হাইল হাওড়ের জালে মিললো অজগর সাপ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গল হাইল হাওড় এলাকায় এ অজগর সাপ পাওয়া যায়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে হাইল হাওড় এলাকা থেকে খবর আসে মাছ শিকারের কারেন্ট জালে একটি অজগর সাপ আটকে পড়েছে। এটিকে কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না। একদম অচেতন হয়ে পড়ছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন বন বিভাগের লোকজনকে খবর দেন এবং সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাইল হাওড়ে গিয়ে উপস্থিত হন স্বপন দেব। হাওড় থেকে কারেন্ট জাল উঠাতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির একটি অজগর আটকে পড়েছে কারেন্ট জালে। জালে আটকে থাকায় অজগরটি একদম অচেতন হয়ে যায়। মুখ শরীর পুরোটা জালের মধ্যে ঢুকে পড়ায় এটিকে কোন রকম বের করে নিয়ে আসতে অনেক সময় ব্যয় করতে হয়। পরে উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়া হয়।

অজগরটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। সেবা সুশ্রুসা চলছে। অজগরটি লম্বায় চার ফুট। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এর পর সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানান বন কতৃপক্ষ।

আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম‍্যান মুহা: সাদেক কুরাইশী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান জেলা প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আ.লীগ সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর মুহাম্মদ সাদেক কুরাইশীকে বেসরকারিভাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন সংশ্লিষ্ঠ নির্বাচন কর্তৃপক্ষ।

মুহাম্মদ সাদেক কুরাইশী নব ঘোষিত জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা গুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক খুশির আমেজ সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। এসময় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ছুটে যান তার কাছে। এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করেন।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে এ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে এদিনই বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আসন্ন নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার  ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

প্রসঙ্গত: ঠাকুরগাঁও জেলার ৫৩ টি ইউনিয়ন, ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং জেলায় মোট ভোটার সংখ্যা ৭৩৩ জন।

ফুলবাড়ীতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের বিরুদ্ধে চলতি দাখিল পরীক্ষায় ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করান শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া। সে অনুযায়ী  ১৫/০৯/২০২২ ইং তারিখ অনুষ্ঠিত কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের জন্য কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের নিকট ব্যানবেইজ ভুক্ত শিক্ষকদের তালিকা প্রদান করেন। কিন্তু কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার নিয়ম বহির্ভূত ভাবে সে তালিকার শিক্ষকদের দায়িত্ব না দিয়ে ব্যানবেইজ বহির্ভূত শিক্ষক ওয়াজেদ আলীকে ১১ নং কক্ষে পরিদর্শকের দায়িত্ব দেন।

এ প্রসঙ্গে কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার বলেন, শাহানুর আলমকে প্রকৃত সুপার চিহ্নিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডকুমেন্টস আমার কাছে আছে। তাই শাহানুর আলম প্রদত্ত তালিকা থেকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার আগামী পরীক্ষা গুলোতে দুই পক্ষের কাউকেই দায়িত্ব না দেয়ার জন্য বলেছেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, অভিযোগ এখনো হাতে পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

দেড় বছর সংসার কর‌ছেন দুই সমকামী ছাত্রী!

নিজস্ব প্র‌তি‌বেদক, লক্ষীপুরঃ ঘর বে‌ধে‌ছেন লক্ষ্মীপুরের সমকামী দুই  মাদ্রাসা শিক্ষার্থী। সমকামীর হল রাইশা ও এসএসসি পরীক্ষার্থী মম। তারা প্রায় দেড় বছর ধরে সংসার করছেন বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে বিবাহের এফিডেভিট করে বিয়ের পর তারা সংসার করছেন বলে জানা গেছে।  জানা যায়, বছর দেড়েক আগে স্কুল শিক্ষার্থী মম এর সাথে চাচাতো ভাইয়ের শ্যালিকা মাদ্রাসা শিক্ষার্থী রাইশার সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মাঝে শুরু হয় প্রণয়। পরে মম পুরুষ সেজে ছদ্ননাম ব্যবহার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে বিবাহের এফিডেভিট করে। দুইজনে দেড় বছর ধরে গোপনে সংসারও করেন।

 আলোচিত এ ঘটনার কিছুই জানতেন না জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। ঘটনা জানাজানির পর এঘটনার তীব্র নিন্দা ও বিচার চাইলেন স্থানীয়রা।   অভিযুক্ত ছেলে সাজা লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের বাসিন্দা, মেয়ে মম বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং একই উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসিন্দা।

এফিডেভিট সূত্রে জানা যায়, গেলো বছর ৮ জুলাই আনোয়ার হোসেনের মেয়ে মম (ছদ্মনাম) ছেলে সেজে আহিমুন ইসলাম নাম ব্যবহার করে তোফায়েল আহম্মদের মেয়েকে তিন লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করেন।   দুই অভিযুক্তের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) তোফায়েল আহম্মদের মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু বরের বাড়ীতে বিবাহের এফিডেভিট কপি পাঠিয়ে বিয়ে ভাঙ্গার অভিযোগ উঠেছে (সমকামী কন্যা) মম (ছদ্মনাম) এর বিরুদ্ধে। সমকামিতার ঘটনা আড়াল রেখে প্রায় দেড় বছর ধরে তাদের এই সম্পর্কের কথা শুনে খোদ দুই বাড়ীর বাসিন্দারাও হতবাক! এদিকে এধরনের ঘটনাকে কেয়ামতের আলামত উল্লেখ করে এঘটনার সুষ্ঠু তদন্ত করে এফিডেভিটদাতা সহ প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয়রা।

এটি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। ছেলে সেজে (সমকামী কন্যা) মম (ছদ্মনাম) জানান, দীর্ঘদিন ধরে তারা দুইজনে সকলের অগোচরে একসাথে সংসার করেছেন। সমকামীতায় আসক্ত হওয়ার জন্য তিনি মাদ্রাসা ছাত্রী রাইশাকেই দায়ী করেন।

এদিকে কনে রাইশার মা জানান, মঙ্গলবার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক থাকলেও সকালে বর বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিয়ের জন্য মেয়েকে দেয়া নাকের ফুলটিও পরে তারা নিয়ে যায়। এ ব্যাপারে এভিডেভিট দাতা এডভোকেট মোঃ  শামসুদ্দিন এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী মানিক রহমান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জন্ম থেকেই দুই হাত নেই। তারপরেও সুস্থ স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর মত পা দিয়ে লিখে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিক রহমান। গত বৃহস্পতিবার  সকালে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের ৮ নং কক্ষে গিয়ে দেখা যায়, একটি উঁচু বেঞ্চে বসে পা দিয়ে লিখে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিচ্ছে ২২১৫৯৬ রোলধারী মানিক রহমান। পা দিয়ে লিখলেও অনেক শিক্ষার্থীর তুলনায় তার লেখা সুন্দর।

জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তার পিতা মিজানুর রহমান একজন ঔষধ ব্যবসায়ী। মা মরিয়ম বেগম উপজেলার রাবাইতারী স্কুল এন্ড কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। পিতা-মাতার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।জন্ম থেকেই তার দুটো হাত নেই, একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো। কিন্তু পড়াশোনায় কখনও পিছিয়ে যায়নি মানিক। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। শুধু পা দিয়ে লেখাই নয়, পা দিয়ে মোবাইল চালনো এবং মোবাইলে কথা বলাসহ কম্পিউটার টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী মানিক রহমান। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে সে।

মানিকের বাবা মিজানুর রহমান জানান, আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। জন্ম থেকেই তার দুটো হাত না থাকায় আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এজন্য আমার স্ত্রী মরিয়ম বেগমের অবদান অনেক বেশি। মানিক পিইসি ও জেএসসিতে ভাল রেজাল্ট করেছে। আশাকরি সে এসএসসিতেও ভাল রেজাল্ট করবে।

ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব মো. মশিউর রহমান জানান, মানিক রহমান অন্য শিক্ষার্থীদের মতই পরীক্ষায় অংশ নিচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে বাড়তি ২০ মিনিট দেওয়াসহ সকল সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

চাকরির ইন্টারভিউ দিয়ে এসে যুবকের ‘আত্মহত্যা’

সিএনবিডি ডেস্কঃ চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার পর রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় তানভীর আরেফিন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয় পুলিশ।

মৃত তানভীর আরেফিনের বাড়ির মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হক। রাজধানীর ইউল‍্যাব বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছে আরেফিন।

আরেফিনের মামা অসিত আনসারী জানান, শনিবার একটা চাকরির ভাইভা ছিল তার। ভাইভা শেষ করে বেলা ৩টায় বাসায় ফেরেন আরেফিন। এরপর থেকে সে বাসাতেই ছিল। সন্ধ্যার পর কোনো এক সময় সবার অগোচরে নিজের রুমের দরজা লাগিয়ে দেন। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু সাড়া না দেয়ায় দরজা ভেঙে দেখা যায়, বিছানার চাদর গলায় পেঁচানো অবস্থায় তার দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, আরেফিনের বাবা-মা দুজনই প্রবাসী। সে আমার বাসায় থেকেই লেখাপড়া করেছে। কিন্তু কেন সে গলায় ফাঁস দিলো সেটি বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি ডেস্কঃ বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলেশনস কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দ্বিপাক্ষিক এবং সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দুইদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলোর উপর আলোচনা হয়েছে। আর সমকালীন বাংলাদেশের যে রাজনীতি তার উপর সার্বিক আলোচনা হয়েছে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের এবং ৮ সেপ্টেম্বর কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

 

পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

সিএনবিডি ডেস্কঃ পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ২৭ জুন পদ্মা সেতুর নাটবল্টু খুলে নেওয়ায় বাইজিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে বাইজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মিশন

স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে হবে এই আসরটি। আজ রোববার ( ১৮ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

আরসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারবেন না দুই সেরা ক্রিকেটার পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক।

এদিকে, আবু ধাবিতে দলের অনুশীলনে ডান হাতে ব্যথা পান জাহানারা। অভিজ্ঞ এই বোলারের হাতে দুটি সেলাই পড়েছে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আর বাছাই পর্ব থেকে উঠবে দুটি দল।

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছে। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে বিমান দুটি। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষ হওয়া বিমানগুলোর মধ্যে একটি সেসনা- ১৭২, অন্যটি সোনেক্স জেনোস। সোনেক্স হালকা বিমান, এটি বাড়িতেই বানানো যায়। আর সেসনা ১৭২ ছোট বিমান, এতে মাত্র ৪টি আসন রয়েছে।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮.৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।