চীনের পাহাড়ি অঞ্চলে বাস উল্টে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানিয়েছে, চীনের ওই অঞ্চলের স্থানীয় পুলিশ রোববার এক বিবৃতিতে জানিয়েছে যে প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বের স্যান্ডু কাউন্টিতে রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং আরও ২০জন আহত হয়েছে। বাসটিতে ৪৭ যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনাকে চলতি বছরের এ পর্যন্ত চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হন। এছাড়া চীনে গত মার্চে এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।

দেয়ালে লেপ্টে ছিলো ” তক্ষক “

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাড়ির দেয়ালে লেপ্টে ছিল একটি তক্ষক। তক্ষকের বৈজ্ঞানিক নাম Gekko gecko। এটি একটি নিরীহ প্রজাতির প্রাণী। তার উচ্চস্বরের ডাকে ভয় পেয়ে গিয়েছিলেন বাড়ির গৃহকর্তা। তারপর শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধার করা হয় সেটিকে।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রূপসপুর আবাসিক এলাকার সামনে অবস্থিত বেলাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আবুল ফজল বেলাল তার বাসায় একটি তক্ষক দেখে সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোন দিয়ে ঘটনাটি জানান তিনি।

পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন তক্ষকটিকে উদ্ধার করে নিয়ে যান।

আবুল ফজল বেলাল বলেন, আকারে টিকটিকির থেকে অনেক বড় ওই প্রাণীটি আমাদের ঘরের দেয়ালে লেপ্টে থাকা অবস্থায় তার জোরে জোরে ডাক শুনে ভয় লেগেছিল। আরও ভয় লেগেছিল যদি পাচারকারীরা এটিকে দেখে তাহলে ধরে নিয়ে যেতে পারে। তাই এটিকে আমাদের বাসা থেকে নিয়ে যেতে বলেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘এই তক্ষকটিকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তক্ষক বাড়িতে থাকলে আতংকিত হবার কিছুই নেই। এদের বৈশিষ্ট অনেকটা টিকটিকির মতোই। তক্ষক নিশাচর প্রাণী। এরা ঘরের ক্ষতিকর কীটপতঙ্গ, সাপ, টিকটিকি ও ছোট ছোট পাখি খেয়ে জীবন যাপন করে থাকে।’

স্থানীয় বনবিভাগের সঙ্গে আলোচনাক্রমে এটিকে যথাস্থানে অবমুক্ত করা হবে বলে তিনি জানান। বর্তমানে এরা বিপন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী। উচ্চমূল্য প্রাপ্তির গুজবে বহু তক্ষকের জীবন ধ্বংস হয়ে গেছে। পাচারকারীচক্র দেশের বিভিন্ন স্থান থেকে তক্ষক ধরে ধরে নিয়ে বহু অর্থের বিনিময়ে বিক্রি করা যায় এমনি গুজবে কান দিয়ে নিরীহ প্রানীটিকে ধংসে পরিনত করে দিয়েছে বলে এমনি তথ্য জানায় সংশ্লিষ্ট সূত্র। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তক্ষক উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম দেশব্যাপী বাড়ায় তক্ষক পাচারকারীরা বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস

জাতীয় ডেস্কঃ প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি লন্ডনে অবস্থান করছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস।

রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান চার্লস। এ সময় টেলিফোনে প্রধানমন্ত্রী রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাণীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। এ সময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজাকে বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

জবাবে রাজা চার্লস বলেন, কুইন কনসোর্ট এবং আমি ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য অনেক অপেক্ষায় ছিলাম, তবে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশি ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান রাজা চার্লস।

প্রসঙ্গত, আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। এদিকে বিশ্ব নেতারা রানির শেষকৃত্যের জন্য লন্ডনে আসা শুরু করেছেন।

 

উলিপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সবুজ মিয়া ওরফে ছোট সবুজ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বটতলী বাজার থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডোমারে পাঁচ পা নিয়ে জন্ম হলো বাছুরের, বাছুরটিকে দেখতে মানুষের ভীড়

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় একটি গরু পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গৃহপালিত গরু বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সের মানুষ বাছুরটিকে দেখতে ভীড় জমায়।

গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তিনি জানান, চিকিৎসক জানিয়েছে পাঁচ পা থাকার পরেও কোন সমস্যা নাই। বাছুরটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়টা খুব কম দেখা যায়। তবে সেরকম কোন সমস্যা হবে না। শরীরের সকল অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা’টি বাড়বে না। তিনি আরো বলেন, যদি অপারেশন করার মতো হয়। তাহলে আমরা আগামীকাল অপারেশন করে দিবো।

‘বিশ্ব চলচ্চিত্র উৎসবে’ প্রধান অতিথি জয়া আহসান

বিনোদন ডেস্কঃ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথম বার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান।

আগামী ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’র সহ-আয়োজনের এই উৎসবটি উদ্বোধন হবে। কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম।

উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ‘রিপলস’।

উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন ফিপরেসির সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায় চৌধুরী।

ফুলবাড়ীর একটি মাদ্রাসার ৭ পরীক্ষার্থীর সবাই অনুপস্থিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চলতি দাখিল পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা দাখিল মাদ্রাসার ৭জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরীক্ষায় অংশগ্রহন করেনি একজনও। বিষয়টি ওই মাদ্রাসার সুপারকে অবগত করেছেন কেন্দ্র সচিব। কিন্তু দুইটি পরীক্ষা অতিবাহিত হওয়ার পর এ পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কেউই যোগাযোগ করেনি।

স্থানীয়রা জানান, নন এমপিও ওই মাদ্রাসাটির ঘর দরজা থাকলেও পাঠদান হয়না নিয়মিত। ফলে ধার করা বা বিবাহিত শিক্ষার্থী দিয়ে ফরম ফিলাপ করায় এমন অবস্থা হয়েছে।

জানা গেছে, এ বছর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৯টি মাদ্রাসার ৫০৪ জন পরীক্ষার্থী শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেন। তার মধ্যে উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদ্রাসার ৭জন পরীক্ষার্থী ছিল ওই কেন্দ্রে। প্রথম দিন কুরআন মজিদ ও তাজভিদ ও শনিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইটি পরীক্ষা অতিবাহিত হলেও উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদ্রাসার কোন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি। তাদের রোল নম্বর পরীক্ষা কেন্দ্রের ৭ নং কক্ষের আসনে বসানো হলেও সেগুলো ফাঁকা পড়ে আছে।

উত্তর কুটিচন্দ্রখানা এলাকার হয়রত আলী ও সুলতান মিয়া জানান, মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা তেমন আসেন না, নিয়মিত ছাত্রছাত্রীও নাই। তবে তাদের ঘর দরজা আছে।

এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার মজাহার আলীর সাথে কথা হলে তিনি জানান, পরীক্ষার্থীরা বিবাহিত হওয়ায় কেউই পরীক্ষা দিতে। আমি চেষ্টা করেছি, তাও আসেনি।

শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার বলেন, উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদ্রাসার ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় একাধিক বার সুপারকে মোবাইল ফোনে কল দেয়া হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

বগুড়ায় ৭৮৭ জন মেধাবীকে সাড়ে ৩ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান

জোবায়ের আহমেদ, বগুড়া: ২০০২ সালে বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন নামে যাত্রা শুরু করে এক ছাত্রকল্যাণ মূলক প্রতিষ্ঠান। সারা বছর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা জেলার সেরা মেধাবীদের খুজে বের করে শিক্ষা বৃত্তি প্রদান ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে থাকে। এরই অংশ হিসেবে  ২০১৯ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর ২০২২  অনুষ্ঠিত হয়। উল্লেখ, গত দুই বছর করোনা মহামারীর কারণে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া এর মহাপরিচালক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদের সঞ্চালনায় শেরপুর সামিট স্কুল ও কলেজ অডিটোরিয়ামে দুই ভাগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে সকাল ৮ঃ৩০ টায় বৃত্তি প্রদান ও সংবর্ধনা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  ফাউন্ডেশনের উপদেষ্টা আজিজুর রহমান আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশন ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ি হামিদীয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাও. মানছুরুর রহমান, সামিট স্কুল ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লিপু, কাজিপুর মহিলা কলেজের প্রভাষক ও সাবেক পরিচালক  আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম ,সাবেক মহাপরিচালক সাখাওয়াত হোসেন, রাসেল হোসেন এবং অনুভুতি বক্তব্য রাখেন মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী সুমাইয়া তারিন।

২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাও দবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার বগুড়ার সাবেক মহাপরিচালক শাহীন আলম, অত্র ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আব্দুল মতিন, রাসেল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

মহাপরিচালক হাবিবুর রহমান হাবিব বলেন, ২০১৯ সালে ২০ ডিসেম্বর শেরপুর, ধুনট, শাজাহানপুর, গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা প্রায় চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭৮৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, জেনারেল, প্রাতিষ্ঠানিক ও শুভেচ্ছা গ্রেডে বৃত্তি পায়। এখানে সর্বমোট সাড়ে ৩ লক্ষের অধিকার নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আরো বলেন এটি একটি ছাত্রকল্যাণ মুলক প্রতিষ্ঠান, নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ জাতী গঠনের জন্য  আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও দ্ররিদ্র শিক্ষার্থীদের শিক্ষা  উপকরণ বিতরণ, ফ্রি রক্তদান, বৃক্ষরোপণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রান সামগ্রী বিতরণ করে থাকি।

প্রধান অতিথি বলেন,  সততা, দক্ষতা, যোগ্যতা ও ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে।

উভয় অধিবেশন সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

রৌমারীতে ৮ জুয়ারী আটকের পর কারাগারে প্রেরণ

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অবস্থায় ৮ জুয়ারীকে আটক করেছেন। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের দেলোয়ার হোসেনের পাটের গুদামের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উত্তর বাগুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রেজাউল ইসলাম ( ২৭) , দক্ষিন বাগুয়ার চর গ্রামের নিশান আলীর পুত্র আতিকুর রহমান ( ৪০) , পু্র্ব পাখিউড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পু্ত্র গোলজার হোসেন ( ২৬) , উত্তর বাগুয়ার চর গ্রামের জামালের পুত্র শাকিল হোসেন ( ১৯) , সুখেরবাতি এলাকার মৃত বাশেক আলীর পুত্র হাবিবুর রহমান হবি ( ৪২) , পু্র্ব পাখিউড়া গ্রামের হাতেম আলীর পুত্র আব্দুর রশীদ ( ৪০) , দক্ষিন পাখিউড়া গ্রামের মৃত সোনাই শেখের পুত্র তসির উদ্দীন ( ৬০) , পুর্ব পাখিউড়া গ্রামের আন্দু শেখের পুত্র বাবুল মিয়া (৪০)।

রৌমারী থানার ওসি রুপ কুমার বলেন, শুক্রবার মধ্যরাতে উপজেলার পাখিউড়া এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে শনিবার  কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকেণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) আয়োজনে কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপ-পরিচালক মাসুদ রানা, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ আরো অনেকে।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৪ জন টিটিসির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল তুলে দেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান