বগুড়া শেরপুরে ৪ যুবলীগ নেতা বহিষ্কার

জোবায়ের আহমেদ, শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি: সম্প্রতি বগুড়া শেরপুরে ঘটেছে নৃশংস অভি হত্যাকাণ্ড। জলজ্যান্ত মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৫ জনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। তাদের ভিতরে রয়েছে বহিষ্কৃত এই চার নেতা।

সম্প্রতি জানা যায়, সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৪ যুবলীগ নেতাকে বহিষ্কার করেছে সংগঠন।

বহিস্কৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহাগ ও শহর যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে এশিয়া কাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা।

রুমানা-সালমাদের বোলিংয়ে থাইল্যান্ড ৮২ রানেই অলআউট হয়। এরপর শারমিনা সুলতানার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার শারমিনার ব্যাট থেকেই দলের সর্বোচ্চ রান আসে।

টস হেরে ফিল্ডিং করতে নেমে স্পিনার সালমা খাতুনকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন কেবল ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তার কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন।

পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। এর আগে এই ব্যাটার ১২ বল খেলে ৮ রান করেন। পরের ওভারেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ। এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে চান্থাম ৩৮ বলে ২০ রান করেন।

তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় নেননি থাই মেয়েরা। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ।

এদিকে শামীমা সুলতানা মাত্র ৩০ বল খেলে ১০ চারে ৪৯ রান করে থাইল্যান্ডের ওপর ঝড় তুলেন। অবশ্য জয় অবধি টিকে থাকতে পারেননি তিনি। পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর আউট হন তিনি। বাংলাদেশ ওই একটাই উইকেট হারায়। বাকিটুকু সারেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই চার ও এক ছক্কায় ২৯ বলে ২৬ রান করেন ফারজানা। জ্যোতির ব্যাটে ১১ বলে আসে ১০ রান।

২৪ ঘন্টায় রেকর্ড ৬৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। ফলে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী সংখ্যা ২ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের।

আজ শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন। নতুন ৬৩৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

ফের টেকনাফ সীমান্তে গুলি ও মর্টার শেল নিক্ষেপ মিয়ানমারের

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা শুরু হয়েছে। গেলো কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকার পর আবারও টেকনাফ সীমান্তে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার সেনাবাহিনী। এতে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ৩টি ইউনিয়নের ৩১টি গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্ক ও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও লোকজন সুত্রে জানা গেছে, আজ শনিবার (১ অক্টোবর) সকাল থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ও মিয়ানমার সীমান্তঘেঁষা খারাংখালী এলাকায় থেমে থেমে গোলার শব্দ শুনতে পাচ্ছে সেখানকার স্থানীয় লোকজন। মিয়ানমারের অভ্যন্তরে গেল দেড় মাস ধরে চলছে গোলাগুলি। এদিকে কয়েকদিন ধরে গোলাগুলি বন্ধ ছিল। তাতে এপারের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। ফের অনেকে নেমে পড়েন ধানখেত, জুমচাষসহ নানা কাজে।

কিন্তু শুক্রবার সকাল থেকে হঠাৎ করে আবারও শুরু হয় ব্যাপক গোলাগুলি ও গোলা বর্ষণ। ওপারে গোলাগুলি ও মর্টারের গোলা নিক্ষেপের বিকট শব্দে এপারে আতঙ্ক ছড়াচ্ছে। একের পর এক মর্টার শেলের মতো ভারী অস্ত্র ও গোলার শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপালং, হোয়াইক্যং কানজর পাড়া ও খারাংখালী রাখাইন পাড়াসহ সীমান্তের প্রায় জনপদ। থেমে থেমে ওপারে অব্যাহত রয়েছে গোলাবর্ষণ। যার কারণে নাফ নদীসহ সীমান্ত এলাকায় আতঙ্কে কাজ করতে যাচ্ছে না জেলে ও দিন মজুররা।

এদিকে টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকার পর আবারও ব্যাপক গোলাগুলি ও গোলা বর্ষণ শুরু করেছে মিয়ানমার। টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও গোলা বর্ষণের কারণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে বিজিবি টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী বলেন, সীমান্তের কাছাকাছি যেসব জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে সেখানকার বাসিন্দাদের আমরা খোঁজ-খবর রাখছি। পাশাপাশি এসব এলাকার বাসিন্দাদের তালিকা তৈরি করে রাখছি যাতে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া সহজতর হয়।

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমান বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ সম্প্রতি ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের চলতি বছরের জানুয়ারি-জুন অর্থাৎ ছয় মাসে ইউরোপের পোশাক আমদানির তথ্য প্রকাশ করেছে। ইউরোস্ট্যাটের তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ থেকে পোশাক আমদানি প্রবৃদ্ধি সর্বোচ্চ ছিল। এই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপের পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে তাদের বৈশ্বিক আমদানি বৃদ্ধি পেয়েছে ২৫ দশমিক ০৩ শতাংশ। ফলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি এই সময়ে ১১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পোশাক আমদানির উৎস হলো চীন। উল্লিখিত সময়ে চীন থেকে ইউরোপের পোশাক আমদানি ২১ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। চীন থেকে তাদের আমদানি ১২ দশমিক ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপর দিকে ইউরোপীয় ইউনিয়নের পোশাকের তৃতীয় বৃহত্তম উৎস তুরস্ক থেকে অঞ্চলটিতে পোশাক আমদানি বেড়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে ইউরোপ তুরস্ক থেকে ১০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক আমদানি করেছে।

অন্যদিকে, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ প্রতিবেদনের তথ্য থেকে জানা গেছে-চলতি বছরের প্রথম ৭ মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৫৭১ কোটি ডলারের পোশাক কিনেছে। গত বছরের একই সময়ের চেয়ে এই অর্থ ৫৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। এই ৭ মাসে বাংলাদেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও ভিয়েতনামের পোশাক রফতানি বেড়েছে যথাক্রমে ৪০ শতাংশ ও ৩৫ দশমিক ৩০ শতাংশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক দেশ। এই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীন পোশাক রফতানি করেছে ১২৭৯ কোটি বা ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ৭ মাসে চীন ১ম অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলোর অর্থনীতি। তবে এ সংকটের মধ্যেও অঞ্চলটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে।

মুক্তি পেল সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত সিনেমা ‘বিক্রম বেদা’

বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে ৫ হাজার ৬৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুধুমাত্র ভারতেই ৪ হাজার সাতটি স্ক্রিনে এবং একশো চারটি দেশের ১ হাজার ৬৩৩টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ফলে, মুক্তির প্রথম দিনের আয়ের ক্ষেত্রে ছবিটি রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

ভারত সহ ইউরোপের ২২টি দেশের পাশাপাশি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ২৭টি দেশ সহ জাপান, রাশিয়া, পানামা, পেরু আরও বেশ কিছু দেশে একযোগে মুক্তি পেয়েছে সাইফ-হৃতিকের ‘বিক্রম বেদা’। যদিও এটি তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক, কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

এদিকে, মুক্তির আগেই ‘বিক্রম বেদা’ দেখেছেন বলে দাবি করে ছবিটিকে ‘৩ ঘণ্টার টর্চার’ বলেও অভিহিত করেছেন চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে। এখন দেখার বিষয় বক্স অফিস কতটা মাত করতে পারে ছবিটি।

‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ছাত্রলীগ সভাপতি দ্বারা আওয়ামীলীগ সভাপতিসহ নেতৃবৃন্দ লাঞ্চিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে এবার খোদ অভিভাবক সংগঠন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার লক্ষে বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জরুরী সভা করেছেন।

এ নিয়ে দলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাকে দল থেকে বহিষ্কার না করলে গণ পদত্যাগের হুমকি দিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। অপরদিকে সাহাব উদ্দিন সাবেলের এধরণের আচরনের প্রতিকার চেয়ে জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে জুড়ী উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে ইতিপূর্বে অনেকবার তিনি গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। বিতর্কিত ঘটনার জন্ম দেওয়াই যেন মুল কাজ ও ওই ছাত্রলীগ নেতার।

উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগের বারাতের সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জুড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিতর্কিত একটি বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে আসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সেখানে সংবাদ সম্মেলন করতে নিষেধ করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ক্ষীপ্ত হয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে তুই তুকারি করে অশালীন আচরণ করেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদকে ছাত্রলীগর সভাপতি সাবেল অসদাচরণের সাথে লাঞ্ছিতও করেন।

এ ঘটনায় রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, যুব ও ক্রীড়া সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, সদস্য শেখরুল ইসলামসহ যুবলীগ, সেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় ছাত্রলীগের সভাপতির এমন কর্মকান্ডে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ তীব্র নিন্দা জ্ঞাপন করে। এর প্রতিকার চেয়ে জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ জানান, ছাত্রলীগের সভাপতি কয়েক জন সিনিয়র নেতাসহ তার সাথে যে অসদাচরণ করেছে তা অত্যন্ত নিন্দার, ভাষায় প্রকাশ করার মতো নয়। বুধবারও সে যুবলীগের এক সিনিয়র নেতার সাথে বেয়াদবি করেছে। পরে আমরা তা সমাধান করে দেই। বৃহস্পতিবারের ঘটনায় রাতেই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জরুরী সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে জানতে গতকাল পর্যন্ত সাহাব উদ্দিন সাবেলের মুঠোফোনে যোগাযোগ করা হয়। বারবার ফোন করলেও তিনি তা রিসিভ না করে কেটে দেন কোন রকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এর আগে প্রবাসে বসে একটি ছেলের নিজ ফেসবুকে ‘কলা খাচ্ছি আরাম পাচ্ছি’ এরকম স্ট্যাটাসের জের ধরে তার বাবা চা বিক্রেতাকে ধরে নিয়ে মারধর করেন ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল। এব্যাপারে সংবাদ প্রকাশ হলে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। পিতার উপর মারধরে বিভিন্ন পর্যায়ে নিন্দার ঝড় উঠে।

যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ‌‘ইয়ানের’ আঘাতে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন ইয়ান আঘাতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার (১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) হারিকেনটি আঘাত হানার পর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঝড়টি দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিয়ার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। দমকা হাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টিতে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে সেখানে।

জানা গেছে, ফ্লোরিডার ট্যাম্পা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এ ইয়ান। এ সময় অঙ্গরাজ্যজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি। ইয়ানের প্রভাবে উড়ে গেছে বাড়ির ছাদ, ধসে পড়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এ ছাড়া ২৫ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে যায় বেশকিছু এলাকা।

এদিকে, ইয়ানার প্রভাবে দুই অঙ্গরাজ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত। এরই মধ্যে উপকূলীয় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া তাদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে হারিকেনটি আঘাত হানে। যার প্রভাবে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ইয়ানের বিরূপ প্রভাব থেকে বাচতে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি। ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা সবেমাত্র ধ্বংসের মাত্রা দেখতে শুরু করেছি। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্যোগ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

যুক্তরাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ফ্লোরিডা শাখা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে পুরো ফ্লোরিডায় যে ৪৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৬ জনই ফ্লোরিডার।

অঙ্গরাজ্যের মেয়র জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা ৪৫-এর চেয়ে অনেক বেশি হতে পারে। তিনি বলেন, ‌’আমরা এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে পেরেছি, কিন্তু তারপরও অনেককেই আনা সম্ভব হয়নি। ফলে প্রকৃত নিহতের সংখ্যা বেশি হবে বলে আশঙ্কা করছি।’

 

সাফজয়ী ফুটবলার স্বপ্না ও সোহাগী নিজ উপজেলায় ভাসছেন উষ্ণ সংবর্ধনায়

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সম্প্রতি নেপালে ইতিহাস গড়েছেন বাংলার বাঘিনী ফুটবলাররা। কাঠমান্ডুর দশরথ রঙঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ানশিপ খেলায় বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।

দুজনে বাড়ি ফেরার কথা শুনে উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার  ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে দশ টায় সাউন্ড সিস্টেম সম্বলিত সাবাস বাংলাদেশ গান বাজিয়ে গাড়ী বহরে দুই কৃত্তি খেলোয়ারকে বরণ করে তাদের বাড়িতে পৌছে দেন। তাদের বাড়িতে ফেরা অবদি প্রস্তুতি ছিলো উপজেলা প্রশাসনের। এর আগে পীরগঞ্জ – রাণীশংকৈল উপজেলার সিমানা ফটকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় সোহাগী কিসকু ও স্বপ্না রাণী কে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাঙ্গাটুঙ্গি  ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, জেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, ক্রীড়া সংস্থার সদস্য লেবিন,কোচ খাইরুল বাশার ইউএনও’র প্রতিনিধি উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম, কোচ সুগা মুরমু ও থানা পুলিশ।

এ উপজেলার দুজন মেয়ে জাতীয় নারী দলে খেলে সাফ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির তাদের বরণ করে নেন। আগামী রবিবার ২ অক্টোবর তাদের রাণীশংকৈল  ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনায় বরণের আয়োজন করা হয়েছে। এদিকে ওই গণসংবর্ধনার প্রহর গুনছেন উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, প্রেস ক্লাবসহ এলাকাবাসী।

নিজ মেয়েকে বাড়িতে পেয়ে খুশিতে ভাসছে সোহাগী ও স্বপ্নার পরিবার। এসময় স্বপ্নার বাবা নিরেন চন্দ্র বলেন আমার স্বপ্না আজ আমার নয় দেশের সম্পদ । আগামীতে সে ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, এ অর্জনের পিছনে রয়েছে সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, কোচ জয়নুল ও সুগা মুরমুর অবদান। মেয়ে আসবে তাই গভীর রাতে বাতি জ্বালিয়ে রাস্তায় বসে ছিল সোহাগীর বাবা গুলজার কিসকু। আইনশৃংখলা বাহিনীর গাড়ী দেখে এদিক ওদিক ছুটাছুটি করছিল সে সময় মেয়ে গাড়ীতে নেমেই ঝাপটে ধরলেন তাকে কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সকলেই। এসময় বললেন আমার সোহাগী আজ জাতীয় দলের খেলোয়ার তার জন্য আর্শীবাদ করবেন সকলেই। সে যেন আরো ভাল খেলতে পারে এবং দেশের এই গর্বকে অক্ষুন্ন রাখে।

বাঞ্ছারামপুরে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, প্রতিনিধিঃ আজ শনিবার  মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪৩ টি পূজা মন্ডপে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর (বুধবার ) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  শেষ হবে বাঙালির এই শারদোৎসবের।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন বাঞ্ছারামপুরে বিভিন্ন মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে  পূজা মণ্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, এবার দুর্গাদেবীর আগমন হবে হাতিতে চড়ে ও গমন হবে নৌকায় চরে। দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ষষ্ঠীর মাধ্যমে, ২ অক্টোবর দেবীর সপ্তমীবিহিত, ৩ অক্টোবর দেবীর মহাঅষ্টমীবিহিত, কুমারী পূজা, সন্ধি পূজা, ৪ অক্টোবর দেবীর নবমীবিহিত এবং ৫ অক্টোবর দশমীবিহিত পূজা সমাপন ও দর্শন বিসর্জন এবং সন্ধ্যা আরত্রিকের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

বাঞ্ছারামপুর পূজা উদযাপন কমিটির  সভাপতি মিন্টু রঞ্জন সাহা জানান, বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর প্রতি বছর ধারাবাহিকভাবে পূজার সংখ্যা বেড়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তার ক্ষেত্রে আস্থা, সরকারি অনুদান ও শুভানুধ্যায়ীদের অনুদান নিঃসন্দেহে পূজার সংখ্যা বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.নুরে আলম গণমাধ্যমকর্মীদের জানান, এ বার বাঞ্ছারামপুর ৪৩টি পূজামণ্ডপে পুলিশের পক্ষ থেকে  নেয়া হয়েছে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি পূজামণ্ডপে আইন শৃঙ্খলার সার্বিক নিরাপত্তায়  পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। তাছাড়া সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পূজামন্ডপে সিসি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রন করা হবে। প্রত্যেকটি পূজামণ্ডপের আশপাশের সকল ধর্মের লোকজনদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করা  হয়েছে।

সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর  বলেন এবছর উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৪৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।  এ বছর পৌর সভায় ৫ টি, সদর ইউনিয়নে ২টি,উজানচর ইউনিয়নে ৬ টি, দরিয়াদৌলত ৩ টি, ছলিমাবাদ-৩ টি, রুপসদী ৬টি, তেজখালি-৩ টি, ফরদাবাদ ইউনিয়নে-১০টি,  মানিকপুর ইউনিয়নে ৩ টি, দরিকান্দি ১টা এবং ছয়ফুল্লাকান্দি ১টা পূজা অনুষ্ঠিত হবে।