ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম ৩’ এর ট্রেলার প্রকাশ!

বিনোদন ডেস্কঃ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ নাটক। সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর ‘পুনর্জন্ম ৩’ আসছে। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে।

চ্যানেল আইয়ে প্রথম দুটি কিস্তি প্রচারের পর ব্যাপক সাফল্য পায়। শুধু সমালোচক নয়, সব শ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে নিশো-মেহজাবীন অভিনীত এই নাটকটি।  চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে ‘পুনর্জন্ম ৩’ প্রচার হবে ওইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। টেলিভিশনে প্রচারের পরে নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

ট্রেলার প্রকাশের পর যথারীতি দর্শকের কাছে ব্যাপাক সাড়া ফেলেছে। ট্রেলার শেয়ার করে দর্শক লিখছেন, তারা মুখিয়ে আছেন পুরো নাটক দেখার। এর আগে পুনর্জন্ম’র প্রথম ও দ্বিতীয় কিস্তি দেখে ধাক্কা খেয়েছিলেন দর্শক। দর্শকরা মনে করছেন, ‘পুনর্জন্ম ৩’ দেখেও একাধিকবার ধাক্কা খেতে পারেন। দর্শকের পুরানো অভিযোগ, সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না। প্রথম কিস্তির জনপ্রিয়তা টপকাতে ব্যর্থ হয় পরের কিস্তিগুলো! কিন্তু এই অভিযোগ ভুল প্রমাণ করেন ভিকি জাহেদ।

নির্মাতা ভিকি ও চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুনর্জন্ম’-৩ আসছে। যেখান থেকে দ্বিতীয় কিস্তির গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটি নির্মিত হচ্ছে যাচ্ছে। ভিকি জানিয়েছেন, আগের মতো যত্নশীল হয়েই তিনি ‘পুনর্জন্ম’-এর নতুন কিস্তি আনছেন।

ভিকি জাহেদ বলেন, আমার বেশীরভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ শুধু সমালোচক নয়; সব শ্রেণির দর্শকরা পছন্দ করেছেন। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পেয়েছি। তিনি আরো বলেন, অনেকেই বলেছেন এই কনটেন্ট নেটফ্লিক্সের উপযোগী! এমনকি দেশের বাইরে থেকেও এত মানুষ দেখেছিলেন, পরে বাধ্য হয়েই ‘পুনর্জন্ম’ সাবটাইটেল দেয়া হয়। চ্যানেল সংশ্লিষ্টদের কাছে, দর্শকদের সাড়া ছিল অভূতপূর্ব!

করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮

ডিবিএন ডেস্কঃ পঞ্চগড়ের করতোয়ায় নৌকাডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। তাদের মধ্যে ৪৪ জনের বাড়ি বোদা উপজেলায়। এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটসহ বিভিন্ন নদীতে উদ্ধার কাজ চলছে। তবে আজ কারও মরদেহ পাওয়া যায়নি।

ঘটনার দিন রোববার উদ্ধার হয়েছিল ২৪টি লাশ। গতকাল সোমবার উদ্ধার করা হয় ২৬টি লাশ। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ শিশু, ৩০ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ঘটনার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের সৎকারের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

পঞ্চগড়ে নৌকাডুবির মতো দুর্ঘটনা আগে কখনো হয়নি। অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় উঠে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আরেকটু সচেতন হলে এমন দুর্ঘটনা হতো না বলে মনে করছে প্রশাসন ও ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত রোববার মহালয়া উপলক্ষে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ডুবে যায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি।

ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্ত্রীর মামলায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালত। নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে জামিনের শর্ত ভঙ্গ এবং আদালতে হাজির না হওয়ায় সোমবার এই ওয়ারেন্ট জারি করেছেন বিজ্ঞ বিচারক মুহাম্মদ আলী আহসান।

৩০শে জুন ‘নারী নির্যাতন ও যৌতুক দাবির’ অভিযোগে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তার ২য় স্ত্রী শিরীন আক্তার। তখন আদালত আসামি মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি আপসের শর্তে আদালত থেকে জামিন নেন। কিন্তু আদালতে হাজির না হওয়ার কারণে এবং জামিনের শর্তগুলো ভঙ্গ করায় সোমবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জানা যায়, ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলার ফুলতলা বাজারের বাসিন্দা মৃত আজন মিয়ার পুত্র বর্তমান ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঙ্গে কুলাউড়া উপজেলার আমতৈল গ্রামের মৃত মোবারক আলীর মেয়ে শিরীন আক্তারের বিয়ে হয়। তাদের বর্তমানে ১৯ বছরের একটি মেয়েও রয়েছে। শিরীন আক্তার অভিযোগ করেন মাসুক আহমদ মুলত একজন বিয়ে পাগল ও যৌতুক লোভী মানুষ। বিয়ের পর ব্যবসা করার জন্য ৭ লাখ ও চিকিৎসার জন্য ৩ লাখ মোট ১০ লাখ টাকা তার কাছ থেকে নেন। কিন্তু এতে মাসুক আহমদের লোভ আরও বেড়ে যায়।

তিনি ব্যবসার জন্য আরও ২০ লাখ টাকা আনতে স্ত্রীকে চাপ দেন। স্বামীর চারিত্রিক অবক্ষয় ও টাকার চাহিদা বেড়ে যাওয়ায় ও  টাকা দিতে না পারায় শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টাকার জন্য ২৭শে এপ্রিল বুধবার এবং ২৫শে জুন শনিবার দু’দফা নির্যাতন করেন মাসুক আহমদ। তখন মাকে রক্ষা করতে গিয়ে মেয়েও নির্যাতনের শিকার হয়। ২য় ঘটনার পর মেয়েসহ শিরীন আক্তারকে বাসা থেকে তাড়িয়ে দেন তিনি। নিরুপায় হয়ে মেয়েসহ শিরীন আক্তার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে বাবার বাড়িতে আশ্রয় নেন।

২য় ঘটনার পর নির্যাতনের শিকার তার স্ত্রী শিরীন আক্তার মাসুক আহমদের বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে ২৮শে জুন আদালতের দ্বারস্থ হন শিরীন আক্তার। শিরীন আক্তার অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় মাসুক আহমদ প্রশাসনকে ম্যানেজ করে উল্টো তাকে সংসার করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে বলে জানান। এ ধরনের কথাবার্তায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। শিরীন জানান মাসুক আহমদের সংসারে তিনি ২য় স্ত্রী। তার সঙ্গে বিরোধ লাগার পর পরই বাড়ির কাজের বুয়া স্বামী পরিত্যক্তা মনি বেগমকে বিয়ে করে ফুলতলার বাড়িতে রেখেছেন। প্রথম স্ত্রীও জুড়ী শহরের একটি বাসায় বসবাস করেন।

বাদীর আইনজীবী পিপি সুবিমল লিন্ডকিরি জানান, জামিনের শর্ত ভঙ্গ ও শুনানির তারিখে অনুপস্থিত থাকায় সোমবার বিজ্ঞ আদালত মাসুক আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী নিযুক্ত করে দেওয়া এই রাজকীয় ডিক্রি মঙ্গলবার সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ’তে প্রকাশিত হয়েছে। সৌদির ক্ষমতা কাঠামোয় রদবদলের এই ডিক্রিতে নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী হিসাবে রাখার ঘোষণা দিয়েছেন বাদশাহ।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল রয়েছেন বলে ডিক্রিতে দেখা গেছে।

সৌদির প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে এমবিএস নামে পরিচিত সৌদির প্রভাবশালী এই ক্রাউন প্রিন্স মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন এবং মঙ্গলবারের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন।

সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের বাদশাহ হলেও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই সৌদির প্রকৃত শাসক।

উল্লেখ্য, এতদিন অর্থনীতি, প্রতিরক্ষা, তেল এবং স্বরাষ্ট্রসহ দেশটির বড় দায়িত্বে ছিলেন ৩৭ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ।

 

রাণীশংকৈলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এ ছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- ইন্দ্রজিৎ সাহা।আরো বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি কর্মকর্তা মৌসুমি আকতার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়নে রাণীশংকৈলের ঐতিহ্যবাহি রাজবাড়ি, জগদলের জমিদার বাড়িসহ অন্যান্য পর্যটনস্থলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

রাজনগরে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরচিালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল্লাহপুর রোড, খেয়াঘাট বাজার, মোকামবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্টানে, হোটেল-রেষ্টেুরন্ট, ফার্মেসীসহ অন্যান্য প্রতিষ্টানে তদারকি সহ মনিটরিং ও সচেতনতামূলক র্কাযক্রম পরিচালনা করা হয়।

এসময়ে তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রাখা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করার ও সংরক্ষণ করা, ফিজশিয়িান সেম্পল বিক্রি করা, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে আব্দুল্লাহপুর রোডে অবস্থিত সজিব রেষ্টেুরন্টেকে ৪ হাজার টাকা, খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা, যাদব মেডিকেল হলকে ২ হাজার ৫ শত টাকা, মোকামবাজারে অবস্থিত আকিল উদ্দিন মাছের দোকানকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে অভিযানে মোট ৪টি প্রতিষ্টানকে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানাা ও তা আদায় করা হয়।

ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।  বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাসিবুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা উমর আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার, শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন। 

বিশ্ব জলাতঙ্ক বা র‍্যাবিস দিবস

মো. কামরুজ্জামান: বিশ্ব জলাতঙ্ক বা র‌্যাবিস দিবস আজ। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্কঃ মৃত্যু আরনয়, সবার সঙ্গে সমন্বয়’।

বিজ্ঞানী লুই পাস্তর ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন। এই মহান বিজ্ঞানী মৃত্যুর পূর্বে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। তার এই অবদানকে পৃথিবীর বুকে অবিস্মরণীয় করে রাখতে এবং এ রোগের ভয়াবহতা অনুধাবন করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়ে আসছে।

এ দিবসকে সামনে রেখে সরকার, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে সেমিনার, মুক্ত আলোচনা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

জলাতঙ্ক র‌্যাবিস ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। র‌্যাবিস ভাইরাস দ্বারা সংক্রমিত কুকুর রোগটির প্রধান বাহক। এছাড়াও অন্যান্য প্রাণি যেমন বিড়াল, শিয়াল, বেজি, বানরও রোগটি ছড়াতে পারে।

বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু নিশ্চিত। তবে সময়মত অর্থাৎ কামড় বা আঁচড়ের সাথে সাথে আক্রান্ত স্থান সাবান পানি দিয়ে ধুয়ে পূর্ণ ডোজ টিকা গ্রহণের মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উষ্ণমন্ডলীয় অবহেলিত রোগগুলোর মধ্যে জলাতঙ্ক অন্যতম কারণ। এ রোগে সাধারণত গ্রামীণ জনপদের হত-দরিদ্র জনগোষ্ঠী ও শিশুরা সর্বাধিক আক্রান্ত হয়। অজ্ঞতার দরুণ তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

গুজব ও ধর্মীয় উস্কানি দাতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ‘যারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ঘটনা বা গুজব রটানোর চেষ্টা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার করবো। আমরা এ বিষয়ে কোন টলারেন্সে যাব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের যা কিছু পোস্ট করুক বা কোন কিছু যদি শেয়ার, মন্তব্য করে তাহলে তাকেও আমরা ছাড়বো না।’

পূজোর নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মীয় উস্কানি যদি কেউ দেয় তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আইনের আওতায় নিয়ে আসবো। ধর্মীয় উস্কানি যে কেউ  যদি দেয় তাহলে আমাদের জেলায় যেখানেই পাই তাকে আমরা ধরবো প্রয়োজন হলে ঢাকা থেকে ধরে নিয়ে আসবো। সে যে ধর্মেরই হোক না কেনো, হিন্দু বা মুসলমান অন্যান্য যে কোন ধর্মের হোক। কারণ, এখন ডিজিটাল নিরাপত্তা আইনে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এখন সাইবার ক্রাইম, সাইবার অপরাধ তো বেড়ে গেছে, আমরা এগুলো কঠোরভাবে মোকাবেলা করবো। পূজোয় আমাদের সাধ্য অনুযায়ী সব অফিসাররা মাঠে থাকবে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এইবার তো আমরা সম্প্রীতি কমিটি করেছি, এই সম্প্রীতি কমিটি প্রত্যেকটা পূজা মণ্ডপে ১৫ সদস্যের কমিটি করা আছে। মনে করেন একটা গ্রামে দূরবর্তী একটা জায়গায় মন্দির রয়েছে, সেখানে ৫ জন হিন্দু সম্প্রদায় ও ১০ জন মুসলমান সম্প্রদায় মিলে সম্প্রীতি কমিটি করা হয়েছে। এই সম্প্রীতি কমিটির প্রত্যেকের নাম ঠিকানা আমাদের কাছে রয়েছে। এই পূজা উপলক্ষে সম্প্রীতি কমিটি প্রত্যেকটি জায়গায় সক্রিয় থাকবে।

গতবছর কুলাউড়া উপজেলায় ৩ টি মান্ডপে, কমলগঞ্জ উপজেলায় ১৫ টি পূজা মান্ডপে ভাংচুর করে দূর্বৃত্তরা। এজন্য এবছর বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মান্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবিদের আলাদা মনোগ্রামযুক্ত একটি পরিচয়পত্র ও বিশেষ ধরনের লাঠি সরবরাহ করা হয়েছে, যাতে করে তারা প্রাথমিকভাবে যে কোনও সমস্যা মোকাবেলা করতে পারে।

এবছর মৌলভীবাজার জেলায় মোট পূজা মণ্ডপ ১০০৭ টি। এর মধ্যে সার্বজনীন ৮৭১টি মণ্ডপে এবং ব্যক্তিগত ১৩৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী পহেলা অক্টোবর শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বুধবার মহাদশমীতে শেষ হবে শারদীয় দূর্গাৎসব। এবছর দেবী দুর্গার গজে আগমন ও নৌকায় গমন। এই সনাতনীদের পঞ্জিকা মতে জানা গেছে।

দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ

জাতীয় ডেস্কঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে, নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এদিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়াও বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে হয়েছেন প্রশংসিত।

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাসড়ক ফোর লেনে উন্নীত করা, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীত, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, সাক্ষরতার হার ৭৫.৬০ শতাংশে উন্নীত করাসহ নানান কার্যক্রম করেছেন তিনি।

শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন। শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টু রোডের বাসায় বসবাস শুরু করেন। ওই সময় শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে (বর্তমান শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ভর্তি করা হয়। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনা গৃহবন্দি অবস্থায় তার প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যা পুতুলের জন্ম হয়।

১৯৮১ সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ওই বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে এবং ওই বছরের ২৩ জুন প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ২৪ জন নিহত এবং ৫শ নেতাকর্মী আহত হন।