নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী এলাকায়। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আবু ইউনুসের ভাগিনা নতুন একটি মোটরসাইকেল কিছু দিন আগে কিনেছিলেন। সেই ভাগিনার মোটরসাইকেলে করে বাড়ি আসার সময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের থাক্কায় মামার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ভাগিনাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর হস্তে গ্রহণ করা হবে-পরিবেশ মন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের একত্রে মিলেমিশে বসবাস করছে। কোনো কোনো সময় সাম্প্রদায়িক শক্তি আমাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে। এই অসাম্প্রদায়িক দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। মন্ত্রী আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রশাসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়েই নিজ নিজ অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করবে।

গত সোমবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী তাঁর বক্তব্যে এসব কথা বলেন সম্প্রতি সমাবেশের মাধ্যমে এক বার্তা পৌঁছান মন্ত্রী।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্র সচিবসহ আটক-৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম এবং ২য় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নজরে আসলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অনেক নাটকীয়তার পরে মঙ্গলবার মধ্যরাতে প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

রাতের আধারে মিডিয়াকর্মীদের প্রশ্ন থেকে বাঁচতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম দৌঁড়ে পলায়ন করেন। কেন্দ্র স‌চিব ও দুই সহকারী শিক্ষক‌কে ‌জিজ্ঞাসাবাদ শে‌ষে শিক্ষা বো‌র্ডের চেয়ারম‌্যান, স‌চিব এবং জেলা শিক্ষা অ‌ফিসার উপ‌জেলা প‌রিষ‌দে যান। প‌রে রাত সা‌ড়ে ১২টার দি‌কে শিক্ষা বোর্ড ‌চেয়ারম‌্যান, স‌চিব, জেলা প্রশাসকসহ অন‌্যান‌্য কর্মকর্তারা উপ‌জেলা প‌রিষদ ত‌্যাগ ক‌রেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম এবং ২য় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভূরুঙ্গামারী নেহাল উ‌দ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য় কেন্দ্র থে‌কে প্রশ্ন ফাঁ‌সের ঘটনা ঘ‌টেছে। সোমবার ১৯ সেপ্টেম্বর ইংরেজি ১ম পত্র এবং ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ইংরেজি ২য় পত্রের হুবহু হাতে লেখা প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ভাবে পরীক্ষার্থী এবং অভিভাবকদের হাতে চলে যায়। পরীক্ষার আগের রাতে ফাঁস হওয়া উত্তর পত্রের সাথে পরের দিন পরীক্ষার প্রদত্ব প্রশ্নপত্রের হুবুহু মিল পাওয়া যায়। ফলে সামাজিক মাধ্যমে এসব উত্তর পত্র ছড়িয়ে পড়ায় তা নেবার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকগণ ছুটোছৃুটি করেন। প্রতিটি উত্তর কপি ২শ হতে ৫শ টাকায় বিক্রি হয় গোপনে। মঙ্গলবার রাতেই  দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, সচিব প্রফেসর জহির উদ্দিন,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা মধ্যরাত পর্যন্ত তদন্ত শুরু করেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় অনেক নাটকীয়তা শেষে মধ্যরাতে এ ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে নেহাল উ‌দ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র স‌চিব লুৎফর রহমান, একই বিদ‌্যাল‌য়ের ইং‌রে‌জি বিষ‌য়ের সহকারী শিক্ষক রা‌সেল আহমেদ এবং ইসলাম শিক্ষা বিষ‌য়ের সহকারী শিক্ষক জোবা‌য়ের‌কে আটক করা হয়।

বিভিন্ন গোয়েন্দা সূ‌ত্রে জানাযায়, ওই কে‌ন্দ্রে উপ‌জেলার পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা পরীক্ষা দি‌চ্ছে। আর নেহাল উ‌দ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা পরীক্ষা দি‌চ্ছে পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ে। পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আ‌গে প্রশ্নপ‌ত্রের ছ‌বি তু‌লে তা কেন্দ্রের বাই‌রে পাঠা‌নো হয়। প‌রে সেই প্রশ্নের হা‌তে লেখা ক‌পি চু‌ক্তি করা শিক্ষার্থী‌দের মা‌ঝে বি‌লি করা হয়। এ ঘটনায় কেন্দ্র স‌চিবসহ পরীক্ষা প‌রিচালনায় থাকা একা‌ধিক শিক্ষক জ‌ড়িত থাক‌তে পা‌রে ব‌লে স‌ন্দেহ কর‌ছেন সং‌শ্লিষ্টরা।

একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আগামী গণিত সহ বিজ্ঞান বিভাগের মোট ৪ টি পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে। তাই আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া এসব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নেহাল উ‌দ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য় কেন্দ্রে পরীক্ষার্থী সুমন বলেন,আমি এই কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি। হল রুমে অনেক শিক্ষার্থীর আলোচনা করে তারা প্রশ্নের উত্তর পত্র পেয়েছে ২শ হতে ৫শ টাকায়। আমাকেও নিতে বলেছে অনেকেই। এভাবে যদি পরীক্ষার প্রশ্ন আউট হয় তাহলে আমরা ভালো পরীক্ষা দিয়ে কি লাভ?

পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চানাচুর বিক্রেতা মিঠু মিয়া বলেন, দু’দনি থেকে পরীক্ষার্থীদের অভিভাবকরা চানাচুর খেতে এখানে এসে তারা গল্প করেন প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। তারা ২শ হতে ৫শ টাকায় কিনতে পাওয়া যায় বলেও গল্প করেছিলেন। তবে কেনা-বিক্রি করা আমি দেখিনি।

ইংরেজি প্রভাষক মাইদুল ইসলাম মুকুল বলেন,আমি এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াই। সেখানকার এবং কলেজের অনেক শিক্ষার্থী আমার নিকট হাতে লেখা প্রশ্ন নিয়ে আসে সমাধানের জন্য। পরে তাদের কাছে জানতে পারি কুড়িগ্রাম,রংপুর,ভূরুঙ্গামারী থেকে তাদের বিভিন্ন বড় ভাইদের মাধ্যমে এগুলো পেয়েছে। বিষয়টি স্থানীয় প্রেসক্লাবসহ প্রশাসনকে অবহিত করি।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভূরুঙ্গামারী থেকে কোন প্রশ্ন পত্র ফাঁস হয়নি। পরীক্ষার শুরুর কয়েক ঘন্টা আগে হাতে লেখা উত্তর পত্রের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল থাকার বিষয়ে তিনি বলেন, মিল-অমিল আছে কিনা আমার দেখার বিষয় না? এটা সরকারের অনেক বিভাগ আছে,পুলিশ আছে তাদের দায়িত্ব।

ভূরুঙ্গামারী সহকারী পু‌লিশ সুপার মোর‌শেদুল হাসান বলেন, আটক তিন শিক্ষ‌কের বিরু‌দ্ধে প্রশ্ন ফাঁ‌সের অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। মামলা হ‌লে তদন্ত ক‌রে পু‌রো‌ বিষয়‌টি উদঘাটন করা হ‌বে।

ইউক্রেনে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে বেশ কিছু এলাকা হাত ছাড়া হয়ে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে যুদ্ধ ক্ষেত্রে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। এতে করে ইউক্রেন যুদ্ধের জন্য আরও সেনা মোতায়েন করতে পারবে রাশিয়া। খবর আল-জাজিরার।

পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, তাঁর এই পদক্ষেপ কোনো ধরনের ধাপ্পাবাজি নয়। রাশিয়া তার ভূখন্ড রক্ষায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, রাজধানী কিয়েভ থেকে আল-জাজিরা প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্ডো জানান, ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্য পূরণে পুতিনের এই পদক্ষেপ সুনির্দিষ্টভাবে যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দেবে। তাঁর মতে, এটা পরিষ্কার যে ইউক্রেন যুদ্ধে পুতিন বিশাল সংখ্যার সামরিক বাহিনীকে ঠেলে দিতে চলেছেন।

এলিজোন্ডো বলেন, আপনি যেভাবেই দেখেন না কেন, এটা যুদ্ধকে আরও বাড়িয়ে দেবে, আর বুঝা যাচ্ছে যে ইউক্রেনে সামরিক লক্ষ্য পূরণে মস্কোর আরও সৈন্য লাগতে পারে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, এই অভিযানে আরও তিন লাখ সৈন্য মোতায়েন হতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ছাত্র ও বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্তদের এই যুদ্ধে নাও তলব করা হতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জিলিয়ান কীগান বলেছেন, এই হুমকিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, বিষয়টিকে আমাদের অবশ্যই ভীষণ গুরুত্বের সঙ্গে নিতে হবে, পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, এমনকি তা পুতিনের হাতেও নেই বলে আমি নিশ্চিত, এটা অবশ্যই যুদ্ধকে বাড়িয়ে দেবে।

প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট পুতিন প্রথমবারের মতো রাশিয়ান সৈন্য সমাবেশের নির্দেশ দেন যা তার সামরিক শক্তিমত্ত্বাকে সর্বোচ্চ ব্যবহারের অর্থাৎ প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।

পাসপোর্টের ফিঙ্গার দিতে এসে ক্রিকেটারের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন (২৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দিনে মৌলভীবাজার মাতারকাফন এলাকায় পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার আগমুহুর্তে তার মৃত্যু হয়। নিহত মঈন উদ্দিন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকার আব্দুস সোবহান এর ছেলে।

পারিবারিক সুত্রের বরাতে জানা যায়, গত দুইবছর আগে ক্রিকেট খেলা অবস্থায় তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন এর হাতের কাঁধে ব্যাথা শুরু হয়। এরপর তার পিঠে ও মাথায় টিউমার ধরা পড়ে। সিলেট ও ঢাকায় তাঁর শরীরে দুইবার টিউমার অপারেশন হয়। গত একসপ্তাহ আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার ক্যান্সার ধরা পরে। সেখানের চিকিৎসকেরা তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবারের পাসপোর্টের জন্য মৌলভীবাজার পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় তাঁরা জানান, মঈন উদ্দিন একজন ভালো মানের তরুণ ক্রিকেটার ছিল। তাঁর অভাব অপূরণীয়। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ফুলবাড়ীতে চোরাই মালামাল সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযানে চোরাই মালামাল সহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ভাংগামোড় ইউনিয়নের দক্ষিন রাবাইতারী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর বলদিয়া গ্রামের এনতাজ আলী (৩২) ও নাগেশ্বরী উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের  আলতাফ হোসেন (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১ টি চোরাইকৃত মোটরসাইকেল ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের বাসিন্দা সবুজ চন্দ্র রায় এবং রবিউল ইসলামের বাড়ী থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক মামলা গ্রহন করে তদন্ত ও সাক্ষ্য গ্রহন শুরু করে। সমস্ত সাক্ষ্য প্রমানাদির ভিত্তিতে ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ কুখ্যাত চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম জানান, মামলার তদন্ত কার্য সমাপ্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে । যথাযথ আইনি প্রক্রিয়ায় চোরাইকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা চলছে।

বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়নদের ফুলেল সংবর্ধনা

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা সংবর্ধনা জানিয়েছেন মেয়েদের। এ ছাড়া নারী ফুটবলারদের জন্য বিমানবন্দরে আছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন ভক্তরা। কিছুক্ষণের মধ্যেই ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে যাবেন লাল-সবুজের মেয়েরা।

বিমানবন্দর থেকে সাবিনাদের ছাদখোলা বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

উল্লেখ্য, গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল।

জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হলো লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর মিলন মেলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: লন্ডনে জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হলো ইউনিটি অব মৌলভীবাজার এর মিলন মেলা। সম্মেলনে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমসেরনগর বিমানবন্দর চালুর জোর দাবি এসেছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুইট হলে সমগ্র বৃটেন থেকে আগত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে ‘ইউনিটি অব মৌলভীবাজার’-এর সম্মেলন ২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তাগন, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। এছাড়াও সকল বক্তাগনই মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে না কেনো এমন প্রশ্ন উপস্থাপন করে বলেন যে, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলায় একটিও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়নি বিষয়টি সত্যিই দূঃখজনক। মৌলভীবাজার জেলার উন্নয়নে করণীয় ঠিক করতে মন্ত্রী সহ ৪ এমপিকে এক টেবিলে বসার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন আপনারা একত্রে বসে একটা সিদ্ধান্ত গ্রহন করুন। মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ মৌলভীবাজার জেলার ১০ দফা দাবীগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সম্মেলনে উপস্থিত সকলের পক্ষ থেকে মৌলভীবাজারের সন্মানীত মন্ত্রী ও এমপিবৃন্দ ও জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল উপজেলা এবং পৌরসভা চেয়ারম্যানসহ দায়িত্বশীল সংশ্লিষ্ট সবাইকে এক টেবিলে বসে আলোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়।

সম্মেলনে উত্থাপিত মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ মানুষের ১০ দফা দাবী:

১। মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ দ্রুত চুড়ান্ত অনুমোদন সহ জেলা সদরে করোনা পরীক্ষার ল্যাব ( পিসিআর ল্যাব) আই.সি.ইউ ইউনিট এবং সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম স্থাপন ও চালু করন।

২। শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ।

৩। মনু ও ধলাই নদীর বাঁধ পুন:নির্মাণ ও নদী খনন কাজ শুরু করা। মৌলভীবাজার শমসেরনগর সড়কের উন্নয়ন কাজ দ্রুত শেষ করা।

৪। মৌলভীবাজারে ইকোপার্ক বাস্তবায়ন ও মনু নদীর উপর নতুন আরেকটি সেতু নির্মাণ করা

৫। মৌলভীবাজার জেলার প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ।

৬। মৌলভীবাজার জেলায় একটি ল’ কলেজ/কারিগরী/পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন।

৭। শমশেরনগর বিমানবন্দরে অন্তত সাপ্তাহিক ফ্লাইট চালু।

৮। মৌলভীবাজার জেলার হাওরগুলোতে হাওরের উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন।

৯। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ ও সংস্কারকাজ সম্পাদন করা।

১০। মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা ঘোষনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং মৌলভীবাজার সাবিয়া এবং বলিয়ারভাগ গ্রামের পৌরসভা ২ টি খেয়াঘাটে একটি ব্রীজ নির্মাণ।

ঐক্যের বন্ধন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দু’বছর এর জন্য সৈয়দ শামীম ইসলামকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারন সম্পাদক, আমজাদ হোসেন সানিকে ট্রেজারার ও মোহাম্মদ রাসেল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী।

মহিলা সম্পাদক হেলেন ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক শিবলু রহমান এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী শতাব্দী রায়, সাজেদা কামাল শেফালী, সোহেল ইসলাম, শিবলু রহমান, সাঈদা লাভলী চৌধুরী, মুজিবুর রহমান জসিম, অনু দেব, অসিত দে, সহ বৃটেনের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করে সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেন।

কবিতা আবৃত্তি করেন কবি আসমা মতিন ও আব্দুর রব, যন্ত্র সংগীত ও সাউন্ড ব্যাবস্থাপনায় ছিলেন অমিত দে, তানিম আহমেদ ও শামসুল জাকী স্বপন।

বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ফাউন্ডার্স সেক্রেটারি কামরুজ্জমান খাঁন কমরু ও ফাউন্ডার্স জয়েন্ট সেক্রেটারি এম লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মাহফুজ আহমেদ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার ফর পলিটিক্যাল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কেমডেনের মেয়র নাসিম আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ট্রেজারার আতাউর রহমান কুটি, বিসিএর সাবেক সেক্রেটারি অলি খাঁন, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার মুহিব চৌধুরী, কাউন্সিলার সাইদা লাভলী চৌধুরী, উপদেষ্টা মাসুদ আহমদ, উপদেষ্টা আব্দুল জলিল আসদ্দর, সাবেক ছাত্রনেতা আলকাস আহমদ, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, উপদেষ্টা রুহুল আমিন রুহেল, উপদেষ্টা শেখ সালামত তালুকদার, আফজাল মোহিত, মুহিবুর রহমান খসরু ও মোশাহিদ আহমদসহ বৃটেনের বিভিন্ন শহরের কাউন্সিলার ও মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ শামীম ইসলাম, শফিকুর রহমান, শামীম চৌধুরী, শেখ আব্দুল রউফ তালুকদার, আমজাদ হোসেন সানী, আমিনুর রহমান কাবিদ, রাঁধা কান্ত ধর, শেখ জাহেদ জসিম, শাহাজান সিরাজ, তপু তোফায়েল খাঁন, শাহ শাফি কাদির, হেলেন ইসলাম, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মো: মুহিবুর রহমান মুহিব, আমিনুর রহমান চৌধুরী, মাহফুজ আহমেদ, সাদিকুর রহমান, সৈয়দ রুয়েজ আহমেদ, মাহবুবুর রহমান শিবলু, সাইফুল হক খালেদ, তাজুল ইসলাম, আতিক লাকী আজিজুর রহমান মুন, মোহাম্মদ শামীম, আনোয়ার মিয়া, মনসুর চৌধুরী, সোহেল আহমদ, জুবের আহমদ, মো: মুহিবুর রহমান, জুবেল আহমদ বেলাল, রিংকু আহমদ, সৈয়দ সোয়েব আহমেদ, নিয়ামত খাঁন, সৈয়দ শাফিউল আহমেদ, শাহ গোলাম কিবরিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর, দেওয়ান মসকুর আহমেদ চৌধুরী টুটুল, আকতারুজ্জামান খাঁন জাকির, শাহজাহান তালুকদার শাওন, মোঃ ফজলু মিয়া, জুয়েল খাঁন, বুলু আহমদ, আতিক রহমান, বেলাল আহমদ(সুহেল), ইউনুছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

এই ধারাবাহিকতায় মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটস্অ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বরাবরে জেলার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই সব দাবীতে দেশে বিদেশে সভাসমাবেশ সেমিনার, গোলটেবিল বৈঠক হয়েছে। এই যৌক্তিক দাবিগুলো আজো অব্দি আলোর মুখ দেখতে পারছে না। এটা জেলাবাসীর জন্য অবশ্যই দূঃখজনক।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের স্বপ্না ও সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা ১৯ সেপ্টেম্বর কাঠমুন্ডু দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় নারী ফুটবল দল আর সে দলের হয়ে ২জন ছিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার স্বপ্না ও সোহাগী।

ইতিহাস গড়া এ খেলায় অংশ গ্রহন করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির দুই কৃত্তি খেলোয়ার স্বপ্না রাণী ও সোহাগী কিসকু। এই খবরে ২০ সেপ্টেম্বর তাদের বাসায় ভীড় জমায় স্থানীয় লোকজন। কুড়ের ঘরে থাকা শ্রমজীবি বাবার ঘামঝরা আদরে বেড়ে উঠা স্বপ্না রাণী ও বর্গাচাষী বাবার দরিদ্র জয় করে সোহাগী কিসকু আজ দেশের সম্পদ।

দারিদ্র স্বপ্না রাণীর বাবা নিরেন চন্দ্র মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ডিজিটাল বাংলা নিউজকে বলেন, আমার ৩ মেয়ে ১ ছেলে সব চেয়ে ছোট হচ্ছে স্বপ্না রাণী সে আজ জাতীয় দলের খেলোয়ার। শুধু দারিদ্র নয় একসময় আমার পরিবারকে লড়াই করতে হয়েছে ধর্মীয় ও সামাজিক  কুসংস্কারের সাথে। তারা অনেকেই বলতো মেয়ে মানুষকে হাফ প্যান্ট পরে ফুটবল খেলা ঠিকনা। এবং কি তাদের নাকি বিয়ে দেওয়া মুশকিল হয়ে পড়বে। কিন্তু সে বাঁধা উপেক্ষা করে আমার মেয়ে প্রতিদিন খেলার মাঠে যেতো। তার খেলার সামগ্রী বুট, জার্সি, ঔষধ এবং মাঠে যাওয়ার জন্য একটি বাইসাইকেল কিনে দেয় রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম। আজ চ্যাম্পিয়ান হওয়ায় আমার খুব আনন্দ লাগছে।

সোহাগী কিসকুর বোন ইপিনা কিসকো বলেন, আজকে বাংলাদেশের নারী ফুটবল দল জয়ী হয়েছে। এতে আমার বোন রয়েছে আমরা সবাই খুশি আর সেই সাথে ঠাকুরগাঁও জেলাবাসী তাদের জন্য গর্ববোধ করছি।

এ প্রসঙ্গে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ায় আমাদের জন্য গর্ব।

এজন্য বাংলাদেশ দলকে আমি অভিনন্দন জানাই। এ বিজয় আমাদের জন্য যেমন গর্বের তেমনি ঠাকুরগাঁওয়ের জন্য একটু বেশি গর্বের। কারণ আমাদের জেলার স্বপ্না ও সোহাগী দুজনেই খেলোয়ার। তারা বুধবার বাংলাদেশে আসবে।

উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, প্রথমত বাংলাদেশ ফুটবল দল কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ উপজেলার দুজন খেলোয়ার জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহন করায় তাদের জন্য আমরা গর্বিত। তারা আগামি ৫ অক্টোবর ছুটিতে আসলে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই থেকে জানা যায়, মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছেন সবাইকে।

গত মাসের ১০ আগস্ট  জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী। এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ করেন চিকিৎসকরা। তবে ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ শিল্পী। টানা ২০ দিন এভাবে চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা।

উল্লেখ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিল রাজু শ্রীবাস্তব। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। মূলত ‘হাসির রাজা’ হিসেবে খ্যাত এই অভিনেতা কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতেন।