চলতি মাসের ৮ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ৬০ কোটি ডলার

অর্থ ও বানিজ্য ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসীরা ৫৯ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৯ কোটি ডলার।গত আগস্ট মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। গত জুলাই মাসে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, চলতি ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

নওগাঁ সদর সাব-রেজিষ্ট্রি অফিসে দুর্নীতি, সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাব-রেজিষ্ট্রি অফিসের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মচারীদের যোগসাজশে একটি চক্র নির্বিচারে জাল দলিল, খারিজ, খাজনার চেকসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি করছে অন্যদিকে সাধারন মানুষের জমিজমা জবর দখল করে আসছে।

অতি সম্প্রতি এমনি একটি ঘটনা প্রকাশ পেলে এসব জাল জালিযাতির তথ্য প্রকাশ্যে এসেছে। এ ঘটনা প্রকাশিত হলে নওগাঁ সাব-রেজিষ্ট্রার গৃহিত ব্যবস্থা স্বরুপ কেবলমাত্র ৭ জন নকলনবিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। নওগাঁ শহরের কোমাইগাড়ি মহল্লার জনৈক আজগর আলীর পুত্র সোহেল রানা জেলা পুলিশ সুপার বরাবর দাখিলকৃত একটি আবেদনের সূত্র ধরে এসব তখ্য জানা গেছে। জানা গেছে, উক্ত ৮৩৫১ তারিখ ০৩-০৭-১৯৮৩ মোতাবেক কোমাইগাড়ি মৌজার উক্ত সম্পদিত্ত কাজী মোজাফ্ফর হোসেনের পুত্র কাজী চৌধুরী মোতাহার হোসেন, কাজী মোশারফ হোসেন ও কাজী মোহাম্মদ হোসেন, কাজী
শাহাদত উল্লাহর পুত্র কাজী শাহাজাহান হোসেন, কাজী সাজেদুর রহমান, কাজী শাহ মাহমুদ, কাজী সাখাওয়াৎ হোসেন ও কাজী শহিদুর রহমান খলিসাকুড়ি মহল্লার তাছের উদ্দিন মন্ডলের পুত্র এ কে এম আজাদ হোসেনের বরাবর কবলা রেজিষ্ট্রি করে দেন। সেই থেকে উক্ত ক্রেতাদের স্বত্ত্ব দখলে থাকে ঐ সম্পত্তি।

সম্প্রতি কোমাইগাড়ি দেওয়ান পাড়া নিবাসী আজগর আলীর পুত্র সোহেল রানা উক্ত সম্পত্তির ৮৩৫১/১৯৮৩ নম্বরের দলিলের জাবেদতা নকল উত্তোলন করেন। নকল উত্তোলন করে দেখতে পান যে মুল দলিলের সাথে জাবেদা নকলের কোন মিল নাই। দাতা গ্রহিতা সম্পূর্নভাবে পরিবর্তন করে দলিলের ভিতরে দাতা গ্রহিতার নাম পরিবর্তন করে তফশীল সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে সাব-রেজিষ্টি অফিসে অভিযোগ করেন তিনি।

পরে অনুসন্ধান করে জানা গেছে ১৯৮৩ সালে ১৬৩ নম্বর ভলিউম বইয়ের ঐ পাতাগুলো পুরোপুরি বদলে ফেলা হয়েছে। এ ছাড়াও দলিল বাংলা অথবা ইংরাজী যে কোন একটি মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। কিন্তু ঐ দলিলটি একইসাথে বাংলা এবং ইংরাজী উভয় মাধ্যমে সম্পাদিত হয়েছে।

এ বিষয়টি নিয়ে নওগাঁ সাব-রেজিষ্ট্রি অফিসে তোলপাড় শুরু হয়। শুরু হয় তদন্ত । এই পুরো কার্যক্রমের সাথে সম্পৃক্ত নকল নবিশ শামিমা সিদ্দিকা, নকল নবিশ আবুল কালাম আজাদ, নকল নবিশ জুলকার ফাইন, নকলনবিশ মোঃ রাশেদুল ইসলাম, নকল তুলনাকারী মোঃ রাশেদুল ইসলাম রাজু ও মৌসুমী আকতার নকল পাঠক ফারহানা ইয়াসমিনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যপারে নওগাঁ সদর উপজেলার সাব-রেজিষ্ট্রার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন সারাদিন যত দলিল, জাবেদা নকলসহ প্রচুর কাগজে স্বাক্ষর করতে হয়। এত কিছু দেখার পরিস্থিতি থাকেনা। শুধু সরকারী রাজস্ব জমা হয়েছে কিনা এবং রেকর্ড কিপার এবং সহকারী রেকর্ডকিপারের স্বাক্ষর আজে কিনা তা দেখে তিনি স্বাক্ষর করেন। এ ক্ষেত্রে সঠিকতা যাচাই করেই তিনি স্বাক্ষর করেছেন।

এই প্রক্রিয়ার সাথে অফিস সহকারী, সহকারী রেকর্ড কিপার এবং রেকর্ড কিপার জড়িত থাকেলও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র নকল নবিশদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারক গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রোববার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া থানার অন্তরভূক্ত ৭নং ইউপি’র গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে একজন প্রতারক বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারনা করছে বলে এমন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই (নিরস্ত্র)/নাঈমুল হাসান অভিযান পরিচালনা করিয়া গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামন হইতে প্রতারক ১। রাজু রবিদাস (২০), পিতা-মৃত পরেশ রবিদাস, সাং-গাজীপুর চা বাগান, নতুন টিলা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হইতে বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর সিআইডি সংস্থার ০১ (এক)টি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন সংস্থার জাল আইডি কার্ড তৈরি করে সরকারি লোক পরিচয় দিয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতার নামে টাকা পয়সা দিবে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়া মানুষের সাথে প্রতারনা করে আসছে বলে আটকের পর স্বীকার করে। আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪, তা: ১১/০৯/২০২২ইং ধারা: ১৭১/৪২০/৪৬৫/৪৬৮ পেনাল কোড ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে সত্যতা জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ভূয়া সিআইডি পরিচয়ে প্রতারককে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

ডোমারের চিলাহাটিতে নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির মকবুলের ডাঙ্গা ক্যানেলের পাশ্বে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। হয়তো রাতের কোন এক সময় গর্ভপাত করে ওই স্থানে কেউ ফেলে রেখে যায়।

চিলাহাটি পুলিশ ফাড়ির এসআই আব্দুস সালাম জানান, রবিবার সকাল  নয়টার দিকে ওই ক্যানেলের পাশে একটি নবজাতক (ভ্রুণ) এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমরা গিয়ে ভ্রুণটি উদ্ধার করে দুপুরে জেলা মর্গে পাঠিয়ে দেই।

তিনি বলেন, হয়তো কেউ গর্ভপাত করে রাতের বেলায় ভ্রুণটি সেখানে ফেলে রেখে যায়। এখনো পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ভ্রুনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

‘আমি অভিনয়শিল্পী, জিম প্রশিক্ষক না’

কাম্রুল হাসান সজীব, বিনোদন ডেস্কঃ শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে নানা সময় ওজন নিয়ে সামাজিক মাধ্যমে তাকে বুলিংয়ের শিকার হতে হয়।

বিষয়টি নিয়ে সাধারণত চুপ করে থাকলেও এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না এই তারকা। ওজন নিয়ে প্রশ্ন তোলা মানুষদের কড়া জবাব দিলেন তিনি।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ প্রসঙ্গে দীঘি ফেসবুকে লেখেন, ‘প্রত্যেকে আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না। ’

এই অভিনেত্রীর পোস্টটিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি কার্যত এসব কথাকে পাত্তাই না দিতে বলেছেন।

উল্লেখ্য, বর্তমানে দীঘি অভিনয়ের পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা শুরু করেছেন। এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন।

সাংবাদিকদের নিয়ে কটুক্তি: নওগাঁ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের অপসারণের দাবী

কামাল উদ্দনি টগর, নওগাঁ প্রতিনিধি : সারাদেশের সাংবাদিকদের ইজিবাইক চালকদের সাথে তুলনা করে ইতর প্রাণী বলে কটুক্তি করায় নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাহিদ নজরুল চৌধুরীর অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল নয়ন ও রিফাত হোসাইন সবুজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারনসহ হাসপাতাল চত্বর ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালালমুক্ত করার দাবী জানান। একই সাথে হাসপাতালে সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এছাড়া ৭দিনের মধ্যে তত্ত্বাবধায়ক স্বেচ্ছায় কর্মস্থল ছেড়ে না গেলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাহিদ নজরুল চৌধুরী যোগদানের পর থেকে হাসপাতালটিতে অনিয়ম, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্য বাড়তে থাকে। অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করতে গিয়ে গত ৪ মাসে ৩জনেরও বেশি সাংবাদিক হাসপাতালে গিয়ে লাঞ্ছিত হোন। সর্বশেষ গত শুক্রবার জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. লুমা বিনতে রহমান চিকিৎসা না দিয়ে তার পেটুয়া বাহীনি দিয়ে শারিরীকভাবে দুই সাংবাদিককে লাঞ্ছিত
করেন।

হার দিয়ে শুরু করলেও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দুর্বার শ্রীলঙ্কা

কাম্রুল হাসান সজীব, স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে শুরু, সব হিসেব-নিকেশ, আলোচনা-সম্ভাবনা উড়িয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তুলেছেন দাসুন শানাকা-ভানুকা রাজাপাকসেরা। শিরোপার মঞ্চে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে খাঁদের কিনারায় চলে যাওয়া শ্রীলঙ্কা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে শেষ করল এশিয়া কাপের ১৫তম আসর। গ্রুপ পর্বে আফগানদের কাছে আসরের প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হবার উপক্রম হয়েছিল শ্রীলঙ্কার।

ওই এক হারের পর আর হারতে হয়নি লঙ্কানদের। দাসুন শানাকার দুর্দান্ত নেতৃত্বে একের পর এক জয় তুলে ফাইনালে জায়গা করে নিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ২৪ রানে। ১৭০ রানের লক্ষ্য টপকাতে গিয়ে গুটিয়ে যায় ১৪৭ রানে।

দুবাই স্টেডিয়ামে টস জয়ী দলের পক্ষেই যাচ্ছিল ম্যাচের ফলাফল। চলতি আসরে ভারত-আফগানিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচেই রান টস জয়ী দল জিতেছিল ম্যাচ।

গতকাল পাকিস্তানও টস জিতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। তবে ঘটেছে উল্টো। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা লঙ্কান শিবিরে। পাওয়ার প্লে-তে ৩৬ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটার কুশল মেন্ডিস (০), পাথুম নিশাঙ্কা (৮) ও ধানুষ্কা গুনাথিলাকাকে (১) হারাতে হয়।

এরপর ধনঞ্জয়া ডী সিলভা ২৮ রানে ফেরার পর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ঘুরে দাঁড়ান ভানুকা রাজাপাকসা। দুজনের ৫৮ (৩৬) রানের জুটি ভাঙে ৩৬ রানের মাথায় হাসারাঙ্গার বিদায়।

চামিকা করুনারত্নেকে নিয়ে ৫৪ রানের জুটি বেঁধে ভানুকা তুলে নেন অর্ধশতক। পাকিস্তানি বোলারদের হতাশ করে ৪৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসে ভর করে শ্রীলঙ্কা তুলে ৬ উইকেটে ১৭০ রান। দলের পক্ষে দুর্দান্ত ইনিংস খেলে ভানুকা হয়েছেন জয়ের নায়ক।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, শাদাব খান ও ইফতিখার আহমেদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই বোনাস রান পায় পাকিস্তান। দিলশান মাধুশাঙ্কা ওয়াইড, নো বল মিলে ১ বলেই দেন ১০ রান। বাজে শুরুর পর পর ঠিকই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।

চতুর্থ ওভারে প্রমোদ মাধুশান দুই বলেই তুলে নেন বাবর আজম (৫) ও ফখর জামানের (০) উইকেট।

এরপর আর ঘুরে দাড়াতে পারেনি পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে থেকে খেলেন ওয়ানডে মেজাজে। ৪৯ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। ইফতিখার আহমেদ খেলেন ৩১ বলে ৩২ রানের ইনিংস।

শেষ দিকে বলের থেকে রান বেশি হয়ে যাওয়ার চাপ সামলে উঠতে ব্যর্থ পাকিস্তানকে মাশুল দিতে হয় হার দিয়ে।

লঙ্কানদের পক্ষে ৪ উইকেট নেন প্রমোদ। ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি উইকেট নেন চামিকা করুনারত্নে আর ১ উইকেট নেন মাহেশ থেকশানা।

টিলা কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের অপরাধে ১ ট্রাক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা  সাড়ে তিনটার দিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ও বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে টিলা কেটে  মাটি পাচারের দায়ে ১ জন ট্রাক মালিককে  ভ্রাম্যমাণ আদালতের আওতায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ১ টি মামলায় ট্রাকমালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে এই অভিমান পরিচালনা প্রতিনিয়ত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেইন।

নওগাঁর আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নকে এরগিয়ে নেওয়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এগারো সেপ্টম্বর রোববার আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ ফৌজদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-ছয় (আত্রাই –রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী।

সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, আহসানগঞ্জ ইউপি সদস্য সামছুর রহমান, বিশা ইউপি সদস্য কামরুজ্জামান শিপন, পাঁচুর ইউপি সদস্য শেখ আব্দুল হাকিম, ভোঁপাড়া ইউপি সদস্য মোঃ আতোয়ার রহমান, ভোঁপাড়া ইউপি মহিলা সদস্য শেফালী বেগম,পাঁচুপুর ইউপি মহিলা সদস্যা পেয়ারা বেগম প্রমূখ।

অনুষ্ঠান টি সঞ্চলনা করেন আহসানগঞ্জ ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠান শেষে আত্রাই উপজেলায় মেম্বার এ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্ন-প্রকাশ করা হয়। উক্ত সংগঠনের উপস্থিত সকল সদস্যদের মতামতে মাননীয় সংসদ সদস্য সভাপতি মোঃ আবুল কালাম ফৌজদার, সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান লিচু, সাংপঠনিক পদে মোঃ নাজিমুদ্দিন ও প্রচার সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিপন সহ একাশি সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষনা দেন।

খারকিভের ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সেনারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের খারকিভের ২ হাজার কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি জেলেনস্কি সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরু থেকে এই পর্যন্ত ২ হাজার কিলোমিটার এলাকা শত্রু মুক্ত করা হয়েছে। গত কয়েক দিনে রাশিয়ার সেনারা ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। ইউক্রেনের ভূমিতে দখলদারদের জন্য কোনো ঠাই নেই এবং কখনো হবেও না।

তবে গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছিলেন, তারা ১ হাজার বর্গ কিলোমিটার বা ৪০০ বর্গমাইল এলাকা রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনর্দখল করেছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের সামরিক বাহিনী চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে খারকিভে পাল্টা হামলার ওপর জোর দিয়ে আসছিল। শুক্রবার পর্যন্ত তারা এ অঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে দাবি করেছে।

উল্লেখ্য, চলতি ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। মস্কো দাবি করে আসছে- ইউক্রেনের দোনবাস অঞ্চলের রুশ বংশোদ্ভুত জনগণের ওপর ইউক্রেনের সরকার ২০১৪ সাল থেকে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়ে আসছিল। যার দরুন তারা এই সামরিক অভিযান শুরু করেছে।