মেক্সিকোতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার ভোরবেলা দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির এক হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। জ্বালানী ট্রাকের চালক বেঁচে গেছে বলে জানা গেছে এবং তদন্ত চলছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির এক হাইওয়েতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হিদালগো রাজ্য থেকে মন্টেরি যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।

বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হন।

পরে স্থানীয়দের চেষ্টায় আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিনের নবজাতক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে এক নবজাতক শিশুসহ ৩ জন মারা গেছেন। গতকালও দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার কাছাকাছি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান।

ঠাকুরগাঁওয়ে পুকুরে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার ১০ সেপ্টেমর পুকুরে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও এক স্কুল ছাত্রী অসুস্থ্য অবস্থায় বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ঘাস তুলে ওই গ্রামের সইন্দরের পুকুরে ৫ স্কুল ছাত্রী ঘাস ধুতে গেলে  দুই ছাত্রী পানিতে তলিয়ে ডুবে যায়। এবং পুকুরেই তারা মৃত্যুবরণ করেন। মৃতরা হলেন, ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গড়পাড়া গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মল্লিকা রানী (১২) ও একই গ্রামের মালা রামের মেয়ে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ময়না রানী (১০)।

তাদের সাথে থাকা আরেক পঞ্চম শ্রেণীর ছাত্রী বিঘানু চন্দ্রের মেয়ে প্রীতি (১১) পুকুরে ডুবে যাওয়ার সময় স্থানীয় লোকজন অসুস্থ্য অবস্থায় পুকুর হতে উদ্ধার করে। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব রাজধানী ইসলামবাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তনের শিকার পাকিস্তানের দিকে সম্মিলিতভাবে মনোযোগ দেয়া হচ্ছে না। এটি উন্মাদনা এবং সম্মিলিতভাবে আত্মহত্যা করার শামিল। এ ক্ষেত্রে বিশেষভাবে শিল্প-উন্নত দেশগুলোর দায়িত্ব অনেক বেশি। আর এখন পর্যন্ত পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। তাই পাকিস্তানকে সাহায্যের জন্য  উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংবাদ সম্মেলনে আরো বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয় তার জন্য পাকিস্তানের দায় শতকরা এক ভাগেরও কম কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্থ তার তালিকার ৮ নম্বর রয়েছে পাকিস্তান।

জাতিসংঘ মহাসচিব আরো বলেছেন, পাকিস্তানের বন্যায় প্রায় ১,৪০০ মানুষ মারা গেছে এবং দেশটির এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে যা প্রায় ব্রিটেনের সমান। চলমান বন্যায় বিপুল পরিমাণে শস্য-ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখ লাখ ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান রাস্তায় এবং সেতু ধ্বংস হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের বন্যা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন।

প্রসঙ্গত, মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তান সফর করছেন। এই সফরে বেশ কিছু এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর।

নওগাঁ সদর হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল এগারো টার সময় দৈনিক আজকের প্রভাত ও দেশ আজকাল প্রত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সুজন রানা হঠাৎ বুকে ব্যথা ও বমি  শুরু করলে তাঁকে মুভি বাংলা টিভি ও দৈনিক চিত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ইমারজেন্সিতে নিয়ে যান। একই সময় ইমারজেন্সির টিকেট কেটে মো. সুজন রানাকে দেখতে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার (ডাক্তার) লুমা মো. সুজনসহ তার রুমে থাকা সব রোগী বের করে দিয়ে ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেনের সাথে ওই নবেলেরই দেওয়া রুমে লাগানো পর্দার বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকে।

একপর্যায়ে কর্তব্যরত ডাক্তার লুমাকে রোগী দেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা চড়াও হয়ে ওঠে। এবং রাগিত কন্ঠে বলতে থাকে ওষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে আসবে এবং ডাক্তার ভিজিট করতে পারবে তাদের কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আপনার এতে সমস্যা কি, আপনি ভিডিও কেন করছেন? কার অনুমতি নিয়ে ভিডিও করছেন?

একপর্যায়ে ডাক্তারের অনুমতিতে, ডাক্তার রুমে থাকা ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেন ও হাসপাতালের ট্রলি ম্যান জাহিদ এসে অকথ্য ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করা মোবাইল কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি ও মারধর করে বের করে দেয়।

এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ হাসান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার ছুটির দিন আমি বাসায় ছিলাম। এই বিষয়ে আমি জেনেছি। আজ আসেন বিষয়টি দেখব।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রতি দৈনিক মানব কন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন,  ঠাকুরগাঁও জেলার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জুনায়েদ কবির, ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল লতিফ লিটুসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তার বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার ১০ সেপ্টেম্বর ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলাসহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আল্টিমেটামসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বিল্পব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকৈল উপজেলা কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ,বালিয়াডাঙ্গী উপজেলা যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রোজী আকতার, ভোরের কাগজ প্রতিনিধি দেলোয়ার হোসেন দুলাল সরকার, আজকের পত্রিকার প্রতিনিধি নূর নবী, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, আহত সাংবাদিক লিমনের মা লাকী বেগম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা প্রমূখ।

মানববন্ধনে ঠাকুরগাঁও জেলাসহ ৫ উপজেলার প্রায় শতাধিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গায়ে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়।

১২ ঘন্টার মধ্যে ইন্দোনেশিয়ায় দফায় দফায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে প্রায় ১২ ঘন্টার মধ্যে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতের পর থেকে আজ শনিবার পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট চারবার ভূমিকম্প হয়েছে পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে দফায় দফায় ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা আপাতত নেই। আর এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ১৬ কিলেমিটার গভীরে।

প্রসঙ্গত, প্রায় ২৭ কোটি মানুষ অধ্যুষিত এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া তার ভূতাত্ত্বিক অবস্থার কারণে দেশটিতে নিয়মিতই ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। আর এর আগে গত ২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

 

বেনাপোল সীমান্তে ৩০ সোনার বারসহ আটক ১

অনলাইন ডেস্কঃ যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান (৩৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ স্বর্ণের বার জব্দ করা হয়। আটক আসিকুর রহমান বেনাপোল র্পোট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে যশোরের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ভোজ্যতেলের দাম আরও একধাপ কমার সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ ভোজ্যতেলের দাম আরও একধাপ কমার সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সুখবর জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে কমতে থাকলেও এ সিদ্ধান্ত নেয় তারা। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম দাঁড়ায় ১৯২ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ লিটার খোলা পাম অয়েলের মূল্য ধরা হয় ১৪৫ টাকা।

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির চান্দু।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। একই মামলায় এর আগেও ৫ বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ।