গাম্বিয়ায় ভারতীয় কফ সিরাপ খেয়ে ৬৬ শিশু মারা যাওয়ায় তদন্তের নির্দেশ হু-র

আন্তর্জাতিক ডেস্কঃ গাম্বিয়ায় ভারতীয় কফ সিরাপ খেয়ে ৬৬ শিশু মারা যাওয়ায় ওই ভারতীয় ওষুধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু জানিয়েছে, গাম্বিয়ায় শিশু মৃত্যুর জন্য দায়ী ভারতীয় ওষুধ কোম্পানির নাম নয়ডার মেডেন ফার্মাসিউটিক্যাল।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রের খবর, নয়ডার মেডেন ফার্মাসিউটিক্যাল পশ্চিম আফ্রিকার নানা দেশে এই বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে। তার মধ্যে এই কফ সিরাপও আছে। যা খাওয়ার পরেই শিশুদের কিডনি বিকল হয়ে যায়। এখনও পর্যন্ত ৬৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পরীক্ষিত ২৩টি নমুনার মধ্যে চারটিতে ডাইথিলিন গ্লাইকোল/ইথিলিন গ্লাইকোল পাওয়া যায়। এরপরই মোট চারটি সিরাপ সম্পর্কে সতর্ক করা হয়। প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মাকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ ব্যবহার না করার জন্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আর তদন্ত শুরুর পর দেখা গেছে, এই ওষুধ খাওয়ার পরেই পেটে ব্যথা, ঘন ঘন বমি করার মতো উপসর্গ দেখা যায়। আর শিশুদের মৃত্যু কিডনি বিকল হয়ে হয়েছে বলেই নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

এদিকে শিশু মৃত্যুর ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস গেব্রেয়াসাস। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘একরত্তি শিশুদের এইভাবে চলে যাওয়া, তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। এই ঘটনায় হু-এর তরফ থেকে মেডিক্যাল সতর্কতা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, বিশেষ চারটি কফ সিরাপ খাওয়ার ফলে কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে।’

টেড্রস গেব্রেয়াসাস আরো জানিয়েছেন, চারটি কফ সিরাপ ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালের তৈরি। যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়লো

সিএনবিডি ডেস্কঃ ফের নতুন করে চিনির দাম বাড়িয়েছে সরকার। ফলে এখন থেকে প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির দাম ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা ঠিক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলেও জানান তিনি।

চিনির দাম বৃদ্ধির কারণ জানিয়ে সিনিয়র সচিব সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আগে আমরা ডলারের বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দাম ধরতাম না। কিন্তু প্রতি ডলারের বর্তমান দাম ১০৫ টাকা ধরলে চিনির দাম বেশি হয়। তাই প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বাড়ানো হয়েছে।

মোবাইল কিনে না দেয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী ঘরের আরার সাথে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার দক্ষিণ কামালপুর গ্রামে।

নিহত কিশোরের নাম ফরহাদ হোসেন (১৩)। তিনি ওই গ্রামের দিনমজুর আশরাফুল আলমের ছেলে এবং কামালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ফরহাদ দীর্ঘদিন ধরে তার বাবার নিকট এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে চায়। কিন্তু  দিনমজুর বাবার মোবাইল ফোন কিনে দেওয়ার সামর্থ না থাকায় তিনি তা কিনে পারেননি। বৃহস্পতিবার সকালে ফরহাদ আবারও মোবাইলের বায়না ধরলে বকাঝকা করেন বাবা। এতে অভিমান করে নিজ শয়ন ঘরের আরার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি। ফরহাদের মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন দৌড়ে এসে তাকে ফাঁস থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। ‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম ও আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন, ইউপি সচিব দবিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে, জন্ম নিবন্ধনে ইউপি চেয়ারম্যানদের মূল দায়িত্ব পালনের কথা বলেন। এজন্য তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু তথ্য সম্বলিত একটি তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন এবং সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত: কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেন সরকার।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধিঃ “ সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই স্লোগানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তি যোদ্ধা শ্রী নিরেন্দ্র নাথ দাশ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন টগর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব এহসানুল হক, সাহাগোলা ইউনিয়ন পরিষদের সচিব আলী আল ইফতেখারুল সেবু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন শিক্ষা,স্বাস্থ্য,পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরুপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেচতনতার কোন বিকল্প নেই।

সভায় সরকারী দপ্তরের অফিসার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিসার ও মাঠ পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী পাল্টি খেয়ে নিহত -১, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী
ব্রিজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৬ আক্টোবর) ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা জেলার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র বর নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় গরুর ও ছাগলরে সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়।

এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। অপর দুইজন বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ রাণীশংকৈল হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি ঢাকায় হওয়ায় এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিল ডিসেম্বরে। আওয়ামী লীগ প্রতিবারেই ডিসেম্বরে কাউন্সিল করে থাকে। আগামী কাউন্সিলে নেতৃত্বে নতুন কোনো চমক থাকছে কি-না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায়, তাহলে আমি কোনোদিনই নেতৃত্বে থাকব না।

তিনি বলেন, যেদিন থেকে আওয়ামী লীগে আমার অবর্তমানে আমাকে প্রেসিডেন্ট করা হয়েছে তখন থেকেই আমি এই শর্ত মেনে যাচ্ছি। এটা ঠিক যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক।

শেখ হাসিনা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরমধ্যে অগ্নিসংযোগসহ অনেক ঘটনা ঘটেছে। এরপরও আমরা একটানা ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এখন আমি বিদায় নেয়ার জন্য প্রস্তুত আছি।

এদিকে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে নিপীড়িত হওয়ায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। টানা ১৮ দিনের সফর শেষে গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকায় ফেরেন তিনি।

 

বিজয়াদশমীতে বাবার বাড়ি যাওয়া হলোনা গৃহবধূ লবাণীর

ঠাকুরগাও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গৃহবধূ লবাণী রায়ের (৪৬) বিজয়াদশমীতে বাপের বাড়ি যাওয়া হলো না। বুধবার ৫ আগস্ট দুপুরে সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারায় লাবণী।

লবাণী রায়ের বড় ছেলে হিরালাল রায় জানায়, বিজয়া দশমী উপলক্ষ্যে বুধবার দুপুরে আমার মা লবাণী রায় এবং ছোট ভাই জগদীস উপজেলার মাটিয়ানী গ্রামে বিজয়াদশমী উপলক্ষ্যে নানার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারা পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের ক্ষিদ্র গড়গাঁও মোড়ে এসে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিল। পরে অটোরিক্সা পেয়ে অটোতে উঠার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল মাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে করে মা ও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মায়ের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে রেফার্ড করে এবং দিনাজপুরে নেওয়ার পথিমধ্য আমার মা মারা যায়। অপরজন পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায় ওই মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল এবং তারা বেপরোয়া গতিতে গাড়ি ছালাচ্ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত হওয়ার কথা শুনেছেন। পুলিশ মোটরসাইকেলটিকে জব্দ করেছে।

প্রতিমা বিসর্জন দেয়ার আগেই লাশ হয়ে বাড়ি ফিরলেন রুপম

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া প্রতিনিধি: সারা দেশে জাঁকজমকভাবে পালিত হচ্ছে হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব “দুর্গা পুজা”। এরই ধারাবাহিকতায় বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরে করা হয়েছে অনেকগুলো পূজা মন্ডপ। গতকাল ৫ অক্টোবর (বুধবার) ছিলো তাদের প্রতিমা বিসর্জন।

এই প্রতিমা বিসর্জনের ঠিক আগ মূহুর্তে মন্ডপ থেকে প্রতিমা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো রুপম কর্মকার জগো (৩২) নামের এক যুবকের। ঘটনাটি ঘটে উপজেলার পৌর শহরের “পূবালী সংঘ পূজা মণ্ডপে”। নিহত রুপম পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে।

জানা যায়, পূজার মন্ডপে আলোকসজ্জা করতে যে বিদ্যুতের সংযোগ দেয়া হয় তাতে কিছু জায়গায় তারগুলো ঝুকিপূর্ণভাবে রাখা হয়। রুপম গতকাল বিকাল ৫ টায় মন্ডপ থেকে প্রতিমা নামানোর সময় সেই তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে এক বন্দুকধারী পুলিশের সাবেক কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে এবং এদের অনেকের বয়স দুই বছরের নীচে। এ ঘটনায় হামলাকারীও আত্মহত্যা করেছে বলে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে জানা যায়, বন্দুক ও ছুরি নিয়ে হামলাকারী নঙ বোয়া লামফু প্রদেশের ওই ডে-কেয়ার সেন্টারে হামলা চালায়। হামলাকারী পানিয়া খামরাব একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি মাদক সেবনের দায়ে এক বছর আগে চাকুরিচ্যুত হয়েছিলেন। আরো জানা গেছে ওই ব্যক্তি শটগান, পিস্তল ও ছুরি নিয়ে হামলা চালায়। হামলার আগে সে তার বিরুদ্ধে দায়ের করা মাদকের মামলায় আদালতে হাজিরা দিয়ে এসেছিলেন।

এদিকে, হামলার পর পর নঙ বোয়া লামফু জেলা হাসপাতালে নেয়া হয় গুলিবর্ষণে হতাহতদের। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদান করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায়।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা গভীর শোক ও হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে থাইল্যান্ডে একটি জমি বিবাদ ঘিরে এলোপাথাড়ি গুলিতে ২৯ জনের মৃত্যু হয়েছিল। এ ধরনের গুলিবর্ষণের ঘটনা থাইল্যান্ডে খুবই বিরল যদিও ওই প্রদেশে বৈধ বন্দুকধারীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি।