স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ধর্মীয় অনুষ্ঠান শেষে তাকে সেখানে সমাধিস্থ করা হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে সোমবার দিনব্যাপী চলবে নানান আনুষ্ঠানিকতা।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টায় অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। পরে সাড়ে ১০টার দিকে রয়্যাল নেভির গাড়িবহরে রানির মরদেহ সেখানে নেওয়া হয়। এ সময় তার কফিনের পাশে নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছিলেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর বেলা ১১টায় অতিথিদের উপস্থিতিতে ধর্মীয় বাণী পাঠ করা হয়। পরে রানিকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হয়। বাজানো হয় দেশের জাতীয় সংগীত। এরপরে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে রানির মরদেহ নিয়ে যাওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে রানির মরদেহ উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে রানিকে সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে। সন্ধ্যায় রানির স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হয়েছেন।

৭৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে সাড়ে ৫৫ হাজার কোটি টাকা

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ চলতি ২০২২-২০২৩ অর্থবছরে দেশে জুলাই থেকে শুরু করে ৭৭ দিনে (১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার অর্থাৎ ৫৫ হাজার ৫৪২ কোটি টাকা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১ বিলিয়ন ডলার অর্থাৎ ১০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দর ১০৮ টাকা করে ধরা হয়েছে।    

গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত রেমিট্যান্সের সাপ্তাহিক তথ্যসুত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত রেমিট্যান্সের সাপ্তাহিক তথ্যসুত্রে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ সেপ্টেম্বর) ১০০ কোটি ৮৭ লাখ (১ বিলিয়নের বেশি) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ৮৬ কোটি ৩৫ লাখ ডলার। শতাংশ হিসাবে বেড়েছে প্রায় ১৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাই মাসের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ। পরের মাস আগস্টে আসে ২০৩ কোটি ৭৮ (২.০৪ বিলিয়ন) ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৬০ শতাংশ। এই দুই মাসে (জুলাই-আগস্ট) মোট রেমিট্যান্স এসেছিল ৪১৩ কোটি ৪১ লাখ (৪.১৩ বিলিয়ন) ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ বেশি।

গত ২০২১-২২ অর্থবছরের এই আড়াই মাসে অর্থাৎ ৭৭ দিনে ৪৫৪ কোটি ৪৯ লাখ (৪.৫৪ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এ হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৫ শতাংশ।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ডলারের দর ১০৮ টাকার প্রভাব পড়েছে রেমিট্যান্সে। আগামী দিনগুলোতে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। গত দুই মাসের (জুলাই-আগস্ট) মতো সেপ্টেম্বর মাসেও দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসবে বলে আমরা আশা করছি।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৩ জনে। তবে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু বিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৫৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১০২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৮১ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪১ জন।

এডিশনাল ডিআইজি জুড়ী থানায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি (এ এন্ড এফ) নাবিলা জাফরিন রীনা।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় তিনি থানা পরিদর্শন করেন।

এডিশনাল ডিআইজি (এএন্ডএফ)  জুড়ী থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল এডিশনাল ডিআইজি (এ এন্ড এফ)কে গার্ড অফ অর্নার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি জুড়ী থানা কেন্দ্রিক কর্মরত সকল পুলিশ পরিদর্শক ও উপ-পরিদর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচিত হন। এরপর থানা পুলিশ অফিসের বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন।

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার প্রয়াত অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ গতকাল রোববার চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সে ঝরে গেলো সম্ভাবনাময় এই অভিনেত্রী।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই চেন্নাইয়ের সেই বাড়িতে একা থাকছিলেন দীপা। পুলিশ তার মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। সেখানে নিজের মৃত্যুর কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। সুইসাইড নোটে প্রেমিকের নাম উল্লেখ না করলেও তাকে ভালোবাসার কথা লিখেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পলিন জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন দীপা। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘বৈধা’ নামে একটি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। আরও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আগেই নিভে গেলো সম্ভাবনাময় এই অভিনেত্রীর জীবনপ্রদীপ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ইভিএমের জন্য ৮৭১১ কোটি টাকার প্রকল্প

জাতীয় ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের জন্য দুই লাখ ইভিএম কেনা বাবদ ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা জানান।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটের জন্য প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে তা পাঠানো হবে। আর ওয়ারহাউজ ও প্রশিক্ষণ বাবদ মোট ৮ হাজার ৭১১ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে ইভিএম প্রকল্পের জন্য।

প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির মধ্যেই গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসন অর্থাৎ ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণের এই যন্ত্রটি ব্যবহারে অনেক রাজনৈতিক দলই সংলাপসহ বিভিন্ন সময় নেতিবাচক সকল মন্তব্যকে উপেক্ষা করেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর ওপর রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম (এইচটিএস) এর কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রুশ বিমান হামলায় কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।

মেজর জেনারেল ইয়েগোরোভ আরো জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়। এছাড়া, ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দুজান আল দিরি রয়েছেন।

তিনি আরো জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।

উল্লেখ্য, এ হামলার ৭ দিনের কিছু বেশি সময় আগে রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার কথিত জামাতুত তাওহিদ ওয়াল জিহাদ নামে একটি গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী সিরাজউদ্দিন মুক্তারভ নিহত হয়।

মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিনে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা মো. ফয়জুল করিম ময়ূন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই বিএনপির ওপর এ রকম জুলুম নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের সময় ফুরিয়ে এসেছে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা সাবেক মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্ৰামী সভাপতি ও সিলেট বিভাগীয় সহ-সভাপতি স্বাগত কিশোর রায় চৌধুরীসহ অনেকে।

প্রাণিসম্পদে অবশ্যই বীমা হওয়া উচিত : কৃষিমন্ত্রী

জাতীয় ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমানে একটি গাভীর দাম ৫-১০ লাখ টাকা। সেজন্য প্রাণিসম্পদে অবশ্যই বীমা হওয়া উচিত। 

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা আমাদের অবস্থান ও করণীয় শীর্ষক সেমিনারে‘ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আদর্শ প্রাণিসেবা লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব কৃষিবিদ ড. মো. আওলাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। এটা করার জন্য যা যা করা দরকার ছিল তার সব পরিকল্পনা মোতাবেক তিনি কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ঘাতকরা ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই স্বপ্নকে নষ্ট করে দেয়। তারপর মুক্তিযোদ্ধা বিরোধীদের হাতে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনিমার্ণের দায়িত্ব নেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবান্ধব সরকার কৃষি, কৃষক ও খামারীদের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, ফলে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচনী ইশতেহারে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসুচি ঘোষণা করেন আওয়ামীলীগ। সেই মোতাবেক কাজ করে চলেছে শেখ হাসিনার সরকার। ইতিমধ্যে তার সুফল দেশবাসী পেয়েছে। দুধ উৎপাদনে ঘাটতি থাকলেও ডিম, মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পুষ্টি জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। এই অতিরিক্ত চাহিদা মেটাতে এবং উৎপাদিত পন্য রপ্তানী করতে উৎপাদন আরো ত্বরাণ্বিত করতে হবে। সবাইকে আরো দৃঢ়ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, গবাদিপশু ক্রয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা জরুরি এবং এই ঋণ পরিশোধ নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে খামারীদের জন্য প্রাণিবীমা চালু করতে হবে। আর বীমা পদ্ধতি চালু করতে একটি যৌথ কমিটি গঠন করা দরকার, নীতিমালা কিভাবে করা যায়, এক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে, কী সুযোগ আছে তা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এদিন সেমিনারে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক হাসিনা শেখ, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে আলোচকগণ প্রাণিসম্পদ খাতে আর্থিক প্রতিষ্ঠান সমূহের অন্তর্ভুক্তি, ঋণ ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। এছাড়া, একদিকে গ্রাম পর্যায়ে এখনও বেশিরভাগ ব্যাংক শাখা স্থাপন করেনি। অন্যদিকে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ (এমএফআই) ও এনজিওগুলো বাংলাদেশ ব্যাংক থেকে কম সুদে ঋণ নিয়ে গ্রাম পর্যায়ে ২০-২৫% চড়া সুদে ঋণ বিতরণ করে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদখাতে বিগত ১৩ বছরে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। যদিও উন্নত দেশের তুলনায় এখনও গড় মাংস ও দুধ উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

শাজাহানপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি : সারাদেশ ব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে  পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৮ সেপ্টেম্বর  রবিবার বিকাল ৫.০০ ঘটিকায়  মাঝিড়া বাইপাস থেকে দলীয় কার্যালয় পর্যন্ত  বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, আবু শাহিন সানি, হারেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, নাসির উদ্দিন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, চোপীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী রনি, আতিকুর রহমান, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আবুল বাশার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব  ছোটন, শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, মহিলাদল নেত্রী জ্যোৎস্না বেগমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যে কোন সময় অবৈধ হাসিনা সরকার পতনের ডাক আসবে। সেই ডাকে সকল কে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।