বিশ্বে দূষিত শহরের তালিকায় রাজাধানী ঢাকা ৪র্থ

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে রাজাধানী ঢাকা। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ১৬০। সেই হিসেবে ঢাকাকে ৪র্থ অবস্থানে রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালেও একিউআই স্কোর ১০১ নিয়ে ঢাকা ১০তম স্থানে ছিল।

একিউআই তথ্যমতে, ১৮০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষ রয়েছে পাকিস্তানের লাহোর। দেশটির আরকেটি শহর করাচি ১৬৯ স্কোর নিয়ে ২য় অবস্থানে রয়েছে। ১৬১ স্কোর নিয়ে ৩য় অবস্থানে চীনের উহান।

প্রসঙ্গত, বায়ুর মান ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ থাকলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

উল্লেখ্য, গত ২০১৯ সালের পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করা হয়েছে।

একুশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হানি সিং

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় গায়ক হানি সিং দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে একুশ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। র‍্যাপার-গায়ক হানি সিং বিচ্ছেদ নিষ্পত্তির জন্য সাবেক স্ত্রী শালিনী তলওয়ারকে ভরণপোষণ বাবদ ১ কোটি রুপি দিয়েছেন হানি সিং।

দিল্লির একটি পারিবারিক আদালতে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হানি সিং ও শালিনীর বিবাহ বিচ্ছেদের বিষয়টি মীমাংসা হয়। শুনানির সময় বিচারক বিনোদ কুমারের উপস্থিতিতে সাবেক স্ত্রীকে ওই পরিমান রুপির চেক দেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, এর আগে ২০২১ সালের ৩ আগস্ট হানির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন শালিনী। হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগে দিল্লির তিস হাজারি কোর্টে মামলা দায়ের করেন শালিনী। শুধু তাই নয়, শালিনী দাবি করেন, হানিমুনের সময় থেকেই তার গায়ে হাত তোলা শুরু করেন হানি সিং। এ ছাড়াও এই গায়কের মদের নেশা ও একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ দাখিল করেন। এ সময় হানির বিরুদ্ধে মামলা দায়ের করে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিও করেছিলেন শালিনী।

এদিকে স্ত্রীর এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে হানি সিং জানান, এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।  এই অভিযোগগুলোর বেশির ভাগই জঘন্য। অতীতে আমাকে ও গানের কথা নিয়ে সমালোচনা, শারীরিক অবস্থা, মিথ্যা সংবাদ সত্ত্বেও কখনও জনসম্মুখে কোনো বিবৃতি দিইনি। কিন্তু এবার চুপ থাকার কোনো মানেই দেখছি না। কারণ, অভিযোগ আমার বৃদ্ধ মা-বাবা ও ছোট বোনের বিরুদ্ধে, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। এই অভিযোগগুলো ঘৃণ্য ও মানহানিকর। আমার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করছি। তবে এ নিয়ে কোনো কথা বলব না। কারণ, বিষয়টি এখন বিচারাধীন। বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি খুব শিগগিরই সত্য প্রকাশ পাবে।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৩ সালের ২০ মার্চ। সেখানেই পরবর্তী প্রস্তাব নিয়ে কথা হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন  হানি সিং ও শালিনী তলওয়ার। সে বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেন হানি সিং। তারপর  ‘পার্টি অলনাইট’ থেকে ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বহু হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেন হানি সিং। সিনেমার পাশাপাশি সুপারহিট হয়েছে তার ভিডিও অ্যালবামগুলোও।

ফাইনালের আগেই শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হার!

স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রবিবার (১১ সেপ্টেম্বর) দুবাইতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। তবে তার আগে সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে হেরে বসেছে পাকিস্তান। আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১২২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হলেও ৫ উইকেট হারিয়ে ১৭ ওভারেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের জুটি ভাঙে স্কোর বোর্ডে ২৮ রান যোগ করে। মোহাম্মদ রিজওয়ান ১৪ রান করে ফেরার পর ফখর আজম ফেরেন ১৩ রান করে। এশিয়া কাপে রান খরায় থাকা বাবর আজম শুরুটা ভালো করলেও বড় করতে পারেননি ইনিংস। ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে। এরপর বাকি ব্যাটাররা হয়েছেন চরমভাবে ব্যর্থ। মোহাম্মদ নওয়াজ করেন ১৮ বলে ২৬ রান। সবমিলে ১২১ রানে থামে পাকিস্তান।

পরে পাকিস্তানের দেওয়া রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই হাসনাইনের বলে বিদায় নেন ওপেনার কুশল মেন্ডিস (০)। পরের ওভারে ধানুস্কা গুনাথিলাকাকে শূন্য রানে ফেরান হারিস রৌফ। ৫ম ওভারে দলীয় ২৯ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকেও (৯) বিদায় করেন হারিস। দলের ঘোর বিপাকে একপ্রান্ত আগলে রাখেন পাথুম নিশাঙ্কা। ভানুকা রাজাপাকসাকে নিয়ে ৫১ (৩৯) রানের জুটি বেঁধে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। ভানুকা ২৪ (১৯) রান করে ফেরার পর ৩৩ রান যোগ করেন নিশাঙ্কা ও শানাকা। আর শানাকা ২১ রান করে বিদায় নেন হাসনাইনের বলে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন নিশাঙ্কা। লঙ্কান এই ওপেনার অপরাজিত থেকেছেন ৫৫ (৪৮) রানে।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন হাসনাইন ও রৌফ। ১টি উইকেট নেন উসমান কাদির। আর শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি করে উইকেট নেন মাহেশ থেকশানা ও প্রমোদ মাদুশান। ১টি করে উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা ও চামিকা করুনারত্নে।

বিরল প্রজাতির বৃক্ষ ‘আফ্রিকান টিকওক’ বাঁচল ৯২ বছর!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক: দেশের বিরল প্রজাতির বৃক্ষ ‘আফ্রিকান টিকওক’ ৯২ বছর জীবন্ত থাকার পর মারা যাওয়ার ঘটনা ঘটল। বাংলাদেশে এ প্রজাতির বৃক্ষ শুধু মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছিল। বনবিভাগ বলছে, গাছটি মারা যাওয়ায় এ প্রজাতির বৃক্ষও দেশ থেকে বিলুপ্ত হয়ে গেল।

বনবিভাগের বরাত দিয়ে জানা যায়, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ১৬৭ প্রজাতির বৃক্ষের মধ্যে ‘আফ্রিকান টিকওক’ প্রজাতির বৃক্ষ ছিল একটি। এ জাতীয় দুটি বিশাল বৃক্ষের অবস্থান ছিল লাউয়াছড়া বনে। এ প্রজাতির বৃক্ষ আর কোনো বনে নেই। ২০০৬ সালে ঝড়ে একটি বৃক্ষ উপড়ে পড়ে যাবার পর টিকে ছিল এই একটি। প্রায় ৯২ বছর পর চিরসবুজ গাছটির পাতা ঝরতে শুরু করে। বৃক্ষের গোড়ায় দেখা দেয় পচন। বর্তমানে গাছটিতে কোনো পাতা নেই। মরা ডাল দেখা যাচ্ছে। গোড়ায় পচন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, প্রাচীন এ বৃক্ষটি মারা গেছে।

লাউয়াছড়া বন বিট কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান বৃষ্টি মৌসুমে প্রায় ১০০ ফিট উচ্চতা ও ১২ ফিট গোলাকারের বিরল প্রজাতির ‘আফ্রিকান টিকওক’ গাছের পাতা সম্প্রতি ঝরে গাছটির গোড়ায় পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, গাছটি মারা গেছে।

বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে মোট দুটি আফ্রিকান টিকওক বৃক্ষ ছিল। দুটি বৃক্ষের মধ্যে ২০০৬ সালে ঝড়ে একটি উপড়ে পড়ে। একমাত্র যে গাছটি উদ্যানে ছিল সেটিরও পাতা ঝরে পড়া এবং গোড়ায় পচন দেখে বিষয়টি বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউটকে (বিএফআরআই) অবগত করা হয়েছে। বৃক্ষটির বয়স সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত নেই বনবিভাগের কাছে। তবে ধারণা করা হচ্ছে, বৃক্ষটির বয়স ৯০-৯২ বছর হবে।

বনবিভাগের সিলভিকালচার টিচার্স বিভাগ সূত্রে জানা যায়, বহু চেষ্টা করেও বৃক্ষটি থেকে কোনো বংশবিস্তার করা সম্ভব হয়নি। কারণ ‘আফ্রিকান টিকওক’ বৃক্ষটির কোনো বিচি ছিল না। ফুল ধরলেও ঝরে পড়ে যেতো। কয়েক বছর পূর্বে ওই বৃক্ষটি থেকে কাটিং সংগ্রহ করা হলেও তাতে কোনো লাভ হয়নি।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৩০ সালে এক ব্রিটিশ কর্মকর্তা কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসেন। তখন প্রাকৃতিক এ সংরক্ষিত বনের অধিকাংশ গাছ কেটে কৃত্রিমভাবে চাপালিশ, সেগুন, গর্জন, লোহাকাট, রক্তনসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়। ধারণা করা হচ্ছে, এসব বৃক্ষের মধ্যে আফ্রিকান টিকওকের দুটি চারাও ছিল। বাংলাদেশের একমাত্র আফ্রিকান টিকওক বৃক্ষটি স্থানীয়দের কাছে ‘অজ্ঞান গাছ’ হিসেবে পরিচিত। লোকমুখে শোনা গেছে, এই বৃক্ষের পাশ দিয়ে কোনো পথচারি হেঁটে গেলে বা বৃক্ষের নিচে দাঁড়ালে অজ্ঞান হয়ে পড়তেন। এ নিয়ে নিকট অতীতে সংবাদপত্রের শিরোনাম হলেও এর কোনো সত্যতা মিলেনি। তবে এক বৃক্ষ গবেষণায় দেখা গেছে, এই বৃক্ষে কার্বনিক অ্যাসিড ও ক্লোরোফর্মের উপস্থিতি রয়েছে। এ কারণে বৃক্ষটির পাশে বেশিক্ষণ দাঁড়ালে অনেকেরই একটু ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে। আবার প্রতিক্রিয়া হিসেবে নাক ও গলা জ্বলা এবং হাঁপানির সম্ভাবনাও বিদ্যমান।

বন বিভাগের সূত্রে জানা গেছে, আফ্রিকান টিকওক প্রজাতির ক্লোফোরা এক্সেলসা (সাধারণত আফ্রিকান টাক, মভিলে বা ইরোকো নামে পরিচিত) ক্রান্তীয় আফ্রিকার একটি বৃক্ষ। এ জাতীয় বৃক্ষ আফ্রিকা মহাদেশের অ্যাঙ্গোলা, বেনিন, বুরুন্ডি, ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইথিওপিয়া, গ্যাবন, ঘানা, আইভরি কোস্ট, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, রুয়ান্ডাসহ বিভিন্ন দেশে রয়েছে। এর প্রাকৃতিক বাসস্থান রেইন ফরেস্ট চিরহরিৎ বনে। বর্তমানে এই প্রজাতিটি আদি জন্মভূমি আফ্রিকাতেই রয়েছে চরম ঝুঁকির মুখে। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে আফ্রিকান টিকওকথ বৃক্ষকে আফ্রিকান ওক, আবেং, আলা, বঙ্গ, বাঙ্গি, বাঙ্গু, ডেইডি, ইরোকো, কাম্বালা, মকুকো, মুরিতুলুল্ডা, মুউলে, মউউল, নোংন্ড, ওডুম, টুলে, উলোকো, লোকো, এমএসুল, মালালা, অজিজ, রোক, সিঙ্গা নামে ডাকা হয়।

দেশে একমাত্র লাউয়াছড়া বনের সারি সারি বিশাল আকৃতির নানা প্রজাতির বৃক্ষের মধ্যে বন বিট কার্যালয়ের সামনেই এতোদিন এ জাতীয় বৃক্ষটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। আফ্রিকান টিকওক বৃক্ষটি মারা যাওয়ায় দেশ থেকে এ প্রজাতির বৃক্ষও বিলুপ্ত হয়ে গেল। মারা যাওয়া বৃক্ষটি হাজারো বৃক্ষের ভীড়ে বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমাদের এই দেশের একমাত্র বিরল ঠিক ওক বৃক্ষটি।

আজ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে

রাজনীতি ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’এ এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন চার্লস

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজার মুকুট পড়লেন তার ছেলে যুবরাজ চার্লস। আজ আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হিসেবে ‘তৃতীয় চার্লসের’ নাম ঘোষণা করা হবে। শুক্রবার বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে এ তথ্য।

আজ শনিবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হবে। আর ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ব্রিটেন অস্ট্রেলিয়া এবং কানাডাসহ বিশ্বের ১৪টি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। তাছাড়া ৫৬ সদস্য দেশের সংগঠন কমনওয়েলথেরও প্রধান হবেন তিনি ৷ এছাড়া ব্রিটেনের রাজা হওয়ার সঙ্গে সঙ্গে রাজা তৃতীয় চার্লস ব্রিটিশ সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতাবান, বিচার বিভাগের প্রধান এবং সিভিল সার্ভিসের প্রধান হয়েছেন ৷

এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বাকিংহ্যাম প্যালেস থেকে ব্রিটিশ জাতি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশে ভাষণ দেন তৃতীয় চার্লস। যা সরাসরি সে দেশের টিভিতে সম্প্রচারিত হয়। এ সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা কামনা করেন চার্লস।

elizabeth 2nd

ভাষণে তিনি পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে বলেন, মায়ের মৃত্যুতে আমরা গভীর মর্মাহত। বুকে অনেক কষ্ট নিয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। পুরো রাজপরিবারের পক্ষ থেকে আমি গভীর শোকানুভূতি নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছি। রানি দ্বিতীয় এলিজাবেথ তার রাজত্বের সূচনায় যে অঙ্গীকার করেছিলেন সেই একই অঙ্গীকার আমি নবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন। তিনি সবসময় তার লক্ষ্যে অবিচল ছিলেন। আমিও মায়ের মতো আমার লক্ষ্যে অবিচল থেকে জনগণের সেবা করতে চাই।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে স্কটল্যান্ডের ব্যালমোরাল ক্যাসেলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন। আর বাকিংহাম প্যালেস কয়েক দশক ধরে রানির মৃত্যু পরবর্তী প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি নিয়েছে, যাতে একজন নতুন রাজার আবির্ভাব যতটা সম্ভব সহজে হয়। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পন্ন হতে তার মৃত্যুর পর ১০ থেকে ১২ দিন পর্যন্ত লাগতে পারে।

এদিকে রানির মৃত্যুর দেশটির নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী হিসেবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ব্রিটেনের রাজা হন প্রিন্স চার্লস। ফলে তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিতি লাভ করবেন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হবে আজ।

পরকীয়া করতে গিয়ে আটক শিক্ষক ছাড়া পেলেন ১৮ ঘন্টা পর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে জনতার হাতে আটক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে থানা হেফাজতে রাখার ১৮ ঘন্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এর আগে বুধবার রাত দুইটার দিকে ৯৯৯ এ স্থানীয়রা কল করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকসহ ভুক্তভোগী নারীকে থানায় নিয়ে আসে। পরে ওই নারীর কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেলের উপস্থিতিতে থানা হেফাজতে থাকা নারীকে তার মামা রবিউল ইসলামের জিম্মায় এবং শিক্ষক নুরুজ্জামান খন্দকারকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এদিকে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

জানা গেছে, পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকার এক সন্তানের জননী ওই নারীর স্বামী ঢাকায় চাকুরী করায় তিনি সন্তানসহ বাড়ীতে একা থাকেন। স্বামী বাড়ীতে না থাকায় উপজেলার উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে দুই সন্তানের জনক নুরুজ্জামান খন্দকার (৪৮) ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকার এক পর্যায়ে বুধবার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান শিক্ষক নুরুজ্জামান।

পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে রাত দুইটার দিকে ওই নারীর ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষক সহ ওই নারীকে থানা হেফাজতে নেয়।

ঘোগারকুটি গ্রামের বাসিন্দা হাবিবুুর রহমানসহ স্থানীয়রা অভিযোগ করেন  বলেন, শিক্ষক নুরুজ্জামানের স্বভাব চরিত্র ভালো নয়। এর আগেও তিনি  তারই এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে মোটা অংকের টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন। এবারও তিনি মোটা অংকের টাকার বিনিময়ে সবাইকে ম্যানেজ করে পার পেয়ে গেলেন। এভাবে অর্থের বিনিময়ে অপকর্ম ধামাচাপা দেয়া হলে, সমাজে অপরাধ প্রবনতা বাড়তেই থাকবে বলে তারা আশংকা প্রকাশ করেন। স্থানীয় অভিভাবক, এলাকাবাসীকে সাথে নিয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ করার কথাও বলেন তারা।

শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ভিকটিমের অভিযোগ না থাকায়, আমার উপস্থিতিতে ওই নারীকে তার মামার জিম্মায় এবং শিক্ষককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লেনদেন হয়েছে কিনা তা আমার জানা নাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান (ওসি) জানান, ভিকটিমের কোন অভিযোগ না থাকায় পুলিশ হেফাজতে থাকা শিক্ষক ও নারীকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি, ভিকটিমের অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। আর আর্থিক লেনেদেনের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

বিএনপি’র শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা কর্তৃক দোয়া ও আলোচনা সভার আয়োজন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত শুক্রবার (৯ সেপ্টেম্বর) কলেজ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপত জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার প্রধান সমন্বয়ক, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ভাইয়ের রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত সভায় উপস্থাপনায় ছিলেন মোবারক হাসান লোপ্পা, উক্ত অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসাবে দেশের হয়ে যুক্ত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি, সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সফল সভাপতি নিয়ামুল হক তরফদার।

সার্বিক সহযোগিতায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি’র সাবেক ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফু। দোয়া ও মোনাজাত করে কামাল উদ্দিনের রোগমুক্তির কামনায় সকলে দোয়া প্রার্থনা করেন।

পরক্ষনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য মহানগর বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক মহসিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে কামাল উদ্দিনের জন্য দোয়া প্রার্থনা কামনা করেন।

যুক্তরাজ্য প্রবাসী সরফরাজ সরফু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সকলের উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করে বলেন, কামাল উদ্দিনের রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

সভায় আরো ও ছিলেন যুবনেতা মাসুক আহমেদ, টিটু দাস, শেখ সুহেল, মোবারক হোসেন, মশিউল আহমেদ, গুনায়েদ আহমেদ, সৈয়দ মোর্শেদ সালেহিন নাবিল, আব্দুল নৌসাদ ছাত্রদল। মৌলভীবাজার জেলা শাখা’র সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পা, ছাত্রনেতা শামিম আহমেদ, কাওছার আহমেদ, আলমগির মিয়া, সামছুল ইসলাম, সোহাগ মিয়া। স্বেচ্ছাসেবক দল শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সিনিঃ যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন জাহাঙ্গীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সচিব সোহান আহমেদ জয়নাল, ১ম যুগ্ম আহ্বায়ক শিপন আচার্য্য স্বেচ্ছাসেবক নেতা, মোবারক, রুকন, মারুফ, সুমন, প্রমুখ।

ফুলবাড়ীতে তিন বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে। আটক বৃদ্ধের নাম নজরুল ইসলাম (৫০)। তিনি ওই গ্রামের মৃত বগরুদ্দিনের ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ স্থানীয়রা জানান, সকালে পাশের বাড়ীর ওই শিশুটি নজরুলের বাড়ীর উঠানে খেলা করছিল। বাড়ীতে লোকজন না থাকার সুবাদে নজরুল শিশুটিকে কৌশলে ঘরের ভিতর ডেকে নিয়ে যায়। একপর্যায়ে সে শিশুটির পড়নের কাপড় খুলে জোর পুর্বক ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে নজরুলকে হাতেনাতে ধরে ফেলে। পরে ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষণের আলামত হিসাবে শিশুটির পরনের কাপড় জব্দ করে এবং নজরুলকে আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আটক ধর্ষককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য তাকে কুড়িগ্রাম পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে থেকে ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে থেকে ৪ জনকে গুলি করে হত্যা করেছে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী। কয়েক ঘণ্টা ধরে ওই হামলা চালান বন্দুকধারী ব্যক্তি। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেমফিস পুলিশের মুখপাত্র কারেন রুডলফ বলেন, বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ ডিরেক্টর সেরিলিন সিজে ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে ৭টি স্থানে হামলা চালায় কেলি। এ ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

পুলিশ ডিরেক্টর আরো বলেন, কমপক্ষে ৮টি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। ৭টি স্থানে গুলির ঘটনা এবং একটি স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন ঘাতক কেলি।

খবরঃ সিবিএস নিউজের