মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই হিসেবে চার জনের নাম ঘোষণা করেন।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কোয়াড ছাপিয়ে জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, মাহমুদউল্লাহ রিয়াদ দলে থাকবেন কি না। মাস দুয়েক আগেও ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে নেতৃত্ব হারানোর পর থেকে দলে তার জায়গাটা বেজায় নড়বড়ে ছিল। শেষমেশ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি থেকে অবসরের পর থেকেই মাহমুদউল্লাহকে নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাঠ থেকেই রিয়াদকে বিদায় জানাতে চান তারা। তবে শেষমেশ তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এছাড়া, মাহমুদউল্লাহ ছাড়া আরও বাদ পড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। এশিয়া কাপে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন এই দুই ওপেনার।

এদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি ও এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের দলে সুযোগ দেয়া হয়েছে সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিনকেও। তবে চমক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ এ ক্রিকেটারের ওপর আবারও আস্থা রাখল বোর্ড।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে গ্রুপ পর্বের খেলা হবে। বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি মূল পর্বে অংশ নেবে। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। তার আগে ১৭ ও ১৯ অক্টোবর বাংলাদেশ দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যথাক্রমে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে যথারীতি অধিনায়কের দায়িত্বে থাকছেন সাকিব আল হাসান। এছাড়া তার ডেপুটি হিসেবে থাকছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান।

বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং সৌম্য সরকার।

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোরের বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যাক্তির (৩৬ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিক সুরতহালে দেখা যায়, লাশটির পায়ে একটি গামছা বাঁধা এবং ধারণা করা হচ্ছে লাশটি মেরে ভারতের সীমান্ত থেকে বাংলাদেশী সীমান্তে ফেলা রাখা হয়েছে। লাশটি ভারত সীমান্তে দিক থেকে যে টেনে আনা হয়েছে তার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালশিরা দাগ এবং কালফোলা দেখা যায়।

এদিকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছে। ময়নাতদন্ত শেষে লাশের মৃতের কারন জানা জাবে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া মেলেনি।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত তিন দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। তবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। 

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপ বeaজায় থাকায় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে প্রায় ১০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতভর হওয়া এই সংঘাতে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।

প্রতিবেশী এই দেশ দুটি একে অপরের সঙ্গে দুটি যুদ্ধ করেছে এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট সংঘর্ষ চালিয়ে এসেছে। অন্যদিকে মঙ্গলবার রাশিয়া বলেছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে। আর্মেনিয়া প্রাথমিকভাবে বলেছিল, যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরিবর্তে শান্ত অবস্থায় রয়েছে। পরে আজারবাইজান জানায়, তারা প্রতিবেশী দেশটির ‘উস্কানি’র কারণে তার উদ্দেশ্যগুলো সম্পন্ন করেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, সংঘর্ষ চলছে। পরিস্থিতি খুবই উত্তেজক।আজারবাইজানের তরফে বলা হয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আজারি প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আর্মেনিয়াই উসকানি দিয়েছিল।

আর্মেনিয়ার অভিযোগ, গত রোববার মধ্যরাতের পর আজারবাইজানের সেনা তিনটি জায়গায় কামান থেকে গোলা ছুড়তে থাকে। আজারবাইজানের দাবি, আর্মেনিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিছিয়েছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র জড়ো করেছে। তার জেরেই উত্তেজনা দেখা দিয়েছে।

আর্মেনিয়া জানিয়েছে, তারা এই হামলার জবাব দিয়েছে। তারাও গুলি ছুড়তে থাকে। ফলে উত্তেজনা বাড়তে থাকে। আজারবাইজানের অভিযোগ, আগে আর্মেনিয়ার সেনা তিনটি জায়গায় আক্রমণ করেছিল। আজারবাইজানের সেনা তার জবাব দিয়েছে। আজারবাইজান সেনার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করেও আক্রমণ চালিয়েছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান কোনোরকম আলোচনায় রাজি নয়।

উল্লেখ্য, দুটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। নাগর্নো-কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বড় আকারে যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ ছয় সপ্তাহ ধরে এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

 

“পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে?”

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘পদ্মা-মেঘনা-যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল।’

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কিন্তু ওই সরকারের নেতা কে হবে, তা কারও জানা নেই। মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, ঢাল-তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই।

সেতুমন্ত্রী আরও বলেন, তত্তাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। আগামী জাতীয় নির্বাচন অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। বিএনপির সকল বিষোদ্‌গার আর অপপ্রচারের জবাব দেওয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তাহলে জনগণকে নিয়ে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, দলের মধ্যে অন্তঃকলহ দুর করতে হবে, দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে নির্বাচনে সফলতা আসবে না।

ধামরাই আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।

আরিফ হত্যার ২৫ দিন পারঃ ডোমারে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় অটো-রিক্সাসহ  নিখোঁজ স্কুল ছাত্র আরিফ হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী  গ্রেফতার হয় নাই। হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে নীলফামারীর ডোমার-ডিমলা সড়কে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ  মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠিরা। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে কর্মসুচিগুলো পালন করা হয়েছে। 

এসময় আরিফের মা তফিনা বেগম, সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সহপাঠি আলিফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আরিফের মা তফিনা বেগম কাঁদকে কাঁদতে বলেন, আমার ছেলের হত্যার ২৫ দিন পার হলো। এখনো কোন আসামী গ্রেফতার হলো না। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসীর  দাবী করেন তিনি। তিনি আরো বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমার মতো আর কোন মায়ের কোল খালি হবে না।

অন্যান্য বক্তরা বলেন, আরিফ হত্যার বিচারের এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোন কার্যক্রম দেখা যায়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবী করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিষয়টি সব্বোর্চ  গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশাকরি আসামীদের দ্রুত গেফতার করা হবে।

প্রসঙ্গত, নীলফামারীর ডোমারে গত ১৯ আগষ্ট বিকালে বাবার অটো রিক্সা নিয়ে বের  হয়ে নিঁখোজ হয় অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ আরিফ হোসেন (১৪)। এর সাত দিন পর ২৬ আগষ্ট বিকাল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশ্বে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে পুলিশ, ডিবি, সিআইডি তার  অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরদিন আরিফের বড় বোন ঝরনা আক্তার কেয়া বাদী ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি প্রকাশ

স্পোর্টস ডেস্কঃ আদিবাসী সম্প্রদায়ের চিহ্ন গায়ে জড়িয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ মাতাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের জন্য নকশা করা নিজেদের বিশ্বকাপ জার্সি ইতিমধ্যে প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগানের নকশায় প্রথমবার আন্তর্জাতিক আসরে আদিবাসী জার্সি পরবে টিম অস্ট্রেলিয়া। সবুজ ও সোনালি জার্সির ওপর এই শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা।

হ্যাগেন বলেন, এই নকশা আদিবাসী ও টরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের।

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাছাইয়ের দুটি দল।

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

বিনোদন ডেস্কঃ ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সালমান। এক ভিডিও বার্তায় ঢাকায় ‘বিং হিউম্যান’র ব্রান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন তিনি।

সালমান জানান, কাল বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির। ‘বিং হিউম্যান’র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহাইল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র‍্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

ভারতকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে সিরাত জাহান স্বপ্নারা। অন্যদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারতের মেয়েরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এমন জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না অপর গোলটি করেছেন শ্রীমতি কৃষ্ণা রানী সরকার।

এর আগে শনিবার রাতে ভারত বড় ব্যবধানে মালদ্বীপকে হারালে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যায়। আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। সেই লক্ষ্যে শুরুতেই দারুণভাগে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটেই সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ।

এ সময় বক্সের বাইরে থেকে স্বপ্নাকে বক্সের মধ্যে বল দেন কৃষ্ণা। তখন স্বপ্নার সামনে ছিলেন কেবল ভারতের গোলরক্ষক। ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।

২২ মিনিটে কৃষ্ণার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সেমিফাইনালে শুক্রবার দুপুরে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আর সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে ভারত।

নওগাঁয় পারস্পরিক শিখন কর্মসূচীর আওতায় দিনব্যপী নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পারস্পরিক শিখন সম্পর্কিত দিনব্যপী এক নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ সম্পর্কিত এই নেটওয়ার্ক কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার, ওয়াটার এইড এবং ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের জাতীয় স্থানীয় সরকার ইউনিট বাস্তবায়িত বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

কর্মশালায় ঢাকা থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক সরকারের যুগ্ম সচিব মোঃ ইশরাত হোসেন খান এবং সহায়ক ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন ওয়াটার এইড-এর কর্মকর্তা মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।

কর্মশালায় উপজেলা, ইউনিয়ন পরিষদগুলো ভালো শিখন মার্কেট প্লেস, পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য এক বা একাধিক ভালো-শিখন নির্বাচন এবং আগামীূ ইউপি বাজেটে অন্ত:র্ভূক্তির মাধ্যমে বাস্তবায়নের এবং প্রকল্প পরবর্তী সময়ে স্ব-উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়।

কর্মশালায় জেলার ১১টি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ই্ধসঢ়;উনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।