কুলাউড়া পুলিশের জালে ৮২ লিটার চোলাই মদসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৮২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে গত রোববার (৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানার এক দল পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপি অন্তর্গত তিলকপুর চা বাগানের প্রবেশ মুখে ডান্ডা গেইট নামক স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শিমুল মালাকার প্রকাশ সুব্রত মালাকার (৩৬) কে গ্রেপ্তার পূর্বক আসামীর হেফাজত থেকে ৮২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন।

উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীর সূত্রের বরাতে জানা যায়। কুলাউড়া উপজেলার চাঁনগ্ৰাও নিবাসী মৃত সুধীর মালাকার প্রকাশ মালাকার এর ছেলে শিমুল।

আটককৃত ব্যকতির বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৮, তারিখ: ২৬/০৭/২০২১ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইন ২০১৮ সনের ৩৬(১) টেবিল ২৪(গ) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ধৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৩, তারিখ: ০৫/০৯/২০২২ খ্রিঃ মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক এর সত্যতা নিশ্চিত করেন ও আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বেড়ে গেছে। এ বৈঠকের পরে সংস্থাটি তেলের উৎপাদন কমাতে পারে বলে এমন ধারণা থেকেই আজ সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে তেলের এ দাম বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ থেকে জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৮৮ ডলার বা দুই শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। গেলো শুক্রবার মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবারের বৈঠক শেষে ওপেক ও তার মিত্ররা তেলের উৎপাদন কমাতে পারে। জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রাখতেই এ সিদ্ধান্ত আসতে পারে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক নেই।

সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, চাহিদায় কমায় মূল্য ধরে রাখতে উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস। কারণ চীনের কিছু অংশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।

অন্যদিকে ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ও বিশ্বের দ্বিতীয় বড় তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এই মুহূর্তে ওপেকের সঙ্গে একমত নয়। ফলে সংস্থাটি উৎপাদন একই রকম রাখতে পারে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সিপিএল’র পুরো আসরেই খেলবেন বলে জানিয়েছেন তিনি।

তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলের সঙ্গে যোগ দেয়ার আগে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাবেন। আজ সোমবার দিবাগত  মধ্যরাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান।

এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে সাকিবকে অনাপত্তি দেওয়ার কথা জানিয়ে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস বলেন, সিপিএল খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে সাকিবকে। সেখানে টুর্নামেন্ট শেষ করে নিউজিল্যান্ড যাবেন ত্রিদেশীয় সিরিজ খেলতে।

উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সংক্ষেপে সিপিএল অথবা সিপিএলটি-২০) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দ্বারা ক্যারিবীয় অনুষ্ঠিত বার্ষিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এটি ২০১৩ সালে প্রথম অনুষ্ঠিত হয় এবং এটি ক্যারিবিয়ান টুয়েন্টি-২০ এর প্রতিস্থাপিত টুর্নামেন্ট। বর্তমানে এটির স্পন্সর হিরো মটোকর্প এবং অফিশিয়ালভাবে টুর্নামেন্টের নাম হিরো সিপিএল-২০। প্রথম আসরে জ্যামাইকা তালাওয়াস গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তথ্যসুত্রঃ উইকিপিডিয়া।

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে এবার হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট ও ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়।

৪ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির ইন্দির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রধানমন্ত্রীর ৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফরের এজেন্ডার শীর্ষে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে এএনআই।

এদিকে এএনআই আরো জানিয়েছে, ভারত ও বাংলাদেশ গত কয়েক বছরে বেশ কয়েকটি সংযোগ উদ্যোগ পুনরুজ্জীবিত করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার একটি মডেল তৈরি করেছে। আখাউড়া-আগরতলা রেল সংযোগ শিগগিরই পুনরায় চালুর পাশাপাশি আগরতলা ও চট্টগ্রাম কয়েক সপ্তাহের মধ্যে আকাশপথে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টনের বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম ভারত সফর করছেন শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের সময় শেখ হাসিনার আজমীর শরীফ সফরেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থনের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমীর (আজমির শরীফ) এবং সোমবার ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সুত্রঃ এএনআই।

কানাডায় ছুরি হামলায় নিহত ১০ ও আহত ১৫, সন্দেহভাজন ২জন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ছুরি হামলায় ১০ জন নিহত ও অন্তত ১৫ জন আহত এবং সন্দেহভাজন ২জন শনাক্ত হয়েছেন। ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে ১৩টি জায়গায় ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায় বলে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেমস স্মিথ ক্রি নেশনের প্রত্যন্ত এলাকার নিকটবর্তী শহরে ওয়েল্ডনে স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। জরুরি টেলিফোন পেয়ে সাসকাচোয়ানের নিকটবর্তী শহরের পুলিশ দ্রুত সেখানে গিয়ে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর আরও বলেছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছি। সন্দেহভাজন হিসেবে মাইলস (৩০) এবং ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) নামের দুজনকে শনাক্ত করা গেছে। তাঁরা একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন। দুজনেরই চুলের রং কালো এবং চোখ বাদামি। অভিযুক্তদের গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

এদিকে জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ এলাকায় অন্তত আড়াই হাজার মানুষ বাস করেন।

অন্যদিকে, এ হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের কথা ভাবছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডিয়ান সরকার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার যেন গরীব রোগীদের চিকিৎসা ও ভরাসাস্থল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি কক্ষের নাম নন কমিউনিকেবল ডিজিজ কর্ণার অর্থাৎ এনসিডি কর্ণার। যেখানে বাংলাদেশের তুলনামূলক ব্যয়বহুল চিকিৎসার অসংক্রামক রোগের চিকিৎসা করা হয়। এই কর্ণারে চিকিৎসা করা রোগগুলোর মধ্যে  ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বাথ ব্যাথা, কিডনি রোগের মত ব্যয়বহুল চিকিৎসার রোগ রয়েছে। এই কর্ণারেই পাওয়া যায় ডাক্তারের পরামর্শ, সেইসাথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধ। যার কারণে অনেক গরীব অসহায় রোগীদের চিকিৎসা ও ভরসার জায়গায় হয়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই এনসিডি কর্ণার।

জানা যায়, সারা বাংলাদেশে ২০০ উপজেলায় এই ধরনের কর্ণার করার উদ্যোগ নেওয়া হয় যার মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রয়েছে। এবং ইতোমধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্ণারের কার্যক্রম চলছে প্রায় ১ বছর ধরে। ৮০ বছরে বৃদ্ধ খাইরুল আলম লাটি হাতে এসেছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ। সেখানে এসে জানতে পারেন এখানে নতুন একটি এনসিডি কর্নার রয়েছে যেখানে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ সব বড় বড় রোগের চিকিৎসা দেওয়া হয়। যেই কথা সেই কাজ গিয়ে দেখে ডাক্তারের পরামর্শে বিনামূল্যে টেস্ট করানো, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে যায়। এত দিন যেখানে অনেক টাকার ওষুধ খেতে হতো সেখানে ফ্রিতে ওষুধ, চিকিৎসা সেবা পেয়ে মহা খুশি খাইরুল আলম। খাইরুল আরো জানান, ডাক্তারে সাথে কথা বললে নিজেকে রোগী মনে হয় না, অনেক ভরসা পাই।

কথা হয় আছমা বেগম নামের আরেক রোগীর সাথে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এর রোগী সে। এত দিন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাত। সেখানে অনেক টাকা ব্যয় হতো। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করার কথা ভুলে যেতে বসেছিলেন আছমা। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে এবং নিয়মিত ডায়াবেটিস এর চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় । তারপর থেকে এনসিডি কর্ণারে চিকিৎসা করায় আছমা। দুই হাত তুলে চিকিৎসাকের জন্য দোয়া করেন আছমা।

এভাবে প্রতিদিন অনেক খাইরুল আছমার চিকিৎসা ও ভরসাস্থল যেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্ণার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্ণারের চিকিৎসা ডা.সুমন চৌধুরী জানান,এনসিডি কর্ণার চালু হওয়ার পর থেকে প্রায় ৫০০ রোগীকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। এতে রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পাচ্ছে। এবং একজন রোগী একবার এই কর্ণারে রেজিষ্ট্রেশন করলে আজীবন বিনামূল্যে সব সেবা পাবে বলেও জানান তিনি।

এনসিডি কর্ণার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা সেবা নিয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের সাথে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না আসলে কেউ জানতে পারবে না এখানে কত উন্নত মানের সেবা রয়েছে সেটা। তিনি লোহাগাড়ার সাধারণ মানুষ প্রাইভেট হাসপাতালে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ডাক্তারের পরামর্শ নেওয়ার আহবান জানান।

রোগীদর কয়েকটি সমস্যা কথা জানালে মোহাম্মদ হানিফ বলেন, এটা সরকারি প্রতিষ্ঠান আর আমিও একজন মানুষ ছোট খাট কিছু সমস্যা থাকতে পারে, যে কোন সমস্যা বা রোগীর ভোগান্তির চিত্র তার নজরে আসার সাথে সাথে সামাধানের চেষ্টা করেন বলেও জানান তিনি।

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় অজয় রাউটিয়া (২৫) যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের মাধবপুর নওয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম টিলার লক্ষিনন্দর রাউটিয়ার ছেলে অজয় রাউটিয়া (২৫) দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পাত্রখোলা যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের পাশের ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

স্বাস্থ্য

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটি নিয়ন্ত্রনে নেই। কোন ডাক্তারের কত টাকা ভিজিট হবে তারও কোন নীতিমালা নেই। হাসপাতালে ভরে গেছে দেশ কিন্তু মান নিয়ন্ত্রনের কোন তদারকি নেই। রোগী এলে হাসপাল মালিক পক্ষ আন্দোলিত হয়ে উঠে। কোন প্রাথমিক পরীক্ষা ছাড়াই ঢুকিয়ে দেয় আই সি ইউ’তে। বদ্ধ খাঁচায় বন্দি করে স্বজনদের জানিয়ে দেয় বড্ড দেরী করে ফেলেছে। জটিল চিকিৎসার জন্য বিশেষ ডাক্তারকে ডাকতে হবে। স্লাইন পুশ করে কাঁচের ঘরে রোগীকে শুইয়ে রেখে তাগিদ দেয় টাকা জমা দিতে। বার বার নার্স ওষুধের ডালা নিয়ে ঢুকে আর বের হয়। খাতায় যুক্ত হতে থাকে বিল। চিকিৎসা না করেই ওষুধের নাম লেখা হয় বিলের খাতায়। রোগী দেখার সুযোগটিও থাকেনা স্বজনদের। প্রতিদিন হাসপাতালের বিল বাড়তে থাকে। মরা লাশ শুইয়ে রেখেও বিল করে গুরুতর বলে। লাশ আটকে রাখে বিল পরিশোধের জন্য। সোনা গহনা বিক্রি করে স্বজনরা লাশ নিয়ে যায় অশ্রুসিক্ত হয়ে। স্বজন হারানোর বেদনা ছাড়াও অর্থের কষ্টটি অনুভুত হয় হৃদয়ে। কিচ্ছু বলার উপায় থাকেনা।

আগে ডাক্তারী পেশাটি ছিল মানব সেবা। এখন তা অর্থ উপার্জনের নোংরা ব্যবসায় পরিনত হয়ে গেছে। আর হাসপাতালগুলি হয়ে গেছে কসাইখানা। হাসপাতাল থেকে একবার ফিরে এলে আর কেউ স্বেচ্ছায়  হাসপাতালে যেতে চায় না। পায়ের একটি ফোঁড়া অপারেশন করতেও ২ দিনে বিল করেছে ৭২ হাজার টাকা ঢাকার একটি হাসপাতাল। কি চিকিৎসা দিয়ে আর অপারেশনের খরচ কত হলে এই পরিমান অর্থ লাগে কেউ জবাব দিতে পারেনা। কারন নৈরেজ্য সর্বত্র। কর্তৃপক্ষ বিষয়টি জানে না ভাবা যৌক্তিক নয়। বরং সবার যোগসাজসেই অবাধ বানিজ্য চলে দেশের চিকিৎসা সেবায়। সাধারন মানুষ এই অসাধু নৈরাজ্যের টার্গেট।

বিত্ত্বশালীরা সামান্য জ্বর হলেও চলে যায় ভারত, ব্যঙ্কক কিংবা সিঙ্গাপুরে। একই খরচে ভ্রমনটিও সেরে ফেলে। দেশের অর্থ পাচার হয়ে যায় বিদেশে চিকিৎসার নামে। লাভজনক হওয়ায় দেশের ব্যবসায়ীরাই এখন হাসপাতালের মালিক। রোগী সরকারী হাসপাতালে গেলে ডাক্তারই পরামর্শ দেয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার। তিনিই সেই ক্লিনিকের ডাক্তার। পরীক্ষা নিরীক্ষা করার ল্যবোরেটরিগুলিও নিয়মিত কমিশন দেয় ডাক্তারদের। রোগী পাঠালেই কমিশন জমা হয় তাদের নামে। মানহীন ওষুধ লিখেও ডাক্তাররা কমিশন গ্রহন করে ওষুধ কম্পানীর কাছ থেকে। দেশের গ্রামে ডাক্তার নিয়োগ দিলেও ২৫ দিন অনুপুস্থিত থাকে ডাক্তার। ঘুষ দিয়ে বেতন ভাতা নেয় প্রেক্টিস করে ঢাকায় বসে। বেসরকারী হাসপাতালে চাকুরী করে বাড়তি উপার্জন করে। এখন দেশে ডাক্তারই ধনী।

স্বাস্থ্য সেবার নৈরাজ্য এতটাই বিস্তৃত যে স্বাস্থ্য দপ্তরের পিয়ন দাড়োয়ান ড্রাইভারও কোটি পতি। তাহলে কর্মকর্তাদের অবস্থাটি কি? কোন সরকারই স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে পারেনি। দেশে ভাল ভাল চিকিৎসক রয়েছে কিন্তু অব্যবস্থাপনার কারনে স্বাস্থ্য সেবা মুখ থুবরে পড়েছে দেশে। অবস্থাটি চলতে থাকলে স্বাস্থ্য সেবা আর সেবা থাকবে না। বিত্ত্বশালীদের আরাম আয়েশের ঠিকানা হবে হাসপাতাল। দেশের সাধারন মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু ঝুকি নিয়ে বেঁচে থাকবে অর্ধপঙ্গু হয়ে।

বর্তমান সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। চিকিৎসা সেবা জনমুখী করা না গেলে এই উন্নয়নও ব্যর্থ হয়ে যাবে। এখনোই বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়া জরুরী। স্বাস্থ্য সেবায় আইন প্রনয়ন করে তাদারকি করা প্রয়োজন। এমনটি হলে চিকিৎসার মান উন্নয়ন ছাড়াও অর্থ পাচার বন্ধ হবে। দেশের মানুষ জীবনের নিরাপত্তা পাবে। স্বাস্থ্য সেবাটি নিশ্চিত করা গেলে নির্বাচনে ভোটের হিসাবটিও বদলে যাবে।

জনগনের সরকার দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশিত। যারাই সংশ্লিষ্ঠ কর্ত্তাব্যক্তি রয়েছেন তাদের কাছে বিনীত নিবেদন বিষয়টির উপর নজর দিন। দেশের মানুষ ভাল ডাক্তার চায়, ভাল চিকিৎসা চায় অর্থ লোভী ব্যবসায়ী নয়।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।

ডিজিটাল বাংলা নিউজডিআর / মোস্তাফিজুর রহমান

নাগেশ্বরীতে স্বামীর লিঙ্গ কর্তণ, স্ত্রী ও শাশুড়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তণের অভিযোগে স্ত্রী ও শাশুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে।

স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৬) এর সাথে  কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৯) এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থায় কলহের নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। ঘটনার দিন শশুর বাড়িতে দুপুরে খাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে। বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তণ করে। এসময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান। ওইদিন রাতে আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুই জনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ী সেফালী বেগমকে গ্রেপ্তার করে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।