মোহনগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে ডোবার (ছোট জলাশয়) পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) ও আহাদ (৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী রুবেল মিয়ার ছেলে। আর আহাদ রুবেলের ছোট ভাই পিয়াসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও আহাদ দুই চাচাতো ভাই আজ সোমবার বেলা ১২টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে শিশু দুটি সবার অজান্তে পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের ভাসমান দেহ উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু দুজনের মরদেহ আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডোমারে ২০ দিনেও উদঘাটন হয়নি আরিফ হত্যা রহস্য

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ২০ দিনেও উদঘাটন হয়নি আরিফ হত্যা রহস্য। নিখোঁজের ৭দিন পর আরিফ হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধারের ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ও এই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। 

গেলো ২৬ আগষ্ট শুক্রবার সন্ধায় উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মাঝাপাড়া এলাকার সাধুর আশ্রমের একটি সেচপাম্পের ঘর থেকে আরিফের  লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায় ডোমার থানা পুলিশ। নিহত আরিফ হোসেন ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।

নিহত ছাত্র আরিফের চাচাতো ভাই সোহাগ ইসলাম জানান, লাশ উদ্ধারের ১৯ দিন ও নিখোঁজের ২৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই হত্যার সাথে কাউকে গ্রেফতার বা আসামী শণাক্ত করতে পারেনি পুলিশ। এই হত্যার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার থেকে আরিফের পরিবার আমরন অনশন কর্মসুচী শুরু করবে বলে তিনি জানিয়েছেন।

গত ১৯ আগষ্ট শুক্রবার রাতে তার বাবার অটোরিক্সা নিয়ে সে বাড়ীর বাইরে বের হয়। সেই দিন রাত আটটার দিকে সে তার মা তফিনা বেগমকে ফোন দিয়ে বলেন সে অটোরিক্সায় যাত্রী নিয়ে সাকোয়ায় যাচ্ছে। এর পর থেকে তার মোবাইল ও তাকে খুজেঁ পাওয়া যাচ্ছিলনা।

এ বিষয়ে তার বড়বোন ঝর্ণা আক্তার তার ভাইয়ের নিখোঁজের বিষয়ে ২০ আগষ্ট শনিবার রাতে থানায় সাধারন ডায়েরী করেন যার নম্বর- ১০৩৪। পরিবারের লোকজন অনেক খুজাঁখুজির পর তাকে না পেয়ে হতাশ হয়ে পরেছিলেন। এদিকে ২৬ আগষ্ট শুক্রবার সকালে জমিতে সার দিতে এসে এক কৃষক দেখতে পান বরেন্দ্র সেচপাম্পের ঘরের ভিতর থেকে বিকট দুর্ঘন্ধ বের হচ্ছিল। তিনি ঘরের কাছে গিয়ে দেখতে পান ঘরের ভিতর দুটি স্যান্ডেল পড়ে রয়েছে।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবহিত করলে তিনি থানায় খবর দিলে থানা পুলিশ সিআইডিকে খবর জানালে তারা ঘটনাস্থল থেকে  আরিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত আরিফের মুখ বিকৃতি হয়ে যাওয়ায় তার পরনের কাপর, হাতে থাকা ঘড়ি ও পায়ের সান্ডেল দেখে আরিফকে চিহিৃত করেন তার পরিবারের সদস্যরা।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁর আত্রাইয়ে বেকার যুববকদের আত্নকর্মসংস্থানের লক্ষে ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের পরিচালনায় ও উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় গ্রামীন জনগোষ্ঠীর আত্নকর্মসংস্থান সৃষ্ঠির লক্ষে মান ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে প্রথম ধাপে পঁচিশ জন পুরুষ ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) উপজেলা পরিষদ হল রুমে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ মোঃ টিপু সুলতান (ইউডিএফ) স্থানীয় সরকার, প্রশিক্ষক মোঃ ফরিদুল ইসলাম (অঃ সেনা সদস্য), মোঃ জালাল উদ্দিন।

প্রশিক্ষনে অংশ নেয়া প্রশিক্ষণাথীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এখান থেকে যে সকল বেকার যুবকরা প্রশিক্ষণ নিচ্ছেন আমরা আশা করি তারা দেশে ও দেশের বাহিরে বিভিন্ন ক্ষেত্রে অসাম্য অবদান রাখবেন।

বিয়ের দিনই গর্ভবতী হতে চান রাখি

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নানা কারণে গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি।

তবে তারা দুজনে টিকটক ভিডিও করে ভক্তদের মাঝে আপডেট শেয়ার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি।

তিনি বলেন, ‘আলিয়া বিয়ের দুই দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান। আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’ এর আগে অবশ্য বিয়ে করবেন না বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে প্রেমিককে নিয়ে নিজের সুখের মুহুর্ত পার করছেন তিনি। ঘুড়ে বেড়াচ্ছেন, ছুটি কাটাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো মাঙ্কিপক্স আক্রান্ত মার্কিন রোগী মারা গেলেন। গতকাল সোমবার ( ১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিএনএন এর বরাত দিয়ে এ কথা জানায় কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।

প্রতিবেদনে বলা হয়, কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ড. উইলিয়াম শ্যাফনার বলেন, মাঙ্কিপক্স ভাইরাসটি শরীরে প্রবেশের পর থেকে মৃত ব্যক্তির দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিকে দমাতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহ করা হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে হবে। অসুস্থতার সময়গুলোতে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৪ হাজার ৩শ কেস শনাক্ত হয়েছে।

 

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 

বিশেষ অতিথি ছিলেন,আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন-সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিদেশী চন্দ্র রায় এবং আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে।

পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড  বিতরণ করা হয়।

রাজধানীতে দৈনিক ১৮২ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়!

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকায় বিভিন্ন গণপরিবহনে দৈনিক সাড়ে ৩ কোটি ট্রিপে গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বলে দাবি তুলেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে চতুর্থ যাত্রী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনাসভায় এই দাবি করেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত এক বছরে দুইবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। এতে অস্থির হয়ে ওঠে গণপরিবহন খাত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় গণপরিবহনে ২৫টি যাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৪ যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা এবং ১০ যাত্রীকে আহত করা হয়েছে।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন শ্রেণির গণপরিবহনে ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ করেছে যাত্রীকল্যাণ সমিতির ১০ সদস্যের প্রতিনিধি দল। জাইকার এক সমীক্ষা অনুযায়ী রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণির গণপরিবহনে প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি ট্রিপে যাত্রীদের যাতায়াত। এতে রাজধানীতে সাধারণ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকার বেশি অতিরিক্ত আদায় করছে বিভিন্ন শ্রেণির গণপরিবহন। রাজধানীর পাঁচ হাজার বাস-মিনিবাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপে যাত্রীর যাতায়াত হয়। লক্কড়-ঝক্কড় এসব সিটি সার্ভিসের শতভাগ বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসব বাস-মিনিবাসে যাতায়াতে যাত্রীপ্রতি মাথাপিছু গড়ে ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হয়। এতে ৫০ লাখ ট্রিপের যাত্রীরা দৈনিক গড়ে সাড়ে ৮ কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছে।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব বলেন, রাজধানীতে বৈধ-অবৈধ মিলিয়ে ৩০ হাজার অটোরিকশা দৈনিক গড়ে ১২ ট্রিপ হিসাবে ৩ লাখ ৬০ হাজার ট্রিপে যাত্রী বহন করে। এসব অটোরিকশায় প্রতি ট্রিপে গড়ে ১৪৫ টাকা বাড়তি ভাড়া আদায় হয়। এতে দৈনিক মোট ৫ কোটি ২২ লাখ টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে অটোরিকশা যাত্রীদের। রাজধানীতে বৈধ-অবৈধ মিলিয়ে ৪০ হাজার হিউম্যান হলারে দৈনিক গড়ে ৮০ লাখ ট্রিপে ৬ কোটি ৪০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া রাজধানীতে পাঁচ লাখ রাইডশেয়ারিং মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্যাক্সিক্যাবে দৈনিক গড়ে ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার ট্রিপে যাত্রী পরিবহন করে। এসব ট্রিপে প্রতিদিন গড়ে ১৬২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

পূর্ব ইউরোপে ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত আবিষ্কার!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সম্প্রতি পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ায় ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত আবিষ্কার করা হয়েছে। দেশটির একদল গবেষকের খননকাজের সময় দাঁতটি উদ্ধার করা হয়। জর্জিয়ার ওরোজমানিতে প্রাচীন মানুষের ওই দাঁতটির সন্ধান পান ব্রিটিশ শিক্ষার্থী জ্যাক পিয়ার্ট। প্রত্নতত্ত্বের এই শিক্ষার্থী বলেন, জর্জিয়া প্রাচীন মানুষের জীবাশ্মের গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। 

প্রাচীন মানুষের জীবাশ্ম বিষয়ক গবেষকরা বলেছেন, দাঁতটি আনুমানিক ১৮ লাখ বছরের পুরনো। জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরোজমানি গ্রামে দাঁতটি পাওয়া গেছে। এর আগে ওরোজমানি গ্রামটির দিমানিস নামের আরেকটি স্থানের নিকটবর্তী, যেখানে ২০০০ সালের দিকে ১৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল।

গবেষকরা আরো বলেছেন, জর্জিয়া সুপ্রাচীনকালে আফ্রিকা মহাদেশের বাইরে মানববসতি গড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ছিল। আফ্রিকাকে মনে করা হয় মানবজাতির সূতিকাগার। আর আফ্রিকা মহাদেশের বাইরে আদি মানুষের বসতির অন্যতম একটি কেন্দ্র হতে পারে জর্জিয়ার ঐ অঞ্চল। দাঁতটি আবিষ্কারের পর এ ক্ষেত্রে জর্জিয়ার অবস্থান সম্পর্কে ধারণা আরো জোরালো হলো।

এছাড়া খননকাজে অংশগ্রহণকারী গবেষকদের নেতা জিওর্গি বিদজিনাশভিলি জানিয়েছেন, দিমানিসে প্রাপ্ত মাথার খুলির মানুষ যে প্রজাতির, তার সঙ্গে ওরোজমানির মানুষের প্রজাতিগত সম্পর্ক রয়েছে।

সুত্রঃ দ্য গার্ডিয়ান। 

বৃষ্টির দিনে বানাতে পারেন মজার ইলিশের কোফতা

লাইফস্টাইল ডেস্কঃ ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহও দেখা যাচ্ছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বৃষ্টির দিনে ইলিশের অন্য রকম স্বাদ পেতে চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা।

চলুন তাহলে জেনে নেয়া যাক ইলিশের কোফতার এই মজার রেসিপি –

উপকরণঃ ইলিশ মাছ – ৪টুকরো, পেঁয়াজ কুচি -১কাপ, টমেটো কুচি – ১কাপ, আদা বাটা – ১ চা চামচ, হলুদের গুঁড়ো – ১চা চামচ, মরিচ গুঁড়ো – ১চা চামচ, বেসন – ১টেবিল চামচ, জিরার গুঁড়ো – ১চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো ও সামান্য ধনেপাতা কুচি।

প্রণালীঃ ইলিশ মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। এ বার এই বাটা মাছের সাথে পরিমান মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরা গুঁড়ো ও বেসন দিয়ে মেখে একটি পাত্রে ড়েকে দিতে হবে। এবার এই মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে বানিয়ে কড়াইতে তেল গরম করে কোফতাগুলি ভেজে তুলে রাখতে হবে। সেই তেলেই পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে। বাদামী রংয়ের হয়ে এলে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও জিরাগুঁড়ো দিয়ে ভাল করে কষে পানি দিয়ে হাল্কা করে জাল দিতে হবে। পানি শুকিয়ে গেলে ভেজে রাখা কোফতা দিয়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিন মজার এই ইলিশ মাছের কোফতা।

 

নিম্নচাপে দেশের নিম্নাঞ্চল প্লাবিত, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

সিএনবিডি ডেস্কঃ নিম্নচাপে ও পূর্ণিমার প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় উপকূলীয় নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। এতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার থেকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোয় ১ নম্বর সতর্কসংকেত জারি হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

এছাড়া আজ মঙ্গলবার সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। রাজধানীতেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল বুধবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। তবে বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল তাপমাত্রা যেমন ছিল আজও সেরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।