পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন এশিয়ার দেশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনা নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতরাতে খোস্ত শহরের কাছে এক অভিযান পরিচালনা করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসময় হেলিকপ্টারেন সব আরোহী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়স্ক মেজর খুররাম শাহজাদ এবং ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল। হেলিকপ্টার বিধ্বসের কারণ এখনও জানা যায়নি।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত আগস্ট মাসেও পাক সামরিক বাহিনী আরেকটি হেলিকপ্টার প্রথমে নিখোঁজ থাকলেও পরে সেটি বিধ্বস্ত হয়েছে  বলে জানানো হয়।  ওই ঘটনায়ও ৬ সেনা নিহত হয়েছিলেন। সেসময় আইএসপিআর দাবি করে, খারাপ আবহাওয়ায় পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দাবি করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। শতকরা ৯০ ভাগ ভোট গণনার পর জানানো হয় যে, জর্জিয়ার দল ব্রাদার্স অব ইতালি শতকরা ২৬ ভাগ ভোট পেয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার তাদের রায় দিয়েছেন, যাদের ২৬ লাখ এবারই প্রথম ভোট দিয়েছেন। মেলোনি সমকামিতা নিয়ে পশ্চিমা ধারণার বিরোধী। এছাড়া অভিবাসন বন্ধে লিবিয়ায় নৌ অবরোধের পক্ষে অবস্থান তার। তবে তিনি ইতালির সকল মানুষের প্রধানমন্ত্রী হওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি মানুষের বিশ্বাস ভঙ্গ করবেন না বলেও আশ্বাস দিয়েছেন।

ফলে, নির্বাচনের সম্ভাব্য এই ফলাফলের মধ্যদিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি। এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন দেশটিতে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, মেলোনি ইতালির উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে দলটি। ডানপন্থীদের উত্থান নিয়ে ইউরোপের অন্য দেশগুলোতে উদ্বেগ রয়েছে। জর্জিয়ার দল ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চায় এবং অভিবাসী ইস্যুতে কট্টর অবস্থানে রয়েছে। তবে ইউক্রেনের প্রতি সমর্থন দেয়ার কথা জানিয়েছে। যদি সম্ভাব্য জোটের অন্যতম দুই শরিক নেতা বারলুসকোনি ও সিলভানি- দুজনই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখেন।

প্রসঙ্গত,  ইতালি  ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সম্প্রতি সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের পর ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রায় ৬০ বছর পর পৃথিবীর খুব কাছে আসছে বৃহস্পতি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথিবীর খুব কাছাকাছি আসবে বলে জানিয়েছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা।

নাসার দেওয়া তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যাবে।

নাসা আরো জানায়, বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখা যাবে।

উল্লেখ্য, এর আগে ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখে ১৩ হাজার ৪০৫ মাইল। বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পাবে।

সূত্র : ইউএস টুডে।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র আর নেই

জাতীয় ডেস্কঃ ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবং পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রণেশ মৈত্র মারা গেছেন। গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবার মৃত্যুর কথা শুনে তাঁর সন্তান অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি দেশে ফেরার পর পারিবারিক সিদ্ধান্তে শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলার ন’হাটা গ্রামে রণেশ মৈত্র জন্মগ্রহণ করেন। রণেশ মৈত্র ১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি পাবনা জেলার অন্যতম সংগঠক ছিলেন। সেই বছরেই তিনি ছাত্র ইউনিয়নের জেলা সাংগঠনিক কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি এডওয়ার্ড কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।পরে তিনি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে তিন বছর সাংবাদিকতা করার পর ১৯৫৫ সালে দৈনিক সংবাদে যোগ দেন।

এরপর তিনি ১৯৬১ সালে দ্য ডেইলি মর্নিং নিউজ এবং ১৯৬৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দৈনিক অবজারভারে পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে দি নিউ নেশনের মফস্বল সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি দ্য ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০০১ সালে তিনি স্বেচ্ছায় অবসর গিয়ে ফ্রি-ল্যান্স সাংবাদিক হিসেবে পত্রপত্রিকায় কলাম লিখেন।

প্রসঙ্গত, সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন। সম্প্রতি রণেশ মৈত্র মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শ্রীমঙ্গল রোড, শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিদেশী প্রসাধনীতে নিজেদের ধার্য মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা ও সংরক্ষণ করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে টি কে ইংরেজি শব্দ লেখে সিরিয়াল নম্বর বলে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত সিকদার ডিপাটমেন্টাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত জিহাদ ফ্যাশনকে ৮ হাজার টাকা, মা কসমেট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপসহ তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আগামীতে ও জনসচেতনতা মূলক ও নিত্য পন্যের মনিটারিং ও তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানান জেলা সহকারী পরিচালক আল আমিন।

রাজধানীতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ

রাজনীতি ডেস্কঃ রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান এখন সংঘর্ষে রূপ নিয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল সংঘর্ষ। পরিস্থিতি মোকাবেলায় ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে করার সমাবেশ করার কথা ছিল বিএনপি’র। একই স্থানে কর্মসূচি হাতে নেয় ধানমন্ডি থানা আওয়ামী লীগ। তখন দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে এমন চিন্তা মাথায় রেখে দুই দলকেই সমাবেশ না করতে বলে পুলিশ ৷

পরে বিএনপি’র পক্ষ থেকে সমাবেশস্থল পাল্টানো হয়। সোমবার দুপুরে সমাবেশের প্রস্তুতি নিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দলটির। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রসেনজিতের বাড়িতে ঢাকার তারকা শিল্পীরা

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই এর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বেশ কয়েকজন তারকা শিল্পী গিয়েছিলেন কলকাতায়। প্রসেনজিৎ তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ছিলেন ঢাকার তারকাদের।

ঢাকা-কলকাতার শিল্পীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেশ আগে থেকেই চোখে পড়ার মতো। সেটা আবার ঝালিয়ে নিয়েছেন কলকাতার সিনে পড়ার দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার সেই আমন্ত্রণে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বৃন্দাবন দাশ, শাহনাজ খুশী, সৈয়দ আহমেদ শাওকী, বিজরী বরকতউল্লাহ সহ ছিলেন আরও কয়েকজন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ডিনারের আমন্ত্রণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। প্রসেনজিতের ঘরের বেশকিছু মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)।’

তিনি আরো লিখেন, ‘বুম্বাদার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য। চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়ীতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেয়ার জন্য।

চঞ্চল চৌধুরী লিখেছেন, সবার সাথে ছবি তোলা শেষে আমাকে বললেন ‘চল বাবু… মনের মানুষ এ আমরা যেমন করে গানের সাথে নাচতাম, সেরকম একটা ছবি তুলি’! ইনিই বুম্বাদা।

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪১, নিখোঁজ অর্ধশত

অনলাইন ডেস্কঃ পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ‌্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে ৪১ জনে দাঁড়ি‌য়ে‌ছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে  ২১ নারী, ১১ শিশু এবং ৯ পুরুষসহ ৪১ জনের মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রূপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), শোভা রানী (২৭), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শ্যামলী রানী (১৪), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), ব্রজেন্দ্রনাথ (৫৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮) ও সনেকা রানী (৬০)। তবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপপরিচালক সৈয়দ মাহাবুবুল আলম বলেন, সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে। রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে ডুবুরিদল এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পঞ্চগড় ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে জমি দখল করে গাছ লাগানোকে কেন্দ্র করে সালিশ পক্ষের দুই ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরো ১ জন। আহত হয়েছেন অন্তত আরো ৪ জন। নিহত দুই ভাই হলেন- হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)।

শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

শুক্রবার সাড়ে চারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখস্থ ওয়াপধা সড়কে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে চারটার দিকে একই উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের রনু দাশ’র পুত্র রাজু দাশসহ তার ভাইয়েরা তুলাপুর এলাকায় নিজেদের জমি দাবী করে বৃক্ষ রোপণ করতে আসে। তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য লুৎফুর মিয়া জমি দাবীকারী অপর পক্ষের ধীরু বাবু’র পক্ষ থেকে সালিশি করে আপাতত গাছ না লাগাতে বারণ করেন। এতে রাজু দাশ ও তার ভাইয়েরা বাধা না মেনে ক্ষিপ্ত হয়ে লুৎফুর মেম্বারসহ অন্যান্য সালিশীদের উপর হামলা করে এলোপাতোরি কুপাতে থাকে। এসময় দায়ের কুপে তুলাপুর গ্রামের নূর মিয়ার পুত্র কাজল মিয়া (২৫) ও হেলাল মিয়া (৪০), অপর পক্ষের ধীরু ভাবুর ভাতিজা ও রনজিৎ দাশ’র পুত্র উত্তম দাশ ও লুৎফুর মেম্বারের ভাই পংকি মিয়াসহ অরো বেশ কয়েকজন আহত হন।

আশংকাজনক অবস্থায় কাজল মিয়া, হেলাল মিয়া, উত্তম দাশ ও পংকি মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ের হেলাল মিয়া ও কাজল মিয়া। উত্তম দাশ ও পংকি মিয়া’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তুলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধ চলছিল সুনামপুর গ্রামের রাজু দাশদের সাথে তুলাপুর গ্রামের ধীরু বাবু গংদের। ওই জমি দখল করতে রাজু দাশরা প্রায় ৩ কিলোমিটার দূরের পথ অতিক্রম করে শুক্রবার তুলাপুর গ্রামে গাছ লাগাতে আসলে লোমহর্ষক এই ঘটনাটি ঘটলে প্রাণ হারান ওই দুইজন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হামলাকারী ৩ জনকে আটক করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ৫ উদ্ধার কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ  ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‌‘নরু’র আঘাতে অন্তত ৫জনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর উদ্ধারকাজ চালাতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়,  নিহতরা বন্যাকবলিত এলাকায় যাওয়ার সময় পাশে একটি দেয়াল ধসে পড়ে এবং তারা সবাই বন্যার পানির স্রোতে ভেসে যান। ঘূর্ণিঝড়টি ২৪০ কিলোমিটার বেগে দেশটির লুজোন দ্বীপে আঘাত হানে। দেশটির প্রায় ৫ কোটি মানুষ এই দ্বীপে বসবাস করে। ঝড় ও বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক বাঁধ উপচেপড়ার উপক্রম হয়েছে। ঘুর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার সন্ধ্যার দিকে ফিলিপাইন অতিক্রম করবে পারে।

ম্যানিলার অদূরে বুলাকান প্রদেশের স্যান মিগুয়েল পৌরসভার পুলিশ প্রধান লে: কর্ণেল রমুয়ালদো আন্দ্রেস বলেন, তাদেরকে বন্যা কবলিত একটি এলাকায় পৌরসভা সরকার মোতায়েন করে। স্যান মিগুয়েল পৌরসভার দুর্যোগ কর্মকর্তা রেসনান হেরারা তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তারা সম্ভবত বন্যার পানিতে মারা গেছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। দেশটি প্রতি বছর গড়ে ২০টি ঝড়ের কবলে পড়ে।