জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈলে সদস্য স্বপন মহিলা সদস্য রিপা নির্বাচিত

হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আসন-৪ আব্দুল বাতিন স্বপন(,তালা প্রতীক) নিয়ে ৯৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ১৯ ভোট।

অপরদিকে রাণীশংকৈল,পীরগঞ্জ ও হরিপুর তিন উপজেলা মহিলা ২ আসনে ১৮২ ভোট পেয়ে সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) প্রতীকে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেতারা হক (দেওয়াল ঘড়ি) প্রতীক পেয়েছেন ১৩৮ ভোট।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম সোমবার ১৭ অক্টোবর বিকাল ৩ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারে শান্তিপূর্ণ জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী যারা বিজয়ী হয়েছেন। তারা হলেন, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন। শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান। মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ।

এদিকে সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয় ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। পরে ভোট গণনা করা হয়।

ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড সদস্যদের ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, পুলিশ সুপার মোঃ জাকারিয়া জেলা জুড়ে শান্তি পূর্ণ ভোট গ্রহণের সকল ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করা হয়।

ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব এড়াতে শীতের শুরু থেকেই যত্ন নিন

লাইফস্টাইল ডেস্কঃ ত্বকের যত্ন সারাবছরই নেওয়া প্রয়োজন। । তবে শীতের সময় আমাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ায় ত্বকের যত্নটা একটু বেশিই নিতে হয়। হালকা শীত শুরু হতেই ত্বক শুষ্ক হতে শুরু হয়। তাই এখন থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করুন। প্রতিদিন নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে ত্বকের যত্ন নিলেই শীতেও উজ্জ্বল এবং মোলায়েম থাকবে আপনার ত্বক।

রোজ বাড়িতে নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করবেন চলুন দেখে নেয়া যাক- 

ত্বক ময়শ্চারাইজড রাখাঃ 

ত্বক ময়শ্চারাইজড রাখলেই ত্বকে আদ্র থাকে। নিয়মিত ক্রিম অথবা অলিভ অয়েল ম্যাসাজ করলেই ত্বক শীতেও ভালো রাখা সম্ভব। শুধু মুখে ক্রিম লাগালেই হবে না। রুক্ষ ও শুষ্ক ভাব সারা শরীরের ত্বকেই দেখা দেবে। অতএব ফেস ক্রিমের পাশাপাশি বডি লোশনও আপনার সঙ্গী হওয়া প্রয়োজন। নিয়ম করে গোসলের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন। তবে শীতের সময় সাবান যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার বদলে শাওয়ার জেল এবং ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করলে ত্বককে রুক্ষতা থেকে বাঁচানো সম্ভব।

পরিমিত পানি খাওয়াঃ

ত্বক হাইড্রেটেড অর্থাৎ আর্দ্র রাখতে চাইলে এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করতে হলে শুধু ক্রিম বা লোশন ম্যাসাজ করলেই হবে না। ভিতর থেকেও ত্বককে আর্দ্র রাখা প্রয়োজন। এজন্য আপনাকে বডি হাইড্রেটেড রাখতে হবে। আর তার জন্য সঠিক পরিমাণে পানি খাওয়া প্রয়োজন। এমনিতেই শীতকালে পানি একটু কম খাওয়া হয়। তাই বিশেষ করে এই পানি খাওয়ার ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন।

সানস্ক্রিন ব্যবহার করাঃ

শীতের রোদ গায়ে মাখতে ভালই লাগে। কিন্তু তাই বলে সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে যাবেন না। শীতের চড়া রোদে বলা ভাল এখন রোজ যেমন রোদ উঠছে তার প্রভাবে ত্বকে ট্যান পড়তে বেশি সময় লাগবে না। শুধু তাই নয় ত্বকে কালচে দাগছোপ হয়ে যাবে। তাই শীতকালেও অতি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগে রাখুন ছাতা এবং সানগ্লাস। চাইলে টুপি এবং স্কার্ফও ব্যবহার করতে পারেন।

 

রাশিয়ায় আবাসিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সীমান্ত সংলগ্ন রাশিয়ার ইয়েস্ক শহরের আবাসিক এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল এসইউ-৩৪ বোমারু মডেলের একটি বিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

একজন স্থানীয় অধিবাসী জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তিনি বলেন, সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়েছিল। ভেতরের সবকিছু পুড়ে যাচ্ছিল আর ধোঁয়া বের হয়ে আসছিল। আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছিল এবং কিছুক্ষণ পরপর যুদ্ধবিমানটির গোলাবারুদ বিস্ফোরিত হচ্ছিল।

রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণে এপার্টমেন্ট ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায় এবং সবার ওপরের ফ্লোরটি ভেঙ্গে পড়ে। এ ঘটনায় ৪৫টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে প্রায় ৬০০ মানুষ বসবাস করতো।

প্রসঙ্গত, ইয়েস্ক শহরটির অধিবাসীর সংখ্যা প্রায় ৯০ হাজার। এখানে রাশিয়ার একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের পরপর শহরটির গভর্নর প্রত্যেক অধিবাসীর অবস্থান সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন।

 

আজ বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র প্রাণবন্ত শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।

শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল।

প্রসঙ্গত, শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গত বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে সরকার। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য  হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

আওয়ামীলীগের কর্মসূচীঃ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ আগামীকাল সকাল ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসাথে তিনি সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বানও জানিয়েছেন।

এছাড়াও আগামীকাল জাতীয়ভাবে সারাদেশে একযোগে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হবে। দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল ৬ টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হবে। সকাল সাড়ে ৬টায় স্ব স্ব মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থা বা প্রতিষ্ঠান ও প্রাঙ্গণে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দিবসটিতে আইসিটি বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় পরিকল্পনা কমিশন-এর সামনে হতে বিআইসিসি প্রাঙ্গণ পর্যন্ত সকলের অংশগ্রহণে র‌্যালী অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেম-এ শেখ রাসেল দিবসের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান করবেন। দুপুর আড়াইটায় ‘শেখ রাসেলের নির্মম হত্যাকান্ড ন্যায় বিচার, শান্তি ও প্রগতির পথে কালো অধ্যায়’ শীর্ষক জাতীয় সেমিনার, একই স্থানে সন্ধ্যা ৬টায় ‘কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস’ অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাংকন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গুরু শিষ্যের নির্বাচনী লড়াই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩৫ নম্বর আসন মৌলভীবাজার-১। এখানে চার চারবারের এমপি বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনও এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নে লড়াইটা হবে মূলত প্রবীণ-নবীনের।

স্থানীয়রা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে আছেন প্রবীণ শাহাব উদ্দিন ও নবীন এস এম জাকির হোসাইন। প্রতিযোগিতা তাদের দুজনের মধ্যেই হবে। কারণ দুজনই এলাকায় লেগে আছেন।

জানা যায়, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এমপি শাহাব উদ্দিন। এবার আবার তিনি মন্ত্রিত্বও পেয়েছেন। ব্যক্তিগতভাবে শান্ত ও সজ্জন বলে পরিচিত এই নেতা এখন এলাকায় সময় কম দেন। কিছু রাস্তাঘাটের বেহাল দশা, অন্য উন্নয়ন কাজে ধীরগতি নির্বাচনী দৌড়ে কিছুটা পিছিয়ে দিতে পারে তাকে।

নির্বাচনী এলাকা ঘুরে চোখে পড়ে যায়, জুড়ী থেকে ফুলতলা ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত খারাপ। ধীরে চলে সংস্কার কাজ। জুড়ী থেকে লাঠি টিলা যেতে ভবানীগঞ্জ বাজারের আশপাশে দুই কিলোমিটার রাস্তাও ভাঙাচোরা। এলাকাবাসী বলছেন, পাঁচ-ছয় বছর ধরে এভাবেই পড়ে আছে। বৃষ্টি হলে পানি জমে জনদুর্ভোগের কারণ হয়।

এদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এলাকামুখী। নিজের উপজেলা জুড়ীতে বেশ ভালো অবস্থান তৈরি হয়েছে তার। তবে বড়লেখায় বর্তমান এমপির বলয় শক্তিশালী। যেটি ভাঙতে তাকে বেশ খাঠখড় পোড়াতে হবে।

মনোনয়ন নিয়ে বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন গনমাধ্যমকে বলেন, ‘আমি দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন চাইবো। এরই মধ্যে আমার প্রতিশ্রুতির ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। মনোনয়ন পেলে বাকি ২০ শতাংশ সম্পন্ন করবো।’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন  বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। আমার কাজ করার প্রবল ইচ্ছাশক্তি আছে। এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। যে কোনো সংগ্রাম-সংকটে সবার আগে তাৎক্ষণিকভাবে জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়ানোর মতো সাহস ও মনোবল আছে। যা করোনার (কোভিড-১৯) সময়ে এবং অতিসম্প্রতি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সব ক্ষেত্রে এখন তরুণদের প্রাধান্য ও মূল্যায়ন করছেন। তাই বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক একজন তরুণ হিসেবে আমাকে কাজ করার সুযোগ দেবেন।’

এই দুই নেতার বাইরে মনোনয়নের জন্য অন্য কারও নাম তেমন আলোচনায় নেই। তবে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের অনেকে নেতৃত্বের পরিবর্তনের কথা বলেছেন। তাদের বক্তব্য, শাহাব উদ্দিন তো দল থেকে সবই পেয়েছেন। এখন বিকল্প তৈরির সময়।

পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানকার নবীন ভোটার ও নেতাকর্মীরা প্রার্থীর পরিবর্তন চায়। যদিও প্রবীণরা সেটি চান না। তিনি বলেন, পার্টি ক্ষমতায় থাকলে যা হয়, নেতাকর্মীদের মূল্যায়ন কম হয়। মান অভিমান বাড়ে, দূরত্ব তৈরি হয়। আর রাস্তাঘাটের কাজ শুরু হয়, কিন্তু শেষ হয় না। ঠিকাদররা নানা অজুহাতে কাজ আটকে রাখে। আমাদের এখানে অন্তত ৫০ শতাংশ রাস্তা খারাপ। কিছু জায়গায় কাজ ধরছে, কিছুটা করে ফেলে রাখছে, যার কারণে দুর্ভোগটা বেশি।

জুড়ি উপজেলা যুবলীগের শিক্ষা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ গনমাধ্যমকে বলেন, সরকারি বরাদ্দে এমপি সাহেব নানা কাজ করছেন। কিন্তু জনগণের সঙ্গে তার দূরত্ব আছে। বিশেষ করে আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ওনার বিশাল গ্যাপ। আমরা যারা তরুণ প্রজন্ম আমরা নতুন মুখ চাই। দীর্ঘদিন উনি মন্ত্রী, হুইপ ও এমপি ছিলেন। ওনার তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। ওনার অবর্তমানে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের তো নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা যারা যুবলীগ-ছাত্রলীগ করি, তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ভাইকে চাই। মন্ত্রী শাহাব উদ্দিন সাহেবের অবর্তমানে উনি এখানে সম্ভাবনাময় নেতৃত্ব। তার সে অবস্থান ও যোগ্যতা আছে।

জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হুমায়ুন রশিদ রাজী বলেন, অতীতে যেমন কাজ হয়েছে, এখন সেটা হচ্ছে না। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে এলাকায় কাজ কম হচ্ছে। এমপি আগের মতো এখন এলাকায় আসেন না। দুই-তিন মাস পর আসেন, তাও শুক্র-শনিবার। স্থানীয় নেতাকর্মী ও দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা এবং জুড়ী উপজেলা) মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৮০৯। পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৭৩৬ এবং নারী ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭৩ জন।

ভোটের বিশ্লেষণে দেখা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন ১ লাখ ৪৫ হাজার ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন মিঠু পান ৬৫ হাজার ৮৫৩ ভোট।

দশম জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪) আওয়ামী লীগের শাহাব উদ্দিন ১ লাখ ৪ হাজার ২০ ভোট পান। জাতীয় পার্টির আহমেদ রিয়াজউদ্দিন এর ঝুড়িতে ৯ হাজার ৬৪৯ ভোট। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮) আওয়ামী লীগের শাহাব উদ্দিন ১ লাখ ৬ হাজার ৫৭০ এবং বিএনপির এবাদুর রহমান চৌধুরী ৬৯ হাজার ৬১৯ ভোট আদায় হয়। ৮ম জাতীয় সংসদ নির্বাচন (২০০১) বিএনপির এবাদুর রহমান চৌধুরী ৪৯ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের শাহাব উদ্দিন এর ঝুড়িতে ৪৭ হাজার ৫৩৯ ভোট। ৭ম সংসদ নির্বাচন (১৯৯৬) আওয়ামী লীগের শাহাব উদ্দিন ৩৩ হাজার ১৭৯ ও বিএনপির এবাদুর রহমান চৌধুরী ২০ হাজার ৪৭ ভোট আদায় করে নেন। ৫ম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১) জাতীয় পার্টির হয়ে এবাদুর রহমান চৌধুরী লাঙল প্রতীকে ২৭ হাজার ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের ইমান উদ্দিন আহমেদ এর ঝুড়িতে পড়ে ২৭ হাজার ৫৫৮ ভোট।

উল্লেখ্য, এখানে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রায় কাছাকাছি। সুষ্ঠু ভোট হলে লড়াইটা হবে বেশ সমান তালে। তবে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় চা বাগানের শ্রমিকদের ভোট।

নাইজেরিয়ায় প্রবল বন্যায় ৬০০’র বেশি মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়ে গেছে। গতকাল রোববার (১৬ অক্টোবর) মৃতের এ নতুন সংখ্যা প্রকাশ করা হয়। খবর এএফপি’র।  

গেলো কয়েক দশকে এতো ভয়াবহ দুর্যোগ দেখেনি পশ্চিম আফ্রিকার দেশটি। ৩৬টি রাজ্যের মধ্যে দুর্ভোগে পড়েছে ২৭টি। বন্যা-ভূমিধসে প্রায় ২০ লাখের মতো ঘরবাড়ি ও স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৫শ’ জন। কিছু রাজ্য সরকার বন্যার প্রস্তুতি গ্রহণ না করায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়।

মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং প্রায় এক লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি পানিতে ডুবে গেছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়, নাইজেরিয়ায় সাধারনত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলেও বিশেষ করে আগস্ট থেকে প্রচ- বৃষ্টিপাত হতে দেখা যায়। ২০১২ সালে বন্যায় ৩৬৩ জনের প্রাণহানি ঘটে এবং ২১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সরকারের অভিযোগ, রাজ্যগুলোকে সর্তকতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু পর্যাপ্ত সুরক্ষা গ্রহণ না করায় বাড়ছে প্রাণহানি। নভেম্বরের শেষ পর্যন্ত বন্যা পরিস্থিতি বহাল থাকবে পূর্বাভাস আবহাওয়াবিদদের। নাইজেরিয়ায় মৌসুমী বন্যা স্বাভাবিক। তবে চলতি বছর ভয়াবহ পরিস্থিতি দেখছে দেশটি। এরজন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর নেতিবাচক পরিবর্তনকে দায়ী করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন দুর্বল পরিকল্পনা এবং অবকাঠামোগত ত্রুটিও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ।

 

বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ

আন্তর্জাতিক ডেস্কঃ কমপক্ষে পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ড্রোন থেকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আজ সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। এতে কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক এই হামলাকে রাশিয়ানদের বেপরোয়া মনোভাব হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, রাশিয়া এই হামলায় ‘কামিকাজে ড্রোন’ ব্যবহার করেছে। নভায়রনমেন্ট সংস্থা এ কামিকাজে ড্রোনের প্রস্তুতকারক। এধরনের ড্রোন মূলত দু’আকারে পাওয়া যায়। সুইচব্লেড ৩০০ এবং সুইচব্লেড ৬০০। নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করা এ ড্রোনগুলোকে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন বলা হয়।

মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহ আগে ব্যস্ত সময়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় রাজধানী কিয়েভ। ওই হামলায় ১৯ জন নিহত হয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে এবং বাসিন্দাদের বিমান হামলার আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মূলত এসব হামলা রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি মূল সেতুতে বোমা হামলার প্রতিশোধ ছিল। যুদ্ধ চলাকালীন প্রথমবারের মতো কিয়েভকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মনে করা হচ্ছে, রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে।

 

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই। আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত অভিনেতা মাসুম আজিজের শ্যালক ওয়াকিব বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩টার দিকে মারা যান মাসুম আজিজ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মাসুম আজিজ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অভিনেতা মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তার মরদেহ পাবনায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে হবে দাফন।

প্রয়াত অভিনেতা মাসুম আজিজ অভিনেতার পাশাপাশি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। ছাত্রাবস্থায় অভিনয়ে হাতেখড়ি মাসুম আজিজের। ৮০’র দশকের মাঝামাঝিতে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে হয়েছেন প্রশংসিত।

এছাড়া, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রশংসিতও হয়েছে। আর ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে নির্যাতনের দায়ে বিভিন্ন মেয়াদে ১১ ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার (১৬ অক্টোবর) দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশ মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুল হককে ৬ মাসের বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বহিষ্কৃত অন্য ১০ শিক্ষার্থী হলেন– নৃবিজ্ঞান বিভাগে ৪৬ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান সেজান, একই বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান হাবীব, আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মোহাম্মদ মাসুম বিল্লাহ, অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের মির্জা শাহনূর উল হক জিয়ান, দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের মীর হাসিবুল হাসান রিশাদ, প্রাণীবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের মুনতাসির আহম্মেদ তাহরীম, রসায়ন বিভাগের ৪৮তম ব্যাচের জাহিদ নজরুল, বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের ইমরান বশর, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের জায়েদ-বিন-মেহেদী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচ এএস নাফিস হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্ট জাবির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ডেকে ক্যারিয়ার টাইমস অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আল-আমিন হোসাইন রুবেলকে শারীরিক নির্যাতন ও মারধরে অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। পরে ওই রাতে ঘটনায় অভিযুক্তদের মধ্যে আট ছাত্রলীগ কর্মীকে সংগঠনের কার্যক্রমে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।