ভূরুঙ্গামারীতে ভুয়া কাস্টমস্ কর্মকর্তা আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া কাস্টম কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের নামে চাঁদা নেয়ার সময় তপন কুমার দাস (৩২) নামের এক ব‍্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের হ্নদয় কুমার দাসের পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানাগেছে, আটক তপন কুমার নিজেকে জয়মনিরহাট কাস্টমস অফিসের কর্মকর্তা পরিচয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে জনৈক আমিনুর রহমানের টিনের দোকান ও মামুনুর রশিদ এর দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে ৩ হাজার টাকা চাঁদা দাবী করে। ওই ব‍্যাক্তি তাদেরকে বলে এ মাসে ১হাজার ৫শ টাকা দিতে হবে এবং পরের মাস থেকে প্রতিমাসে মাসে ৩ হাজার টাকা করে দিতে হবে। না দিলে ভ‍্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

তপনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন তপন কুমার দাস নামে এই অফিসে কোন কাস্টমস কর্মকর্তা নাই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন স্হানীয় জনতা কতৃক আটক তপনকে থানায় আনা হয়েছে। আটক তপন যাদের কাছে চাঁদা দাবী করেছে তাদের থানায় এসে অভিযোগ করতে বলা হয়েছে। আর যদি কেউ অভিযোগ না করে তাহলে নিবর্তনমূলক আইনে আটক ব‍্যাক্তিকে জেল হাজতে প্রেরন করা হবে।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও টেলিভিশন জার্নিলিষ্ট অ্যাসোসিয়েশন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের চৌড়াস্তা মোড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দর অংশ নেয়। মানববন্ধন শেষে চৌড়াস্তা থেকে একটি বিক্ষোভ করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, সাবেক সভাপতি ফিরোজ আমিন সরকার, আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটু, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব প্রমূখ।

বক্তরা বলেন, রুহিয়ায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ কিন্তু সেখানে সাংবাদিক তার দ্বায়িত্ব পালন করতে গিয়ে আহত হলো। একটি দলের সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করলো। বার বার এভাবে সাংবাদিক আহত হবে তাকে মারপিট করা হবে কিন্তু কোন বিচার হবেনা তা মেনে নেবো না। আমরা চাই অবিলম্বে এসব সন্ত্রসীদের বের করে আইনের আওতায় আনা হোক। না হলে আগামাীতে আরো কঠোন আন্দোলন করবে জেলার সাংবাদিকরা।

এর আগে ৩ সেপ্টেম্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের একই দিনে পাল্টা পাল্টি কর্মসূচীর ডাক দেক। এসময় সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমির মিয়া (৭০) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় দিকে নামাজ শেষে গোয়ালবাড়ী হালগরা মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাটতে থাকলে একই এলাকার শাহীন আহমদ (২৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে যাবার পথে জমির আলীকে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল চালক শাহীন আহমদও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে তাকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নেত্রকোণায় প্রধানমন্ত্রী বরাবর বেসরকারি প্রাথমিক বিদ্যালের শিক্ষক শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় তৃতীয় ধাপে জাতীয় করণ যোগ্য বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীকরণ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ০৭-০৯-২০২২ বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম, খাইরুল ইসলাম, হাসিনা আক্তার, নাজমা বেগমসহ জেলারজাতীকরণ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করেন।

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারি আটক হয়েছে।

জানা গেছে, বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃ্ত্বে সদস্যরা  ফুলবাড়ী উপজেলা যতিন্দ্র নারায়ণ গ্রামের নওশাদ মিস্ত্রির বাড়ী সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় লালমনিহাট গামী একটি সিএনজি’র গতিরোধ করেন তারা। ওই সিএনজিতে যাত্রী বেশে থাকা দুই নারী চোরাকারবারির দেহ তল্লাশী করে গাঁজা গুলো উদ্ধার পুর্বক তাদেরকে হাতেনাতে আটক করেন।

আটককৃতরা হলেন-বগুড়া সদরের ১৩ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেনের মেয়ে লাবনী বেগম (২৭) এবং একই জেলার কাহালু উপজেলার কালাই গ্রামের মন্টু প্রামানিকের স্ত্রী শিল্পী বেগম (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর জানান, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

রানীশংকৈলে নব নির্বাচতি ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর দায়িত্বভার গ্রহণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল  উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী বুধবার ৭ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করেন৷ সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ উপলক্ষে ওই ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এলবাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান লিটন, নব-নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা বিআরটিসি অফিস কর্মকর্তা আবুল হোসেন  রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি কুশমত আলী, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগ সভাপতি দিগেন্দ্রনাথ রায়, ইউপি সদস্য ফইজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি নূতন চেয়ারম্যানকে ফুলের মালাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম ৷

কুড়িগ্রামে অন্যের সন্তান নিজের দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেয়া শিক্ষিকা বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কর্তৃপক্ষের সামনে অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে উপস্থাপন করে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত  শিক্ষিকা আলেয়া সালমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় নড়েচড়ে বসে জেলা শিক্ষা বিভাগ।

অনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচিত ওই শিক্ষিকা আলেয়া সালমাকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর (৩) ধারা মোতাবেক সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর গত ৪ সেপ্টেম্বর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমানকে চাঞ্চল্যকর ঘটনাটি  তদন্তের দায়িত্ব দেন জেলা শিক্ষা অফিসার।

তদন্তে দুর্নীতির সত্যতা মেলায় অভিযুক্ত  শিক্ষিকাকে গত ৬ সেপ্টেম্বর সাময়িক ভাবে বরখাস্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। ৭ সেপ্টেম্বর থেকে ওই আদেশ কার্যকর হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম শিক্ষিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাকে সাময়িক  বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এই ছুটি নেবার বিষয়ে যারা ওই শিক্ষিকাকে সহযোগিতা করেছেন তাদেরকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য-আলেয়া সালমা কুড়িগ্রামের  নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তার স্বামী শফি আহমেদ স্বপন বগুড়ার গাবতলী উপজেলা কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।

অভিযুক্ত শিক্ষিকা তার নিকটতম এক প্রতিবেশীর শিশুকে নিজের নবজাতক সন্তান হিসেবে  কর্মকর্তাদের সামনে উপস্থাপন করে চলতি বছরের ১৪ মার্চ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের বাড়িতে বসবাস করছেন তিনি। ওই শিশুটি তাদের প্রতিবেশী আনিছুর রহমান পাশা ও শারমীন দম্পতির বলে জানা গেছে।

রাণীশংকৈলে পৌসভার দরপত্রের সময় বৃদ্ধির জন্য ঠিকাদারদের ইউএনও বরাবরে আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২ কোটি টাকা দরপত্রের যে কাজ এ উপজেলার কোন ঠিকাদার তা করার যোগ্যতা রাখেনা, সেই ঠিকাদাররাই দরপত্রের সময় বৃদ্ধি চেয়ে ইউএনও বরাবরে করলেন আবেদন। এ আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর (ওইদিন) পৌর কার্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

পৌর অফিস সূত্রেমতে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত টেন্ডার নোটিশলটারীর (এল টিএম) মাধ্যমে দুই কোটি টাকার

 দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু নিয়ম অনুযায়ী লেসের মাধ্যমে (ও টি এম) পদ্ধতিতে করার কথা ছিল। ত্রুটিপূর্ণ এই বিষয়টি পৌর মেয়রের নজরে আসলে দরপত্রটি নিয়ম অনুযায়ী করতে হবে জানিয়ে প্রকৌশলীকে নির্দেশ দিয়ে ত্রুটিপূর্ণ ওই   দরপত্রটি এক অফিস আদেশে পৌরমেয়র গত ১ সেপ্টেম্বর স্থগিত করে চিকিৎসার জন্য ভারতে চলে যান।

ত্রুটিপূর্ণ ওই বিজ্ঞপ্তিটির ৮ সেপ্টেম্বর সিডিউল ক্রয় করার শেষ দিন ছিল। প্রেক্ষিতে স্থানীয় কয়েকজন ঠিকাদার দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর ইউএনও এবং স্থানীয় সরকার  ঠাকুরগাঁও শাখার উপ-পরিচালক বরাবর আবেদন করেন।

উল্লেখ থাকে যে এ উপজেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের লাইসেন্স কোন ঠিকাদারের নেই।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগের মূল উদ্দেশ্য হচ্ছে টেন্ডারের কাজটি সাব-ঠিকাদার হিসাবে কিনে নিবেন কিংবা সুপারভাইজার হিসাবে মূল ঠিকাদারের কাজটি তারা ভায়া হয়ে করবেন বলে তারা সময় চেয়ে আবেদন করেন।

দরপত্রের বিষয়টির ব্যাপারে স্থানীয় ঠিকাদার রাসেল আহাম্মেদ তুসারের ফেসবুক ওয়াল থেকে জানা যায়, ঠিকাদার কল্যাণ সমিতি না জেনে না শুনে মেয়রে বিরুদ্ধে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। একটা সম্মানিত ব্যক্তিকে নিয়ে বদনাম ছড়ানোর আগে প্রকৃত বিষয়টি তাদের জানা উচিৎ ছিল।

উপজেলা প্রকৌশলী কেএম সাব্বিরুল এনাম বলেন,আমার জানা মতে স্টিক লাইট স্থাপনের লাইসেন্স এ উপজেলায় কোন ঠিকাদারের নেই। সম্প্রতি এলজিইডি দপ্তর হতে এধরণের একটি কাজ আমরা করেছি সেটি বগুড়ার ঠিকাদার ছিল।

এ উপজেলার ঠিকাদারদের লাইসেন্স দিয়ে দরপত্র দাখিল করা যাবে কিনা এ প্রশ্নের জবাবে ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সেফাউল আলম সেফা বলেন, সিডিউলের শর্তাবলী না দেখলে বলা মুশকিল ।

সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী বলেন, দরপত্রটি ত্রুটিপূর্ণ হওয়ায় মেয়র মহোদয় স্থগিত করেছে। ইউএনও অফিসে স্থগিতের বিষয়টি কেন জানানো হলোনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যেহেতু দরপত্রটি স্থগিত করা হয়েছে এবং ডিসিউলও তৈরি কিংবা বিক্রি করা হয়নি এজন্য কোন অফিসকে জানানো হয়নি।

পৌরসভার  দায়িত্বপ্রাপ্ত  প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, টেন্ডারের বিষয়টি ১ তারিখে স্থগিত করে প্রকৌশলীকে মেয়র সাহেব বলে ভারতে চিকিৎসার কাজে গিয়েছেন, তা আমার জানা ছিল না। প্রকৌশলী সাহেব অসুস্থতাজনিত কারণে ক’দিন অফিসে আসেনি। আসার পর আমি জানতে পারি।

এব্যপারে মেয়রের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দরপত্রের নোটিশে ত্রুটি থাকার কারণে তা স্থগিত করা হয়েছে।
এজন্যই সিডিউলও তৈরি করা হয়নি এবং কি বিভিন্ন দপ্তর কেও জানানো হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আসলে ১ সেপ্টেম্বর মেয়র সাহেব দরপত্রটি স্থগিত করে চলে গেছেন। অফিসের লোকেরা আমাকে তা অবগত করেনি। পরে প্রকৌশলী সাহেব আমার কাছে এসে ভুল স্বীকার করে বলেন এমনটি পরবর্তীতে আর হবে না।

চলমান যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও নাঃ পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। আর  তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও না। এছাড়া পশ্চিমাদের অর্থনৈতিক আগ্রাসন ভালোভাবেই মোকাবিলা করছে রাশিয়া।

ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, পশ্চিমারা তাদের আচরণ অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বহু কোম্পানি রাশিয়া ছাড়তে তোড়জোড় শুরু করেছিল। কিন্তু এখন উল্টো ইউরোপে একের পর এক কারখানা ও কর্মসংস্থান বন্ধ হচ্ছে। ডলার, ইউরো ও পাউন্ডের ওপর থেকে আস্থা সরে যাচ্ছে।

এদিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর কারণে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, পশ্চিমা এই নিষোজ্ঞা গোটা বিশ্বের জন্য হুমকি। ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে ইউরোপ দরিদ্র দেশগুলোর সঙ্গে প্রতারণা করেছে। আগস্টের প্রথম দিকে রপ্তানি শুরুর পর এখন পর্যন্ত মাত্র দুটি খাদ্যশস্যের জাহাজ আফ্রিকায় গেছে। তুরস্ককে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাত্তা না দিয়ে বিশেষ করে ইউক্রেন থেকে রপ্তানি করা খাদ্যশস্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোয় পাঠানো হয়নি। বরং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোয় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মাঝে যে ৭ সমঝোতা হলো

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও ভারতের মাঝে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সমঝোতা স্মারক গুলো হলোঃ কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।