রাণীশংকৈলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

হুমায়ুন কবি, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (১৪ আগস্ট) উপজেলা হলরুমে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে বলে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়। এবং তারা সংশ্লিষ্ঠ পূজা কমিটির সভাপতি- সম্পাদকসহ সকলের সহযোগিতা কামনা করেন। জানা গেছে এ উপজেলায় এবছর মোট ৫৫ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

“বাংলাদেশে আর গোলা না পড়ার নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার”

জাতীয় ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়া নিয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের আর কোনো গোলা আসবে না বলে নিশ্চয়তা দিয়েছে দেশটি। পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিকও আর বাংলাদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।   

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, মিয়ানমারে কিছুটা সংঘাত হচ্ছে। এটা জানার পর থেকে আমাদের দিক থেকে যেসব ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিয়েছি। প্রথমত আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেব না। আমাদের বর্ডার পুলিশসহ অন্যান্য ফোর্সকে ইতোমধ্যে সতর্ক করে রেখেছি এবং তারা পুরোপুরি অ্যালার্ট। আমরা মিয়ানমার সরকারকে বারবার অনুরোধ করেছি, তোমাদের গোলা যেন আমাদের দিকে না আসে। আমাদের এখানে আতঙ্ক সৃষ্টি হয়। তারা (মিয়ানমার) বক্তব্য শুনেছে। আমরা এ ব্যাপারে তাদের বলেছি, তোমরা এ ব্যাপারে সতর্ক হবে। তারা তাদের নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করি মিয়ানমার থেকে আর লোক আসবে না, আমরা সিল করে দিয়েছি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে। তার আগের সপ্তাহেও দু’দিন মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে। এছাড়া গোলাগুলির শব্দও পাওয়া যায় সীমান্ত এলাকায়।

জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

বার্তাসংস্থা এএনআই বলছে, কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি টুইট বার্তায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘পুঞ্চের সাজিয়ান সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাতে চাই। প্রার্থনা করছি যাতে আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।’

নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পুলিশ ও অসামরিক কর্তৃপক্ষকে সর্বোত্তম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি

জাতীয় ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ রোডম্যাপ ঘোষণা করা হয়। রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে। এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না। তবে অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করার আশ্বাস দিয়েছে ভারত : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করবে ভারত, এ বিষয়ে তারা আমাদের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের ভেতরে খনিজ সম্পদের উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা দায়িত্ব পালন করবে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিন বছর পর এ সফরে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এ সময় ভারত থেকে পেঁয়াজ, আদা রসুনসহ প্রয়োজনীয় সংকট সমাধানে ভারত সহযোগিতা করে আসবে। এ সময় রেল যোগাযোগ, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনে জাতিসংঘে একমত হওয়াসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। এটি ছিল ঐতিহাসিক সফর। ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর মোট চার দিন সে দেশে সরকারি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক জাহিদের

বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটানায় প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসেনের। তিনি ছোটপর্দায় কাজ করছিলেন নিয়মিত। নির্মাতাদের কাছে এক পরিচিত আর ভরসার নাম জাহিদ হোসেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর), আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারান চিত্রগ্রাহক জাহিদ হোসেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি। মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা অনন্য ইমন। জাহিদের সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে নাঈম ফুয়াদ নামে আরেকজন চিত্রগ্রাহক ছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

বিনোদন জগতে ক্যামেরার পেছনে কাজ করার পাশাপাশি ভ্রমণপিপাসু একজন মানুষ ছিলেন জাহিদ। প্রায়ই মোটরসাইকেল নিয়ে দলবেঁধে বেরিয়ে পড়তেন ঘুরতে, সেসব চিত্রধারণও করতেন ক্যামেরায়। তার বন্ধু-স্বজনদের দাবি তিনি একজন দক্ষ বাইকার ছিলেন। সড়কের পরিবহনচালকদের অসাবধানতার বলি হতে হয়েছে জাহিদকে, এমনটায় অভিযোগ তার বন্ধু, সহকর্মীদের।

জাহিদ হোসেনের মৃত্যুতে অন্তর্জালে শোক প্রকাশ করেছেন অনেক নাট্যজন। সহকর্মী থেকে শুরু করে পরিচিত অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, অনন্য ইমন, অভিনয়শিল্পী মনিরা মিঠুসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন জাহিদ। ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

 

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন ব্যাংক নোট

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ বাজারে ১০ ও ২০ টাকার নতুন ব্যাংক নোট আসতে চলেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নোট দুটি আগামীকাল বৃহস্পতিবার ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট বাজারে পাওয়া যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদা খানম বলেন,  আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

উল্লেখ্য, চলতি ২০২২ সালের ১২ জুলাই নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।

নীলফামারীর তিস্তায় বরশিতে ধরা পড়ল ৯১কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছ ধরা পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে খগা খড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া গোড়িং এলাকার জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে বাঘাইর মাছটি ধরা পড়ে।

স্থানীয় বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা চারিদিকে ঘিরে ধরে মাছটি এক নজর দেখার জন্য। পরে উপজেলার ডালিয়া ২নং বাজারে বাঘাইর মাছটি খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য নিয়ে যায়।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন সকালে উপজেলার পাগলপাড়া এলাকায় তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা ডালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। এতবড় মাছ সবসময় নদীতে পাওয়া যায় না। বড় মাছের চাহিদা ব্যপক। স্থানীয়রা জানান, গত বছর তিস্তা নদীতে ৩৪ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ে আর আজ ৯১ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ল।

পাগলপাড়া এলাকার সুজন ইসলাম জানান, জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। তিস্তা নদীতে এত বড় মাছ দেখতে পেয়ে তিনি খুব খুশি তিনি এর আগে এত বড় মাছ দেখেননি তাই অন্যাদের মত তিনিও মাছটি দেখেতে এসেছেন।

লোহাগাড়ায় মাছের পোনা অবমুক্তকরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ “ মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং বিতরণ  কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করন করা হয়।

এসময়  প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে রাজস্ব খাতের আওতায় প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি  পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান এবং শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী  প্রমুখ।

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক জাহিদ

বিনোদন ডেস্কঃ বাইক দুর্ঘটনায় নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন মারা গেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদের বিভিন্ন ঘনিষ্ঠজনের পোস্ট থেকে খবরটি জানা গেছে।

জানা যায়, বুধবার ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়।

দুঃসংবাদটি জানিয়ে নির্মাতা গৌতম কৌরি লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রির সম্ভাবনাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ মানুষটার। এই চিল্লাফাল্লার বাজারে, জাহিদ খুব মৃদুভাষী, কিছুটা লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।

নির্মাতা রাফাত মজুমদার রিংকু নিহত চিত্রগ্রাহকের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জাহিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তাড়াতাড়ি তোর চলে যেতে হল!’

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদে হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’

উল্লেখ্য, ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’ সহ আরও বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসাইন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।