কুলাউড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আবু মাছুম মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার উদ্দেশ্যে করে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজের ব্যাপারে রোববার রাতে নাঈমের মা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করেছেন।

নাঈম উপজেলার হাজীপুর ইউনিয়নের মাতাবপুর গ্রামের মৃত আবু সাহাদাতের ছেলে। সে ভাটেরা ইবতেদায়ী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

থানায় অভিযোগ (জিডি) এর সূত্রের বরাতে জানা যায়, নাঈমের মা উল্লেখ করেন রোববার সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি নাঈম। পরে মাদ্রাসা ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাঈমের খোঁজে পুলিশ তৎপর রয়েছে। নাঈমকে খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেনাপোল রেলস্টেশনে জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোরের শার্শার বেনাপোল রেলস্টেশনে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবকের জুতার ভেতর থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক অনিক কুমার বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বিজিবি গোপন সংবাদে জানতে পারে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৪৮ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

অর্থনীতি ডেস্কঃ চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি মা‌র্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৬ টাকা ধ‌রে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা।

আজ সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

এ সময়ে সবচেয়ে বেশি ১৯ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর আগে, সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার, জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, গত ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ইরানে ইভিন কারাগারে আগুন লেগে ৮ বন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ‌‘কুখ্যাত’ ইভিন কারাগারে আগুন লেগে অন্তত ৮ বন্দির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ সোমবার (১৭ অক্টোবর) এবিসি নিউজ এক প্রতিবেদেন এ তথ্য জানায়।

সাম্প্রতিক সময়ে কয়েক শ’ বিক্ষোভকারীকে ওই কারাগারেই পাঠানো হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক বন্দি, সাংবাদিক, বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

জানা গেছে, গত শনিবার রাতে কারাগারের একটি ওয়ার্কশপে বন্দিদের মধ্যে মারামারির পর আগুন লাগে। এমনকি সেখানে গুলি এবং বিস্ফোরণের শব্দও শোনা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এভিন কারাগারের সমালোচনা করে আসছে। এ ছাড়া কারাগারটিতে নির্যাতন, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ এবং তার চিকিৎসা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন ওয়েজ আনার্স কল্যান বোর্ড থেকে প্রদত্ত প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে। 

গতকাল (১৬ অক্টোবর) রোববার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির এ চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, প্রবাসীরা নিজের পরিবার ছেড়ে দূর দেশে গিয়ে টাকা উপার্জন করছেন, এতে দেশের অর্থনৈতিক খাতে উন্নয়ন হচ্ছে। সরকার তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য এই শিক্ষাবৃত্তি দেওয়া প্রদান করছে। এই শিক্ষা বৃত্তি তাদের সন্তানদের পড়ালেখার গতি বাড়াবে এবং উচ্চ শিক্ষার পথ সুগম করবে। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার ২২ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির এই চেক বিতরন করা হয়।

জেলাকর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনস্থ মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক প্রমুখ।

নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে চলছে!

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীরঃ নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটগ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ছয় উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে একযোগে চলবে। ওই সব উপজেলায় মোট ভোটের সংখ্যা ৮৫৮ টি। 

নীলফামারী সদরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জেলায় ছয় উপজেলায় একটি করে মোট ছয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

ছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে আমরা বদ্ধ পরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আনারস এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া দুটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন এবং ছয়টি সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।

নীলফামারী সদর উপজেলার দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের নীলফামারী সদরে মোট ভোটার সংখ্যা ২১১টি এর মধ্যে সকাল ১১.১৪ মিনিট পযন্ত প্রায় ৩৩% ভোট কাস্ট হয়েছে।

খানাখন্দ সড়কে জনজীবন চরম দুর্ভোগে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার- কমলগঞ্জের শমসেরনগর সড়কের ৩টি অংশের প্রায় ৬৫০ মিটার পিচঢালাই তুলে নতুন পাথর-বালুদিয়ে রাখা হয়েছে গত ডিসেম্বর থেকে। বৃষ্টিতে সড়কের ওই অংশগুলোতে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজার জেলা কার্যালয় ও উক্ত কাজের কার্যাদেশের তথ্যমতে, কুলাউড়ার ব্রাহ্মণবাজার হতে শমসেরনগর হয়ে শ্রীমঙ্গল পর্যন্ত সড়কের ভাঙ্গা অংশের সংস্কার কাজের প্রকল্পের আওতায় ৩ হাজার মিটার আরসিসি ঢালাই ও ১৪শ মিটার বিটুমিনাস দিয়ে কাজ করা হবে। এছাড়াও ১৩ টি কালভার্ট ও একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। এ কাজটি সম্পাদনের দায়িত্ব পায় জামিল ইকবাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের ডিসম্বরে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাজর-শমসেরনগর সড়কের কুলাউড়া অংশের টিলাগাঁও বাংলাটিলা এলাকার প্রায় ২শ মিটার, বাঘেরটিকি এলাকার ৩শ মিটার ও হাজীপুরের কুনিমোড়া এলাকার ১৫০ মিটার রাস্তার পুরাতন পিচঢালাই তুলে নতুন করে বালু-মাটি-পাথর দিয়ে রাখার হয়। এরপর এ রাস্তা দিয়ে চলাচলকারী ভারী যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক প্রায়ই দেবে যেতো। এ জন্য এ সড়কে যোগযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটতো। চলতি বর্ষায় ওই অংশগুলোতে বালু-পাথর ওঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়।

এছাড়াও হাজীপুরের কটারকোনা বাজার থেকে প্রায় আধাকিলোমিটার সড়কে ভাঙাচোরা ও বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে থাকা কাঁদা পানিতে প্রতিনিয়ত বিড়ম্বানায় পড়তে হয় গাড়ি চালক ও যাত্রীদের।

এ সড়কে নিয়মিত চলাচলকারী বাস চালক মাসুক মিয়া ও সিএনজি অটোরিকাশা চালক এনামুল আলম জানান, শুধু সংস্কার কাজ অংশ নয়, পুরো সড়কে গর্ত ও ভাঙাচোরা সড়কে গাড়ির অনেক ক্ষতি হয়। প্রায় গাড়ির চাকা ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। প্রায় এক বছর ধরে সড়কের কাজ শুরু হয়েছে। ৫-৬ মাস ধরে কোন কাজই হচ্ছেনা। গর্ত ও ভাঙাচোরা সড়কে একদিন গাড়ি চালালে আরেকদিন শরীর অসুস্থ থাকে। বাধ্য হয়ে এ পথে গাড়ি চালাতে হয়।

এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ইকবালের মোবাইলে শুক্রবার ও শনিবার একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।

সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, কয়েক মাস ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এজন্য সড়কে রোলার করে রাখা পাথর ও বালু ভিজা থাকে। এগুলো পুরোপুরি না শুকালে বিটুমিন প্রয়োগ করা যাবে না। গত কয়েকদিন থেকেও বৃষ্টি হওয়ায় কাজ শুরু করা যাচ্ছেনা। বৃষ্টি থেমে গেলে কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

নারীর নিরাপত্তা নিশ্চিতে সব বাসে থাকবে সিসি টিভি

জাতীয় ডেস্কঃ নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আজ রোববার (১৬ অক্টোবর) ঢাকায় মিরপুরে গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচি’র আওতায় গণপরিবহনে সিসিটিভি স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি স্থাপনের মাধ্যমে গণপরিবহন নারীবান্ধব ও নিরাপদ হবে। নারীরা সিসি ক্যামেরা সংযুক্ত বাসে উঠতে স্বাচ্ছন্দ বোধ করবে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

তিনি বলেন, গণপরিবহনে যাতায়াতকালে নারীরা অসম্মানজনক আচরণেরও শিকার হচ্ছেন। যার ফলে সভ্যতার এ যুগে নারীরা চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছে। এসব ঘটনা তাদের স্বাধীন চলাচলকে বাধাগ্রস্ত করছে। গণপরিবহনে এশিয়ার অন্যান্য দেশের নারীরা নিপীড়নের শিকার হয়ে থাকে।

সিসি ক্যামেরা স্থাপন বাসগুলো হলো- চন্দ্রা টু ডেমরা স্টাফ কোয়ার্টার রুটের রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের ২৫টি, গাবতলী টু গাজীপুর রুটের বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের ২৫টি, মোহাম্মদপুর টু আবদুল্লাহপুর রুটের প্রজাপতি পরিবহন লিমিটেডের ২৫টি। ঘাটারচর টু আব্দুল্লাহপুর রুটের পরিস্থান পরিবহনের রয়েছে ২৫টি এবং গাবতলী টু সায়েদাবাদ রুটের গাবতলী এক্সপ্রেসের আটটি বাসে প্রাথমিক পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা দীপ্ত ফাউন্ডেশন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাসচালক, স্টাফ, হেলপার যাত্রীসহ পরিবহনের সাথে সংশ্লিষ্ঠরা।

শেষ মুহূর্তে ভোটের মাঠে এগিয়ে সেলিম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ড কুলাউড়া উপজেলায় সদস্য প্রার্থীদের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। ইতোমধ্যে এক ভোটের দাম এক লক্ষ টাকা বলে জনমনে ব্যাপক আলোচনা সমালোচনায় চায়ের কাপে ঝড় উঠেছে।

আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) মৌলভীবাজারসহ দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান একক প্রার্থী হওয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো চেয়ার আঁকড়ে রাখলেন। কিন্তু সদস্য পদে নির্বাচনের শেষ মুহুর্তে এসে জমে উঠেছে। ভোটারদের কদরও বেড়েছে।

৩নং ওয়ার্ড কুলাউড়া আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন প্রার্থী। তারা হলেন বর্তমান জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ ও মাহবুবুর রহমান মান্না। এছাড়া কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু ও দৈনিক সমকালের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর।

কুলাউড়া উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ৩নং ওয়ার্ডে মোট ভোটার ১৭২ জন। প্রার্থীদের মধ্যে ভোট কিনে বিজয়ী হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে ভোটাররা অভিযোগের সুরে  জানান। ভোট কিনতে কসম করিয়ে ও এক লক্ষ টাকাও দেয়ার খবর ও শোনা যাচ্ছে। এছাড়াও টাকার সাথে ক্ষমতার দাপট, পেশিশক্তির ব্যবহারে ভোট নেয়ারও গুজব ছড়ানো হচ্ছে।

সাধারণ ভোটারদের সর্বশেষ মূহুর্তে জানার চেষ্টা করলে কথা বলার মধ্যে অকোপটে জানান , আগের জনেই ভালো। প্রতি উত্তরে আবারো আগের জন মানে সেলিম আহমদের সম্ভবনার কথা স্বীকার করে।

এদিকে কুলাউড়া জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে সংরক্ষিত নারী আসন -০১। ঐ আসনে লড়ছেন ৩ নারী প্রার্থী। তারা হলেন বর্তমান সদস্য শিরীন আক্তার মুন্নি ও জোবেদা ইকবাল। তাদের সাথে অপর প্রতিদ্বন্দ্বি হলেন রেহানা পারভীন। কুলাউড়ায় ১৭২, জুড়ীতে ৮১ এবং বড়লেখা উপজেলায় ১৪৬ ভোট মিলিয়ে ৩৯৯ জন ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নারী প্রার্থীরা। ভোটারদের মধ্যে বর্তমান ২ সদস্য নিয়েই চলছে আলোচনা।

কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, বড়লেখা নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কাঠালতলী ও জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের স্থান নির্ধারণ করা হয়।

মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, টাকা দিয়ে ভোট কেনার গাল গল্প কথা শুনে লাভ নেই। কোন প্রার্থী অবশ্য এ নিয়ে কোন রকম অভিযোগ ও করেনি। নির্বাচনে ক্ষমতার প্রভাব বিস্তারের ব্যাপারে তিনি জানান, সামান্য কিছু ভোট। ভোটাধিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে কঠোর অবস্থানে। কোন গুজবে কান দিয়ে লাভ নেই এবং পুরো জেলায় ভোট গ্ৰহন ইভিএম এর মাধ্যমে ভোট হবে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান জানান, জেলায় ৭টা কেন্দ্রে ২টি করে কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই দুটি কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমার অফিসের মোবাইল থেকে ও তা মনিটারিং করা হবে। তাছাড়া একটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সুতরাং এখানে সামান্যতম ত্রুটি বিচ্যুতির কোন সুযোগ থাকছে না। শান্তি শৃঙ্খলা বজায়ে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন।

ইরানের ইভিন কারাগারে গোলাগুলি ও অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইভিন কারাগারে গোলাগুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভেতর থেকে বন্দুকের গুলির শব্দ ও সাইরেন শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার (১৫ অক্টোবর) এই ঘটনা ঘটে বলে জানা যায়। 

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, আগুন লাগার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুন লাগার পর দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আক্রান্তদের বের করে আনে। পরে সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। তবে রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাগারে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এতে কোনো হতাহত হয়েছে কি-না তাও জানা যায়নি।

আগুনের ঘটনায় বন্দীদের পরিবার কারাগারের প্রধান দরজার সামনে জড়ো হতে শুরু করেছেন। কারাগারটি রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। এখানে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, চলমান আন্দোলনে আবারও সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহসা আমিনির। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। দেশটিতে এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা যাচ্ছে। মূলত পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সেখানে বিক্ষোভ দানা বাঁধে এবং পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বের অনেক দেশই এ বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।