৩৭ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ

সিএনবিডি ডেস্কঃ ৩৭ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। আমদানি দায় পরিশোধের পর রিজার্ভের এই পরিমাণ দাঁড়ায়। আর রিজার্ভ এই পরিমাণ কমার মধ্য দিয়ে গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে সাড়ে ১১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে, গেলো বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় হিসেবে জুলাই-আগস্টের আমদানির জন্য ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার বিল পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লাগে। এক ধাক্কায়ই কমে যায় পৌনে ২ বিলিয়ন ডলার। আর একই দিনে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরও ৫০ মিলিয়ন ডলার বিক্রি করে। সব মিলে রিজার্ভ কমে ৩৭ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমে আসে। আর নীতি অনুযায়ী দুই মাস পর পর আকুর সদস্যভুক্ত ৯টি দেশের (ভুটান, ভারত, ইরান, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ) আমদানি বিল পরিশোধ করা হয়। বুধবার বাংলাদেশ ব্যাংক আকুর আমদানি বিল পরিশোধের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ করায় সাধারণত বুধবার মধ্যরাতের পরেই বিলের অর্থ কেটে নেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংক পরদিন সেটা রিজার্ভ থেকে বাদ দেয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র আরো জানায়, বুধবার সরকারি প্রকল্প ও নিত্যপণ্যের আমদানি বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় রিজার্ভ থেকে ৫০ মিলিয়ন ডলার বিক্রি করে। এতে রিজার্ভের পরিমাণ নেমে আসে ৩৮ দশমিক ৯৪ বিলিয়ন। আর সেখান থেকে ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের আকু পেমেন্টের জন্য বিল পরিশোধ করা হয়। সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আকু বিল মধ্যরাতে রাতে কেটে নেয়।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসের শেষ সপ্তাহে রিজার্ভের পরিমাণ ছিল ৪৮ দশমিক ৬০ বিলিয়ন। আর বুধবার আকু পেমেন্টের পরে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২০ বিলিয়ন। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ১১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, সাধারণত কোন দেশের ৩ মাসের আমদানি বিল পরিশোধের জন্য রিজার্ভ থাকলে তা আদর্শ ধরা হয়। বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে ৫ মাসের বেশি আমদানি বিল পরিশোধ করা সম্ভব। এ ছাড়া সরকার আমদানিতে কড়া করি ও কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করছে। এতে আমদানি কমতে শুরু করেছে। আবার রপ্তানি আয় বাড়ছে। পাশাপাশি সরকারের নানা উদ্যোগের ফলে রেমিট্যান্স সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। আর করোনার পরে গত দেড় বছরে জনসংখ্যা রপ্তানি বেড়েছে। যার ফলে রেমিট্যান্স সংগ্রহ আরও বেড়ে যাবে।

কুমিল্লার ৭ কলেজছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ

অনলাইন ডেস্কঃ কুমিল্লায় গত ১৭ দিন ধরে ৭ কলেজছাত্র নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘদিন সন্তানদের খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা। নিখোঁজের ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে গত ২৪ আগস্ট কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সেই ছাত্ররা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭), মো. সামি (১৮), কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮), নিহাল (১৭), ভিক্টোরিয়া কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ (১৯), তৃতীয় বর্ষের আমিনুল ইসলাম (২৩) ও ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক সম্পন্ন করা নিলয় (২৫)।

নিখোঁজ ছাত্রদের পরিবারদের কাছ থেকে জানা গেছে, কোচিং শেষে তাবলিগের বয়ান শুনতে যাওয়ার কথা জানিয়েছিলেন ওই ৭ শিক্ষার্থী। তারা একে অপরের পরিচিত। যাওয়ার সময় তেমন টাকা, মুঠোফোন কিংবা পোশাকও নেয়নি তারা। নিখোঁজ হওয়া প্রত্যেকেই পরস্পরের পরিচিত। তাদের সবার বয়সই ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। পড়াশোনার বাইরে অন্য কোনো কিছুর সঙ্গে তারা জড়িত ছিল না। কলেজ ও কোচিংয়ের বাইরে বাসায় বই পড়ে সময় কাটাত।

নিখোঁজ শিক্ষার্থী ইমরান বিন রহমানের বাবা মুজিবুর রহমান বলেন, ইমরান পড়াশোনা, কলেজ ও কোচিং সেন্টার এবং মসজিদ ছাড়া কোথাও যায় না। গত ২৩ আগস্ট দুপুরে আমাকে বলে, আব্বু আমি কোচিং থেকে রেলস্টেশন মসজিদে তাবলিগের বয়ান শুনতে যাব। ফিরতে দেরি হবে, আম্মুকে বলো না। ওই দিন রাতে বাসায় না ফেরার কারণে সারারাত খোঁজাখুঁজি করি। পরদিন কুমিল্লা কোতোওয়ালি মডেল থানায় জিডি করি। পরে র‌্যাবকেও জানাই। নিখোঁজ বাকি শিক্ষার্থীদের অভিভাবকরাও একই কথা বলছেন।

এদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, আমরা কয়েকজন শিক্ষার্থী মিসিংয়ের জিডি হাতে পেয়েছি। সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করেছি। তারা দলবদ্ধভাবে কোথাও গিয়েছে, নাকি অন্য কোনো বিষয়, তা তদন্তের পর বলতে পারব।

অন্যদিকে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্তাধীন বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না।

ফুলবাড়ীতে পরকীয়া করতে গিয়ে শিক্ষক ধরা, পুলিশে সোপর্দ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে সরকারী (জাতীয়করণকৃত) প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জনতার হাতে ধরা পরেছে। পরে জনতা তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকায়।
জানা গেছে, পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকার তাজুল ইসলাম ঢাকায় চাকুরী করার সুবাদে তার স্ত্রী জান্নাতী বেগম (২৭) সন্তানসহ বাড়ীতে একা থাকেন। স্বামী বাড়ীতে না থাকায় উপজেলার উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে দুই সন্তানের জনক নুরুজ্জামান খন্দকার (৪৮) ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকার এক পর্যায়ে বুধবার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান শিক্ষক নুরুজ্জামান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে ওই নারীর ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে এবং প্রেমিকা জান্নাতী বেগমকে হেফাজতে নেয়।
ওই নারীর স্বজন রবিউল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন থেকে শিক্ষক নুরুজ্জামান আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে।  এখন আমরা মামলা করার জন্য থানায় এসেছি। ওই শিক্ষককের উপযুক্ত বিচার চাই।
ভু্ক্তভোগী জান্নাতী বেগম জানান, শিক্ষক নুরুজ্জামান বিয়ে করার কথা বলে দীর্ঘদিন থেকে আমার সাথে সম্পর্ক করে আসছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো।
উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাবেদ আলী জানান, শুনেছি নারীঘটিত কারনে সহকারী শিক্ষক নুরুজ্জামান খন্দকার ফুলবাড়ী থানা হাজতে আটক আছেন। ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি। তাই শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষরের জায়গায় অনুপস্থিত লেখা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। পরবর্তিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষক নুরুজ্জামানের প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, শিক্ষক নুরুজ্জামানের স্বভাব চরিত্র ভালো নয়। এর আগেও তিনি  তারই এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে মোটা অংকের টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যোগ্যতাহীন ঠিকাদাররাই দরপত্রের সময় চেয়ে ইউএনও’র নিকট আবেদন করেছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২ কোটি টাকা দরপত্রের যে কাজ এ উপজেলার কোন ঠিকাদার তা করার যোগ্যতা রাখেনা, সেই ঠিকাদাররাই দরপত্রের সময় বৃদ্ধি চেয়ে ইউএনও বরাবরে করলেন আবেদন।

 এ আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর (ওইদিন) পৌর কার্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

পৌর অফিস সূত্রেমতে , জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত টেন্ডার নোটিশলটারীর (এল টিএম) মাধ্যমে দুই কোটি টাকার

 দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু নিয়ম অনুযায়ী লেসের মাধ্যমে (ও টি এম) পদ্ধতিতে করার কথা ছিল। ত্রুটিপূর্ণ এই বিষয়টি পৌর মেয়রের নজরে আসলে দরপত্রটি নিয়ম অনুযায়ী করতে হবে জানিয়ে প্রকৌশলীকে নির্দেশ দিয়ে ত্রুটিপূর্ণ ওই   দরপত্রটি এক অফিস আদেশে পৌরমেয়র গত ১ সেপ্টেম্বর স্থগিত করে চিকিৎসার জন্য ভারতে চলে যান।

ত্রুটিপূর্ণ ওই বিজ্ঞপ্তিটির ৮ সেপ্টেম্বর সিডিউল ক্রয় করার শেষ দিন ছিল। প্রেক্ষিতে স্থানীয় কয়েকজন ঠিকাদার দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর ইউএনও এবং স্থানীয় সরকার  ঠাকুরগাঁও শাখার উপ-পরিচালক বরাবর আবেদন করেন।

উল্লেখ থাকে যে এ উপজেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের লাইসেন্স কোন ঠিকাদারের নেই।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগের মূল উদ্দেশ্য হচ্ছে টেন্ডারের কাজটি সাব-ঠিকাদার হিসাবে কিনে নিবেন কিংবা সুপারভাইজার হিসাবে মূল ঠিকাদারের কাজটি তারা ভায়া হয়ে করবেন বলে তারা সময় চেয়ে আবেদন করেন।

দরপত্রের বিষয়টির ব্যাপারে স্থানীয় ঠিকাদার রাসেল আহাম্মেদ তুসারের ফেসবুক ওয়াল থেকে জানাযায়, ঠিকাদার কল্যাণ সমিতি না জেনে না শুনে মেয়রে বিরুদ্ধে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। একটা সম্মানিত ব্যক্তিকে নিয়ে বদনাম ছড়ানোর আগে প্রকৃত বিষয়টি তাদের জানা উচিৎ ছিল।

উপজেলা প্রকৌশলী কেএম সাব্বিরুল এনাম বলেন,আমার জানা মতে স্টিক লাইট স্থাপনের লাইসেন্স এ উপজেলায় কোন ঠিকাদারের নেই। সম্প্রতি এলজিইডি দপ্তর হতে এধরণের একটি কাজ আমরা করেছি সেটি বগুড়ার ঠিকাদার ছিল।

এ উপজেলার ঠিকাদারদের লাইসেন্স দিয়ে দরপত্র দাখিল করা যাবে কিনা এ প্রশ্নের জবাবে ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সেফাউল আলম সেফা বলেন, সিডিউলের শর্তাবলী না দেখলে বলা মুশকিল । তবে স্থগিতের ব্যাপারটা  জানতে না পেরে স্থানীয় ঠিকাদাররা উদ্বেগ প্রকাশ করেছে।

সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী বলেন, দরপত্রটি ত্রুটিপূর্ণ হওয়ায় মেয়র মহোদয় স্থগিত করেছে। ইউএনও অফিসে স্থগিতের বিষয়টি কেন জানানো হলোনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যেহেতু দরপত্রটি স্থগিত করা হয়েছে এবং ডিসিউলও তৈরি কিংবা বিক্রি করা হয়নি এজন্য কোন অফিসকে জানানো হয়নি।

পৌরসভার  দায়িত্বপ্রাপ্ত  প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, টেন্ডারের বিষয়টি ১ তারিখে স্থগিত করে প্রকৌশলীকে মেয়র সাহেব বলে ভারতে চিকিৎসার কাজে গিয়েছেন, তা আমার জানা ছিল না। প্রকৌশলী সাহেব অসুস্থতাজনিত কারণে ক’দিন অসিসে আসেনি। আসার পর আমি জানতে পারি।

এব্যপারে মেয়রের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দরপত্রের নোটিশে ত্রুটি থাকার কারণে তা স্থগিত করা হয়েছে।এজন্যই সিডিউলও তৈরি করা হয়নি এবং কি বিভিন্ন দপ্তরকেও জানানো হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আসলে ১ সেপ্টেম্বর মেয়র সাহেব দরপত্রটি স্থগিত করে চলে গেছেন। অফিসের লোকেরা আমাকে তা অবগত করেনি। পরে প্রকৌশলী সাহেব আমার কাছে এসে ভুল স্বীকার করে বলেন এমনটি পরবর্তীতে আর হবে না।

বালু বহনকারী গাড়ির ধাক্কায় পা ভাঙ্গলো ১ম শ্রেনীর ছাত্রীর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু ভর্তি ট্রাকের ধাক্কায় পা ভাঙল এক স্কুলছাত্রীর। প্রতিবাদে সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা ভূনবীর ইউনিয়নের শাসন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মেয়েটি উপজেলার শাসন বটতল এলাকার ইসমাইল লস্কর এর মেয়ে রুমকি আক্তার (৫) বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী রুমকি আক্তার (৫) সকালে স্কুলে যাওয়ার সময় বালু ভর্তি একটি ডায়না ট্রাক রুমকিকে ধাক্কা দিলে তার পা ভেঙে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এলে ট্রাকের ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যায়। রুমকি আক্তারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

বালু ভর্তি ট্রাকটি এলাকার কবির মোল্লার অবৈধ বালু বহন করছিল বলে নিশ্চিত করেন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী রঞ্জন দেব।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মৌমিতা বলেন,রুমকি আক্তারের একটি পা খুব বাজেভাবে ভেঙেছে। আমরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির মোল্লা বলেন,হঠাৎ দৌড় দেওয়ার কারনে বালুর গাড়ীর ধাক্কায় মেয়েটি সামান্য আঘাত পায়। আমরা মেয়েটিকে চিকিৎসা করাতে যা যা লাগে সবকিছু করব। এসময় তিনি আরও বলেন, ভূনবীর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুর রশিদ বিষয়টিকে বড় করার জন্য টিএনও, এসি ল্যান্ড স্যারকে এনেছেন মামলা দেওয়ার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে মুঠো ফোন বলেন মেয়েটির অবস্থা আশঙ্কাজনক  তাকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

পরে শাসন প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা উপজেলার মির্জাপুর সড়কটি ব্যারিকেট দিয়ে রেখেছেন বলে খবর পাওয়া যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে বলে তিনি জানান। এসময় তিনি আরও বলেন,মেয়েটির সুচিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করবে। তিনি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তথ্যদিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা আছকির মিয়া নামক ব্যক্তি এক লিখিত অভিযোগে বলেন গত ১৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা ইউএনও, সহকারী ভুমি ও পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার বরাবর অভিযোগ পত্র জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন একই এলাকার বাসিন্দা মির্জাপুর ইউপি সদস্য মনু মিয়া, ছেলে জুয়েল মিয়াসহ অভিযুক্ত করে লিখিত বক্তব্য আছকির মিয়া বলেন আমার মালিকানা জমিতে জোর পূর্বক পাহাড়,গাছ কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্তুপ আকারে জমা করে রেখেছেন পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আমাকে কেন অভিযোগ করেছি। এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে ধর্না দিয়েও কোন সুরাহা পাননি জানান তিনি।

এবিষয়ে জানতে জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরেজমিন ইন্সপেক্টর তদন্ত করেছে ও এর প্রতিবেদন আগামী সোমবার নাগাদ উপস্থাপন করবেন তিনি অফিসের বাহিরে আছেন।

এই বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি উপজেলা কর্মকর্তাদের অবগত করতেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে এলাকাবাসীরা জানান,অবৈধ বালু উত্তোলনকারীরা এলাকার কৃষি জমি থেকে মেশিন দিয়ে দীর্ঘ বছর থেকে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। তাদের উৎপাতে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নামকাওয়াস্তে অভিযান পরিচালনা করা হলেও তারা আবার পুনরায় বালু উত্তোলন করে যান বলে তারা জানান।

নৃত্যের তালে তালে কারাম পূজা উদযাপন করলো আদিবাসীরা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাকসাসুন্দপুর গ্রামে আদিবাসী পাহান পাড়ায় কারাম পূজা উদযাপন উপলক্ষে গত  মঙ্গলবার রাত ৯ টায় আদিবাসী পাহান সম্প্রদায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা মজাই পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্যামুইলমার্ডি, ইএসডিও সংস্থার প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম, স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী।
এছাড়াও আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা জনাব কিষ্ট পাহান,শিরীষ পাহানসহ স্থানীয় আদিবাসী নারী পুরেষেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল পূজাপর্ব শেষে বাদ্যযন্ত্রের সাথে আদিবাসী পুরুষ-মহিলারা গানের তালে তালে তাদের ঐতিহ্যবাহী দলীয় নৃত্য পরিবেশন করেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য আলমগীর হোসেন।

দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

আবহাওয়া ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, যশোর এবং সাতক্ষীরার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায়। এ সময়ে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কুমিল্লা ও চাঁদপুরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল খেপু পাড়ায়।

শ্রীলঙ্কায় শপথ নিলেন ৩৭ নতুন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন এশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ৩৭ জন নতুন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বার্তাসংস্থা রয়টার্স।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম শাখার এক বিবৃতির বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট দপ্তরে নতুন প্রতিমন্ত্রীরা প্রেসিডেন্টের কাছে শপথগ্রহণ করেছেন। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে রয়েছে। তবে এই মন্ত্রণালয়ে আইনপ্রণেতা রনজিথ সিয়ামবালাপিতিয়া ও শিহান সেমাসিংহে নতুন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রীলঙ্কার রাজাপাকসে ভাইদের নেতৃত্বাধীন সরকারের অব্যাবস্থাপনা, অযৌক্তিক কর কাটছাঁট, করোনা মহামারির কারণে পর্যটন ব্যবসায় ধস ও ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে বৈদেশিক মুদ্রার ব্যয় দেশটির দুরবস্থার প্রধান কারণ।

এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় দেশের ২ কোটি ২০ লাখ মানুষের জন্য খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো গুরুত্বপূর্ণ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। আর দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। ফলে এক বছর আগের তুলনায় খাদ্যের দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চলতি বছর মার্কিন ডলার এবং অন্যান্য প্রধান বৈশ্বিক মুদ্রার বিপরীতে শ্রীলঙ্কার রুপির মূল্য হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে গণবিক্ষোভের মুখে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই সময় প্রথমে মালদ্বীপ পরে সেখান থেকে সিঙ্গাপুরে পালিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তবে সম্প্রতি দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

বনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে সাবেক এএসপি বাবুল আক্তারের মামলার আবেদন

অনলাইন ডেস্কঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলার আবেদন করেন এসপি বাবুল আক্তার। মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

উক্ত মামলায় আসামি করা হয়েছে- পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, পিবিআইয়ের সাবেক পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ও এ কে এম মহিউদ্দিন সেলিম এবং সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের পুলিশ পরিদর্শক কাজী এনায়েত কবিরকে।

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, আজ বৃহস্পতিবার আদালতে দায়ের করা আবেদনের মামলায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। সময়কাল বলা হয়, ২০২১ সালের ১০ মে সকাল পৌনে ১০টা থেকে ১৭ মে সকাল ১০টা পর্যন্ত। তবে মামলার আবেদনের শুনানি হয়েছে। আদালত আদেশের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত, নিখোঁজ ২

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক স্কুলছাত্র নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো দুই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দাইনুর সীমান্তে ৩১৪/১ পিলারের উত্তরে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল ইসলাম মিনার সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। নিখোঁজ দুজন হলেন-সাগর ও এমদাদুল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে খানপুর গ্রামের কয়েকজন ছেলে চোরাই পথে দাইনুর সীমান্ত দিয়ে কচ্ছপের শুঁটকি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মিনহাজুল ঘটনাস্থলেই নিহত হয়। এর পর থেকে সাগর ও এমদাদুল নামে দুইজন নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে বিএসএফ ধরে নিয়ে গেছে না তারা পালিয়ে আত্মগোপন আছে কেউ বলতে পারছে না।

কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সরকার জানিয়েছেন, বিএসএফর গুলিতে আমার ইউনিয়ানের দাইনুর সীমান্তে মিনহাজুল নামে এক কিশোর মারা গেছে বলে জানতে পেরেছি।

বিজিবির দাইনুর ক্যাম্পের কমান্ডার আক্তার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার রাতে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভারতের সীমান্তে শুঁটকি আনতে গেলে বিএসএফের গুলিতে একজন মারা গেছে। মরদেহ বিএসএফের কাছে আছে। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হবে।