেজারাস এলাকায় ভূমিধসে প্রাণ হারান কমপক্ষে ৫৪ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। তল্লাশি চললেও তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

মৌলভীবাজার কারাগারে ধর্ষণ মামলায় আসামির মৃত্যু!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা কারাগারে থাকা ভাস্কর চাষা (৬৭) নামক ধর্ষণ মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। গত সোমবার (১৭ অক্টোবর) ভোরের দিকে তিনি কারাগার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আত্মহননের চেষ্টা করেন। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ৭ বছরের এক কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে ভাস্কর চাষা (৬৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। গত ৯ অক্টোবর রাতে কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ধর্ষণের ঘটনায় গত ৯ অক্টোবর রাতে ওই শিশুর নানা বাদী হয়ে ভাস্কর চাষাকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু গাজীপুর চা-বাগানের শ্রমিকের মেয়ে। ৯ আগস্ট দুপুরে ভাস্কর চাষা ওই শিশুকে বাগানে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের ভেতরে তার দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ভাস্কর দোকান থেকে পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে কুলাউড়া ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মৌলভীবাজারের জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কদ্দুছ জানান, ওই হাজতি কারাগারে অন্তরীণ হওয়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত থাকায় সে কারাগার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে ধর্ষণ মামলার ঘটনায় লোকলজ্জার ভয়ে অনেকটা হতাশায় ভুগছিল। গতকাল সোমবার ভোরে সে হাসপাতালে আত্মহত্যার চেষ্টা চালালে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানেই সে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়ছল জামান জানান, জেলা কারাগার থেকে ফাঁস লাগা অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈলে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি র‍্যালি বের করা হয়৷ পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতাকর্মি,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক (অব:) আনোয়ারুল ইসলাম ছাত্রী জারিন শুভা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। শেষে বিভিন্ন প্রতিযোহিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শেখ রাসেল দিবস পালন করেন।