পুলিশের উদ্যোগে পথচারীদের ইফতার বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের প্রায় ৪শ জন গরীব-দুখী, পথচারি, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের কুসুমভাগ ট্রাফিক বক্সের সামনে এসব ইফতার তুলে দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন, সেবাই পুলিশের ধর্ম, পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা রয়েছে। আমাদের পুলিশ প্রধানসহ মাননীয় সিলেট রেঞ্জ ডিআইজি, মাননীয় পুলিশ সুপারের নিদের্শনায় আমরা জনগণের কাছাকাছি থেকে আমাদের সেবাগুলো জনগণের জন্য সেবা পৌঁছে দিতে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি।

এর পাশাপাশি ইফতারের আয়োজন এ ইফতারের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ যারা সাধারণ মানুষ তাদের মুখে হাঁসি ফুটাতে চাচ্ছি। এরই ধারাবাহিকতার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে আজকের ইফতারের আয়োজন।

জীবনে প্রথম প্রেম কখনোই ভোলা যায় না

জীবনে প্রথম সবকিছুই স্মরণীয়; যা সহজে ভোলা যায় না। যদি সেটা হয় প্রেম, তা কি কেউ ভুলতে পারে। সারা জীবনই সেই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মণিকোঠায়, কোনো এক অজ্ঞাত কুঠুরিতে।

আসলে জীবনে যে প্রেম শুধু একবারই আসে তা কিন্তু নয়। মানুষ অনেকবার প্রেমে পড়ে। এরপরও প্রথম প্রেমের কথা কেউ ভুলতে পারে না। তবে কেন মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না?

 বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। এ কারণেই কেউ ভুলতে পারেন না প্রথম প্রেম।

প্রথম প্রেম হয় তরতাজা, সদ্য ফোটা কদম ফুলের মতো প্রাণপ্রাচুর্যে ভরপুর। আর প্রথম প্রেমে কোনোরকম অপরাধ বোধও থাকে না। ফলে ভালোবাসা, রোমান্স যেটুকু থাকে তা মনের মধ্যে থেকেই যায় বহুদিন ধরে। প্রেমের প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, সঙ্গীর সঙ্গে প্রথম দৃষ্টিবিনিময় একে অপরের সঙ্গে নিজের ভালোলাগা বা মন্দলাগা শেয়ার করার মজাই আলাদা।

আরও অনেক কিছুই হয় প্রথম প্রেমে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একসঙ্গে খেতে যাওয়া, একে অন্যের সঙ্গে সময় কাটানো, গোপন কথার বিনিময় ইত্যাদি মনে দাগ কেটে যায় গভীরভাবে। আর সেখান থেকেই সম্পর্ক আরও মজবুত হয় আগামী দিনে।

প্রেম নিয়ে ছোট থেকেই অনেকে অনেক আকাশকুসুম ভাবেন। কেউ কেউ অল্প বয়সে পড়েন, আবার কারও জীবনে প্রেম আসে বিলম্বে। কিন্তু যেদিনই আসুক না কেন, প্রেম সত্যি হলে সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া যায়।।


 

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া ও ধলাই নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের পর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান।
জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন থেকে ধলাই নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছে। এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও হুমকি মুখে পড়েছে পরিবেশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আদমপুর ইউনিয়নের ধলাই নদীর কেওয়ালিঘাটে অভিযান শুরু করে। এতে বালু বোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ দুইটি গাড়ি পাওয়া যায়। এসময়ে আনোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঈদে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক

মো: জাহাঙ্গীর আলম (রাজশাহী): আসন্ন ঈদে রাস্তায় যেন কোন যানযট সৃষ্টি না হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ীতে ফিরতে পারে এসব নিশ্চিত করতে ১০ এপ্রিল সোমবার দুপুরে চান্দাইকোনা, পেন্টাগন-বগুড়া বাজার, ছোনকা, মির্জাপুর, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি।

তিনি বলেন, মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করতে সার্বক্ষনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, ঈদের ৭ দিন আগে ও ৭ দিন পরে মহাসড়কে অটোরিক্সা ও থ্রি হুইলার কোন প্রকার চলাচল করবেনা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের মুখ খুলে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. হাবিব, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন, ট্রাফিক ফাঁড়ি ইনচার্জ ইয়াজদানি, সাসেকের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পর বাড়ছে হার্ট অ্যাটাক

স্বাস্থ্য ডেস্কঃ ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগী ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। তথ্য বলছে ইফতারের পর বেশিরভাগ হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে। রোগীরা হাসপাতালে আসার পর ইসিজি করে বোঝা যাচ্ছে তারা হার্ট অ্যাটাক করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো ভারী খাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসঙ্গে পেয়ে পাকস্থলী তার কাজ অনেক বেশি বাড়িয়ে দেয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কোথায়?

পাকস্থলীর মোটামুটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফাইস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগন্যাল পাঠাতে থাকে- খাবার দাও, খাবার দাও। টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার খেয়ে ফেলি।
এরপরেই আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অঙ্গ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিণ্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে। ফলে ভারী খাবার-দাবারের দুই ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান। নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন। সবাইকে নিয়ে সুস্থ থাকুন।

ভারতীয় মদসহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪বোতল বিদেশি মদসহ  সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় থানা পুলিশের এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ উপজেলাধীন ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুজিত পাশীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সুজিত পাশীর বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে Master’s Blender’s Signature Premier Grain Whisky নামের ৪বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য আনিয়েছে মর্মে স্বীকার করে। সে কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আসামির তথ্য মতে ৪ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর মাধ্যমে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে। ঈদকে সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নেত্রকোণায় সাহতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেছে কমিটির নির্বাচিত সদস্যবৃন্দরা। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যবৃন্দরা।

লিখিত অভিযোগে জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা উচ্চ বিদ্যালয়ে গত ২৭ মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয় মো: গোলাম নবী খান, মো: সোহরাফ খান, মো: নুরুল ইসলাম, মোছা: বেদেনা আক্তার।

অভিযোগে আরো জানা যায়, গত ২ এপ্রিল সভাপতি পদে নির্বাচনের জন্য নোটিশ প্রদান করা হয়। তখন নির্বাচিত অভিভাবক সদস্যগণ যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। ওই দিন দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেন তারা। কিন্তু প্রিজাইডিং অফিসার ও প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হয়নি।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিভাবক সদস্যগণের মতামত না নিয়ে উপজেলা সদরে বসে নির্বাচন বন্ধের নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। অভিযোগকারীরা জানান, সভাপতি নির্বাচনের দিন সকলেই শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ে যাথসময়ে অবস্থান উপস্থিত হয়। কিন্তু প্রধান শিক্ষক পছন্দমত সভাপতি নির্বাচিত করতে ষড়যন্ত্র করে নির্বাচন সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে করে প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধানের দাবী জানান তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মোবাইল ফোনে বলেন, ‘সভাপতি নির্বাচনের দিন বিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক ছিলনা। যার কারনে কর্তৃপক্ষ নির্বাচন সাময়িক বন্ধের নির্দেশ দেন।

বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সানজিদা খানম বলেন, সভাপতি নির্বাচনের দিন বিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত ছিল। এসময় প্রধান শিক্ষক আমার অফিসে বসা ছিল। এলাকা থেকে কিছু ভিডিও আসার পর ইউএনও মহোদয়কে জানালে নির্বাচন বন্ধের নির্দেশ দেন তিনি।’

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম বলেন, সভাপতি নির্বাচনের দিন আমার অফিসে প্রিজাইডিং অফিসার ও প্রধান শিক্ষক এসে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানান।

তারা বলেন, এলাকায় হট্টগোলসহ পরিস্থিতি খুবই উত্তপ্ত। তখন নির্বাচন বন্ধের নির্দেশ দেয়া। পরবর্তীতে এডহক কমিটির সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

প্রতি বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে

বিনোদন ডেস্কঃ নানা নাটকীয়তার পর অবশেষে দেশে ভারতীয় সিনেমা মুক্তি দেয়ার অনুমতি মিললো। ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সে অনুযায়ী প্রতি বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সম্মত হয় ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন। গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে।

পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। এরপরই মিললো এ অনুমতি।

আফগানিস্তানে রেস্তোরাঁয় নারীদের প্রবেশ নিষেধ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবানরা। গতকাল সোমবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, এ নিষেধাজ্ঞা কেবল হেরাত প্রদেশে খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ফক্স নিউজ জানায়, খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোতে নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তালেবান কর্মকর্তারা।

এদিকে হেরাতের আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক বিভাগের সহকারী কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির জানান, হেরাতের যেসব রেস্তোরাঁ ও খোলা মাঠে পুরুষের প্রবেশাধিকার রয়েছে, সেগুলোতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হেরাতে নৈতিকতা বিষয়ক বিভাগের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, ‘এসব জায়গা আসলে পার্কের মতো। এগুলোকে রেস্তোরাঁ নাম দিয়ে চালানো হচ্ছে। সেখানে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করছেন। এখন এগুলোর নাম সংশোধন করা হয়েছে। নারী ও পুরুষ একসঙ্গে যান এমন পার্কগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়াও তালেবানরা ষষ্ঠ শ্রেণির পর নারীদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

 

চৌকি বিছিয়ে ব্যবসার সুযোগ দিতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

অর্থ-বাণিজ্য ডেস্কঃ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে প্রস্তুত করা হচ্ছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল। সেখানে বালি ফেলে ইট বিছানো হচ্ছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতির লক্ষ্যমাত্রা অনুযায়ী, বঙ্গবাজারের ১ দশমিক ৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় আড়াই লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে জানা গেছে। আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে চলেছেন।

এছাড়াও গতকাল সকাল থেকে অগ্নিকাণ্ডস্থল হতে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডস্থল হতে এখন পর্যন্ত এক হাজার ৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনও বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।