নওগাঁয় এক হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ রতন বাবু (২৭) ও নুরে আলম (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রতন বাবু উপজেলার শিশা বাজারের পার্শ্বে খরপা গ্রামের লতিফের ছেলে ও নুরে আলম পার্শ্ববর্তী জেলা চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গম্বুজপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদ পেয়ে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিশা মশিদ ইউপির খড়পা বাজারপাড়া রতন বাবুর বাড়ি থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে ও তাদের কাছে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২৯ হাজার জব্দ করে।

সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহিরুল হক বলেন,আসামিদের গ্রেপ্তার করার পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে ১৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বাসে আগুন লেগে অন্তত ১৯ জনের প্রাণহানি এবং ৩৮ জন আহত হয়েছেন। আজ শনিবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে নাসিক শহরের আওরঙ্গবাদ রোডে মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নাসিকের সহকারী পুলিশ কমিশনার আমল থাম্বে বলেন, বাসটি ছিল স্লিপার কোচ। যারা মারা গেছেন তারা সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ ঘটনায় একটি মামলা দায়েরের পর তদন্ত কাজ চলছে। বাসে কী কারণে আগুন লেগেছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাদা বসু বলেন, আহতদের চিকিৎসা খরচ বহন করবে সরকার।

 

জেনে নিন ২৪ ঘন্টার আবহাওয়া

আবহাওয়ার ডেস্কঃ আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনি ও যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।

পরকীয়া প্রেমিকাসহ পাঁচ সন্তানের জনক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পরকীয়া প্রেমিকাসহ জনতার হাতে আটক হয়েছেন ৫ সন্তানের জনক। আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৫)। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাওঁ গ্রামের শাজন মিয়ার ছেলে। প্রেমিকা একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর মেয়ে শরীফা বেগম (২৫)।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে জুড়ী থানার এসআই মহসিনের নেতৃত্বে পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই পুলিশ ওই মহিলা’কে ছেড়ে দেয়। আজ শনিবার ( ৮ অক্টোবর) আলমগীর হোসেন’কে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ব বেলাগাওঁ জামে মসজিদের ক্যাশিয়ার নুরুল মিয়া ও  ব্যবসায়ী মনির মিয়া জানান, আটক আলমগীর দীর্ঘদিন যাবত স্বামী পরিত্যক্তা শরীফা বেগমের বাড়ীতে আসা যাওয়া করত। এর সুবাদে শরীফার সাথে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। শারীরিক সম্পর্কের জেরে প্রায়ই আলমগীর ঐ বাড়ীতে আসা যাওয়া করত। গত ১০/১৫ দিন পূর্বে জনতা তাদের আটক করলে আলমগীরের আত্নীয় স্বজন সুষ্ঠ বিচার করে দিবেন বলে তাকে ছাড়িয়ে নেন কৌশলে। পরে বিচারের নামে তারা কালক্ষেপণ করতে থাকে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে আবার গতরাতে তাকে প্রেমিকার ঘরে হাতেনাতে গ্ৰামবাসীসহ ধরে জনতা ধুলাই দিয়ে গাছের সাথে বেঁধে পুলিশ সহ সাংবাদিকদের খবর দেয়। পরে খবর পেয়ে জুড়ী থানা পুলিশের এসআই মহসিনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় শত শত জনতা তাদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।

আলাপকালে এলাকাবাসীর বরাতে জানা যায়, তাদের অসামাজিক কার্যকলাপে আমরা অতিষ্ঠ। তাকে (আলমগীর) কয়েকবার আটক করলেও প্রভাবশালী হওয়ায় বার বার অনৈতিক কাজ করেও পার পেয়ে যাচ্ছে। এতে করে এলাকার সম্মানহানি সহ  সাজাজিক পরিবেশ অবক্ষয়ে উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ দিন আগে তাদেরকে এলাকাবাসী আটক করলে আলমগীরের আত্নীয়রা জিম্মায় নিয়ে সুষ্ঠ বিচার করবেন বলে তাকে কৌশলে ছাড়িয়ে নিলেও কোন বিচার মিমাংসা করেন নি। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ দিন আগেও তাকে ঐ মহিলার সাথে একবার ধরা হয়। তখন তাঁর আত্নীয় স্বজন তাকে জিম্মায় নিয়ে সুষ্ঠ বিচার করবেন বলে আশ্বস্ত করলেও গতকাল রাতে আবারো এলাকাবাসী তাকে মহিলার ঘর থেকে আটক করে পুলিশে দেয়।

জায়ফরনগর ইউপি পরিষদের  চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনাটি এলাকাবাসী আমাকে জানালে আমি পুলিশ’কে অবহিত করি। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় আলমগীর হোসেন’কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে‌ বলে নিশ্চিত করেন।

চার বছর পর মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ-ভারত মুখোমুখি

স্পোর্টস ডেস্কঃ ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪ বছর পর আবার মুখোমুখি হয়েছে ভারতের। মেয়েদের এশিয়া কাপে আবার দেখা হয়েছে বাংলাদেশ-ভারতের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। স্মৃতি মান্ধানার নেতৃত্বে খেলছে তারা।

নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর এ ম্যাচ খেলছেন না। তার জায়গায় মান্ধানা নেতৃত্ব দিচ্ছেন দলকে। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। অন্যদিকে সবশেষ ম্যাচ মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত এ পর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ১৩টি। ১১ বার জিতেছে ভারত। মুখোমুখি দেখায় সবশেষ দুটি ম্যাচ জিতেছে টিম টাইগ্রেস। কুয়ালালামপুরে ২০১৮ এশিয়া কাপে ভারতকে দুুইবার হারায় বাংলাদেশ।

৬ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ শনিবার (৮ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, দুর্গাপূজায় টানা ৬ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও যাত্রী পারাপার চলে। আর আজ শনিবার (৮ অক্টোবর) থেকে নিয়মিতভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় ১৭ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলোঃ সুমন (২১), আনোয়ার (২০), নাজমুল (২৫), নাইম (২৫), রোমান ও কালু (২২)।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে তুরাগ কমিউনিটি নামে লোকাল ট্রেনটি দাঁড়ানো অবস্থায় ছিলো। তখন ওই ট্রেনের একটি কামরায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় কিশোরী।

রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, ওই কিশোরী দেশের বাড়ি নেত্রকোণা থেকে ট্রেনে কমলাপুরে আসে। এ সময় তাকে একা পেয়ে কয়েকজন ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি ট্রেনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণের ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে। বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৩ কোটি টাকার মাদক জব্দ

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ৮০ হাজার পিয়াস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় বিজিবি-২’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো: ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে টেকনাফ উপজেলার খরংখালী এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বহনকারী একটি নৌকা জব্দ করে। তারা তখন নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ এলাকার দিকে যাচ্ছিল। সন্দেহভাজন দুই চোরাকারবারি পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া বস্তা থেকে বিজিবি সদস্যরা ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ দশমিক ১২০ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

এছাড়া, শনিবার (৮ অক্টোবর) ভোর ৫টায় একই ইউনিয়নের চেকপোস্টে তল্লাশির সময় আরেক ব্যক্তি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অবশেষে সব জটিলতা কাটিয়ে জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তি জানুয়ারিতে

বিনোদন ডেস্কঃ অবশেষে সব জটিলতা কাটিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এত দিন মুক্তি পায়নি। দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

নুরুল আলম আতিক জানিয়েছেন, ‘আমরা দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে প্রস্তুত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।’

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

উল্লেখ্য,  সিনেমাটির শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনা। জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে।

ধলাই নদীর পানি বিপদ সীমায় প্রবাহিত হচ্ছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদ সীমা লেভেল প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে থেমে থেমে ভারী বৃষ্টি ও উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে কমলগঞ্জে ধলাই নদী পানি বেড়েছে। একই সঙ্গে লাঘাটা, ক্ষিরনীসহ সবকটি পাহাড়ি ছড়ার পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) ও শুক্রবার (৭ অক্টোবর) সরেজমিনে কমলগঞ্জের থানা সংলগ্ন ধলাই পুরাতন সেতু ও তার আশেপাশে এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি বেড়ে বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে যে কোন সময় পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এ অবস্থায় ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ এলাকা ভাঙনের আশংকা করছেন স্থানীয়রা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কমলগঞ্জে ধলাই নদী পানি বাড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সম্ভবত উজানে ভারতের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এজন্য ধলাই নদীর পানি বেড়েছে। উপজেলা প্রশাসন এদিকে সার্বক্ষণিক নজরদারি করছে বলে তিনি জানান।’
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সাকিব হোসেন জানান, ধলাই নদী পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরপর ধলাই নদী পানি আরও বেড়েছে। তিনি আরও বলেন, উজানে ভারতীয় পাহাড়ি ঢলে এলাকায় ভারী বর্ষণ হওয়ার কারণে কমলগঞ্জে ধলাই নদে পানি বেড়েছে এবং সামনে আরো বাড়তে পারে।