জনগণই আমাদের আস্থার ঠিকানা এবং ক্ষমতার উৎস : কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় কে থাকবে সেটা নির্ভর করে দেশের জনগণের ওপর, জনগণই আমাদের আস্থার ঠিকানা এবং ক্ষমতার উৎস। জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি, সেকারণেই জনগণ বারবার আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে, জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।

গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকতে ভারতে গিয়েছিলেন) কথার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থা কাউকে ক্ষমতায় বসাবে এমন উদ্ভট কথা আপনারা বিশ্বাস করলেও আমরা করি না। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা এই ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানান অপপ্রচারে লিপ্ত।

ভাইয়ের অবর্তমানে বলির পাঁঠা ইউপি সদস্য

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: এক যুগের অধিক সময় থেকে বড় ভাই সাংবাদিক আব্দুর রব ভুট্টো সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে তিনি বিভিন্ন অনলাইন টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে পেশাগত দায়িত্ব পালন করেন। দেশে থাকাকালীন সময়েও তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। প্রবাসে যাওয়ার পর দীর্ঘ সময় থেকে পরিবারের সঙ্গে নেই তার সম্পর্ক। যুক্তরাজ্যে তার সার্বিক কর্মকাণ্ডের তদারকির কথা বলে শুক্রবার গভীর রাতে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ এর ৫নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত সদস্য, উপজেলা বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনুকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গভীর রাতে একদল ডিবি পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটকের পর তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায় তাকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ৫৪ ধারায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করে বলেন, আব্দুল মুক্তাদির মনুর সঙ্গে তার বড় ভাই লন্ডন প্রবাসী আব্দুর রব ভুট্টোর যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আব্দুর রব ভুট্টো দীর্ঘদিন থেকে লন্ডনে অবস্থান করছেন। তিনি সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আব্দুর রব ভুট্টো সরকার ও দেশবিরোধী লেখনী অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ জানান, আব্দুল মুক্তাদির মনু উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি বিএনপি করলেও সকল দল ও মতের মানুষের সঙ্গে মিলেমিশে চলেন। দীর্ঘদিন থেকে তার ভাইয়ের সঙ্গে কোনো ধরনের  যোগাযোগ নেই। এক যুগের অধিক সময় থেকে আব্দুর রব ভুট্টো দেশের বাইরে। তারা বলেন- বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় তার ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা হলেও সেগুলো খারিজ হয়েছে। জানা মতে, তার ওপর আর কোনো মামলা নেই। ভাইয়ের কোনো এক্টিভিটির কারণে ভাইকে আটক করা দুঃখজনক, অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আব্দুল মুক্তাদির মনুর স্ত্রী নিগার সুলতানা বলেন, ভাসুর আব্দুর রব ভুট্টোর সঙ্গে আমার স্বামী বা আমাদের পরিবারের কারোরই সঙ্গে কোনো  যোগাযোগ নেই। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় থেকে লন্ডনে বসবাস করছেন। ৮-১০ বছর আগে উনার স্ত্রী সন্তানদেরকেও লন্ডনে নিয়ে যান। ভাই যদি অপরাধ করেন তাহলে অন্য ভাই কেন হাজতে যাবে। আমার স্বামী সব মানুষের সঙ্গে মিলেমিশে চলেন। মানুষ ভালোবাসে তাই যতবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ততবারই তিনি  ভোটে জয়ী হয়েছেন। ২৪ বছর থেকে জনপ্রতিনিধির দায়িত্বে পালন করছেন। আমার দুই পুত্র সন্তান সারারাত বাবার অপেক্ষা করেছে। আমার স্বামী নিরপরাধ। তার মুক্তি চাই। অচিরে মুক্তির দাবি জানাই।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান ১৯ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পুরো দেশ জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, তার শেষকৃত্য সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন একজন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে এবং আগামী ১৯ তারিখে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তখন রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ। রানীর কফিন আগামীকাল সোমবার (১২ সেপ্টেম্বর) ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে।

বাকিংহাম প্যালেস থেকে আরো জানানো হয়েছে, আগামী মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছাবে লন্ডনে এবং পরের দিন বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। ১৯ সেপ্টেম্বর সোমবার শেষকৃত্য সম্পন্ন হবার আগে চারদিন তার মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে যেন সাধারণ মানুষ রানীকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন। শেষকৃত্য সম্পন্ন হবার পরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানীকে।

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের জন্য সরকারকে আইনি নোটিশ

জাতীয় ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে ওই নোটিশটি পাঠানো হয়েছে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।

এদিকে লিগ্যাল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উক্ত বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে উক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু অত্যধিক দামের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী ইলিশ কেনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশের দাম গড়ে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা কেজি। এছাড়া, বাজারে সবচেয়ে সুস্বাদু পদ্মার ইলিশের দাম গড়ে এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা কেজি। বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি। কিন্তু পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। বাজারে বেশিরভাগ ক্ষেত্রে যেসব ইলিশ পাওয়া যায়, সেগুলো মূলত অন্যান্য নদীর ও সামুদ্রিক ইলিশ মাছ। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যার কারণে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বেড়েছে। আরও দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের বাজার দরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে।

লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে, ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ। এমনিতেই পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায়। এই পদ্মার ইলিশ ভারতে রপ্তানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের রপ্তানিনীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানি যোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সরকার যদি বিদেশিদের ইলিশের স্বাদ উপভোগ করাতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে। যেখানে বিদেশিদের আমন্ত্রণ জানানো হবে। এমনকি আসন্ন দুর্গাপূজায় ভারতীয়দের আমন্ত্রণ জানানো যেতে পারে, বাংলাদেশে ভ্রমণ করে ইলিশের স্বাদ উপভোগ করার।

নোটিশে আরো বলা হয়েছে, এখানে উল্লেখ্য যে, পর্যটন করপোরেশন আইনের (বাংলাদেশ পর্যটন করপোরেশন অর্ডার) ধারা ৫ অনুযায়ী, পর্যটনের উন্নয়ন, বিকাশ, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করাসহ পর্যটনের সব উৎকর্ষ সাধনের দায়িত্ব পর্যটন করপোরেশনের।

কুলাউড়ায় ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় মতিলাল হোটেলের সামনে অপেক্ষমান অবস্থায় মাদক কারবারি সাগর রিকমনকে আটক করেন। এসময় সাগর রিকমনের সাথে থাকা ২ কেজি গাজাঁ উদ্ধার করে জব্দ করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে আটককৃত সাগর রিকমন উপজেলার বরমচাল চা বাগানের দুলন রিকমন এর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক বলেন, গাজাঁসহ আটককৃত মাদক কারবারি সাগর রিকমনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মধ্যে দিয়ে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে পরক্ষনে মৌলভীবাজার আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাপুয়া নিউগিনিতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬ (সাত দশমিক ছয়)। স্থানীয় সময় আজ রোববার (১১ সেপ্টেম্বর) এই দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর-বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিরও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে পাপুয়া নিউগিনির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্ত রাস্তা, ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি এবং সুপারমার্কেটের তাক থেকে পড়ে যাওয়া জিনিসপত্রের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৮০ কিলোমিটার (৪৯.৭ মাইল)। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল কিন্তু পরে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট। এর আগে গত ২০১৮ সালে ৭.৫ (সাত দশমিক পাঁচ) মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সেসময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফুুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙনের কবল থেকে  কৃষি জমি, চলাচলের রাস্তা ও বসতবাড়ী রক্ষার জন্য ভাঙন প্রতিরোধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১১টার দিকে চর গোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে ভাঙন কবলিত শত শত নারী পুরুষ ঘন্টাব্যাপী  এ মানববন্ধন কর্মসূচি পালন  করে।

মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল ওয়ার্ডের  ইউপি সদস্য আয়াজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আলমগীর হোসেন, আজিবর রহমান, সারাতন বিবি প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘ দেড় মাস থেকে ধরলা নদীর তীব্র ভাঙনে  চর গোরক মন্ডল এলাকার  মানুষের চলাচলের একমাত্র রাস্তার প্রায় দুই শত মিটার নদীতে চলে গেছে, শত শত বিঘা আবাদী জমি, গাছপালার বাগান, বাঁশঝাড় সহ অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো অল্প দিনের মধ্যে নদী গর্ভে হারিয়ে যাবে এ গ্রামটি। তাই ভাঙন প্রতিরোধে  কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

চার জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগের চার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় ৬১টি জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা করা হয়। বিকালে চারটা থেকে শুরু হয়ে মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত।

বৈঠকের শুরুতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, কর্নেল ফারুক খান, ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব উল আলম হানিফ।

সিলেট বিভাগের চার জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও হবিগঞ্জে ডা. মুশফিক হুসেন চৌধুরী।

তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

এশিয়া কাপের ১৫তম আসরের শেষ হাসি হাসবে কে?

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে। ফাইনালের ড্রেস রিহার্সেলে অবশ্য পাকিস্তানকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। গেলো শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় দাসুন শানাকার দল। তাই তথ্য উপাত্ত অনুযায়ী এবারের এশিয়া কাপের ১৫তম আসরের শেষ হাসি কে হাসবে বলা গেলেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এতে সবই সম্ভব। আর এজন্যই অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত।

pak vs srl

এবারের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে পাকিস্তান; এটা অনেকেরই ধারণা ছিল। কিন্তু শ্রীলঙ্কা যে তাদের প্রতিপক্ষ হবে, কদিন আগে বললে কেউই সেই বাজি ধরতে রাজি হতেন না। দলটির সাম্প্রতিক পারফরম্যান্স সবাইকে তাই ভাবতে বাধ্য করছিলো। কিন্তু এশিয়া কাপে এসে ভোজবাজির মত উল্টে গেলো সব। ভারতের মত শক্তিশালী দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলছে সেই শ্রীলঙ্কাই।

তাই  দেখা যাক, শেষ পর্যন্ত দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে আসরের শেষ হাসি? আর কারা হতে যাচ্ছে এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের দাবিদার? সময়ই এর উত্তরদাতা।

ঢাকাসহ সারাদেশে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশের ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।ফলে রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় রাজশাহী ও নীলফামারী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।